শিল্পকলায় চলছে ইসমাইল চৌধুরীর ‘প্রকৃতির ছন্দ’ শীর্ষক প্রদর্শনী

শিল্পকলায় ‘প্রকৃতির ছন্দ’ শীর্ষক প্রদর্শনী - বিনোদন - ১৭ সেপ্টেম্বর ২০২৩
শিল্পকলায় ‘প্রকৃতির ছন্দ’ শীর্ষক প্রদর্শনী - বিনোদন - ১৭ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – বিনোদন – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং পৃষ্টপোষকতার মাধ্যমে চারুশিল্পীদের উৎসাহিত করতে প্রতিবছরই জাতীয় পর্যায়ে ভাস্কর্য প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী, আর্টক্যাম্পসহ নানা আয়োজন করে থাকে।

একইসাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবছরই বিশিষ্ট চারুশিল্পীদের পৃষ্টপোষকতা ও সহযোগিতার মাধ্যমে একক প্রদর্শনীর আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় চিত্রশিল্পী ইসমাইল চৌধুরীর একক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । বাংলাদেশ, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি, নেপাল, ভূটানসহ বিভিন্ন দেশে প্রায় অর্ধশতাধিক একক ও যৌথ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন চিত্রশিল্পী ইসমাইল চৌধুরী। দেশের বরেণ্য ও গুণী চারুশিল্পীরাও চিত্রশিল্পী ইসমাইল চৌধুরীকে নিয়ে বলেছেন-“ তাঁর শিল্পকর্মের সামনে দাড়িয়েঁ প্রতিটি দর্শকই নিজের অজানা জগতকে খুজেঁ পান, বেঁচে থাকার ও নিজেকে আলোকিত করার সার্থকতা বুঝতে পারেন”।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় চিত্রশিল্পী ইসমাইল চৌধুরীর “প্রকৃতির ছন্দ” শীর্ষক ৫০তম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬:৩০ টায়, একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “নিরীক্ষাধর্মী শিল্প সৃজনে যে কজন শিল্পী নিয়োজিত, ইসমাইল চৌধুরীর কাজ তাদের মধ্যে অন্যতম। বিষয়বস্তুর সহজ উপস্থাপন আর চমকপ্রদ রঙ বিন্যাসের দক্ষতায় তাঁর চিত্রকে স্বতন্ত্র ও অভিনব করেছে”।

দেশবরেণ্য চিত্রশিল্পী এবং এমিরিটাস অধ্যাপক হাশেম খান বলেন,“শিল্পী ইসমাইল চৌধুরী একজন শিল্পীর প্রখর দৃষ্টি ভঙ্গি, অনুভব, জগতের সর্বক্ষেত্রেই যে সব সুন্দর-অসুন্দর বিষয় আছে তা নিজের উপলব্দিতে এনে নিজের শিল্পসৃষ্টির প্রেরনা আবিস্কার করেন-ক্যানভাসকে নানান উপদানে বিধৃত করেন। শিল্পী ইসমাইল অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে তাঁর আবিস্কৃত ফসল নিয়ে প্রদর্শনী করে শিল্পবোদ্ধা, শিল্প রসিক এমন কি সাধারণ দর্শককেও মোহিত করতে পারেন”।

এরপর শিল্পী ইসমাইল চৌধুরী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন- “আমি অনেক খুশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ ধরনের একটি আয়োজন করেছে। ইচ্ছে ছিল বাংলাদেশেই শিল্পকলা একাডেমির আয়োজনে এই ৫০ তম প্রদর্শনী হোক”।

এই বছরেই আরো তিনটি প্রদর্শনী জাপানে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করে তিনি বলেন, “আমার প্রথম একটি চিত্রকর্মের প্রদর্শনী হয় সীতাকুণ্ডে, চট্টগ্রামের সীতাকুণ্ডের লতাপাতা দেখে সেই আবহ আমাকে বিমোহিত ও উৎসাহিত করেছিলো। ২০০২ সালে আমার প্রথম একক প্রদর্শনী হয় জাতীয় জাদুঘরে।” পরে একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

দেশবরেণ্য চিত্রশিল্পী এমিরিটাস অধ্যাপক হাশেম খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

১৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ সপ্তাহব্যাপী জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে এই প্রদর্শনী চলবে।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

পূর্ববর্তী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধামন্ত্রী
পরবর্তী এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা