www.HelloBangla.News – খেলাধুলা – ৯ মার্চ, ২০২৪: ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে জয় পেয়েছে ভারত। তৃতীয় দিনেই ইনিংস ও ৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ফলে সিরিজ ৪-১ ব্যবধানে জিতলো ভারত। তবে ধর্মশালায় অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দেশের দুই খেলোয়াড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের শততম ম্যাচ এবং পেসার জেমস এন্ডারসনের ক্যারিয়ারের ৭শ উইকেট শিকারের টেস্ট এটি। যদিও শততম টেস্টে অশ্বিন দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছেন ৯টি। অন্যদিকে এন্ডরসন এক ইনিংসে উইকেট নিয়েছেন মাত্র ২টি।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৪৭৩ রান করেছিলো ভারত। ২ উইকেট হাতে নিয়ে ২৫৫ রানে এগিয়ে ছিলো টিম ইন্ডিয়া।
আজ, টেস্টের তৃতীয় দিন বাকী ২ উইকেটে মাত্র ৪ রান যোগ করে ৪৭৭ রানে অলআউট হয় ভারত। এতে প্রথম ইনিংস থেকে ২৫৯ রানের লিড পায় টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব ৩০ ও জসপ্রিত বুমরাহ ২০ রানে আউট হন। কুলদীপকে আউট করে বিশ্বের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্টে ৭শ উইকেট পূর্ণ করেন এন্ডারসন। ইংল্যান্ডের শোয়েব বশির ১৭৩ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন বশির। ৬০ রানে ২ উইকেট নেন এন্ডারসন।
পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে অশ্বিনের ঘূর্ণিতে ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি শূণ্য ও বেন ডাকেট ২ রান করে অশ্বিনের শিকার হন।
দুই ওপেনারের পর ইংল্যান্ডের মিডল অর্ডারকে দুই স্পিনার অশ্বিন ও কুলদীপ যৌথভাবে ধ্বসিয়ে দেন।। ওলি পোপ ১৯, অধিনায়ক বেন স্টোকস ২ ও বেন ফোকস ৮ রান করে শিকার হন অশ্বিনের। শততম টেস্ট খেলতে নামা ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে ৩৯ রানে বিদায় দেন কুলদীপ। এতে ১১৩ রানে ষষ্ঠ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে ইংল্যান্ড।
অশ্বিনের তোপের পর ইংল্যান্ডের লেজ ছেঁটে ফেলেন বুমরাহ ও কুলদীপ। টম হার্টলি ২০ ও মার্ক উডকে শূণ্যতে শিকার করেন বুমরাহ। এক প্রান্ত আগলে লড়াই করা জো রুটকে শেষ ব্যাটার হিসেবে শিকার করে ইংল্য ইনিংস ১৯৫ রানে গুটিয়ে দেন কুলদীপ। ১২টি চারে ১২৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন রুট।
ভারতের অশ্বেন ৭৭ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে ৩৬তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিয়ে স্বদেশি অনিল কুম্বলেকে টপকে যান অশ্বিন। ১৩২ টেস্টে ৩৫বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন কুম্বলে। এছাড়াও শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টের ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন অশ্বিন।
দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও ৩০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন কুলদীপ। ৭১২ রান করে সিরিজ সেরা খেলোয়াড় হন ভারতের যশ্বসী জয়সওয়াল।
ইংল্যান্ডের ভারত সফর শেষ হলো বাজেভাবে। মূলত ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাদবের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করল ইংলিশরা।
অধিনায়ক বেন স্টোকসের অধীনে এবারই প্রথম সিরিজ হারলো ইংল্যান্ড। তবে সবমিলিয়ে গত ১২ টেস্টে এটি তার সপ্তম সিরিজ হার। অন্যদিকে ঘরের মাটিতে এটি ভারতের টানা ১৭তম টেস্ট সিরিজ জয়। যা চলছে সেই ২০১২ সাল থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
পঞ্চম টেস্ট, ধর্মশালা (তৃতীয় দিন)
ইংল্যান্ড: ২১৮ (ক্রাউলি ৭৯; কুলদিপ ৭২/৫, অশ্বিন ৫১/৪) এবং ১৯৫ (রুট ৮৪; অশ্বিন ৭৭/৫)
ভারত: ৪৭৪ (গিল ১১০, রোহিত ১০৩, পাডিক্কাল ৬৫, জয়সওয়াল ৫৭, সরফরাজ ৫৬; বশির ১৭৩/৫)
ফলাফল: ভারত এক ইনিংস ও ৬৪ রানে জয়ী
সিরিজ: ভারত ৪-১ ব্যবধানে জয়ী।










