www.HelloBangla.News – জাতীয় – ১২ ফেব্রুয়ারি, ২০২৪: মন্ত্রিসভার আকার বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারে, বল জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এটা আমার মনে হয় সংরক্ষিত মহিলা আসনগুলো আসার পরে, মন্ত্রীসভার আকার বৃদ্ধির প্রসঙ্গ আসতে পারে। সেই হিসেবে পরে এর চিন্তা-ভাবনা। প্রধানমন্ত্রীর এখতিয়ারে তিনি এটা করবেন।”
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, “এখানে সময়মতো কিছু জায়গায় যেমন, শ্রম মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে (যেখানে এখনও মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেওয়া হয়নি) কোনো না কোনো সময় মন্ত্রী আসবে।”
রাশিয়ার সঙ্গে লেনদেনের বিষয়ে তিনি বলেন, “আমাদের অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া আছে। আমরা একটি বড় পরিকল্পনা করতে যাচ্ছি। তারা সুবিধাজনক প্রস্তাবগুলোতে, যেগুলো যেগুলো সম্ভব, তারা অবকাঠামোগত উন্নয়নে অংশ নিতে চায়।”
সেতুমন্ত্রী বলেন, “তাদের ওখানে আমাদের কৃষি পণ্য যায়, তারা যেগুলো আমদানি করে, সেগুলো যাতে সহজলভ্য হয়, সে বিষয়ে আমাকে অনুরোধ করেছেন। এখানে সমস্যা হলো, রাশিয়ার সঙ্গে কোনো বিনিময় এবং এমনকি আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি, যেটি উদ্বোধনে প্রেসিডেন্ট পুতিনও ভার্চ্যুয়ালি অংশ নেন, সেটির যন্ত্রপাতি আনতে গিয়ে আমরা বাধার মুখে পড়েছি। এ মুহূর্তে রাশিয়ার সঙ্গে সহজে লেনদেন করা কঠিন।
তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু আমেরিকাকে সরাসরি হোস্টাইল (বৈরী) করে বন্ধুত্ব আমরা চাই না। আমরা সবার সঙ্গে সম্পর্ক রাখতে চাই। আমাদের যে সম্পর্ক আছে, তার উন্নয়ন করতে চাই। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন (জো বাইডেন) চিঠি দিয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এখানে একটি অঙ্গীকার আছে। আমরা কারও সঙ্গে হোস্টাইল অ্যাটিটিউডে (বৈরী মনোভাব) যেতে চাই না।”
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, স্বতন্ত্ররা ৬২টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। এরপর গত ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
খালি রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আরও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগের জন্য এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। প্রস্তুত রাখা হয়েছে ১২টি গাড়ি। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
এরই মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ১৪ মার্চ। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত নিজেদের প্রাপ্য আসনগুলোতে একক প্রার্থী মনোনয়ন দেয় দল বা জোটগুলো। ফলে এখানে ভোটের প্রয়োজন হয় না।










