ফিলিপাইনের স্বর্ণখনি ধসে ৫৪ জনের মৃত্যু

ফিলিপাইনের স্বর্ণখনি ধসে ৫৪ জনের মৃত্যু
ফিলিপাইনের স্বর্ণখনি ধসে ৫৪ জনের মৃত্যু

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ ফেব্রুয়ারি, ২০২৪: ফিলিপাইনের একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় এখন পর্যন্ত সেখান থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৩ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছে একটি পার্বত্য গ্রামের স্বর্ণখনিতে এ ধসের ঘটে। দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি রোববার জানান, কয়েক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টিপাতের পর গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধস নামে ওই স্বর্ণখনিতে। তার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।

এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, ‘দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩শ’রও বেশি কর্মী ওই খনিতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। গত ৫ দিনে ৫৪ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও অন্যরা আটকা পড়ে আছেন।’ দুইটি বাসের জন্য অপেক্ষা করার সময় এসব ব্যক্তি ভূমিধসে চাপা পড়েন। তিনি বলেন, ‘ওই এলাকায় থেকে ভারী বর্ষণ হচ্ছে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।’

কাদা-জঞ্জালের তলায় চাপা পড়াদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ম্যাকাপিলি বলেন, ‘তেমন সম্ভাবনা খুবই কম। তবে আমাদের উদ্ধারকারী বাহিনীর কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

ভূমি ধসের সময় পাহাড়ের ঢালের ৭০০ মিটার নীচে পাথর, মাটি ও গাছপালা ভেঙ্গে পড়ে। এতে প্রায় ২২ একর এলাকা এসবের নিচে চাপা পড়ে। এর কাছেই এপেক্স মাইনিং কোম্পানির স্বর্ণ খনিটি অবস্থিত।

দুর্যোগ মোকাবিলা কর্মকর্তারা জানিয়েছেন, ফের ভূমিধসের শঙ্কায় ওই এলাকার ১১০০ টিরও বেশি পরিবারকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত আর্জেন্টিনার
পরবর্তী মন্ত্রিসভার আকার বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারে: সেতুমন্ত্রী