নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ গাজীপুরের ট্রেন দুর্ঘটনা: সেতুমন্ত্রী

ষড়যন্ত্রের অংশ ট্রেন দুর্ঘটনা সেতুমন্ত্রী - জাতীয় - ১৩ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
ষড়যন্ত্রের অংশ ট্রেন দুর্ঘটনা সেতুমন্ত্রী - জাতীয় - ১৩ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ গাজীপুরের ট্রেন দুর্ঘটনা, বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র, এই নাশকতার লক্ষ্যবস্তু হচ্ছে দেশের ৭ জানুয়ারির নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নাশকতার মাধ্যমে এই নির্বাচনকে বানচাল করা। ’

আজ বুধবার (ডিসেম্বর ১৩) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আজকে তারা (বিএনপি-জামাত) গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু প্ল্যানও আছে তাদের। তারা চায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, আজকে বাসে ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করা। এই সব অপকর্ম বিএনপি ও তাদের দোসররা করতে চায়।’

তিনি বলেন, ‘আমরা সতর্ক পাহারা আরও জোরদার করছি। এবং আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব আছে, তারা তাদের দায়িত্ব পালন করবে। ’

ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে একটা ভালো নির্বাচন হবে। আমরা ক্রমেই গণতন্ত্রকে ত্রুটি মুক্ত করার পদক্ষেপ নিতে যাচ্ছি। এই নির্বাচনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তারা যতই নাশকতা করুক মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়েছে। মানুষ এখন নির্বাচনমুখী, মানুষ ভোট দিতে উন্মুখ। ভোটাররা আজকে গ্রামে-গঞ্জে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ’

তিনি বলেন, এই নির্বাচন আমাদের সফল করতে হবে। এই নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে এবং ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের পার্টি, আমাদের সমমনা দলগুলো সবাই আলাপ-আলোচনা করে যাচ্ছি।’

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

পূর্ববর্তী আজ থেকে চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন
পরবর্তী ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: স্বরাষ্ট্রমন্ত্রী