সেপ্টেম্বরে আসবে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি: ডিজি – রোসাটম, রাশিয়া

হ্যালো বাংলা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। আজ সকালে অনুষ্ঠিত উক্ত সাক্ষাৎকালে রোসাটমের  ডিজি জানিয়েছেন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) পারমাণবিক জ্বালানি আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে।

প্রধানমন্ত্রী ও রোসাটমের ডিজির বৈঠকের বিষয়াদি লিখাচেভের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘আরএনপিপির কাজ শত বাধা অতিক্রম করে এগিয়েছে এবং এই কেন্দ্রের জন্য পরমাণু জ্বালানি সেপ্টেম্বরে বাংলাদেশে পৌঁছবে।’

ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয় নিয়ে বলেন, রোসাটম ডিজি প্রধানমন্ত্রীকে আরএনপিপি’র সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করাসহ প্রকল্পটি নিয়ে আলোচনা করেন এবং আরএনপিপি’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়েও কথা বলেন।

প্রেস সচিব  জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কভিড-১৯ মহামারি এবং বৈশ্বিক সংকট সত্ত্বেও আরএনপিপি’র কাজ এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রযুক্তি ও আর্থিক সহায়তার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সমর্থন ও সহযোগিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা ভবিষ্যতেও রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা ও অ্যালেক্সি লিখাচেভের বৈঠকের সময়ে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এম্বাসেডর এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসেন এবং রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ।

সূত্র: বাসস

পূর্ববর্তী হার্ট ভালো রাখুন
পরবর্তী শোকের মাস আগস্টে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি