ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি দল ঘোষণা

সবশেষ আইসিসি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন পথচলার প্রয়াসে বাংলাদেশ দলে আনা হলো একগাদা পরিবর্তন। গত বিপিএলে পারফর্ম করা বেশ কজন ক্রিকেটার সুযোগ পেলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে। দুর্দান্ত পারফর্ম করে প্রথমবার দলে জায়গা পেলেন তৌহিদ হৃদয়, তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজা।

বিপিএলে ঝড় তুলে এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন একাধিক নতুন মুখ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বক্যাপের দল থেকে পরিবর্তনের ছড়াছড়ি। ধারাবাহিক ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন ৫ জন।

দলে ফেরানো হয়েছে আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে। বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায়। বাজে ফর্মের কারণে ১৫ জনের সেই স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও সৌম্য সরকার।

দলে ফেরানো হয়েছে ২ জনকে। এছাড়া বিপিএলে চমক নিয়ে নতুন মুখ ৩ জন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এছাড়াও বিপিএলে পুরস্কার পাওয়া ইংলান্ডের বিপক্ষে ওয়ানডে দলে থাকা তৌহিদ হৃদয় আছেন টি-টোয়েন্টি দলে। এবারের বিপিএলে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেন তিনি, টুর্নামেন্টের যা তৃতীয় সর্বোচ্চ। ম্যাচ সেরা হন তিনি ৪ বার।

যে কোনো সংস্করণ মিলিয়েই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন তানভির। এবারের বিপিএলে ওভারপ্রতি ৬.৩৬ রান দিয়ে তার শিকার ছিল ১৭ উইকেট। আসরে যা যৌথ সর্বোচ্চ। গত বিপিএলেও ১৬ উইকেট নিয়ে তিনি ছিলেন যৌথভাবে তৃতীয় উইকেট শিকারি।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ৯ ও ১১ ফেব্রুয়ারি। তৃতীয় ওয়ানডের দল অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।

দলে ফিরেছেন: রনি তালুকদার, শামীম হোসেন। বাদ: ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, সৌম্য সরকার। নতুন মুখ: তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, রেজাউর রহমান রাজা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভির ইসলাম।

পূর্ববর্তী এলডিসি-ফইভে অংশ নিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী রো‌হিঙ্গা‌ প্রত্যাবর্তনে আঞ্চলিক-আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন ড. মোমেন