বিশ্বমঞ্চে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির কোচ হতে পারলে বিশ্বে নিশ্চিতভাবে মর্যাদা আরও বেড়ে যেতো। মরুর বুকে প্রথম বিশ্বকাপ থেকে শূন্য হাতেই বিদায় নেয় সেলেসাওরা। এরপর পদত্যাগ করেন দলটি কোচ প্রফেসর তিতে। তিতের পদত্যাগের পর থেকেই কোচহীন ছিল নেইমাররা। এরপর কয়েকটি গণমাধ্যমে গুঞ্জন ওঠে, আনচেলত্তিই ব্রাজিল দলের প্রধান টার্গেট। কিন্তু সুযোগটা লুফে নেননি কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন ইতালিয়ান কোচ।
ব্রাজিল জাতীয় দল থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন আনচেলত্তি। বিশ্বকাপ শেষে তিতে চলে যাওয়ার পর থেকে কোচহীন সেলেসাওরা। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, আনচেলত্তি তাদের প্রধান টার্গেট।
রিয়াল ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র সম্প্রতি বলেন, তিনি চান তার ক্লাব কোচ ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করুক।
রিয়ালের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত আনচেলত্তির চুক্তি রয়েছে। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে ক্লাবটিতে যোগ দেন ৬৩ বছর বয়সী এই কোচ। তার অধীনেই লস ব্লাঙ্কোরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে। তবে এবার লা লিগায় বার্সা থেকে ১৫ পয়েন্টে পিছনে থাকলেও চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রেতে শিরোপার সম্ভাবনা বাড়াচ্ছে রিয়াল।
অনেকের আগ্রহ আর ব্রাজিলের প্রস্তাবে অভিভূত আনচেলত্তি, ‘বাস্তবতা হলো ব্রাজিলিয়ান জাতীয় দল আমাকে চায়। আমিও ভালোবাসি সেটা। এটা উত্তেজনাকর। কিন্তু আপনার যে চুক্তি আছে সেটাকেও শ্রদ্ধা করতে হবে, যে চুক্তি আমি সম্পন্ন করতে চাই।’
এই দুটি কাপ প্রতিযোগিতায় দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে আনচেলত্তির ভবিষ্যৎ। যদিও তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে যতদিন সম্ভব থাকতে চান। তিনি যোগ করেন, ‘সবকিছু একদম পরিষ্কার। আমি যতদিন পারি মাদ্রিদে থেকে যাবো, যতদিন তারা এখানে আমাকে চাইবে।’










