বিএনপি নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টায় লিপ্ত: তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টায় লিপ্ত: তথ্যমন্ত্রী

নির্বাচনে বিএনপির আশা নেই এবং যে আন্তর্জাতিক চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও ইতিমধ্যে অনুধাবন করেছে যে বিএনপিকে দিয়ে হবে না। সে কারণে বিএনপি ও সেই চক্র নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টায় লিপ্ত। এই ষড়যন্ত্র মোকাবিলায় দেশ-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

এই মুহূর্তেই যদি নির্বাচন দেওয়া হয়, তাহলেও আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা অনেক বেশি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশ ঘুরে দেখেছি, এই মুহূর্তেই যদি নির্বাচন দেওয়া হয়, তাহলেও আমাদের জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। আমরা দলকে যেভাবে সংগঠিত করতে পেরেছি, বিএনপি তা পারেনি। কারণ, দেশ থেকে নয়, তারেক রহমানের নির্দেশনায় লন্ডন থেকে তাঁরা পরিচালিত হন। বিএনপি নেতারা লন্ডনে আসেন, তারেক রহমানের নির্দেশনা নিয়ে চলে যান।’

 

আজ রোববার সকালে লন্ডনে স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

তথ্যমন্ত্রী বলেন, দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে বসে যে দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত, দেশপ্রেমিক প্রবাসী জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবেন, যুক্তরাজ্য আওয়ামী লীগও নানামুখী পদক্ষেপ নেবে।

 

তথ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এ সময় আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন পাওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, যুক্তরাজ্যেও নৌকার প্রার্থীর পক্ষে সিসিকের ভোটারদের মধ্যে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাতে হবে।

সংগঠনের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড সুবিধা ও পাওয়ার অব অ্যাটর্নি সনদ-সম্পর্কিত অসুবিধা দূর করতে সরকারের প্রতি অনুরোধ জানালে মন্ত্রী যথাসাধ্য করার আশ্বাস দেন।

পূর্ববর্তী আগামীকাল থেকে কমতে শুরু করবে তাপমাত্রা, হতে পারে ভারী বর্ষণ
পরবর্তী হিট স্ট্রোকে ১১ মৃত্যু, ভারতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে