বাংলাদেশের রেকর্ড গড়া সিরিজ জয়

বাংলাদেশের রেকর্ড গড়া সিরিজ জয়

গত ম্যাচেই সিরিজ জয়টা নিশ্চিত করতে পারতো বাংলাদেশ, সেই সম্ভাবনার প্রায় সিংহভাগ কাজই সেরে ফেলেছিলেন ব্যাটাররা। তবে বোলারদের সামনে বড় বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। সেদিন রেকর্ড রান করেও ফলাফল ভাগাভগি করে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের। সঙ্গে সিরিজ জয়ের অপেক্ষাটাও খানিকটা বেড়েছিল। বৃষ্টি একটা বাড়তি সুযোগ তৈরী করে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি আইরিশরা। এই প্রথম বাংলাদেশের পেসাররা এক ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছে। বাংলাদেশও এই প্রথম ওয়ানডেতে পেয়েছে ১০ উইকেটের জয়।

এর আগে এক ওয়ানডেতে বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের সবচেয়ে বেশি ৮টি উইকেট নিতে পেরেছে। এমন ঘটনা অবশ্য অনেক আছে। এর আগে ১২ বার ওয়ানডের এক ম্যাচে প্রতিপক্ষের ৮ উইকেট নিতে পেরেছে পেসাররা। আর ৭ উইকেট নিতে পেরেছে ২১ বার।

সিলেটে আজ আয়ারল্যান্ডের ১০ উইকেটের ৫টি নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট আর ইবাদত হোসেন ২টি। পেসারদের এমন দাপুটে বোলিংয়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।

আইরিশদের অল্প রানে আটকে দেওয়ার পর একটি প্রশ্ন ঘুরছিল দেশের ক্রিকেট মহলে—বাংলাদেশ কি নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের জয়টি পাবে? উইকেটের হিসেবে আজ নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩.১ ওভারে আইরিশদের দেওয়া লক্ষ্য পেরিয়ে গেছে বাংলাদেশ। একটিও উইকেট হারায়নি তারা। ওয়ানডেতে এই প্রথম ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে ওয়ানডেতে উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয় ৯ উইকেটে। এর আগে ৯ উইকেটে ৫টি জয় পেয়েছে বাংলাদেশ। এই পাঁচ জয়ের দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্য ৩টি কেনিয়া, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।