রমজানে ৮ টি পণ্য বাকিতে আমদানির সুযোগ বাংলাদেশ ব্যাংকের

রমজানে বাকিতে আমদানির সুযোগ - অর্থনীতি - ১১ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
রমজানে বাকিতে আমদানির সুযোগ - অর্থনীতি - ১১ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ১১ জানুয়ারি, ২০২৪: রমজান এলেই দেখা যায় বাজারে কিছু পণ্যের ঘাটতি পড়ে। আবার এই সব পণ্য রমজানে অপরিহার্য।  তাই পবিত্র রমজান উপলক্ষে খেজুর, চিনি, তেল, ছোলাসহ আটটি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী রমজান মাসে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ সুযোগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।

যে আট ধরনের পণ্যের ওপর এ সুযোগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর।

নির্দেশনায় বলা হয়, এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধার সুযোগ থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত ।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, সময়মতো আমদানির অভাবে যাতে এসব পণ্যের সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সেজন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে আমদানি ঋণপত্র (এলসি) খুললে পণ্য সময়মতো চলে আসবে। এতে পবিত্র রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে।

পূর্ববর্তী ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে শুনানি শুরু
পরবর্তী নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্য আজ শপথ নিচ্ছেন