Author: Hello Bangla News

  • অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

    অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৪: ইউরোপীয় ইউনিয়ন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ।

    আজ শুক্রবার (৯ আগস্ট) ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে এ স্বাগত জানান।

    বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে।

    তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত, যে মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জবাবদিহিতা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে। এটি দেশের গণতান্ত্রিক পথ এবং বাংলাদেশের জনগণ ও তার যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

    উল্লেখ্য, বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে।

  • স্মৃতিসৌধে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

    স্মৃতিসৌধে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপদেষ্টারা।

    আজ শুক্রবার (০৯ আগস্ট) সকাল ৯টা ৫৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

    প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা।

    পরে ড. মুহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন।

    বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নেন।

    দিনের কর্মসূচি হিসেবে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

  • ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব: ড. ইউনূস

    ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব: ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৪: ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব, বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “অরাজকতা আমাদের শত্রু। একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব।”

    বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন।

    ড. ইউনূস বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।”

    অন্তবর্তীকালীন সরকারের প্রধান বলেন, “অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতাসহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে।”

    ড. ইউনূস বলেন, “প্রচণ্ড নিষ্ঠুর স্বৈরাচারী সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব।

    তিনি বলেন, “এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছেন, তাদের আইনি বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে।”

    অন্তর্বর্তী সরকার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম দেবে না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “দ্বিতীয় স্বাধীনতার মিলন মেলা থেকে বাদ যাবে না। যারা আমাদের শান্তিশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নৌ, সেনা, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক সদস্য আজ আইন বহির্ভূত, জবরদস্তিমূলক হুমুক থেকে মুক্ত। কারও জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে।”

    ড. ইউনূস বলেন, “নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য, সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারনের সুযোগ দেওয়ার সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী, দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদের এ লক্ষ্য পূরণে সাহায্য করুন।”

    তিনি বলেন, “স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারেন এই নিশ্চয়তাটাই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি।”

    ড. ইউনূস বলেন, “প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। দেশবাসী এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন।”

    জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে, আনন্দ চিত্তে, নিজ নিজ কর্মস্থলে, নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

    ড. ইউনূস বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে।”

  • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস।

    আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    রাত ৯টা ২০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে হিসেবে শপথ নিয়ে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস।

    এরপর ১৬ জন উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে আছেন-ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুকী আযম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    এই উপদেষ্টাদের মধ্যে বিধান রঞ্জন রায়, ফারুকী আজম ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় বাকি ১৩ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

  • দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে আমার প্রধান কাজ: ড. ইউনূস

    দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে আমার প্রধান কাজ: ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে আমার প্রধান কাজ, বলে জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমার উপরে যদি ভরসা রাখেন, আশা করি দেশের কোথাও হামলা হবে না। আমার কথা যদি না শোনেন তাহলে, আমার এখানে কোনও প্রয়োজন নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে ব্যস্ত থাকি। আমাকে প্রয়োজন মনে করলে আপনাদের দেখাতে হবে আমার কথা আপনারা শোনেন।”

    আজ বৃহস্পতিবার ( ৮ আগস্ট) ফ্রান্সের প্যারিস থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সংবাদ ব্রিফিং-এ তিনি একথা বলেন।

    বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলসহ অন্যরা। ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ রাতে শপথ নেবেন।

    ড. ইউনূস সাংবাদিকদের বলেন, “আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন দিনের সৃষ্টি করলো। সেটাকে সামনে রেখে আরও মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

    তিনি আরও বলেন, “যদি আমার ওপর আস্থা রাখেন, তবে আমার এ আহ্বান শুনুন। শান্তিশৃঙ্খলা বজায় রাখুন।”
    ড. ইউনূস বলেন, “এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। এই স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়াই হলো আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন। ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে-মেয়ের ভবিষ্যতের পরিবর্তন, এটা যেন প্রত্যেককে বুঝে নেয়।”

    দেশ আজ তরুণ সমাজের হাতে উল্লেখ করে তিনি বলেন, “তোমাদের দেশ তোমরা মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেহেতু স্বাধীন করতে পেরেছ, তোমারা মনের মতো করে গড়ে তুলতে পারবে। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে, কীভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গড়ে তুলতে পারে।”

    শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, “আমাদের কাজ হলো তারা (তরুণরা) যে অর্জন করে নিয়ে এসেছে সেটাকে তাদের দিয়েই গড়ে দেওয়া। আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, যাতে মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন-পীড়নের যন্ত্র। যেখানে সুযোগ পায় সেখানে মানুষকে কষ্ট দেয়। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখলে মানুষের বুক ফুলে উঠবে। যে আমাদের সাহায্য করবে, যে আমাদের রক্ষা করবে। এই সরকার হবে যে সরকার মানুষকে রক্ষা করে। আস্থাভাজন হবে। মানুষ যেন বিশ্বাস করে যে সরকার আমার লোক, সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে।”

    সবশেষে ড. ইউনূস বলেন, “সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই। যাতে করে একসঙ্গে কাজ করতে পারি।”

  • দেশে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

    দেশে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
    আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
    দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে সংবর্ধনা জানানো হয়েছে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিমানবন্দরে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
    আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক রাতেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন।
    তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি তারা পরে দায়িত্ব নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
    ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে বলে মঙ্গলবারই নিশ্চিত হওয়া যায়। তার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের চার ঘণ্টার বেশি সময় ধরে একটিন বৈঠক হয়। ওই বৈঠকেই ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মনোনীত করা হয়।

  • নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

    নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান।
    আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আদেশে তার নিয়োগের কথা জানানো হয়।
    আদেশে বলা হয়, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো.আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।
    এর আগে বুধবার পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
    ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। একই সালের ০৮ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

  • কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্যরা

    কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্যরা

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছিলেন পুলিশপ্রধান মো. ময়নুল ইসলাম। তার সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের অনেকেই কর্মস্থলের যোগ দিতে রওনা হয়েছেন।
    পুলিশ সদস্যরা যাতে নিরাপদে কর্মস্থলে উপস্থিত হতে পারেন সেজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ তাদের সর্বাত্মক সহযোগিতা করছেন।
    আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এ বার্তা জানানো হয়।
    বার্তায় বলা হয়, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য যে আহ্বান জানানো হয়েছিল সেটির প্রেক্ষিতে তারা কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
    তাদেরকে আসার পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
    একইসঙ্গে কর্মস্থলে আসার পথে পুলিশ সদস্যরা বাধার সম্মুখীন হচ্ছেন বলে প্রচারিত সংবাদের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
    এর আগে, বুধবার (৭ আগস্ট) আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের সব ইউনিটের সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশনা দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

  • বর্তমান অস্থিরতা দূর করেতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

    বর্তমান অস্থিরতা দূর করেতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: দেশে ছড়িয়ে পড়া বর্তমান অস্থিরতা দূর করে পুলিশকে মানুষের আস্থায় ফেরাতে এবং চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যেন উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আজ বুধবার (৭ আগস্ট)পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশ দেন তিনি।

    পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।

    যেকোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস

    দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বিদ্যমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

    আজ বুধবার (৭ আগস্ট) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বার্তায় ড. ইউনূস এ আহ্বান জানান। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ফ্রান্স থেকে আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় ফিরবেন।

    ছাত্র-জনতার অভ্যুত্থানের জন্য অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। ’

    তিনি বলেন, ‘আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি বর্তমান পরিস্থিতিতে ছাত্র ও দল-মত নির্বিশেষে সবাইকে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ’

    এই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। ’

    তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন। ’

    এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল জয়ী ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।