দেশে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

Hello Bangla News | দেশে ফিরেছেন ড. ইউনূস - জাতীয় - ৮ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)
Hello Bangla News | দেশে ফিরেছেন ড. ইউনূস - জাতীয় - ৮ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে সংবর্ধনা জানানো হয়েছে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিমানবন্দরে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক রাতেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন।
তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি তারা পরে দায়িত্ব নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে বলে মঙ্গলবারই নিশ্চিত হওয়া যায়। তার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের চার ঘণ্টার বেশি সময় ধরে একটিন বৈঠক হয়। ওই বৈঠকেই ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মনোনীত করা হয়।

পূর্ববর্তী নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান
পরবর্তী দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে আমার প্রধান কাজ: ড. ইউনূস