তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি: হারুন

We are going to Nepal for investigation Harun - National - 1 June 2024
We are going to Nepal for investigation Harun - National - 1 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি, বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, “আগেও শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়ে থেকেছে। তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি। নেপালের পুলিশের কাছে তদন্তে সহযোগিতা চাইবো।”

আজ শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ তানোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য নেপাল যাচ্ছে ঢাকার ডিবির তদন্ত দল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এছাড়া প্রতিনিধিদলে ডিবির দুজন কর্মকর্তা এবং পুলিশ সদরদপ্তরের এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।

ডিবিপ্রধান বলেন, “এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় কেউ কাঠমান্ডু থাকতে পারে, আবার কেউ সেখান থেকে অন্য দেশে চলে যেতে পারে। অনেক আসামি কাঠমান্ডুকে রুট হিসেবে ব্যবহার করে সেখানে থাকে।”

সিয়াম নামে কোনো আসামি নেপালে গ্রেফতার আছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, “সিয়ামসহ বেশ কয়েকজনের বিষয়ে আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি। কাঠমান্ডু পুলিশকেও জানিয়েছি। যেসব আসামি নেপালে থাকবে তদের গ্রেফতার করার জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি। এরই ধারাবাহিকতায় মামলার তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য নেপাল পুলিশের সঙ্গে কথা বলবো।”

ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায় সে ব্যাপারেও দেশটির পুলিশের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে
পরবর্তী কোন ব্যক্তি যদি দুর্নীতি করে এর দায় গোটা পুলিশ বাহিনীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী