Author: Hello Bangla News

  • বিতর্ক হলে ‘শরীফা’ গল্পে পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

    বিতর্ক হলে ‘শরীফা’ গল্পে পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ জানুয়ারি, ২০২৪: বিতর্ক হলে ‘শরীফা’ গল্পে পরিবর্তন আনা হবে, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনে বলেন, ‘শরীফা’ গল্পটি নিয়ে গতবারও বিতর্ক উঠে ছিল, এ বিষয়ে তিনি বলেন, সেটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে আলোচনা করব। যদি গল্পটির মাধ্যমে প্রতিক্রিয়া হয়, কেন হচ্ছে সেটাও খতিয়ে দেখতে হবে।

    আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা করেন।

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া পাঠ্যবইয়ের শরীফা গল্পের বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, “ব্র্যাকের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি ভিডিও দেখেছি।”

    শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের দেশে একটি গোষ্ঠী বিভিন্ন বিষয়ে ধর্মকে ব্যবহার করে হোক বা ধর্মীয় অনুভূতি হোক নানা সময়ে অরাজকতা করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটি প্রবণতা তাদের আছে। গতবছরও সেটা ছিল। একটি সংগঠন থেকে কিছু দিন আগে আমার কাছে কিছু সুপারিশ দেওয়া হয়েছিল, কওমি মাদ্রাসার কিছু শিক্ষক এসেছিলেন। সেখানে তারা দাবি করেছেন যে, এখানে ট্রান্সজেন্ডার শব্দটা ব্যবহার করা হয়েছে। যখন আলোচনা করেছি তখন দেখেছি শব্দটা ট্রান্সজেন্ডার নয়, শব্দটা থার্ডজেন্ডার। সেটাতো আইনত স্বীকৃত যে, তৃতীয় লিঙ্গ, যারা সমাজে হিজড়া নামে পরিচিত। তারা দেশের নাগরিক। তাদের নাগরিক অধিকার রয়েছে। তবে গল্প উপস্থাপনার ক্ষেত্রে যদি এমনভাবে উপস্থাপন হয়ে থাকে যেখানে এ ধরনের বিভ্রান্তি এবং বিতর্ক সৃষ্টির প্রয়াস থেকে থাকে, তাহলে এ গল্প উপস্থাপনা পরিবর্তন করা যায় কি না এই বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করব।”

  • সরকার টিসিবির জন্য ৩৯১ কোটি ১৯ লাখ টাকার তেল ও ডাল কিনবে

    সরকার টিসিবির জন্য ৩৯১ কোটি ১৯ লাখ টাকার তেল ও ডাল কিনবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৩ জানুয়ারি, ২০২৪: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এক কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান অয়েল ও ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনছে। এতে সরকারের খচর হবে ৩৯১ কোটি ১৯ লাখ টাকা।

    আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। নতুন সরকারের অধীনে এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, টিসিবি কর্তৃক তিনটি লটে এক কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে ক্রয়ের জন্য স্থানীয় তিনটি প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্ট, মজুমদার ব্রান অয়েল মিলস ও আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কাছে দর প্রস্তাব চাওয়া হয়।

    এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান তিনটি দর প্রস্তাব দাখিল করে। টিইসি কর্তৃক দর প্রস্তাব তিনটি পরীক্ষান্তে রেসপনসিভ হয়। দর প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা মজুমদার প্রোডাক্ট, মজুমদার ব্রান অয়েল মিলস ও আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এক কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল ১৮৯ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে।

    ২০২৩-২০২৪ অর্থবছরে ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৮ কোটি ৮০ লাখ লিটার। এ পর্যন্ত ক্রয় ১৫ কোটি ৪৫ লাখ লিটার।

    বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ডাল কিনতে ৯৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে। প্রতিকেজি মসুর ডালের দাম পড়বে ১০১ টাকা ১৩ পয়সা।

    এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বগুড়ার রয় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস ও ঢাকার নাবিল নবা ফুডস লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এ ডাল কিনতে খরচ হবে ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। প্রতিকেজি মসুর ডালের দাম পড়বে ১০৫ টাকা ৪৫ পয়সা।

    উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা দুই লাখ ৮৮ হাজার মেট্রিক টন। এ পর্যন্ত ক্রয় এক কোটি ৫২ হাজার ৫০০ মেট্রিক টন।

  • বিশ্ব ইজতেমা উপলক্ষে থাকবে বিশেষ ট্রেন

    বিশ্ব ইজতেমা উপলক্ষে থাকবে বিশেষ ট্রেন

    www.HelloBangla.News – জাতীর – ২৩ জানুয়ারি, ২০২৪: আসন্ন বিশ্ব ইজতেমা -২০২৪ উপলক্ষে ১৭টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে শুধু আখেরি মোনাজাতের দিন চলবে ১৪টি ট্রেন।

    বিশ্ব ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে আসা মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি করানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে আখেরি মোনাজাতের দিনগুলোতে শুধু ৪টি ট্রেন থামবে না।

    আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

    তিনি বলেন, ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ৮ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ (তিন) মিনিট করে থামবে। আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি (দুই পর্বের ইজতেমা) আখেরি মোনাজাতের দিন (সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতীত) সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনগুলো (আপ ও ডাউন) টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।

    তিনি আরও বলেন, ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন ৪৯ নং বলাকা কমিউটার ট্রেন ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে ৫টায় ছাড়বে। ৪ ও ১১ ফেব্রুয়ারি (রোববার) ৭৯২/৭৯১ নম্বর বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে, তবে ৭৫৪/৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৪ ও ১১ ফেব্রুয়ারি সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

    রেলওয়ের মহাপরিচালক বলেন, আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ৫ ও ১২ ফেব্রুয়ারি তারিখ ইজতেমা থেকে বহির্গামী টিকিটধারী যাত্রীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশনে আরোহণের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনগুলো টঙ্গী স্টেশনে ৩ মিনিট থামবে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় মিশর: বস্ত্র ও পাটমন্ত্রী

    দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় মিশর: বস্ত্র ও পাটমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৩ জানুয়ারি, ২০২৪: দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় মিশর, বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করছে মিশর। এবিষয়ে দুই দেশের মধ্যে দ্রুত একটি যৌথ প্রটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।”

    জাহাঙ্গীর কবির নানক আজ মঙ্গলবার ( ২৩ জানুয়ারী) দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

    বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, “মিশরের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মত সরকার গঠন করায় তাকে অভিন্দনও জানিয়েছেন তিনি।”

    জাহাঙ্গীর কবির নানক বলেন, “এছাড়াও  প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। গতবছর মিশর ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০বছর উদযাপন করা হয়েছে। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলেও তিনি(রাষ্ট্রদূত) আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি আরও বলেন, “ওমর ফাহমি জানান, মিশর আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। মিশর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সেজন্য মিশর বাংলাদেশের পাট-বস্ত্র, তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য ছাড়াও সাংস্কৃতিক শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।”

    বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না এবং দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচন সর্বজনীন করার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে একটি সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।”

    বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ও দূতাবাসের দ্বিতীয় সচিব মিনা মাকারি উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা

    আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ জানুয়ারি, ২০২৪: এবার ২০২৩ সালের বিশ্বকাপে মুখোমু্খি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এই হেরে যাওয়া দল থেকেই আইসিসি ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছে ৬ জন খেলোয়াড়। আর চ্যাম্পিয়ন দল থেকে সুযোগ পেয়েছে মাত্র ২ জন। এর কারণ সারা বছরে পারফরমেন্সের দিক দিয়ে ভারতের খেলোয়াড়রা ভালো করেছে। এক বছরে কোন খেলোয়াড় কয়টি ম্যাচ খেলেছে এবং কত রান ও উইকেট পেয়েছে এর ভিত্তিতেই গঠিত হয়েছে আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ। এছাড়া দক্ষিণ আফ্রিকার দুজন ও নিউজিল্যান্ডের আছেন একজন।

    দলটির অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। গত বছর ব্যাট হাতে দারুণ সময় কেটেছে রোহিতের। ৫২ গড়ে করেছেন ১ হাজার ২৫৫ রান। ওপেনিংয়ে সঙ্গী হিসেবে পেয়েছেন জাতীয় দলের সতীর্থ শুভমান গিলকে। একটি  ডাবল সেঞ্চুরিসহ ১ হাজার ৫৮৪ রান করে গত বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন ডানহাতি এই ব্যাটার।

    তিন নম্বরে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার ট্রাভিস হেডকে। ফাইনালে সেঞ্চুরি করে স্বাগতিক ভারতকে গুঁড়িয়ে দেন বাঁহাতি এই ব্যাটার। এছাড়া সেমিফাইনালেও অলরাউন্ড পারফরম্যান্সে হন ম্যাচসেরা।  বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড করা বিরাট কোহলি আছেন চারে। গত বছর ছয়টি সেঞ্চুরিসহ ১ হাজার ৩৭৭ রান করেছেন তিনি।

    ১ হাজার ২০৪ রান করে নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা করে নেন ড্যারিল মিচেল। ব্যাট হাতে বিধ্বংসী সব ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার  হাইনরিখ ক্লাসেনও আছেন একাদশে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তারই স্বদেশি মার্কো ইয়ানসেন। স্পিনার হিসেবে আছেন গত বছর ৩৮ উইকেট নেওয়া অ্যাডাম জ্যাম্পা।

    পরের জায়গাগুলো দখলে নিয়েছেন ভারতীয়রাই। কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ দুজনেই গত বছর শিকার করেছেন ৪০-এর অধিক উইকেট। একাদশের শেষ ক্রিকেটার হিসেবে আছে বিশ্বকাপে আগুনে বোলিং করা মোহাম্মদ শামির নাম।

    দলে নেই পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের কোন খেলোয়াড়।

    বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জ্যাম্পা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।

    এদিকে আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। গত বছর বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই স্পিনার।

  • শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

    শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: টানা চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় চেক প্রধানমন্ত্রী বলেন, “চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা আমি গভীরভাবে মূল্যায়ন করি এবং আমি বিশ্বাস করি আমরা আমাদের উভয় দেশের পারস্পরিক স্বার্থে তা আরও গভীর ও জোরদার ভবিষ্যতেও অব্যাহত রাখব।”

    তিনি শেখ হাসিনাকে অভিন্ন স্বার্থে সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক স্তরে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের আশ্বাস দেন।

    ফিয়ালা আরও বলেন, “বাংলাদেশের জনগণের কল্যাণে  আপনার দাবিকৃত কাজের সর্বাত্মক সাফল্য কামনা করছি।”

  • প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন

    প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাদের মধ্যে এই দায়িত্ব প্রদান করেছেন।

    প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গত ৭ জানুয়ারি (রবিবার) সম্পন্ন হয়। গত এর পর গত ১০ জানুয়ারি (বুধবার) নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর ১১ জানুয়ারি ( বৃহস্পতিবার) নতুন মন্ত্রি ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। ২১ জানুয়ারি (রবিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

    সূত্র: বাসস

  • গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

    গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার ভেঙে গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই শপিং সেন্টারটি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত।

    এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ সোমবার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

    এর আগে গত ১৩ ডিসেম্বর রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ‘গুলশান শপিং সেন্টার’ ৩০ দিনের মধ্যে গুড়িয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ডিএনসিসি, রাজউকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

    এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী। রাজউকের পক্ষে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় উপস্থিত ছিলেন।

    গত ২৩ জুলাই রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ‘গুলশান শপিং সেন্টার’টি ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

    ‘গুলশান শপিং সেন্টার’-এর হোটেল, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা ও মোবাইল কোর্ট পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

    ‘গুলশান শপিং সেন্টার’-এর জরাজীর্ণ ভবন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকার কারণে ২০২১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে ডিএনসিসিকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়।

    ঝুঁকিপূর্ণ হওয়ায় ও নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ প্লাটুন পুলিশ, ১ প্লাটুন এপিবিএন ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মার্কেটটির গেটগুলো তালাবদ্ধ ও সিলগালা করা হয়। এসময় মাইকিং করা হয় ও মালামাল সরানোর জন্য নিদের্শনা দেওয়া হয়। এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সেবা সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে এগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

  • জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল: সেতুমন্ত্রী

    জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল, বলে জানিয়েছেন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধীদল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন, তাহলে জাতীয় পার্টি। উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে।”

    আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত। তারা এখন সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস।”

    ওবায়দুল কাদের বলেন, “সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর বাংলাদেশে তারা বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করছে। তারা মনে করছে আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশিরবিন্দু, সহজেই পড়ে যাবে। সেটা সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে।”

    তিনি বলেন, “আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপির রাজনীতির ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতনের কথা বলবে, সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতো, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম  মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • মানুষ মোটা হয় ‘ওবিসোজিনস’ কেমিকেলের কারণে

    মানুষ মোটা হয় ‘ওবিসোজিনস’ কেমিকেলের কারণে

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২২ জানুয়ারি, ২০২৪: মোটা হওয়া বা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াটা বিরাট স্বাস্থ্য ঝুকি বলে মনে করছেন চিকিৎসকরা। অনেকে দেহের ওজন যেন নিয়ন্ত্রণে রাখতে অল্প আহার ও ব্যায়াম করেন। কিন্তু তার পরেও কোন লাভ হয়না। এর কারণ কারণ হচ্ছে অস্বাস্থ্যকর আর অপরিমিত খাবার খাওয়ার অভ্যাস এবং আরাম আয়েশের জীবন যাপন।

    ওজন বাড়ার ক্ষেত্রে এগুলো বড় কারণ অবশ্যই। তবে যারা নিয়মিত ব্যায়াম বা ডায়েট করেও ওজন কমাতে পারছেন না তাদের এই ওজন বাড়ার পেছনে রয়েছে ভিন্ন আরেকটি কারণ। আর সেটা হল ‘ওবিসোজিনস’। ওবিসোজিনস হল এমন এক ধরণের কেমিকেল যা আপনার পরিপাকতন্ত্রে আঘাত হানে এবং অনেক সময় সেক্স হরমোনের ওপরও প্রভাব ফেলে।

    কারো শরীরে ওবিসোজিনস বেশি পরিমাণে থাকলে তার শরীরে চর্বি জমার জন্য যে কোষগুলো দায়ী সেই কোষের সংখ্যা ও আকার বাড়িয়ে দেয়। আবার যেসব ব্যাকটেরিয়া চর্বি শোষণ করে, সেগুলোর পরিমাণ কমিয়ে দেয়। এতে চামড়ার নীচে চর্বির আবরণের ঘনত্ব বাড়তে থাকে।

    সেইসাথে টাইপ টু ডায়াবেটিস, স্থূলতা এবং এই দুটির প্রভাবে উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা হার্টের সমস্যা, স্লিপ অ্যাপনিয়া এমনকি ক্যান্সারের ঝুঁকিও দেখা দেয়।

    এছাড়াও লিভারসহ বিভিন্ন অঙ্গে গ্লুকোজ ও ফ্যাটি অ্যাসিড জমতে থাকায় হরমোনের কার্যকলাপেও পরিবর্তন আসে, হজমেও সমস্যা দেখা দেয়। তবে এই কেমিকেল সবচেয়ে বেশি ক্ষতি করে যদি কেউ মাতৃগর্ভে বা ছোটবেলায় এই কেমিকেলের সংস্পর্শে আসেন। তখন সেটা ‘ডিএনএ’র গঠনকে পরিবর্তন করে ফেলতে পারে। এতে ওই ব্যক্তির জিনের বৈশিষ্ট্য, কোষের কার্যকলাপ বদলে যায়। এটি ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করতে পারে। সহজ কথায় ওবিসোজিনসের কারণে মানুষের হজম শক্তি, প্রজনন ও বৃদ্ধি এই তিনটিই বেশি প্রভাবিত হয়।

     

    যে সব কারণে ওবিসোজিনস কেমিকেল বাড়ে:

    আমরা প্রতিদিন ব্যবহার করি, এমন অনেক পণ্যে এই ওবিসোজেনিক কেমিকেল বা রাসায়নিক উপাদানগুলো রয়েছে।

    যেমন: ডিটারজেন্ট বা যেকোনো পরিষ্কারক উপাদান, প্রসাধনী বা ব্যক্তিগত যত্নের পণ্য, খাবারের প্যাকেট, প্লাস্টিকের বাসন, রান্নার সামগ্রী, পোশাক, খেলনা, চিকিৎসা সামগ্রী ইত্যাদি। এসব পণ্য আমাদের জীবনের সাথে এমনভাবে জুড়ে আছে যে চাইলেই এর প্রভাব এড়ানো যাবে না। কিন্তু নিয়মিত এসব পণ্য ব্যবহারের ফলে খাবার, পানি ও বাতাস আরো বেশি দূষিত হচ্ছে এবং মানুষের স্থূলতা ও অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।

    মানুষের শরীরে এমন ৫০ ধরণের ওবিসোজেনিক কেমিকেল রয়েছে যার কোনো একটা বেড়ে গেলে ওজন বাড়তে শুরু করে।

    এর মধ্যে পাঁচ ধরণের ওবিসোজিনসে আক্রান্তের ঝুঁকি বেশি থাকে। যেমন: ১.বিপিএ, ২.প্যাথালেট, ৩.অ্যাট্রাজিন, ৪.অর্গানোটিন্স, ৫.পিএফওএ

     

    বিপিএ:

    বিভিন্ন ফুডক্যান, খাবার ও পানীয় পাত্র, পলিকার্বোনেট প্লাস্টিকের সামগ্রী ও ইপোক্সি রেজিনে বিপিএ থাকে। এটা নারীদের সেক্স হরমোন এস্ট্রোজেন, শরীরের চিনির ভারসাম্য রাখা ইনসুলিনের উৎপাদন এবং চর্বির গঠনের ওপর প্রভাব ফেলে। এতে স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে।

    কেউ যদি বিপিএযুক্ত প্লাস্টিকের পাত্রে খাবার গরম করেন বা গরম খাবার সংরক্ষণ করেন তাহলে মানুষ সেই খাবারের মাধ্যমে বিপিএ’র সংস্পর্শে আসে। সব বয়সী মানুষ এমনকি নবজাতকের শরীরেও বিপিএ পাওয়া গিয়েছে। সাধারণত রক্ত, প্রস্রাব, বুকের দুধ ও চর্বি পরীক্ষা করে বিপিএ আছে কিনা জানা যায়। তবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ’র মতে, খাবারের প্যাকেটে যে পরিমাণ বিপিএ থাকে তা খুবই সামান্য এবং এতে মানবদেহে ক্ষতির ঝুঁকি নেই।

     

    প্যাথালেটস:

    প্লাস্টিককে টেকসই ও নমনীয় করতে প্যাথালেটস ব্যবহৃত হয়। সাধারণত খেলনা, চিকিৎসা সামগ্রী, খাদ্যের প্যাকেজিং, ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু, নেইল পলিশ, লোশন ও পারফিউমে প্যাথালেটস পাওয়া যায়।

    এই কেমিকেলটি পুরুষদের যৌন হরমোন অ্যান্ড্রোজেনের ওপর প্রভাব ফেলে, হজমে সমস্যা তৈরি করে; যার কারণে টাইপ টু ডায়াবেটিসসহ ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়। সাধারণত প্যাথালেটযুক্ত পাত্র ও প্যাকেজিং এর খাবার খেলে বা এই কেমিকেলযুক্ত পণ্য ব্যবহার করলে এমনকি ধুলোবালি থেকেও মানুষের শরীরে এই কেমিকেল প্রবেশ করতে পারে। তবে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে যে খাবার প্যাকেটে বা প্রসাধনীতে যে পরিমাণে প্যাথালেট থাকে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

     

    অ্যাট্রাজিন:

    অ্যাট্রাজিন কেমিকেলটি ফসলের উৎপাদন বাড়াতে ব্যবহার করা হয়। এ কারণে মাটি ও পানিতে এই কেমিকেলের অস্তিত্ব পাওয়া গিয়েছে।

    এটি নারী ও পুরুষ উভয়ের যৌন হরমোনের ওপরে প্রভাব ফেলে। সেইসাথে স্থূলতা, ডায়াবেটিস, জন্মগত ত্রুটি এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।

     

    অর্গানোটিন্স:

    এই কেমিকেলটি বেশি পাওয়া গিয়েছে পিভিসি পণ্য যেমন পাইপ, নৌকা বা জাহাজে ব্যবহার করা অ্যান্টিফাঙ্গাল পেইন্ট ও কীটনাশকে। এ কারণে পানিতে ও সামুদ্রিক শামুকে এই কেমিকেলের অস্তিত্ব পাওয়া গিয়েছে।

    সেইসাথে প্লাস্টিক র‍্যাপ, প্লাস্টিকের খেলনা, স্টেশনারি, কাপড়েও এই কেমিকেল পাওয়া গিয়েছে। যার প্রভাব সেক্স হরমোনের ওপর পড়ে এবং শরীরে চর্বি বাড়তে থাকে।

     

    পিএফওএ:

    যেকোনো পানিরোধী কাপড় যেমন: রেইনকোট/ছাতা/তাঁবু, ননস্টিক রান্নার সামগ্রী, প্রসাধনী, পরিষ্কারক পণ্য, দাগ প্রতিরোধক, মাইক্রোওয়েভের খাবার এমনকি পানিতেও পিএফওএ পাওয়া গিয়েছে।

    এর প্রভাবে স্থূলতা, ডায়াবেটিস ও ওজন বাড়ার সমস্যা দেখা দেয়।

     

    এই কেমিকেল কিভাবে এড়ানো যায়:

    ওবিসোজিনস কেমিকেলের সংস্পর্শ এড়াতে কয়েকটি দিকে খেয়াল রাখতে হবে।

    যেমন:

    # সবার আগে ধূমপান ছাড়তে হবে

    # প্যাকেটজাত খাবার ও পানীয় খাওয়া যতোটা সম্ভব কমিয়ে আনতে হবে

    # প্লাস্টিকের বাসনপত্রের পরিবর্তে কাঁচ, স্টিল বা মাটির পণ্য ব্যবহার

    # প্লাস্টিকের পাত্র যদি ব্যবহার করতেই হয় সেটা এসব কেমিকেলমুক্ত কিনা পরীক্ষা করা, তবে যে প্লাস্টিকই হোক সেটায় খাবার গরম করা যাবে না বা গরম খাবার পরিবেশন করা যাবে না

    # কীটনাশক দেয়া খাবার খাওয়া কমানো

    # ক্ষতিকর কেমিকেলমুক্ত প্রসাধনী ব্যবহার না করা

     

    সূত্র: বিবিসি বাংলা