Author: Hello Bangla News

  • পাকিস্তান আর বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে অনেক পার্থক্য: সেতুমন্ত্রী

    পাকিস্তান আর বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে অনেক পার্থক্য: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৯ ফেব্রুয়ারি ২০২৪: পাকিস্তান আর বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে অনেক পার্থক্য, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যবধান। দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক নেই, কিন্তু পাকিস্তানের তথাকথিত তত্ত্বাবধায়ক ধরে রেখেছে। দুই দেশের মধ্যে পার্থক্যটা হল আমাদের দেশের নির্বাচন নিয়ে বিদেশী শক্তি বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে। ভিসা নীতি মিশে থাকার বিষয় আনে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এ নিয়ে মাতামাতি নেই।”

    আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

    সেতুমন্ত্রী বলেন, “পাকিস্তানের নির্বাচনে সহিংসতা, ভোট কারচুপি, জালিয়াতি, ৯ জনের প্রাণহানিও ঘটেছে। দেশটির বেলুচিস্তানে বোমা বিস্ফোরণ কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে্।”

    ওবায়দুল কাদের বলেন, “আমরা গণতন্ত্রের ট্রু ফর্ম অনুসরণ করি। নির্বাচনে বিরোধীদল আসেনি, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা বলছি না আমাদের গণতন্ত্র শতভাগ পারফেক্ট। গণতন্ত্রের সবক দেয় যে পশ্চিমা বিশ্ব তারাও পারফেক্ট নয়।”

    সেতুমন্ত্রী বলেন, “নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দলের সুদৃঢ় ঐক্যের দরকার। গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছে। যে নির্বাচনে ৬২ জন নির্বাচিত হয়েছেন। তারাও কিন্তু আওয়ামী লীগের। অনেকে আওয়ামী লীগের পদধারীও আছে।”

    তিনি বলেন, “নির্বাচনে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, মতবিরোধ, দ্বন্দ্ব, সংঘাতের মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে। এসব হানাহানি দলের অভ্যন্তরে অন্তর কলহ এসব বিষয়ের অবসান ঘটিয়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলে সুদৃঢ় ঐক্য দরকার।”

    ওবায়দুল কাদের বলেন, “সবকিছু ভুলে গিয়ে উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন কি ঘিরে যেন মনোমালিন্য কোন সংঘাত সৃষ্টি না সেজন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার মধ্যে ঐক্যবদ্ধ আবহ তৈরির জন্য এই বিশেষ বর্ধিত সভার আয়োজন।”

    বিএনপি মহাসচিব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “যতটুকু জানি তার অনেকগুলো মামলায় জামিন হয়েছে। একটি মামলা প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তার ক্ষেত্রে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো একটা সময় জামিন হয়ে যাবে। একজন বিনা বিচারে আটকে থাকবে এটা সরকারও চায় না। জামিন হয়নি, ভবিষ্যতে হবে না এটা ঠিক নয়।”

    তিনি বলেন, “বিএনপি নেতাদের বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। একেক জন একেক কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র মুখপাত্র। তিনি বললে সেটা দলের বক্তব্য।”

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “পারিবারিকভাবে আবেদনটা করুক। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কিভাবে সুপারিশ করে তারপর বলা যাবে।”

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • পরবর্তী প্রজন্মের ডাক্তাররা সততার সঙ্গে কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

    পরবর্তী প্রজন্মের ডাক্তাররা সততার সঙ্গে কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৯ ফেব্রুয়ারি ২০২৪: পরবর্তী প্রজন্মের ডাক্তাররা সততার সঙ্গে কাজ করবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “আমি চাই দেশে সৎ ও উন্নত মানের ডাক্তার তৈরি হোক। নিজে সারাজীবন সৎ থেকেছি, এদেশের পরবর্তী প্রজন্মের প্রতিটি ডাক্তারও সততা নিয়ে, স্বচ্ছতা নিয়ে মানুষের সেবা করে জীবন পার করে দিবে আমি সেটাই চাই।”

    স্বাস্থ্যমন্ত্রী আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার দুটি কেন্দ্র রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র এবং  সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলন ।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সকল কেন্দ্রেই বিশেষ সতর্কতা নেওয়া ছিল। প্রতিটি প্রশ্নপত্র বহনকারী ট্রাঙ্কে একটি ইলেক্ট্রনিক ডিভাইস লাগানো ছিল, যার মাধ্যমে অধিদপ্তর হতে পরীক্ষা কেন্দ্রে আনা নেওয়া কার্যক্রম মনিটরিং করা হয়েছে।”

    তিনি বলেন, “পরীক্ষাকেন্দ্রে কেন্দ্র ম্যাজিস্ট্রেট সহ কারো কাছেই কোনরকম মোবাইল যন্ত্র এলাউড ছিল না। কোন মেডিকেল কোচিং গত এক মাস খোলা ছিল না। পরীক্ষার আগের দিন ফেসবুকে কোনরকম প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর সুযোগ দেয়নি আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। মোট কথা, এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় যতরকম সতর্ক থাকা যায়, আমরা থেকেছি।”

    তিনি আরও বলেন, “এবছর এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।”

    স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, ঢাকা মেডিকেল এর অধ্যক্ষ সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময়  মন্ত্রীর সাথে ছিলেন।

    আজ সকাল ১০টা হতে ১১ টা পর্যন্ত ০১ ঘন্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মোট ৫ হাজার ৩৮০ টি আসনের বিপরীতে এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭ টি মেডিকেল কলেজের মোট ৬ হাজার ২৯৫ টি আসনের বিপরীতে এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

  • পাকিস্তানের নির্বাচনের ফল গণনা চলছে, এগিয়ে স্বতন্ত্ররা

    পাকিস্তানের নির্বাচনের ফল গণনা চলছে, এগিয়ে স্বতন্ত্ররা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ ফেব্রুয়ারি ২০২৪: পাকিস্তানের ১৬তম সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশ দেরি হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। তবে বেশ খানিকটা এগিয়ে আছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই অবস্থান নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) ও বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)।

    পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির অনলাইন সংস্করণ বলছে, নির্বাচন কমিশন ঘোষিত অস্থায়ী ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ৬২টি আসনে জয় পেয়েছে পিটিআই।

    ৪৬ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ৩৪টি আসনে জয় পেয়েছেন।এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ৫ জন। মোট ১৬৫ আসনের মধ্যে দেড়শ’ আসনের ভোট গণনায় এ অনানুষ্ঠানিক ফলাফল এসেছে।

    পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন।

    এ নির্বাচনে স্বতন্ত্র ও দল মিলিয়ে ১৭ হাজার ৮১৬ প্রার্থী জাতীয় পরিষদের ২৬৫টি, পাঞ্জাব পরিষদের ২৯৬টি, সিন্ধ পরিষদের ১৩০টি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ১১৩টি ও বেলুচিস্তানের ৫১টিসহ মোট ৮৫৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনে।

    এদিন সারা দেশে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। বিক্ষিপ্ত কিছু রাজনৈতিক সহিংসতার খবরও পাওয়া যায়। এদিন খাইবার পাখতুনখোয়াতে ভয়াবহ হামলার ঘটনাও ঘটে।

    ভোটের ফল প্রকাশে নজিরবিহীন দেরি হচ্ছে। ভোট বন্ধ হওয়ার ১৭ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনও শেষ হয়নি গণনা।

    ভোট গণনায় এত দেরি হওয়ায় নির্বাচনে কারচুপির অভিযোগ করছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

  • বিপিএলে তৃতীয় জয় পেয়েছে সিলেট

    বিপিএলে তৃতীয় জয় পেয়েছে সিলেট

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ ফেব্রুয়ারি ২০২৪: প্রথম দিকে খারাপ করলেও আজ বিপিএলে সিলেট জয়ের ধারায় ফিরেছে। দলটি আজ খুলনাকে হারায় ৫ উইকেটে।

    আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিপিএলের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান করে খুলনা। ওই রান তাড়া করতে নেমে ১ ওভার হাতে রেখে জয় পায় সিলেট। নবম ম্যাচে এসে টুর্নামেন্টের তৃতীয় জয় পেয়েছে তারা। সপ্তম ম্যাচে এসে এটি তৃতীয় হার খুলনার।

    ব্যাট করতে নেমে শুরুর দিকে সেভাবে ছন্দ খুঁজে পায়নি খুলনা টাইগার্সের ইনিংস। ৩ চারে ১০ বলে ১২ রান করে সামিত প্যাটেলের বলে সাজঘরে ফেরত যান এভিন লুইস। ১০ ওভার শেষে দলটির রান ছিল ৫৬। এর মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ফেলে খুলনা টাইগার্স।

    আফিফ হোসেন শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৪ রান করে বেনি হাওয়েলের বলে এলবিডব্লিউ আউট হন তিনি। ৬ বলে ১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়ও।

    এরপর বড় জুটি গড়েন এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহান। চতুর্থ উইকেটে ৬৭ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা। ৫ চার ও ২ ছক্কায় ৫৮ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন বিজয়। ৩ চার ও সমান ছক্কায় ৩০ বলে ৪৩ রান করেন হাবিবুর রহমান সোহান। ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে এক উইকেট নেন সানজামুল ইসলাম।

    রান তাড়ায় নামা সিলেটকে শুরুতেই দুই ছক্কা হাঁকিয়ে ছন্দটা ধরিয়ে দেন সামিত প্যাটেল। যদিও ৯ বলে ১৩ রান করে আউট হয়ে যান তিনি। এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩৪ বলে ৩২ রানের জুটি গড়েন হ্যারি টেক্টর। কিন্তু ৩ চারে ১৬ বলে ১৮ রান করার পর শান্ত ক্যাচ তুলে দেন মার্ক দেয়ালের বলে নাহিদুল ইসলামের হাতে।

    ওই ওভারেই কোনো রান করার আগে ফেরেন জাকির হাসানও। এরপর আবার দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন। তার সঙ্গী হিসেবে থাকেন শুরু থেকেই উইকেট আগলে থাকা হ্যারি টেক্টর। ৩৫ বলে দুজনের ৪২ রানের জুটি অবশ্য ভেঙে যায় এর মধ্যেই। এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন মিঠুন। ১৯ বলে তার ব্যাটে আসে ২৪ রান।

    শেষদিকে জমে ওঠে ম্যাচ। ১৩ বলে যখন ১৯ রান দরকার তখন আউট হয়ে যান হ্যারি টেক্টর। এই ব্যাটার ৬ চার ও ৩ ছক্কায় ৫২ বলে ৬১ রান করে আউট হন। কিন্তু ১৯তম ওভারে রুবেলকে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান বার্ল। ১৬ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার।

    ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়েই আছে সিলেট। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে চারে খুলনা।

  • উন্নত অর্থনীতিতে একীভূতকরণ হয়ে থাকে: অর্থমন্ত্রী

    উন্নত অর্থনীতিতে একীভূতকরণ হয়ে থাকে: অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি  – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হয়ে থাকে, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তনি বলেন, “দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো, এটি হতেই পারে। আইডিয়া আছেই। দু-একটি তো একেবারেই কাজ করতে পারছে না, তাদের তো মার্জ করাই ভালো। যারা স্ট্রং তাদের সঙ্গে করা যেতে পারে। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হয়ে থাকে।”

    আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে ও কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    তিনি বলেন, “যেখানে মুক্ত অর্থনীতি আছে সেসব দেশে তো সবসময় একীভূত হয়। একেবারেই কাজ করছে না, তার চেয়ে তো একটি ভালো ব্যাংকের সঙ্গে মার্জ করাই ভালো। এটি হলো আইডিয়া। তবে এটি অবশ্যই সম্ভব।”

    অর্থমন্ত্রী আরও বলেন, “তবে এখনো পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে। এটার জন্য সময় দিতে হবে।”

  • রমজানে নিত্যপ্রয়োজনীয় চার পণ্যে ভ্যাট ও শুল্ক কমছে

    রমজানে নিত্যপ্রয়োজনীয় চার পণ্যে ভ্যাট ও শুল্ক কমছে

    www.HelloBangla.News – অর্থনীতি  – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)।

    আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পৃথক চার প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত খেজুরের, ১৫ এপ্রিল ভোজ্যতেলে, ৩১ মার্চ পর্যন্ত চিনিতে ও ১৫ মে পর্যন্ত চালে এই সুবিধা বলবৎ থাকবে।

    এনবিআর চেয়ারম্যানের সই করা আদেশে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল ও পরিশোধিত পাম তেলে আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

    ২৯ জানুয়ারি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষে ভোজ্যতেল, চিনি,  খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তখন প্রধানমন্ত্রী বলেন, রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়। তখন থেকেই রমজানে অতি ব্যবহৃত এই চার পণ্য আমদানিতে শুল্ক কমানো কার্যক্রম শুরু হয়

  • আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে এমবিবিএস ভর্তি পরীক্ষা

    আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে এমবিবিএস ভর্তি পরীক্ষা

    www.HelloBangla.News – জাতীয় – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: আগামীকাল ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

    আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

    তিনি জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ৬২৯৫টি আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে।

    মন্ত্রী বলেন, “এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।”

    সামন্ত লাল সেন বলেন, “ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম রোধ এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের লক্ষ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়। বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় শুরু হওয়ায় প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি, অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের পথ বন্ধ হয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতের সুযোগ সৃষ্টি হওয়ায় বিষয়টি জনগণের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।”

     

    ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য :

    • প্রশ্নপত্র বহনকারী ট্রাকে একটি ইলেক্ট্রনিক ডিভাইস রয়েছে যার মাধ্যমে অধিদপ্তর হতে পরীক্ষা কেন্দ্রে আনা নেওয়া কার্যক্রম মনিটরিং করা হয়।
    • পরীক্ষার দিন কেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায়। পরীক্ষার দিন সকাল ৯.৩০ মিনিটের পর কোন পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।
    • পরীক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবেন।
    • কেন্দ্র/ভেন্যু-তে পরীক্ষার্থীদের (ছেলে ও মেয়ে) পৃথক পৃথক তল্লাশির ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র ও বল পয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাতে প্রবেশ করতে না পারে সেলক্ষ্যে মেটাল ডিটেক্টরের পাশাপাশি আর্চওয়ে দিয়ে শিক্ষার্থীদের প্রবেশের বিষয়টি তদারক করা হবে।
    • ভর্তি পরীক্ষার কেন্দ্র/ভেন্যুতে সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা প্রবেশ করতে ইনভিজিলেটরগণ (কক্ষ পরিদর্শক) সকাল ৮টা হতে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কক্ষে অবস্থান করে প্রবেশপত্রে পরীক্ষার্থীর ছবির জলছাপ ও রঙিন ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি প্রদান করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কেন্দ্রে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করবেন।
    • পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও ভেন্যুর কর্মকর্তা-কর্মচারীসহ মন্ত্রণালয়/অধিদপ্তরের কর্মকর্তাগণ কোনোভাবেই মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ব্লুটুথ, এয়ারফোন, ইত্যাদি বহন করবেন না। ভর্তি পরীক্ষার হলে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না।
    • ভর্তি পরীক্ষার কেন্দ্র/ভেন্যুতে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না।
    • ১০ জানুয়ারি ২০২৪ হতে মেডিকেল ভর্তি কোচিং সেন্টারসমূহ বন্ধের নির্দেশনার জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অফলাইন কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়াও অনলাইন কোচিং বন্ধ ও সাইবার অপরাধ রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের তৎপরতা অব্যাহত রয়েছে।
    • পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রসমূহের আশেপাশের ফটোকপি মেশিন বন্ধ থাকবে।
    • পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ/প্রতারণা/গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
  • অবশেষে পাকিস্তানের জাতীয় নির্বাচনে আজ শুরু হয়েছে

    অবশেষে পাকিস্তানের জাতীয় নির্বাচনে আজ শুরু হয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: রাজনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকট, জঙ্গিবাদের উত্থান আর সহিংসতা মধ্যেই আজ পাকিস্তানে জাতীয় নির্বাচন শুরু হয়েছে। ঠিক ভোটের আগের দিনই দেশটিতে জোড়া বিস্ফোরণে দুই ডজনখানেক লোকের প্রাণহানি ঘটে।

    দেশটিতে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

    দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে রেখেই পাকিস্তানে এবারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে , অথচ আগের নির্বাচনে তার দলই জয় পেয়েছিল।

    গতকাল পাকিস্তানজুড়ে খবর ছড়িয়েছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)  জাতীয় পরিষদের নির্বাচন বর্জন করেছে। তবে পিটিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, খবরটি সত্য নয়। নির্বাচনী লড়াইয়ে আছে ইমরানের দলটি।

    পাকিস্তানের নির্বাচন পর্যবেক্ষণে আসা কমনওয়েলথ অবজারভার গ্রুপ (সিওজি) এবং বিদেশি পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    এদিকে সকাল ৮টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও করাচির এনএ-২৫০ আসনে সকাল ৮টা ৪৫ মিনিটেও ভোটের সামগ্রী না পৌঁছানোর খবর জানাচ্ছে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিওনিউজ। তারা জানায় ভোটের সামগ্রী না পৌঁছানোয় ভোট কেন্দ্র গুলোতে লম্বা লাইনে মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বন্ধ থাকাই কর্মকর্তারা প্রয়োজনীয় যোগাযোগ করতে পারছেন না।

    দেশটির ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। চলতি বছর জাতীয় পরিষদে মোট পাঁচ হাজার ১২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    প্রতিটি আসনে গড়ে ১৯ জন প্রার্থী রয়েছেন। মোট প্রার্থীর মধ্যে ৯৪ শতাংশ বা চার হাজার ৮০৬ জন পুরুষ প্রার্থী, আর নারী প্রার্থী ৩১২ জন। এই তালিকায় দুই ট্রান্সজেন্ডারও রয়েছেন।

    পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসন রয়েছে ৩৩৬টি, এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। আর সংরক্ষিত রয়েছে ৭০টি আসন। এর মধ্যে ৬০টি নারীদের জন্য এবং ১০টি অমুসলিমদের জন্য।

    জয়ী প্রার্থীরা জাতীয় পরিষদের সদস্য হন। ফল ঘোষণার পর স্বতন্ত্রদের যেকোনো দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনের পর জাতীয় পরিষদ পার্লামেন্টারি ভোটের মাধ্যমে সংসদ নেতা নির্বাচন করা হয়, যিনি দেশের প্রধানমন্ত্রী হন।

    সরকার গঠনের জন্য একটি দলকে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হয়। ন্যূনতম ১৫৯ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।

    পাকিস্তান নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা ১৬০ এর বেশি। এ বছর বড় প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপল’স পার্টি, যেটির নেতৃত্বে রয়েছেন বিলাওয়াল ভুট্টো ও আসিফ আলি জারদারি।

    শরিফের চির প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ২০১৮ সালে নির্বাচনে জিতেছিল। ইমরান এখন কারাগারে রয়েছেন। তার দল প্রতীক ছাড়াই নির্বাচনে রয়েছে।

    এদিকে আজ ভোটের দিন পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বন্ধ রাখা হয়েছে মোবাইল ফোন পরিষেবা। এছাড়া অনেক এলাকায় ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হচ্ছে।

    তবে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করায় ব্যাপক সমালোচনা চলছে। ভোটে কারচুপির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

  • অভিনেতা আহমেদ রুবেলের দাফন হয়েছে গাজীপুরে

    অভিনেতা আহমেদ রুবেলের দাফন হয়েছে গাজীপুরে

    www.HelloBangla.News – বিনোদন  – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: আহমেদ রুবেল মঞ্চ দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করলেও টেলিভিশনে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সেই সুবাদে অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিতেও। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

    জাান গেছে, পরিচালক নুরুল আলম আতিকের নির্মিত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র–বিশেষ প্রদর্শনী ছিল। এই সিনেমায় তিনি অভিনয় করেন। সন্ধ্যায় বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে আহমেদ রুবেল নিজেই গাড়ি চালিয়ে বসুন্ধরা সিটিতে আসেন। পার্কিং থেকে হলে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

    মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের গুণী এই অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে রাখা হয়। বেলা সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স থেকে নামানোর সঙ্গে সঙ্গে তার মরদেহ ঘিরে ধরেন সবাই। এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। ঢাকা থিয়েটার ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা জানাতে আসে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস।

    এরপর বাদ আছর নিজ শহর গাজীপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

    একুশে টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান আহমেদ রুবেল। আহীর আলম পরিচালিত প্রেত নাটকের গল্প লিখেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। তারপর থেকে নাটকে ও সিনেমায় ব্যস্ততা বেড়েই চলে তার।

    একটা সময় নন্দিত লেখক, নাট্যকার ও পরিচালক হুমায়ুন আহমেদের পরিচালনায় অভিনয় শুরু করেন। তার পরিচালিত শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। এছাড়া অনেকগুলো ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি। সালাউদ্দিন লাভলুর সাড়া জাগানো নাটক ‘রঙের মানুষ’ ও মোস্তফা সরোয়ার ফারুকীর জনপ্রিয় নাটক ‘৬৯’- এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন।

    তার অভিনীত ‘গেরিলা’, ‘মেঘলা আকাশ’, ‘আলফা’, ‘লাল মোরগের ঝুঁটি’-সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’ সিনেমাটি অস্কারে গিয়েছিল।

    গেরিলা সিনেমায় তিনি শহীদ আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করেন ।

    ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল আহমেদ রুবেলের। তার বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

  • এশিয়া কাপের ফাইনালে কাতারের প্রতিপক্ষ জর্ডান

    এশিয়া কাপের ফাইনালে কাতারের প্রতিপক্ষ জর্ডান

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন কাতার এবারও ফাইনালে উঠেছে। সেমিফাইনালে তারা হারায় ইরানকে। ফাইনালে দলটির প্রতিপক্ষ জর্ডান। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দলটি দলটি প্রথমবারের মতো উঠে এশিয়া কাপের ফাইনালে।

    ইরানের বিপক্ষে উত্তাপ ছড়ানো পাঁচ গোলের ম্যাচে শেষ সময়ের গোলে ৩-২ ব্যবধানে জয় পায় কাতার। ২০২২ সালে ঘরের মাঠে বিশ্বকাপে বাজে পারফর্মের পর এবার সেই একইমাঠে কাতার লিখলো দাপুটে ফুটবলের আরেক উপাখ্যান। এশিয়ান শ্রেষ্ঠত্বের জন্য তাদের মুখোমুখি হতে হবে জর্ডানের। শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে হবে প্রেস্টিজিয়াস ফাইনাল।

    টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার মিশনে ম্যাচের শুরুটা মোটেই ভাল হয়নি কাতারের। স্বাগতিক দর্শকদের নড়েচড়ে বসার আগেই ইরান পেয়ে যায় সেমির প্রথম গোল। ম্যাচের চতুর্থ মিনিটেই সরদার আজমুনের গোলে এগিয়ে যায় ইরান। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে দলকে লিড এনে দেন তিনি। গোল শোধ করতে কাতার সময় নিয়েছে ১২ মিনিট।

    ম্যাচের ১৬তম মিনিটে জাসেম গাবেরের শট ইরানের সাঈদ এজাতোলাহির গায়ে লেগে জালে প্রবেশ করলে সমতায় ফেরে কাতার। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল করে কাতারকে এগিয়ে নেন আকরাম আফিফ। ২-১ গোলের লিড নিয়ে টানেলে ফেরে দুই দল। মাঝে সহজ কিছু সুযোগ মিস না করলে ফল হতে পারতো অন্যরকম।

    বিরতি থেকে ফিরে সমতা আনতে খুব বেশি সময় নেয়নি ইরান। দ্বিতীয়ার্ধে অবশ্য আলীরেজা জাহানবখশের পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে তারা। ৮২ মিনিটে এরপর জয়সূচক গোলটি করেন আলমুইজ। কাতারের গত আসরের শিরোপা স্বপ্নের কান্ডারি ছিলেন আল-মুইজ। এবারও তিনিই দলকে টেনে নিলেন ফাইনালে।

    যোগ করা সময়ে শোজায়ি খলিলজাদেহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে ইরানের। যদিও অতিরিক্ত হিসেবে দেওয়া ১৭ মিনিটও সমানতালেই লড়েছিল তারা।