www.HelloBangla.News – অর্থনীতি – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হয়ে থাকে, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তনি বলেন, “দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো, এটি হতেই পারে। আইডিয়া আছেই। দু-একটি তো একেবারেই কাজ করতে পারছে না, তাদের তো মার্জ করাই ভালো। যারা স্ট্রং তাদের সঙ্গে করা যেতে পারে। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হয়ে থাকে।”
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে ও কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “যেখানে মুক্ত অর্থনীতি আছে সেসব দেশে তো সবসময় একীভূত হয়। একেবারেই কাজ করছে না, তার চেয়ে তো একটি ভালো ব্যাংকের সঙ্গে মার্জ করাই ভালো। এটি হলো আইডিয়া। তবে এটি অবশ্যই সম্ভব।”
অর্থমন্ত্রী আরও বলেন, “তবে এখনো পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে। এটার জন্য সময় দিতে হবে।”










