www.HelloBangla.News – বিনোদন – ৮ ফেব্রুয়ারি, ২০২৪: আহমেদ রুবেল মঞ্চ দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করলেও টেলিভিশনে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সেই সুবাদে অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিতেও। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
জাান গেছে, পরিচালক নুরুল আলম আতিকের নির্মিত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র–বিশেষ প্রদর্শনী ছিল। এই সিনেমায় তিনি অভিনয় করেন। সন্ধ্যায় বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে আহমেদ রুবেল নিজেই গাড়ি চালিয়ে বসুন্ধরা সিটিতে আসেন। পার্কিং থেকে হলে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের গুণী এই অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে রাখা হয়। বেলা সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স থেকে নামানোর সঙ্গে সঙ্গে তার মরদেহ ঘিরে ধরেন সবাই। এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। ঢাকা থিয়েটার ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা জানাতে আসে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস।
এরপর বাদ আছর নিজ শহর গাজীপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
একুশে টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান আহমেদ রুবেল। আহীর আলম পরিচালিত প্রেত নাটকের গল্প লিখেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। তারপর থেকে নাটকে ও সিনেমায় ব্যস্ততা বেড়েই চলে তার।
একটা সময় নন্দিত লেখক, নাট্যকার ও পরিচালক হুমায়ুন আহমেদের পরিচালনায় অভিনয় শুরু করেন। তার পরিচালিত শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। এছাড়া অনেকগুলো ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি। সালাউদ্দিন লাভলুর সাড়া জাগানো নাটক ‘রঙের মানুষ’ ও মোস্তফা সরোয়ার ফারুকীর জনপ্রিয় নাটক ‘৬৯’- এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন।
তার অভিনীত ‘গেরিলা’, ‘মেঘলা আকাশ’, ‘আলফা’, ‘লাল মোরগের ঝুঁটি’-সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’ সিনেমাটি অস্কারে গিয়েছিল।
গেরিলা সিনেমায় তিনি শহীদ আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করেন ।
১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল আহমেদ রুবেলের। তার বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।










