Author: Hello Bangla News

  • মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

    মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

    www.HelloBangla.News – জাতীয় – ১১ ফেব্রুয়ারি, ২০২৪: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) । দুই দিন পর সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।

    আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

    এবছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

    ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৮০ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে মেধা কোটায় ৫ হাজার ৭২ জন, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের ৩৯ জন নির্বাচিত হয়েছে।

    ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।

  • আমরা চাই কৃষকরা পণ্যের ভালো দাম পাবে: প্রধানমন্ত্রী

    আমরা চাই কৃষকরা পণ্যের ভালো দাম পাবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: আমরা চাই কৃষকরা পণ্যের ভালো দাম পাবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, “অবৈধ মজুদদারি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা চাই কৃষক ভালো দাম পাবে। কিন্তু অবৈধ মজুদদারি এবং চাঁদাবাজি বন্ধে বিশেষ দৃষ্টি দিতে হবে।”

    আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

    বর্ধিত সভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, “৮১টা সংস্কার প্রস্তাব কার্যকর করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছি। নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ কাজ করতে পারে, সে ব্যবস্থা করেছি। এই সাহস আওয়ামী লীগেরই আছে। যার কারণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সব বাহিনী নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেছে।”

    নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “নির্বাচন উন্মুক্ত করে দেওয়ায় দলে অনেক মন কষাকষি হয়েছে। যেটা হয়েছে ভুলে যেতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যদি সমস্যা দেখা দেয়, আমরা কেন্দ্রীয় কমিটি আছি। দেখবো। নিজেরা সংঘাত করা যাবে না।”

    প্রধানমন্ত্রী বলেন, “অনেকে চেয়েছে, নির্বাচন অবাধ ‍ও সুষ্ঠু না হোক, তাতে প্রশ্নবিদ্ধ করা যাবে এবং স্যাংশনস দেওয়া যাবে। স্যাংশনস নিয়ে আমি বলেছিলাম, আমরাও স্যাংশনস দিতে পারি। না জেনে বলি নাই। আমি স্যাংশনসের সব জানি বলেই বলেছি।”

    বিএনপির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ সরকারে যাতে না আসতে পারে, বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। জনগণ আমাদের শক্তি, তারা চেয়েছে বলেই এসেছি। পাশাপাশি আওয়ামী লীগ আমাদের শক্তি। এই দলটির নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ আমরা এখানে।”

    তিনি আরও বলেন, “বারবার নির্বাচন নিয়ে চক্রান্ত হয়েছে। সব চক্রান্ত মোকাবিলা করে আমরা ক্ষমতায় এসেছি। ২০১৪ সালে চেষ্টা করেছে, নির্বাচন ঠেকাতে পারেনি। ২০১৮ সালেও এসে আবার পরাজয় জেনে সরে গেছে। নির্বাচন যেন না হয়, সে অপচেষ্টা করেছে। এবারও বানচাল করার চেষ্টা করেছে। এখনো লম্ফঝম্প করছে। কিন্তু কোনো লাভ হবে না। জনগণ আমাদের সঙ্গে আছে।”

    সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    এতে অংশ নেন আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

  • চিকিৎসাক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা ফেরাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    চিকিৎসাক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা ফেরাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

     

    www.HelloBangla.News – জাতীয়  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: চিকিৎসাক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা ফেরাতে হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরানোর লক্ষ্যেই কাজ করছে সরকার। এছাড়া ভুটান বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে ১০-১৫ ইউনিটের বার্ন ইউনিট করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। পাশাপাশি অন্তত সার্কভিত্তিক দেশগুলোতে বাংলাদেশের চিকিৎসকদের বিভিন্ন ক্যাম্প করার চিন্তাভাবনা করা হচ্ছে।”

    আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন।”

    তিনি বলেন, “নাক রিকনস্ট্রাকশন সার্জারি বাংলাদেশে আগেও অনেক হয়েছে, তবে বিদেশি প্রথম রোগী ভুটানের ২৩ বছর বয়সী কলেজ পড়ুয়া শিক্ষার্থী কারমা দেমার সফল সার্জারি বার্ন ইনস্টিটিউটের একটি বড় অর্জন।”

    অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলসহ ইনস্টিটিউটের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • টেকসই অবকাঠামো ব্যবস্থাপনার জন্য গবেষণা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

    টেকসই অবকাঠামো ব্যবস্থাপনার জন্য গবেষণা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: টেকসই অবকাঠামো ব্যবস্থাপনার জন্য গবেষণা প্রয়োজন, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনে বলেন, “আমাদের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো নকশা এবং টেকসই অবকাঠামো ব্যবস্থাপনার জন্য স্মার্ট উপকরণ এবং প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে গবেষণায় জোর দিতে হবে।”

    আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “অবকাঠামো খাতে কর্মরত পেশাজীবীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টারের প্রতিষ্ঠা বাংলাদেশে টেকসই অবকাঠামো সমাধানে গবেষণা ও উন্নয়নের অগ্রগতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

    তিনি বলেন,  “সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় আরও জোর দিতে হবে। সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের এলজিডি সচিব মুহাম্মদ ইব্রাহিম।

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান, প্রফেসর ড. আফজাল আহমেদ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, একাডেমিয়া, শিল্প এবং সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • ১৪ মামলায় জামিন পেলেন ইমরান খান

    ১৪ মামলায় জামিন পেলেন ইমরান খান

    www.HelloBangla.News – আন্তর্জাতিক  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)। আজ ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দেন।

    আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালতের (এটিসি) বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে ১৪ মামলা থেকে ইমরানকে জামিন দেন। একই সঙ্গে পিটিআই’র জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে।

    ইমরান-কুরেশিকে জামিন দেওয়া মামলাগুলো সবই গত ৯ মে দাঙ্গা সম্পর্কিত। ইমরানের ১৪ মামলার মধ্যে ১২টি ৯ মে কেন্দ্র করে। বাকি দুটি পাকিস্তানের সারিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) ও সামরিক বাহিনীর জাদুঘরে হামলা সংশ্লিষ্ট।

    শাহ মুহম্মদ কুরেশির সবগুলো মামলা দাঙ্গায় উসকানি দেওয়া সংক্রান্ত।

    উল্লেখ্য, ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেপ্তার হন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে পিটিআই নেতাকর্মীরা। বিক্ষোভ এতটাই বেড়ে গিয়েছিল পাকিস্তানের সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়। ইতিহাসে প্রথমবারের মতো এ দুই স্থাপনায় হামলা চালায় পিটিআই নেতাকর্মী-সমর্থকরা।

    এদিকে, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে। ২৬৬ আসনে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ সমর্থিতরা জয় পেয়েছে ৯৯ আসনে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ৭১; পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৫৩ আসন। এমকিউএম ১৭ আসনে জয়ী, আরও ১০ আসনে অন্যান্য দলের প্রার্থীরা জয় পেয়েছেন।

    এ অবস্থায় দেশটিতে সরকার গঠন নিয়ে চলছে আলোচনা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি জোট গঠন করতে রাজি হয়েছে।

  • পাকিস্তানে কোন দল সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি

    পাকিস্তানে কোন দল সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: পাকিস্তানের সাধারণ নির্বাচনের মোট আসন সংখ্যা ২৬৬টি (একটি স্থগিত)। এর মাঝে ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গেছে, ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই স্পষ্ট ব্যবধানে এগিয়ে।

    কিন্তু আসন সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলছেন, তার দল পাকিস্তান মুসলিম লীগই (পিএমএল-এন) এই নির্বাচনের সবচেয়ে বড় দল। এই কারণে তিনি অন্যদেরও তার সঙ্গে যোগ দিয়ে সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন।

    অন্যদিকে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের ১৬তম সাধারণ নির্বাচনে জয় দাবি করেছেন এবং তার কর্মী-সমর্থকদেরকে এই বিজয় উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছেন।

    এদিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ না হলেও প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, কোনও দলই এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় লাভ করেনি।

     

    নির্বাচনের ফলাফল:

    পাকিস্তানে সরকার গঠন করার জন্য কোনও দলকে ন্যূনতম ১৩৪টি আসনে জয়লাভ করতে হবে।

    কিন্তু দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে যে কোনও দলই এককভাবে এত বিপুল সংখ্যক আসন পায় নি।

    এমনকি বাকি ১৫টি আসনের ফলাফলও যদি কোনও একক দলের পক্ষে যায়, তারপরও তা সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন হবে না। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীরা আসনের দিক থেকে এগিয়ে। এদের মাঝে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীই বেশি।

    পাকিস্তানের সংবিধানের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত ফলাফল ঘোষণার তিনদিনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের জানাতে হবে যে, তারা কোন দলে যোগ দেবেন নাকি স্বতন্ত্র হিসাবেই থাকবেন। পাকিস্তানের পত্রিকা ডন বলছে, নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা ৯১টি আসনে জয়লাভ করেছেন। পিএমএলএন ৭১ আসন জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

    ২০০৭ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন দল পাকিস্তান পিপল’স পার্টি এই নির্বাচনের তৃতীয় প্রধান দল। এই দল জয় পেয়েছে ৫৩টি আসনে। এছাড়া, নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছে ৩৩টি আসন।

    এমনিতে পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। তার মধ্যে ২৬৬ আসন হলো সাধারণ আসন, যেগুলোতে সরাসরি ভোট হয়। বাকি ৭০টি আসন সংরক্ষিত। সেগুলোর ৬০টি নারীদের ও ১০টি অমুসলিমদের।

    পাকিস্তানের জাতীয় পরিষদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ আসনগুলোর মাঝে সবচেয়ে বেশি সংখ্যক আসন হলো পাঞ্জাবে, ১৪১টি।

     

    সিন্ধু, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান ও ফেডেরাল ক্যাপিটালে আছে যথাক্রমে ৬১টি, ৪৫টি, ১৬টি ও তিনটি।

     

    জোট গঠনেও দেখা দিয়েছে জটিলতা:

    পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে ভোটের হিসেবে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) চেয়ারম্যান নওয়াজ শরিফ ইতোমধ্যে সরকার গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জোট গঠনের তৎপরতাও শুরু করেছেন তিনি।

    পিএমএলএন চাইছে, নতুন জোট গঠিত হলে সেই জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ। কিন্তু ভোটের হিসেবে তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জানিয়েছে, নতুন জোটে যেতে তেমন কোনো সমস্যা না থাকলেও নওয়াজ শরিফকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি রয়েছে দলটির।

    এদিকে পাকিস্তানের নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী সবচেয়ে এগিয়ে থাকা দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) জানিয়েছে, অপর দুই দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) বা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কিংবা অন্য কোনো দলের সঙ্গে জোট করার কোনো পরিকল্পনা নেই দলটির।

    পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান বলেন, ‘এখন পর্যন্ত যে ফলাফল এসেছে, তাতে এটা স্পষ্ট যে পিটিআই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তাছাড়া পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।’

  • বিপিএলের ম্যাচে চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়েছে রংপুর

    বিপিএলের ম্যাচে চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়েছে রংপুর

    www.HelloBangla.News – খেলাধুলা  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: বিপিএলে রংপুর রাইডার্স জয়ের ধারা অব্যাহত রেখেছে। সেই সঙ্গে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফর্মে ফিরেছে। আজ ২৭ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন।  ছুয়ে ফেলেছেন সাত হাজার রানের মাইলফলক।

    বিপিএলের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২১১ রানের সংগ্রহ পায় রংপুর। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে রংপুর। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চট্টগ্রাম।

    টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান করে রংপুর। রনি তালকুদারের সঙ্গে রেজা হেনড্রিকসের উদ্বোধনী জুটিতে আসে ৪১ বলে ৬১ রান। ১৭ বলে ২৪ রান করে পুল করতে গিয়ে নিহাদুজ্জামানের বলে রনি ক্যাচ দেন শাহাদাৎ হোসেন দীপুর হাতে।

    তবে আরেকপ্রান্তে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলা রেজা হেনড্রিকস। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করার পর সালাউদ্দিন শাকিলের বলে ক্যাচ দেন তিনি। তার এক বল আগেই ফেরেন সাকিব আল হাসানও। ৩ চার ও ১ ছক্কার ইনিংসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে ১৬ বলে আসে ২৭ রান। এই রান করার পথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক ছুয়েছেন সাকিব।

    এক ওভারে দুই উইকেট হারানোর পর রংপুরের রান তোলার গতি কিছুটা কমে যায়। তবে সময়ের সঙ্গে ঠিকই মানিয়ে নেন জিমি নিশাম ও নুরুল হাসান সোহান। ৪৬ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ৫ চার ও ৩ ছক্কার ইনিংসে ২৬ বলে নিশামের ব্যাট থেকে আসে ৫১ রান। ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান।

    রান তাড়ায় নামা চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় আশার নাম ছিলেন জস ব্রাউন। প্রথম ওভারে তিনি একটি ছক্কাও হাঁকান। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে তাকে ফিরিয়ে দেন সাকিব। ৯ বলে ১০ রান করা অজি ব্যাটারকে বোল্ড করেন তিনি।

    এরপর আর রান তোলার গতির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম। পাওয়ার প্লের ছয় ওভারে তারা তোলে কেবল ৩২ রান। সৈকত আলি তখন অপরাজিত ১৭ বলে ৯ রান করে। পরে অবশ্য হাফ সেঞ্চুরি তুলেছেন, কিন্তু সেটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

    দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান করেন তিনি। সৈকত আলির ব্যাট থেকে ৪৫ বলে আসে ৬৩ রান। রংপুরের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব। সমান উইকেট নেন জিমি নিশামও।

  • সিপিআর চিকিৎসা পদ্ধতি সবার জানা থাকলে অন্যের জীবন রক্ষা করা সম্ভব

    সিপিআর চিকিৎসা পদ্ধতি সবার জানা থাকলে অন্যের জীবন রক্ষা করা সম্ভব

    www.HelloBangla.News – লাইফস্টাইল  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: কেউ অসুস্থ হয়ে জ্ঞান হারালে, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে বা শ্বাস প্রশ্বাস চালু না থাকলে, সেই ব্যক্তিকে ‘কার্ডিওপালমোনারি রিসাসিটেশন’ বা সংক্ষেপে ‘সিপিআর’ দিতে হয়। এই জরুরি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি জানা থাকলে তা আশীর্বাদ হয়ে আসতে পারে হঠাৎ এক অসুস্থ ব্যক্তির জন্য ।

    সিপিআর এর মাধ্যমে ঐ ব্যক্তির ফুসফুসে অক্সিজেন দেওয়া হয়, একই সাথে শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সঞ্চালন করতে থাকে, ফলে জীবন বাঁচানোও সম্ভব নয়। সিপিআর বিশ্ব জুড়ে বহুল প্রচলিত এক জরুরি চিকিৎসা পদ্ধতি।

    আমরা সিনেমা বা নাটকে দেখেছি, কোনও অচেতন ব্যক্তির বুকের উপর দুহাত রেখে বারবার চাপপ্রয়োগ করা হচ্ছে এবং তার মুখে শ্বাস দেয়া হচ্ছে, যার ফলে ঐ ব্যক্তির জ্ঞান ফিরে আসছে। এটাকেই সিপিআর বলে।

    তবে এর সঠিক পদ্ধতি যেমন জানা দরকার, তেমনি কোন ক্ষেত্রে সিপিআর দেওয়া যেতে পারে সেটাও জেনে রাখতে হবে। স্বাস্থ্যকর্মীদের তো অবশ্যই সিপিআর প্রশিক্ষণ নিতে হয়, আবার বিভিন্ন বিশেষ বাহিনী আর সংস্থার লোকজনেরও বাধ্যতামূলক সিপিআর প্রশিক্ষণ থাকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন সাধারণ মানুষদেরও তাদের নিজেদের স্বার্থেই সিপিআর প্রক্রিয়া সম্পর্কে জানা উচিত। যা বিশ্বের অনেক দেশে ছোট থেকেই ট্রেনিং দেওয়ানো হয়। বিশ্বের অনেক দেশে স্কুল-কলেজে সিপিআর ট্রেনিং দেয়া হয়।

    তবে বাংলাদেশে এর যথেষ্ট ঘাটতি দেখা যায়, অনেকেই এই জীবন রক্ষাকারী সিপিআর এর ব্যাপারে সচেতন নন।

     

     

    সিপিআর কখন দিতে হবে:

    “আপনার সামনে যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাহলে দ্রুত ৯৯৯-এ ফোন করুন এবং সিপিআর দেওয়া শুরু করুন,” ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ওয়েবসাইটে এমনটাই বলা আছে।

    অনেকটা একই রকম কথা বলছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ। তাদের ভাষায়, “যদি কেউ অজ্ঞান হয়ে যায় এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস না নেয় তাহলে ৯৯৯-এ ফোন করতে হবে এবং সিপিআর দেওয়া শুরু করতে হবে।”

    বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়ে থাকে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট।

    আমেরিকান রেড ক্রসের ভাষ্য অনুযায়ী, সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন কারও কার্ডিয়াক অ্যারেস্টের সময় জীবন বাঁচাতে সাহায্য করে থাকে। যখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় অথবা হার্টবিট নিয়মিত না হয়, তখন মস্তিষ্কে ও অন্যান্য জরুরি প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে না। ফলে তা মস্তিষ্কের উপর প্রভাব ফেলে, যার কারণে অনেক সময় ব্যক্তি মারাও যেতে পারে। কিন্তু সিপিআর দিলে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

     

    চিকিৎসক বলেন, কেউ জোরে আঘাত পেলে বা পড়ে গেলে, যদি দেখা যায় যে তার হার্ট বন্ধ হয়ে আসছে, তিনি মাটিতে শুয়ে পড়ছেন তখন সিপিআর শুরু করলে তাকে বাঁচানোর সময় পাওয়া যায়।“

    এরকম পরিস্থিতি যেমন হৃদরোগ থেকে হতে পারে, তেমনি ইলেকট্রিক শক, জোরে আঘাত, পানিতে ডুবে, শরীরে বড় ধরনের ইনফেকশন থাকা, এমন নানা কারণেই হতে পারে – যাতে করে হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। আর এমন সময় গুলোতেই জরুরি ভিত্তিতে সিপিআর দেয়ার কথা বলছেন চিকিৎসকরা। তবে সিপিআর দ্রুত একেবারে প্রথম অবস্থাতেই শুরু করা জরুরি ।

     

    সিপিআরের সাতটি ধাপ রয়েছে:

    • যেখানে প্রথম ধাপেই নিরাপত্তার দিকটা দেখতে বলা হয়েছে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির আশেপাশে আগুন বা পানির মতো কোন বিপদ আছে কি না, তিনি রাস্তার মাঝখানে কি না ইত্যাদি বিষয়। প্রয়োজনে পিপিই বা পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহারের কথা বলা হয়েছে।
    • দ্বিতীয় ধাপে দেখতে হবে ব্যক্তিটি কোনও সাড়া দেয় কি না। এজন্য তাকে ধাক্কা দিয়ে জোরে জোরে ডাকতে হবে। একই সাথে পরীক্ষা করে দেখে নিশ্চিত হতে হবে যে কোনও রক্তক্ষরণ হচ্ছে না।
    • তৃতীয় ধাপ, যদি লোকটির কোনও সাড়া না পাওয়া না যায় এবং সে যদি নিঃশ্বাস না নেয়, তার পালস না থাকে অথবা যদি ঘড়ঘড় করে, তাহলে এই পর্যায়ে তৃতীয় ধাপে এসে সাহায্যের জন্য ডাকতে হবে ও ৯১১ নাম্বারে (অথবা সে দেশে যেটা ইমার্জেন্সি বা জরুরি পরিষেবার নম্বর) কল করতে হবে।
    • এরপর চতুর্থ ধাপে হাঁটু গেড়ে ঐ ব্যক্তির পাশে বসতে হবে। এ সময় হাত কাঁধ বরাবর সামনে থাকবে, আর ঐ ব্যক্তিকে সমতল জায়গায় চিৎ করে শুইয়ে দিতে হবে।
    • পঞ্চম ধাপে এসে মূল সিপিআর শুরু। প্রথমে ঐ ব্যক্তির বুকের উপর দুটো হাত প্রতিস্থাপন করতে হবে। এক্ষেত্রে এক হাতের উপর আরেক হাত রেখে দুই হাতের আঙুলগুলো ধরে তালু দিয়ে চাপ দিতে হবে।

    ( খেয়াল রাখতে হবে যেন চাপটি অন্তত দুই ইঞ্চি গভীরে যায়। প্রতিবার চাপ দিয়ে ছেড়ে দিতে হবে যাতে বুক আবার আগের অবস্থানে চলে আসে। এর গতি থাকবে মিনিটে ১০০ থেকে ১২০ বার।)

    • তবে টানা ৩০ বার এরকম চাপ দেবার পর একটা বিরতি নিতে হবে। তখন আসবে ষষ্ঠ ধাপ অর্থাৎ মুখ দিয়ে নিঃশ্বাস দেয়া।

    (এজন্য মাথা সোজা রেখে থুতনিতে চাপ দিয়ে উপরে ঠেলে দিতে হবে, এরপর মুখটা হাঁ করতে হবে। তারপর ঐ ব্যক্তির নাক ধরে একটা স্বাভাবিক দম নিয়ে তার মুখে পুরো মুখ চেপে শ্বাস দিতে হবে।

    এর স্থায়িত্ব হবে এক সেকেন্ড এবং খেয়াল রাখতে হবে যাতে বুকটা একটা ফুলে উঠে। এরপর পরের শ্বাস দেবার আগে মুখ উঠিয়ে সেটি বের হয়ে যাবার সুযোগ করে দিতে হবে।

    কিন্তু এক্ষেত্রে যদি প্রথমবারে বুকের উঠানামা না হয়, তাহলে মাথাটা আবার নাড়িয়ে নিয়ে মুখটা খুলে দেখে নিতে হবে যে গলায় বা মুখের ভেতরে কিছু আটকে আছে কি না, যা নিঃশ্বাসের ক্ষেত্রে বাধা দিচ্ছে।)

    • ৭ম ধাপে বলা হয়েছে আবারও এরকম ৩০বার বুকে চাপ দেওয়া চালিয়ে যেতে হবে। এবং আবার মুখে দুবার নিঃশ্বাস দিতে হবে। খেয়াল রাখতে হবে বুকে চাপ দেওয়ার বিরতি যেন ১০ সেকেন্ডের বেশি না হয়।

    (এভাবে অ্যাম্বুলেন্স বা কোনও সাহায্য না আসা পর্যন্ত সিপিআর চালিয়ে যেতে হবে।)

     

    শিশুদের ক্ষেত্রে সিপিআর প্রয়োগ:

    অনেক সময় ছোট বাচ্চাদেরও সিপিআর দেওয়ার প্রয়োজন পড়ে। সেটা অবশ্য তাদের হৃদরোগের সমস্যার চেয়ে বেশি দেখা যায় যখন নিঃশ্বাসে কোনও সমস্যা হয়।

    যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বলছে শিশুদের সিপিআরের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলার কথা।

    • প্রথমেই এক হাত কপালে রেখে মাথাটা পেছনের দিকে নিয়ে থুতনিটা উঁচু করতে হবে। মুখ বা নাকে কোনও কিছু আটকে থাকলে সেটা সরিয়ে দিতে হবে।
    • এরপর নাক ধরে মুখ থেকে মুখে পাঁচবার নিঃশ্বাস দেওয়ার কথা বলা হয়েছে, একই সাথে খেয়াল রাখতে হবে বুকের উঠানামার দিকে।
    • এরপর এক হাতের তালু শিশুটির বুকের উপর বসাতে হবে এবং ৫ সেন্টিমিটার (প্রায় দুই ইঞ্চি) পর্যন্ত চাপ দিতে হবে।

    এই গভীরতা খুবই গুরুত্বপূর্ণ, যদি এক হাতে সেটা সম্ভব না হয় তাহলে দুই হাতের তালু ব্যবহার করা যেতে পারে।

     

    আর এক বছরের নিচের শিশুর ক্ষেত্রে দুই হাতের বদলে দুটি আঙুল ব্যবহারের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে চাপের গভীরতা হবে ৪ সেন্টিমিটার বা দেড় ইঞ্চি।

    একইভাবে বড়দের মতোই মিনিটে ১০০ থেকে ১২০ বার চাপ দেয়ার গতিতে, ৩০ বার পরপর দুবার করে মুখ দিয়ে নিঃশ্বাস দিতে হবে।

    শিশুদের ক্ষেত্রেও অ্যাম্বুলেন্স বা কোনও সাহায্য না আসা পর্যন্ত এভাবে সিপিআর চালিয়ে যেতে হবে।

    হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যু হয়। সেক্ষেত্রে সিপিআর জানা থাকলে তা জীবন বাঁচাতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।

    বাংলাদেশে প্রায়ই এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে। তাই আমাদের সিপিআর নামের প্রাথমিক চিকিৎসা পদ্ধতি জানা দরকার। এটা খুব একটি কঠিন কিছু নয়। একটি সচেতন হলে বা উপস্থিত বুদ্ধি খাটিয়ে কোন ব্যক্তির ‘হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে বা শ্বাস প্রশ্বাস চালু না থাকলে’ তাকে সিপিআরের মাধ্যমে বাঁচিয়ে তোলা সম্ভব। কিছুদিন আগে বাংলাদেশে জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যুর হাত থেকে হয়তোবা বাঁচানো যেত, যদি অভিনেতাকে সিপিআর প্রয়োগ করা হতো।

    সূত্র: বিবিসি বাংলা

  • ঢাকা ওয়াটারকালার একাডেমির দিনব্যাপী জলরং কর্মশালা অনুষ্ঠিত

    ঢাকা ওয়াটারকালার একাডেমির দিনব্যাপী জলরং কর্মশালা অনুষ্ঠিত

    www.HelloBangla.News – বিনোদন – ৯ ফেব্রুয়ারি ২০২৪: শিল্পী শাহানুর মামুনের প্রতিষ্ঠিত ঢাকা ওয়াটারকালার একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় দিনব্যাপী জলরং কর্মলাশা অনুষ্ঠিত হয়। নেপালি শিল্পী এনবি গুরুং এবং শাহানুর মামুন যৌথভাবে কর্মশালা পরিচালনা করেন।

    প্রতিশ্রুতিশীল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ১১০ জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহন করেন। তরুন শিল্পীদের উৎসাহ দিতে চারজন শিল্পীকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত শিল্পীরা হলেন জান্নাতুল ফেরদৌস, জাহিদ খান, আলাউদ্দিন আজাদ ও সামিউল আলম।

    ‘ঢাকা ওয়াটারকালার একাডেমি প্রতিষ্ঠিত হয় তরুনদের মধ্যে জলরং’কে জনপ্রিয় করতে। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং জলরঙে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দয সবচেয়ে সুন্দর করে উপস্থাপিত হয়। জলরং বেশ কষ্টসাধ্য এবং নিয়মিত চর্চা করতে হয়। বাংলাদেশের তরুন শিল্পীদের দেশের মানুষের কাছে তুলে ধরতে আমরা নিয়মিত কাজ করছি।বলেন ঢাকা ওয়াটার কালার একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহানুর মামুন।

    তিনি আরও বলেন, “আমরা নিয়মিত দেশী-বিদেশী শিল্পী ও প্রশিক্ষকের মাধ্যমে কর্মশালা, আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর আয়োজন করে থাকি। নেপাল থেকে আগত বিখ্যাত জলরং শিল্পী ও প্রশিক্ষক এনবি গুরুং এর কাছ থেকে আমাদের তরুন শিল্পীরা অনেক কিছু শিখতে পারবে আশা করি।”

    “এই তরুণ শিল্পীরা পরিশ্রমী ও আন্তরিক। তারা আরও ভাল করবে এবং আমি চাই তারা দেশে এবং বিদেশে তাদের শৈল্পিক উৎকর্ষ দেখাবে” বলেন এনবি গুরুং।

    “আমরা তরুণ অংশগ্রহণকারীদের উৎসাহিত করার চেষ্টা করি সবসময়।তাদের শিল্পকর্মের উপর ভিত্তি করে চারজন শিল্পীকে সম্মানিত করছি। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সমসাময়িক শিল্পীরা এই কর্মশালায় অংশ নিচ্ছেন এবং আমরা এই কর্মশালায় করা চিত্রকর্ম নিয়ে খুব শীঘ্রই একটি দলগত প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা করছি” বলেন ঢাকা ওয়াটার কালার একাডেমির সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জান্নাতুন নাহার রিন্টি।

    পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রখ্যাত ভাস্কর-চিত্রশিল্পীহামিদুজ্জামান খান, ভাস্কর আইভি জামান, নেপালি শিল্পী এনবি গুরুং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, ঢাবির শিক্ষক আনিসুজ্জামান আনিস ও কামালউদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী শাহানুর মামুন।

    অংশগ্রহণকারী ও পুরস্কার প্রাপ্তরা অতিথিদের কাছ থেকে সনদ ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।

  • আজ বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত

    আজ বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত

    www.HelloBangla.News – জাতীয় – ৯ ফেব্রুয়ারি ২০২৪: শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।আজ শুক্রবার গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত। নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।

    আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৮ মিনিটে নামাজ শেষ হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লির পাশাপাশি গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা আজ দলে দলে ইজতেমা ময়দানে আসেন।

    জানা গেছে, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী, আর তা বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ। আর সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিম করেন এবং নামাজের আগে জুমার ফাজায়েলের ওপর বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।

     

    মুসল্লির মৃত্যু:

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চার জন মুসল্লির মৃত্যু হয়েছে।

    তারা হলেন- শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার হেলিম মিয়া (৬৫),  দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) ও জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দিন (৬৫)।

    রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।