চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হতে পারে লাহোরে

All India matches likely to be held in Lahore - Sports - 2 May 2024
All India matches likely to be held in Lahore - Sports - 2 May 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ২ মে, ২০২৪: আগামী ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যে ট্রফির বিশ্বকাপ মানের মতো মর্যাদা ।যেহেতু খেলা হবে পাকিস্তানে তাই ভারত কীভাবে পাকিস্তানে খেলতে আসবে সেটা নিয়ে সংশয় থেকে যায়। ভারতীয় দর্শকরা যেন পাকিস্তানে গিয়ে সহজেই খেলা দেখতে পারেন, সেজন্য আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবগুলো ম্যাচ লাহোরে আয়োজনের কথা জানিয়েছে পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য এরইমধ্যে ভেন্যু ঠিক করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) প্রস্তাব দিয়েছে পিসিবি। প্রস্তাবে তিনটি ভেন্যুর কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। ভেন্যু তিনটি হলো- করাচি, লাহোর ও রাওয়ালপিণ্ডি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আইসিসিতে পাকিস্তান যে ড্রাফট পাঠিয়েছে, সেখানে ভারতের সবগুলো ম্যাচে লাহোরে আয়োজনের কথা বলা হয়েছে। এছাড়া ফাইনাল ম্যাচটিও হবে এই ভেন্যুতে।

নিরাপত্তা সংকটের অজুহাতে প্রায় ১৭ বছর পাকিস্তানে খেলতে যায় না ভারত। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হচ্ছেন না রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।

নিরাপত্তা নিয়ে যেন ভারত এবার প্রশ্ন না তোলে, সেজন্য দুই দেশের সীমান্তের কাছাকাছি শহর লাহোরে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। লাহোর এমন একটি জায়গায় অবস্থিত, যেখানে দুই দেশের মধ্যবর্তী ওয়াগা সীমান্ত খুবই কাছে। এই ভেন্যুতে ভারতীয় দর্শকরা সহজেই পাকিস্তান গিয়ে খেলা দেখতে পারবে।

ড্রাফটে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। এই আসরে অংশ নেবে বাংলাদেশসহ মোট ৮টি দেশ। ভারত খেলতে যাবে কি যাবে না, এটিই এখন সবচেয়ে বড় সংকট।

২০০৮ সালের পর আর পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেনি ভারত। ওই বছর ভারতের মুম্বাইয়ে হামলার ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্ক তিক্ত হতে থাকে। এরপর সম্পর্ক জোরদারে উদ্যোগ নিলেও তা বাস্তব রূপ লাভ করেনি।

গত বছর এশিয়া কাপের আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের সবগুলো ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। এবার দেখার বিষয় কোথায় হয় ভারতের ম্যাচগুলো।

পূর্ববর্তী পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস
পরবর্তী কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে