www.HelloBangla.News – অর্থনীতি – ২০ জুন, ২০২৪: এবার ঈদের ৫ দিনের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে অধিকাংশ মানুষই ছুটেছে নাড়ির টানে, বাড়ির পানে। তাই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদযাত্রায় মুখরিত ছিল পদ্মা সেতু। স্বাভাবিক কারণে টোল প্লাজায় দেখা গেছে যানবাহনের সারি। এই পাঁচ দিনের ঈদের ছুটিতে পদ্মা সেতু থেকে প্রায় ১৭ কোটি ৩ লাখ টাকা টোল আদায় হয়েছে।
এবার ছুটির ৫ দিন (১৪ জুন থেকে ১৮ জুন) পর্যন্ত সেতু পাড়ি দিয়েছে ১ লাখ ৬০ হাজার ২৫৩টি যানবাহন। যা থেকে নগদ টোল আদায় হয়েছে ১৭ কোটি ২ লাখ ৯৪ হাজার ১৫০ টাকা। ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) ও ক্রেডিটসহ টোলের পরিমাণ ১৭ কোটি ৭ লাখ ৬১ হাজার ৮শ টাকা। এই তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী।
সংশ্লিষ্টদের তথ্যমতে, ছুটির ৫ দিনে সেতুর মাওয়া প্রান্ত হয়ে পাড়ি দেয় ১ লাখ ৬৬১টি যানবাহন, জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দেয় ৫৯ হাজার ৫৯২টি যানবাহন। এতে মাওয়া প্রান্ত হয়ে নগদ টোল আদায় হয় মোট ৯ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৬৫০টাকা। আর জাজিরা টোলপ্লাজায় নগদ টোল আদায় হয় ৭ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি যানবাহন পারাপার ও টোল আদায় হয় ১৪ জুন (শুক্রবার)। এদিন ৪৪ হাজার ৩৩টি থেকে নগদ ৪ কোটি ৮ লাখ ৩০ হাজার ১০ টাকা টোল আয় হয়। যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
এদিকে ৫ দিনে সবচেয়ে কম যানবাহন পাড়ি দিয়েছে ১৭ জুন। এদিন সেতু পারি দেয় ১৭ হাজার ৪৪১টি যানবাহন। ক্রেডিট ইটিসিএস ২৪ হাজার ৫০০ টাকাসহ টোল আদায় হয় ১ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ৫০ টাকা।










