www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ মে, ২০২৪: ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন দখলে নেওয়ার কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে তা নিয়ন্ত্রণ মুক্ত করে। এ সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
অন্যদিকে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্কের সিটি কলেজ থেকে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
রয়টার্স বলছে, পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে বিপুল পুলিশ অবস্থান নিয়েছে। নতুন করে কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না। গ্রেফতার হওয়া বেশিরভাগই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের।
গ্রেফতাররা ক্যাম্পাসে কর্মকর্তাদের প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এ সময় তাদের অনেককে গ্রেফতার করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১৭ মে পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে। তারা নতুন করে কোনো বিক্ষোভ হতে দেবেন না।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনের প্রধান সম্পাদক জোনাস ডু সিএনএনকে বলেছেন, ক্যাম্পাসে বিক্ষোভগুলো ছাত্রদের দ্বারা পরিচালিত হয়, এখানে বহিরাগতদের জড়িত থাকার সুযোগ নেই।
তবে কলম্বিয়া সানডিয়াল সম্পাদক বলেছেন, কলম্বিয়ার হ্যামিল্টন হল থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিরা ছাত্র নাকি প্রতিষ্ঠানের বাইরের লোক তা বলা মুশকিল।
এর আগে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা তাদের চলমান প্রতিবাদের অংশ হিসেবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন দখলে নেয়। মঙ্গলবার ভোরে কয়েক ডজন ছাত্র বিশ্ববিদ্যালয়টির হ্যামিল্টন হল দখল করে ব্যারিকেড দেয়।










