Tag: গ্রেফতার

  • যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ থেকে ১০০ বিক্ষোভকারী গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ থেকে ১০০ বিক্ষোভকারী গ্রেফতার

    www.HelloBangla.Newsআন্তর্জাতিক – ১ মে, ২০২৪: ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন দখলে নেওয়ার কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে তা নিয়ন্ত্রণ মুক্ত করে। এ সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।

    আজ বুধবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

    অন্যদিকে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্কের সিটি কলেজ থেকে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

    রয়টার্স বলছে, পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে বিপুল পুলিশ অবস্থান নিয়েছে। নতুন করে কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না। গ্রেফতার হওয়া বেশিরভাগই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের।

    গ্রেফতাররা ক্যাম্পাসে কর্মকর্তাদের প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এ সময় তাদের অনেককে গ্রেফতার করা হয়।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১৭ মে পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে। তারা নতুন করে কোনো বিক্ষোভ হতে দেবেন না।

    কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনের প্রধান সম্পাদক জোনাস ডু সিএনএনকে বলেছেন, ক্যাম্পাসে বিক্ষোভগুলো ছাত্রদের দ্বারা পরিচালিত হয়, এখানে বহিরাগতদের জড়িত থাকার সুযোগ নেই।

    তবে কলম্বিয়া সানডিয়াল সম্পাদক বলেছেন, কলম্বিয়ার হ্যামিল্টন হল থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিরা ছাত্র নাকি প্রতিষ্ঠানের বাইরের লোক তা বলা মুশকিল।

    এর আগে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা তাদের চলমান প্রতিবাদের অংশ হিসেবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন দখলে নেয়। মঙ্গলবার ভোরে কয়েক ডজন ছাত্র বিশ্ববিদ্যালয়টির হ্যামিল্টন হল দখল করে ব্যারিকেড দেয়।

  • সালমানের বাড়িতে গুলি চালানো সেই দুই যুবক গ্রেফতার

    সালমানের বাড়িতে গুলি চালানো সেই দুই যুবক গ্রেফতার

    www.HelloBangla.News – বিনোদন – ১৬ এপ্রিল, ২০২৪: গত রবিবার ভোরে বলিউড সুপাস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানোর ঘটানা ঘটে। এতে কোন প্রকার হতাহতের ঘটনা না ঘটলেও ফেসবুক পোস্টে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লেখেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তাই সই। আজ যা হয়েছে, সেটা শুধু ট্রেলার ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা চাইলে কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুইজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রী রাম। ”

    এর পর থেকে সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ। অবশেষে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। গুজরাতের ভুজ এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর শিরিযোগেন্দ্র পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা।

    জানা গেছে, গ্রেফতার হওয়া দুই যুবক জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য। একাধিক খুনের মামলায় জড়িত থাকার অপরাধে লরেন্স বর্তমানে তিহাড় জেলে বন্দি। তবে তার গোষ্ঠীর কার্যকলাপ এখনও সক্রিয় রয়েছে। আগেই সালমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করে অনলাইনে পোস্ট করেছিলেন লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই।

    গ্রেফতার হওয়া দুই যুবক ভুজের একটি মন্দিরে লুকিয়ে ছিলেন। নির্দিষ্ট খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ। ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি জায়গা থেকে দু’টি বাইক ভাড়া নিয়েছিলেন দু’জন। তার পর পানভেল এলাকার ভাড়াবাড়ি থেকে বাইক নিয়ে গিয়েছিলেন বলিউড তারকার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টের সামনে। সিসি ক্যামেরায় ধরা পড়ে দু’জনের বাইক নিয়ে চম্পট দেওয়ার ফুটেজ।

    মুম্বইয়ের বান্দ্রা এলাকার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসিন্দা সালমান। গত রবিবার ভোর ৫টা নাগাদ এই আবাসনের সামনেই পর পর চার রাউন্ড গুলি চলে। শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যান দু’জন। গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রার গোষ্ঠীর কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরেই সালমানের নিরাপত্তা বাড়িয়ে তা ওয়াই প্লাস করা হয়েছিল। তা ছাড়াও এই বলিউড তারকাকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়। কিছু দিন আগেই সালমান একটি বুলেট প্রতিরোধী গাড়ি কিনেছিলেন।

    ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমানের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সালমানকে খুনের হুমকি দেয় বিষ্ণোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে ‘খতমের তালিকা’য় রেখেছেন, তাদের মধ্যে প্রথমেই রয়েছে সলমনের নাম।

    এর আগেও গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেইল আসে।

  • বান্দরবানে কেএনএফ এর প্রধান সমন্বয়ক গ্রেফতার

    বান্দরবানে কেএনএফ এর প্রধান সমন্বয়ক গ্রেফতার

    www.HelloBangla.News – জাতীয়  – ৭ এপ্রিল, ২০২৪: কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বান্দরবানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    আজ রবিবার (৭ এপ্রিল) ভোরে তাকে তার বাসায় থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

    র‌্যাব-১৫ এর অধিনায়ক  লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তাকে গ্রেপ্তারের বিষয়ে আজ বিকাল বান্দরবান র‌্যাব কার্যালয়ে ব্রিফিং ডেকেছে সংস্থাটি।

    র‌্যাব জানিয়েছে, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। অন্যদিকে বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।

  • সিলিন্ডার জব্দ এবং স্টাফদের গ্রেফতার কোন সমাধান নয়: ইমরান হাসান

    সিলিন্ডার জব্দ এবং স্টাফদের গ্রেফতার কোন সমাধান নয়: ইমরান হাসান

    www.HelloBangla.News – জাতীয় – ৫ মার্চ, ২০২৪: সিলিন্ডার জব্দ এবং স্টাফদের গ্রেফতার কোন সমাধান নয়, বলে জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, “বেইলি রোডের গ্রীন কোজি কটেজের অগ্নিকাণ্ডের দায় কেউ এড়াতে পারেন না। পুরো ভবনটাই ছিল অনিয়মে ভরা, ভবনটির অনুমোদন দিয়েছে রাজউক, রেস্তোরাঁ সেক্টরটি তদারকি করেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, সিটি করপোরেশন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সংযুক্ত আছেন জেলা প্রশাসক প্রশাসনসহ অনেক অধিদপ্তর ও সংস্থা। ৪৬ জনের প্রাণহানির পর রাজউক ও সিভিল ডিফেন্সের টনক নড়েছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সিলিন্ডার গ্যাসের বোতল জব্দ করছে এবং স্টাফদের গ্রেফতার করছে। এটি সমস্যার সমাধান নয়।”

    আজ মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে বেইলি রোডের অগ্নিকাণ্ডে রেস্তোরাঁ শিল্পের সংকটের উত্তরণের উপায় এবং আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে রেস্তোরাঁ ব্যবসা করা নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, “সাম্প্রতিক সময়ে সংগঠিত অগ্নিকাণ্ডের জন্য সৃষ্ট সংকট থেকে উত্তোরণ শীর্ষক আলোচনা করে এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে, রেস্টুরেন্ট করার পূর্বেই যথাযথ কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে রেস্টুরেন্টের অনুমোদন দেবেন।”

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তিতাস গ্যাসের পর্যাপ্ততা নেই। আবার লাইন সংযোগ থাকলেও লাইনে গ্যাস নেই। এখন বিকল্প ব্যবস্থা গ্যাস সিলেন্ডার ব্যবহার বা লাকড়ি ব্যবহার, লাকড়ি ব্যবহার করলে কিচেনসহ পুরো রেস্টুরেন্ট কালো হয়ে যায়, পরিবেশ ঠিক থাকে না। পুরো বিষয়টি নিয়ে উচ্চক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং ভবিষতের জন্য নির্দিষ্ট একটি গাইডলাইন তৈরি করতে হবে যাতে ব্যাঙের ছাতার মতো রেস্তোরাঁ গজিয়ে উঠতে না পারে।”

    ইমরান হাসানা আরও বলেন, “আসন্ন রমজানে পবিত্রতা বজায় রেখে রেস্তোরাঁ ব্যবসা করতে চান বলেও মন্তব্য করেন তিনি।”

    অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) প্রতিটি রেস্তোরাঁয় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। 

  • কিশোর গ্যাংয়ের বড় ভাইদেরও গ্রেফতার করবে পুলিশ

    কিশোর গ্যাংয়ের বড় ভাইদেরও গ্রেফতার করবে পুলিশ

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড, জেনেভা ক্যাম্প, বসিলাসহ আশপাশের এলাকা থেকে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ।

    গ্রেপ্তাররা হলেন রাজা (৩৫), মো. জালাল (২৫), মো. মৃদুল (২৬), মো. জাহাঙ্গীর (৩৫), মো. শামিম মিয়া (২৪), মো. শহিদ (২৫), মো. শিমুল (২৫), মো. মনিরুল ইসলাম (২৭), মো. সোহেল খান (২৩) ও নুর মোহাম্মদ (২০)। তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাজার বিরুদ্ধে ১১টি মামলা ও মৃদুলের বিরুদ্ধে চারটি মামলার তথ্য জানা গেছে।

    ডিবি জানায়, গ্রেপ্তাররা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল।

    আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

    হারুন-অর-রশীদ বলেন, “রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুরে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা বেশ সক্রিয়। এসব গ্রুপের সদস্যরা চুরি-ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধে জড়িত রয়েছে। তাদের কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছে। গোয়েন্দা পুলিশের কাছে অনেকেই অভিযোগ করছেন। তারা দিনে দুপুরে গাড়ি থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়। উঠতি বয়সী মেয়েদের উত্ত্যক্ত করে। এসব অভিযোগের ভিত্তিতে ডিবির তেজগাঁও বিভাগ কাজ শুরু করেছে। তারা মোহাম্মদপুর থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে।”

    তিনি আরও বলেন, “এ কিশোর গ্যাং সদস্যরা পৃথক দলে ভাগ হয়ে ছিনতাই করত। দীর্ঘদিন ধরে কিছু বড় ভাইয়ের নেতৃত্বে তারা এ কাজ করত। বিশেষ করে রাতের বেলা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে। দিনের বেলা বড়ভাইদের সঙ্গে ঘুরে।”

    ডিবি প্রধান বলেন, “আমরা বেশ কয়েকজন বড় ভাইয়ের নাম পেয়েছি। তারা যে দলেরই হোক না কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা ছিনতাইয়ের জন্য লেগুনা ব্যবহার করে। লেগুনা চালক ও হেলপারও তাদের সঙ্গে জড়িত রয়েছে।”

    হারুন আরও বলেন, “কিশোর গ্যাং ও ইভটিজারদের বিরুদ্ধে রাজধানীর প্রতিটি এলাকায় এলাকায় আমাদের অভিযান চলবে। ছিনতাইকারী ও বড় ভাইদের সম্পর্কে কোনো তথ্য থাকলে গোয়েন্দা পুলিশকে জানানোর অনুরোধ করছি।”

    অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ডিবির ৪০টিরও বেশি চৌকস টিম রয়েছে। তারা প্রত্যেকেই কাজ করবে। এখানে কোনো কোনো ভাইয়ের বিষয় না, আমরা যদি তাদের পাই আর আইনশৃঙ্খলা ভঙ্গ, ছিনতাই, ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটায় তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কোনো পরিচয় নেই। তাদের একটাই পরিচয় তারা অপরাধী। তারা কোনো দলের সদস্য না। দিনের বেলা বড় ভাইদের সঙ্গে ঘুরবে আর রাতের বেলা ছিনতাই করবে এটা চলবে না। আমরা ১০ জনকে গ্রেপ্তার করেছি কেউ তদবির করার সাহস করেনি। ভবিষ্যতেও করবে না। কেউ যদি বড় ভাইদের নাম বলে বাঁচার চেষ্টা করে আমরা সেই বড় ভাইকেও গ্রেপ্তার করব “

  • মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর ৩৬ সদস্য গ্রেফতার

    মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর ৩৬ সদস্য গ্রেফতার

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হারীবাগ এলাকার কিশোর গ্যাং এর বিভিন্ন গ্রুপের ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। জানা গেছে গ্রেফতাকৃতরা দিনের বেলা কেউ বাসের হেলপার, কেউ ড্রাইভার, কেউ দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক,  কেউবা পুরাতন মালামাল ক্রেতা, রাজমিস্ত্রী ও সবজি বিক্রেতা। তবে ভিন্ন পেশা হলেও সন্ধ্যা নামতেই বদলে যায় তাদের পেশা ও পরিচয়। বেরিয়ে আসে ভয়ঙ্কর রূপ। ভিন্ন পেশার আড়ালে মোহাম্মদপুর ও তার আশপাশের এলাকায় তারা ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত। প্রত্যেকের নামে রয়েছে একাধিক মামলা। প্রত্যেকেই জেল খেটেছেন। বেরিয়ে আবারও জড়িয়েছেন গ্যাং কালচারে।

    যাদের গ্রেফতার করা হয়েছে তারা কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের অন্যতম মূলহোতা সুজন মিয়া ওরফে ফর্মা সজিব এবং ‘লেভেল হাই’ এর অন্যতম মূলহোতা মো. শরিফ ওরফে মোহন ও ‘চাঁন গ্রুপ’, ‘মাউরা ইমরান গ্রুপ’সহ বিভিন্ন গ্রুপের সদস্য। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।

    আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (সিও) ও অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান।

    তিনি বলেন, “সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এসব ঘটনায় একাধিক সাধারণ ডায়েরি ও মামলা হয়েছে। অতি সম্প্রতি মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ ও তার আশেপাশের এলাকায় বেশ কয়েকটি ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেয়ে র‌্যাব টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। শুক্রবার রাতে র‌্যাবের একাধিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কিশোর গ্যাংয়ের ৩৬ জনকে গ্রেপ্তার করে।”

    জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাকৃতদের মধ্যে ৫ জন পাটালি গ্রুপের, ৬ জন ‘লেভেল হাই’, ৬ জন ‘চাঁন গ্রুপ’, ৫ জন ‘লও ঠ্যালা গ্রুপ’ এবং ৭ জন ‘ মাউরা ইমরান গ্রুপের সদস্য। বাকি ৭ জন অন্য গ্রুপের সদস্য। এদের গ্রুপে প্রায় ২০-২৫ জন সদস্য থাকে।

    র‌্যাব-২ অধিনায়ক বলেন, “পাটালি গ্রুপটি সুজন মিয়া ওরফে ফর্মা সজিবের নেতৃত্বে দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে। নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে তারা ২/৩টি গ্রুপে বিভক্ত হয়। লেভেল হাই গ্রুপটি শরিফের নেতৃত্বে দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে। গ্রেপ্তাররা মোহাম্মদপুর, আদাবর, বেড়িবাধ ও ঢাকা উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।

    তিনি আরও বলেন, “তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুরসহ পার্শ্ববর্তী এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতো। মাদক সেবনসহ মাদক ব্যবসার সঙ্গেও জড়িত তারা।”