বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বর্তমান ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি

সাকিব বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারি - খেলাধুলা - ১ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
সাকিব বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারি - খেলাধুলা - ১ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১ ফেব্রুয়ারি, ২০২৪: বর্তমানে ক্রিকেট খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের তালিকায় ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ৫০ ওভারের খেলায় ২৪১ ইনিংসে ৩১৭ টি উইকেট শিকার করেছেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ১২১ ইনিংস খেলে ২৩৬ উইকেট নিজের করে নিয়েছেন এই অজি ক্রিকেটার। তবে বাংলাদেশের সাকিব আল হাসান থেকে অনেক পিছিয়ে রয়েছেন স্টার্ক।

তিন নম্বরে রয়েছেন নিউল্যান্ডের পেসার টিম সাউদি। ২২১ উইকেট শিকার করতে খেলেছেন ১৫৯ ইনিংস। এই তিন বোলারের মধ্যে সাকিবের ওয়ানডে ক্যারিয়ারই সবচেয়ে লম্বা। সাকিবের ওয়ানডে অভিষেক ২০০৬ সালের আগস্টে। সাউদির ২০০৮ সালের জুনে। আর স্টার্কের ২০১০ সালের অক্টোবরে।

টেস্টেও সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় প্রথম মুরালিধরন। তার উইকেট ৮০০টি। দ্বিতীয় সর্বোচ্চ শেন ওয়ার্নের ৭০৮ উইকেট। জেমস অ্যান্ডারসন টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৪১ বছর বয়সেও তিনি খেলে যাচ্ছেন। তার উইকেট ৬৯০টি। মুরালিকে ধরতে এই পেসারের প্রয়োজন ১১০ উইকেট।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি সাউদি। এই পেসারের উইকেট ১৫৭টি। কিছুদিন আগেই প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুয়েছেন সাউদি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৪০ উইকেট নিয়েছেন তিনি। তিন নম্বরে আছেন ইশ সোধি। ১০৫ ইনিংসে এই লেগ স্পিনারের উইকেট ১৩২টি।

এখানে উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির পরিসংখ্যান দেখলে প্রথম তালিকায় অবশ্যই নাম থাকবে লঙ্কান তারকা স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। ৫০ ওভারের খেলায় তিনি ৫৩৪ উইকেট শিকার করেছেন। তবে তিনি ১৩ বছর আগেই খেলা থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন পাকিস্তান পেসার ওয়াসিম আকরাম। ২০০৩ সালের মার্চে তিনি ওয়ানডে খেলা শেষ করেছেন। এই তারকার ঝুলিতে আছে ৫০২টি উইকেট।

এখন দেখার বিষয় সাকিব আর কতদিন খেলা চালিয়ে যেতে পারেন এবং কত উইকেট শিকার করতে পারেন।

পূর্ববর্তী রান্না: “রংধনু সালাদ”
পরবর্তী বিপিএলে প্রথম জয় পেলো সিলেট