www.HelloBangla.News – বিনোদন – ১ নভেম্বর, ২০২৩: আগামীকাল ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের ৫৮ তম জন্মদিন। তবে এবার জন্মদিনের উৎসবটি খুব জমজমাট হবে বলে মনে করছেন নায়কের ভক্তরা। কেননা বছরের শুরুতে মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’! তার পর মাঝামাঝি এসে মুক্তি পায় ‘জওয়ান’। দু’টি ছবিই হিন্দি ছবির ইতিহাসে নজির গড়েছে। ‘পাঠান’ ছবিতে যে নজির গড়েছিলেন, সেটা ‘জওয়ান’-এ নিজেই ভাঙলেন। এ ছাড়াও এই জন্মদিনে শাহরুখকে বিশেষ একটি উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি।
গত দু’বছর জন্মদিনে তেমন কিছুই করেননি বাদশা। কেননা এই দুই বছর কোন ছবি হিট হয়নি শাহরুখের। তবে নিয়ম করে মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দর্শন দিয়েছেন। কিন্তু ২০২৩ সালটা খান পরিবারের জন্য অন্য বছরের থেকে একেবারে আলাদা হতে চলেছে।
জাান গেছে নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে তাঁর টিম। ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে অতিথি তালিকা। শাহরুখের জন্মদিন ও ২০২৩-এ তাঁর এই আকাশছোঁয়া সাফল্যের উদ্যাপন করতে এই আয়োজন। তাঁর জন্মদিনে অতিথি তালিকায় রয়েছেন কাজল, দীপিকা পাড়ুকোন, কর্ণ জোহর, আলিয়া ভাটসহ ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি এবং ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এ ছাড়াও আসবেন ‘ডাঙ্কি’ ছবির পরিচালক রাজকুমার হিরানি।
এখানে উল্লেখ্য যে, শাহরুখের ৫৮ তম জন্মদিনেই মুক্তি পাবে ‘ডাঙ্কি’ ছবির টিজ়ার। জন্মদিনের সকালে মন্নতের বাইরে প্রথা মেনে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন। তার পর রাতে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারেই রাখা হবে শাহরুখের জন্মদিনের পার্টি। অবশ্যই বলিউড বাদশার জন্মদিনে হতে যাচ্ছে একটা জমজমাট পার্টি। অনেকে অপেক্ষা করে আছে শাহরুখকে স্বাগত জানানোর জন্য।
সূত্র: আনন্দবাজার পত্রিকা










