www.HelloBangla.News – জাতীয় – ২৫ অক্টোবর, ২০২৩: বিএনপির ২৮ তারিখের মহাসমাবেশ যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করে তাহলে আমরা কোনো বাধা দেব না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমরা ঢাকা রাস্তাঘাট কেন বন্ধ করব? ঢাকায় মানুষ চাকরি-বাকরি এবং ব্যবসার কাজে আসে। আমরা ঢাকার কোনো রাস্তা বন্ধ করব না। বিএনপি যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করে চলে যায়, তাহলে আমাদের কিছুই বলার নেই। আমরা কোনো বাধা দেব না।
আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক দল ও মত রয়েছে। জামায়াতে ইসলামী এর আগেও কয়েক জায়গায় আলোচনা করেছে। আমাদের দেশের নিয়ম-কানুন মেনে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে, যে কেউ যেকোনো কথা বলতে পারেন। এটা গণতান্ত্রিক দেশ, এখানে গণতান্ত্রিক চর্চা রয়েছে। দেশের আইন কানুনের মধ্যে থেকে তাদের এসব করতে হবে।
তিনি আরও বলেন, ‘বিএনপি সমাবেশের অনুমতি চেয়ে আবেদন কিভাবে করেছেন, তা পুলিশ কমিশনার জানেন। তারা এতো লোক, সারা বাংলাদেশের যারা বিএনপি করে—তাদের সবাইকে ঢাকায় আনবেন। কোথায় তাদের সমাবেশের অনুমতি দিলে ভালো হবে। এছাড়া এতো লোক ঢাকায় এলে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এ জন্য তাদের কোথায় সমাবেশ করতে দেওয়া হবে এটা পুলিশ কমিশনার বুঝবেন। সেইভাবে তিনি সিদ্ধান্ত নেবেন।’
সরকারের পতনের দাবিতে ২৮ অক্টেবর সমাবেশ হচ্ছে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার এমন কিছু না, যে ধাক্কা দিলেই পরে যাবে। এটা গণতান্ত্রিক সরকার, কাজেই মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। ধাক্কা দিলে সরকার পরে যাবে—এমন কথা সংবিধানে লেখা নেই।’










