হ্যালো বাংলা ডেস্ক: গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় শিশুশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে গীতি আলেখ্য ‘ওরা অকারণে চঞ্চল’। বাংলা সাহিত্যের প্রধানতম লেখকদের মধ্যে অন্যতম পাঁচজন কবি যাঁরা গান ও সুরে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন তাদেঁর রচিত কিছু গান ও গানের সাথে নৃত্য দিয়ে সাজানো এই অনুষ্ঠান।
শিশুদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও শিশুবন্ধু জনাব লিয়াকত আলী লাকী। তিনি বলেন- ‘আমাদের মোট জনগোষ্ঠির ৪৫ ভাগই শিশু, শিশুদের জন্য আমরা নানামুখী কার্যক্রম পরিচালনা করছি’। পরে নতুন পূর্ণাঙ্গ একটি শিশু বিভাগ করার ঘোষণা দেন মহাপরিচালক।
তিনি আরো বলেন- “শিশুরা চঞ্চল, শিশুমনের এই চাঞ্চল্যই জরুরি, যা তাদের দ্রুত জ্ঞানার্জনে সহায়তা করে থাকে। এই শিশুতোষ আয়োজনের মধ্য দিয়ে আমরা যাদেঁর গান শুনবো তাদেঁর সৃষ্টিকর্মের প্রতি শিশুদের আগ্রহ তৈরী ও সৃষ্টিশীল মনন তৈরীর লক্ষ্যেই এ আয়োজন”।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।
পঞ্চকবি যাদেঁর লেখনীতে শিশু ভাবনা, কল্পনা ও আকাঙ্খার অধিকতর প্রতিফলন হয়েছে–কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গান ও নৃত্য দিয়ে সাজানো অনুষ্ঠানমালা গীতিআলেখ্য ‘ওরা অকারণে চঞ্চল’পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশুদল।










