রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ওপর সার্বক্ষণিক নজর রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যথিত হয়েছেন। তিনি বলেছেন, এসব দোকানের ইনস্যুরেন্স করা থাকে না, সেজন্য তারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে।
এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করেছে। এছাড়া কাজ করেছে সেনাবাহিনীর দুই শতাধিক কর্মী। আগুন নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ, ওয়াসাও একসাথে কাজ করেছেন।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এ বিষয়ে জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে। পুরোপুরি তদন্তের পরই কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের আট জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।










