Tag: হামলা

  • মস্কোর কনসার্ট হলে হামলায় নিহত ৯৩ জন

    মস্কোর কনসার্ট হলে হামলায় নিহত ৯৩ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ মার্চ, ২০২৪: মস্কোর কাছে এক কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় এ পর্যন্ত অন্তত ৯৩ জন নিহত এবং ১৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এই হলে হামলার ঘটনার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (আইএস)। একটি টেলিগ্রাম চ্যানেলে নিষিদ্ধ সেই জঙ্গিগোষ্ঠী রাশিয়ার রাজধানীতে হামলা চালানোর কথা মেনে নিয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

    এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।

    বিবিসি জানিয়েছে, ক্রাসনোগর্স্কের উত্তর-পশ্চিম শহরতলিতে ক্যামোফ্লজ গিয়ার বা সৈনিকদের মত পোশাক পরা অন্তত চার ব্যক্তি এ হামলা চালায়। মস্কোর ক্রোকাস সিটি হলে বন্দুকধারীরা যখন এর প্রবেশ মুখে এবং পরে থিয়েটারের ভেতরে বিস্ফোরণ ঘটায়, তখন সেখানে একটি রক কনসার্ট আয়োজন করা হচ্ছিল।ভবনের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে এবং ছাদের কিছু অংশ ধসে পড়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে।

    অনলাইনে ছড়িয়ে পড়া একটি অযাচাইকৃত বিবৃতিতে জানা যাচ্ছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বলেছে যে তারা এই হামলা চালিয়েছে।

    যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার সার্ভিস সিবিএসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যার মাধ্যমে বোঝা যায় যে আইএস রাশিয়ায় হামলা চালাতে চেয়েছিল। এদিকে, রুশ ন্যাশনাল গার্ড জানিয়েছে, হামলাকারীদের ধরতে ঘটনাস্থলে বিশেষ ইউনিট কাজ শুরু করছে। এছাড়া শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তারাও ইতোমধ্যে ক্রাসনোগর্স্কে গেছেন।

    দুই সপ্তাহ আগে, মার্কিন দূতাবাস রাশিয়ায় অবস্থিত মার্কিন নাগরিকদের বড় ধরণের জমায়েত এড়িয়ে চলতে একটি সতর্কতা জারি করে বলেছিল, ‘মস্কোতে বড় ধরণের সমাবেশ লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালাতে পারে’এমন রিপোর্ট পর্যবেক্ষণ করে দেখছে নিরাপত্তা বাহিনী।

    শুক্রবার সন্ধ্যায় নতুন আরেকটি সতর্কতা দেয়া হয়েছে এবং মার্কিন নাগরিকদের হামলা হওয়া জায়গার আশপাশের এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। রুশ রক গ্রুপ পিকনিকের কনসার্টের জন্য ক্রোকাস সিটি হল এবং কনসার্ট কমপ্লেক্সে ছয় হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ব্যান্ডটি মঞ্চে ওঠার কিছুক্ষণ আগেই হামলা শুরু হয়। যদিও পিকনিকের ব্যান্ডের সদস্যরা সবাই অক্ষত রয়েছেন।

    একজন নিরাপত্তা কর্মী বলেছেন, কীভাবে ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা কনসার্ট হলের প্রবেশমুখে গুলি ছুড়তে শুরু করে, তিনি ও তার সহকর্মীরা তখন সেখানে কাজ করছিলেন।

    তিনি রুশ টেলিগ্রাম চ্যানেল বাজাকে বলেন, “তিনি ছাড়া আরও তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন সেখানে এবং তারা একটি বিজ্ঞাপন বোর্ডের পেছনে লুকিয়ে ছিলেন হামলার সময়। আক্রমণকারীরা আমাদের থেকে ১০ মিটার দূরে ছিল, পরে তারা নিচতলায় লোকজনের ওপর এলোপাতারি গুলি চালাতে শুরু করে।”

    অডিটোরিয়ামের ভেতরে একজন নারী বলছিলেন, যখন তারা বুঝতে পারেন গুলি চালানো হচ্ছে তখন তিনি ও অন্য দর্শকরা মঞ্চের দিকে ছুটে যান।

    রুশ একটি টেলিভিশনকে তিনি বলেন, “আমি একজনকে দেখেছি যার পাশে অস্ত্র রাখা ছিল, এবং সেখান থেকে গুলি চালাচ্ছিল সে। আমি তখন ক্রল করে একটা লাউডস্পিকারের পিছনে লুকানোর চেষ্টা করছিলাম।”

    আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী ওপরে উঠে গিয়ে এক পর্যায়ে কনসার্ট হলের সামনে ছড়িয়ে পড়ে এবং ভবনটির ওপরের দুই তলার কাঁচ উড়ে যায়।

    হামলাকারীরা আগুন ধরানোর জন্য কোন ধরণের দাহ্য পদার্থ ব্যবহার করেছে বলে সন্দেহ করা হচ্ছে, যা থেকে আগুনের সূত্রপাত হয় বলে মনে হচ্ছে।

    শুক্রবার রাতের এ হামলা রাশিয়ায় বহু বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। এর আগে ২০০২ সালে ৪০ চেচেন জঙ্গি একটি অনুষ্ঠানে প্রায় নয়শ মানুষকে জিম্মি করেছিলো। পরে রাশিয়ার নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছিলো। ওই ঘটনায় ১৩০ জন জিম্মির মৃত্যু হয়েছিলো।

  • বুরকিনা ফাসোর তিন গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা

    বুরকিনা ফাসোর তিন গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ মার্চ, ২০২৪: বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় তিন গ্রামে হামলা চালিয়ে অন্তত ১৭০ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এক সপ্তাহ আগে এ হামলা হলেও গত রোববার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

    সহিংসতায় বিধ্বস্ত পশ্চিম আফ্রিকার এই দেশটিতে হামলায় নিহতদের মধ্যে বহুসংখ্যক নারী ও শিশুও রয়েছে। দেশটির একজন পাবলিক প্রসিকিউটর একথা জানিয়েছেন। হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত তা জানা যায়নি।

    কমসিলগা, নর্ডিন এবং সোরো নামে তিনটি গ্রামে হামলা হয়। হামলাকারীদের খুঁজে বের করতে সাহায্য করার জন্য ঘটনার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন প্রসিকিউটর অ্যালি বেঞ্জামিন কুলিবালি। আলাদাভাবে বুরকিনা ফাসোর সেনাবাহিনী ‘শহুরে কেন্দ্রগুলোতে আক্রমণসহ’ উগ্রপন্থিদের হামলার  মারাত্মক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। দেশটির সেনাবাহিনী ২০২২ সালে ক্ষমতা দখল করে।

    সম্প্রতি দেশটির একটি গির্জার পাশাপাশি একটি মসজিদ এবং সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দেশটির সেনাপ্রধান জঙ্গিদের আত্মঘাতী হামলার ঝুঁকি বাড়ার কারণে সৈন্যদের সতর্ক থাকার জন্য বলেছিলেন। তিনি বলেন, শহরগুলোতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘বড় আকারের সিরিজের আক্রমণের শঙ্কা’ রয়েছে।

    মানবিক কর্মীরা বলছেন, বুরকিনা ফাসোতে যে সংকট চলছে তা বিশ্বের অন্যতম অবহেলিত সংকট। বছরের পর বছর ধরে ব্যাপক নিরাপত্তাহীনতার কারণে ২০ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত মানুষে পরিণত হতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের ধারণা, দেশটিতে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুর এক-চতুর্থাংশ ক্ষুধার কারণে বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

  • খাবারের জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা

    খাবারের জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: চার মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। এই অবস্থায় দেশটিতে  চলছে নানা ধরণের সংকট। সবচেয়ে উদ্বেগজনক হারে দেখা দিয়েছে খাদ্য সংকট। বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে। এরই মধ্যে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

    ঘটনাটি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর । কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনার বেশ কিছু ভিডিওতেও ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে।

    আল জাজিরার যাচাই করা এসব ফুটেজে দেখা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) উত্তর গাজার একটি ধ্বংসপ্রাপ্ত উপকূলীয় রাস্তা ধরে পালানোর চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। সে সময় তীব্র গোলাগুলি চলছিল। সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে কোনো ধরনের সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর ‍গুলিতে একজন নিহত হয়েছেন। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে ছিটকে পড়েন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

    এদিকে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ২৯ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬৯ হাজার ২৮ জন।

    এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে আরও এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়েছে। ওই সেনার নাম সার্জেন্ট সিমোন স্লোমোভ, বয়স ২০ বছর। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এ নিয়ে এখন পর্যন্ত ২৩৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

    চলতি বছরের ১০ মার্চ গাজায় রমজান শুরু হচ্ছে। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে গঠিত। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এতে কমপক্ষে ১২০০ জন নিহত এবং ২৫৩ জনকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। হামাসের হাতে এখনও প্রায় ১৩০ জন জিম্মি বন্দি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

  • ইরাক ও সিরিয়ার ৮৫টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

    ইরাক ও সিরিয়ার ৮৫টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: ইরাক ও সিরিয়ার ৮৫টি স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। বলা হচ্ছে এই সব স্থাপনার সাথে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে।

    শুক্রবার (০২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় (ইএসটি) এ হামলা চালানো হয়।

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্প কুদস ফোর্স (আইআরডিসি) এবং অনুমোদিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে।

    এ হামলায় বি-১ বোমারু বিমান নামে পরিচিত দূরপাল্লার সামরিক বিমান ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের বিমানবাহিনীর ওয়েবসাইটে এটিকে ‘আমেরিকার দূরপাল্লার বোমারু বাহিনীর মেরুদণ্ড’ হিসেবে আখ্যায়িত করা আছে। বিমানটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়েছিল বলে জানা গেছে।

    এছাড়া ইরাক ও সিরিয়ায় করা এই হামলায় সূক্ষ্ম নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ব্যবহার করা হয়েছে।

    শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমাদের প্রতিক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। এটি আমাদের পছন্দের সময়ে এবং জায়গায় চলতে থাকবে।

    গত রবিবার (২৮ জানুয়ারি) মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তারা এ হামলা চালায়। টাওয়ার ২২ নামে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর ওই ঘটনায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪০ জনেরও বেশি কর্মী আহত হয়েছিলেন।

    হামলার জন্য ইরানকে দোষারোপ করে বিপরীতে ‘খুবই ফলপ্রসূ প্রতিক্রিয়া’ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল হোয়াইট হাউস।

    তবে হামলাটিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয় ইরান।