Tag: মেট্রোরেল

  • আজ থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে

    আজ থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ (এমআরটি) এর কাজ আজ সোমবার (২৯ জানুয়ারি) থেকে শুরু হবে। তাই বিমানবন্দর সড়কে তীব্র যানজট হতে পারে। এ অবস্থায় ওই সড়কে চলাচলকারী যানবাহনকে সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। মেট্রোরেলের পর আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল সেবা চালু হলে রাজধানীতে যানজট লাঘব হবে।

    ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।

    বিশেষ ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-৬ নির্মাণের লক্ষ্যে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এর প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় আগামী ২৯ জানুয়ারি রাত ১০টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

    এমতাবস্থায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। ওই করিডরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

    এমআরটি লাইন-১ হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন। ৩১ দশমিক ২৪ কিলোমিটার রেললাইনের দুটি অংশ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দর রুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ যাবে মাটির নিচ দিয়ে এবং নতুন বাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট) পর্যন্ত প্রায় ১১ দশমিক ৩৬ কিলোমিটার যাবে মাটির উপর দিয়ে।

  • উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী

    উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ জানুয়ারি, ২০২৪: উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ এর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এ তথ্য জানান তিনি।

    ওবায়দুল কাদের বলেন, “মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হবে।

    শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সকাল-সন্ধ্যা চালু হয়েছে। ফলে রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান হলো।

  • ২০ জানুয়ারি থেকে পুরো সময় চলবে মেট্রোরেল

    ২০ জানুয়ারি থেকে পুরো সময় চলবে মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ জানুয়ারি, ২০২৪: আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

    তিনি বলেন, ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল।

    এমএএন ছিদ্দিক বলেন, আমাদের পরিকল্পনা ছিল মার্চের মধ্যে আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয় করে সময় বাড়ানো। কিন্তু আমরা সম্প্রতি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি তাদের দাবি কী। তাদের সেই চাওয়া অনুযায়ী আগামী শনিবার থেকে মেট্রোরেলের সময় বাড়ানো হচ্ছে।

    গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর ১৬টি স্টেশনেই ট্রেন থামা শুরু হয়।

    বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো ট্রেন। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

    উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রো ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রো ট্রেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছেন।