Tag: আন্তর্জাতিক

  • ইমরান খান গ্রেপ্তার

    ইমরান খান গ্রেপ্তার

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি মামলায় জামিন নিতে আদালতে হাজির হলে আধা সামরিক বাহিনী পাক রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করে।

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘‘ইমরানকে মঙ্গলবার আদালত প্রাঙ্গণ থেকে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর এজেন্টরা গ্রেপ্তার করেছে।’’

    এর আগে মঙ্গলবার বিকেলে আদালত থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছর তার পদ হারানোর পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার শুনানির জন্য তিনি ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন।

    ইমরানকে গ্রেপ্তার এবং বড় জমায়েতের নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করার পরই ইসলামাবাদজুড়ে বিক্ষোভ শুরু হয়। তবে ইসলামাবাদ পুলিশ বলেছে, ১৪৪ ধারা বলবৎ আছে এবং লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

    ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিণ্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদানে বিক্ষোভ শুরু হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

    করাচি এবং রাওয়ালপিণ্ডিতে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জনগণকে নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘ইমরান খানকে মুক্তি দাও’ এবং ‘পাকিস্তান বন্ধ করো’ স্লোগান দিচ্ছে।

    পিটিআই তাদের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে টুইটে বলেছে, এখন না করলে এ সুযোগ আর আসবে না।

    সূত্র : এনডিটিভি, ডন

  • কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

    কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

    প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার সন্ধ্যায় কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলাসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশ মজুমদার দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ সোমবার (০৮ মে) স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

    গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার। এর আগে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলে হাসপাতাল সূত্রের জানা যায়। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে।

    গত ২৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার জানান, গত দুই দিন কেবিনেই রাখা হয়েছিল তার বাবাকে। ওই দিন বিকেলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) স্থানান্তরিত করা হয়।

    সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১০ মার্চ। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় মাস্টার্স সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি আনন্দবাজার পাবলিশার্স প্রাইভেট লিমিটেডএর সাথে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারএর প্রতি তার প্রচণ্ড আসক্তি ছিলো। তার প্রথম গল্প ‘অন্যমাত্রা’ লেখাই হয়েছিলো মঞ্চনাটক হিসাবে, আর সেখান থেকেই তার লেখকজীবনের শুরু। তার লেখা অন্যমাত্রা ছাপা হয়েছিলো দেশ পত্রিকায় ১৯৬৭ সালে।

    সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ ছাপা হয়েছিলো দেশেই ১৯৭৫ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে।

  • সিংহাসনে আরোহণ করলেন রাজা তৃতীয় চার্লস

    সিংহাসনে আরোহণ করলেন রাজা তৃতীয় চার্লস

    আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে যুক্তরাজ্যের সিংহাসনে আরোহণ করেছেন প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারী যুবরাজ হিসেবে প্রায় পুরো একটি জীবনকাল পার করে দেওয়া ৭৪ বয়সী তৃতীয় চার্লস। স্থানীয় সময় ১২টা ২ মিনিটে ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজার মাথায় রাজকীয় কর্তৃত্বের পবিত্র ও প্রাচীন প্রতীক হিসেবে সেন্ট এডওয়ার্ড স্বর্ণমুকুট পরিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন।’

    শপথ গ্রহণের পর তাঁকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন। পরে রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়। শনিবার দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অভিষেক হয় রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার। জীবনে একবারই এই মুকুট পরার সুযোগ পেলেন রাজা। ঘণ্টাখানেকের মুকুটটি তার মাথায় থাকবে। মুকুট পরিয়ে দেওয়ার পর শুরু হয় সিংহাসনে আরোহণের পর্ব। ক্যান্টারবেরি ও ইয়র্কের আর্চবিশপ এবং তাঁদের সহকারীরা রাজাকে সিংহাসনের দিকে নিয়ে যান। এরপর সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। এটি অভিষেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

    রাজা-রানির সিংহাসনে বসার মুহূর্তে অ্যাবের ঘণ্টা বাজতে থাকে। পাশে থাকা হর্স গার্ড প্যারেড থেকে দেয়া হয় গান স্যালুট। রাজা সিংহাসনে আরোহণের পর তার ডান হাতে চুমু খেয়ে আনুগত্য প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম।

    সর্বশেষ ১৯৫৩ সালে নিজের আভিষেকে সেইন্ট এডওয়ার্ড মুকুটটি পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এবার ৭০ বছর পর তাঁর ছেলে চার্লস নিজের অভিষেকে মুকুটটি পরলেন। এই মুকুটটি ১৬৬১ সালে রাজা দ্বিতীয় চার্লসের জন্য তৈরি করা হয়েছিল। অ্যাংলো-স্যাক্সন রাজা ও সেন্ট এডওয়ার্ড দ্য কনফেসরের নামানুসারে মুকুটটির নাম দেওয়া হয়েছে। এডওয়ার্ড মুকুটটিকে পবিত্র স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচনা করা হয় এবং এটি কয়েক শ বছর ধরে অভিষেকে ব্যবহার করা হচ্ছে।

    এর আগে যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে শপথ নেন চার্লস। ক্যান্টারবেরির আর্চবিশপ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন, অভিষেক শপথের আইনি প্রয়োজনীয়তা রয়েছে। রাজাকে আর্চবিশপ বলেন, নতুন রাজা যেন তাঁর শাসনকালে আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখেন।

    রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন। এ সময় তিনি আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া একজন ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।

    এর আগে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেন তাঁরা। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সংগীত ও প্রতীকী আয়োজনে আরও নানা কর্মসূচির পর, রাজা ও রানি ক্যাথেড্রলটি ছেড়ে যান।

    সেসময় সেখানে উপস্থিত সবাই যুক্তরাজ্যের জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’ (ঈশ্বর রাজাকে রক্ষা করুন) গাইতে থাকেন।

    রাজা চার্লসের অভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছেন। বিশ্বের প্রায় ১০০ দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

    গত বছরের সেপ্টেম্বরে রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে চার্লস যুক্তরাজ্যের রাজা হন।

    সূত্র : বাসস

  • ২৫ কোটি ৮০ লাখ মানুষের খাদ্যসহায়তা লেগেছেঃ জাতিসংঘের প্রতিবেদনে

    ২৫ কোটি ৮০ লাখ মানুষের খাদ্যসহায়তা লেগেছেঃ জাতিসংঘের প্রতিবেদনে

    বুধবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে, গত বছর প্রায় ২৫ কোটি ৮০ লাখ মানুষের জরুরি খাদ্যসহায়তার প্রয়োজন পড়ে। আগের বছর এই সংখ্যা ছিল ১৯ কোটি ৩০ লাখ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, শত কোটি মানুষের এক-চতুর্থাংশের বেশি এখন তীব্র ক্ষুধার সম্মুখীন আর কেউ কেউ অনাহারের দ্বারপ্রান্তে। এটি বিবেকবর্জিত এক পরিস্থিতি। সংঘাত, অর্থনৈতিক দুরবস্থা ও জলবায়ু বিপর্যয় মোকাবেলা করতে যেয়ে গত বছর প্রায় ২৫ কোটি ৮০ লাখ মানুষের জরুরি খাদ্যসহায়তার প্রয়োজন পড়ে।

    মহাসচিব আন্তোনিও গুতেরেস আরও বলেন, এটি ক্ষুধা দূর এবং সবার জন্য খাদ্যনিরাপত্তা ও উন্নত পুষ্টি নিশ্চিতের ক্ষেত্রে অগ্রগতি অর্জনে মানবসভ্যতার ব্যর্থতার এক পীড়াদায়ক অভিযোগ। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, জরুরি ভিত্তিতে খাদ্যসহায়তার প্রয়োজন এমন ৪০ শতাংশের বেশি মানুষের বসবাস ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, আফগানিস্তান, নাইজেরিয়া ও ইয়েমেনে।

    মহাসচিব বলেন, সংঘাত ও ব্যাপক বাস্তুচ্যুতি অব্যাহতভাবে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, ক্রমবর্ধমান দারিদ্র্য, গেঁড়ে বসা বৈষম্য, ব্যাপক অনুন্নয়ন, জলবায়ু সংকট এবং প্রাকৃতিক দুর্যোগও খাদ্যনিরাপত্তাহীনতার জন্য দায়ী।

    প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ৫৮টি দেশ ও ভূখণ্ডের ২৫ কোটি ৮০ লাখ মানুষ মারাত্মক খাদ্যনিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছে। আগের বছর ৫৩টি দেশে ১৯ কোটি ৩০ লাখ মানুষ এ ধরনের খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগেছিল। টানা চার বছর ধরে এ সংখ্যা বাড়ছে।

  • জাপানে খোলা হবে ন্যাটোর লিয়াজোঁ অফিস

    জাপানে খোলা হবে ন্যাটোর লিয়াজোঁ অফিস

    আগামী বছর জাপানে একটি লিয়াজোঁ অফিস খোলার পরিকল্পনা করছে ন্যাটো। টোকিওতে এ অফিস খোলার মধ্য দিয়ে এশিয়ায় এ ধরনের প্রথম দপ্তর স্থাপন করতে যাচ্ছে প্রতিরক্ষা সংস্থাটি । খবর-রয়টার্স

    ইন্দো-প্রশান্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে এবার জাপানে ‘মৈত্রী কার্যালয়’ চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। পরিকল্পনা বাস্তবায়িত হলে এশিয়ায় প্রথমবারের মতো ন্যাটোর কার্যালয় স্থাপিত হবে। জাপানি ও ন্যাটো কর্মকর্তাদের বরাতে বুধবার (৩ মে) নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    প্রতিবেদনটিতে বলা হয়, মৈত্রী কার্যালয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মতো এশীয় নিরাপত্তা অংশীদারদের সঙ্গে আলোচনার পথ সুগম করবে। ফলে চীন ও রাশিয়ার মতো ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।

    এ পরিকল্পনার আওতায় সাইবার নিরাপত্তা, নেতিবাচক প্রচারণাসহ নানা হুমকি সৃষ্টিকারী প্রযুক্তি মোকাবিলা করা হবে। জাপান ও ন্যাটোর কর্মকর্তারা এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

    তবে ন্যাটো ও জাপান সরকারের মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। বুধবার জাপানে জাতীয় ছুটি হিসেবে পালিত হয়।

    জানুয়ারিতে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ জাপান সফর করেন। সফরে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ‘ঐতিহাসিক’ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

    প্রস্তাবিত এই কার্যালয় আগামী বছর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কার্যালয়টির জন্য জাপান স্থান বরাদ্দ দেবে কিনা, অথবা নিজ খরচে এটি স্থাপন করবে ন্যাটো, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

    নিউ ইয়র্ক, ভিয়েনা ও ইউক্রেনসহ বিভিন্ন দেশে ন্যাটোর এমন কার্যালয় চালু রয়েছে।

    সূত্র: রয়টার্স

  • পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেনের হামলা

    পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেনের হামলা

    হত্যার উদ্দেশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার এমন তথ্য দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

    মঙ্গলবার গভীর রাতে মনুষ্যবিহীন দুটি ড্রোন থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা।

    বর্তমান বিশ্বের সুপার পাওয়ার রাশিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্টের ওপর চালানো এ হামলাকে অবিশ্বাস্য এবং স্পর্ধার সীমাহীন অপব্যবহার বলে আখ্যায়িত করেছেন মস্কোর কর্মকর্তারা।

    এ হামলাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। মস্কো এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না।

  • আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন রাহুল গান্ধী

    আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন রাহুল গান্ধী

    কর্নাটক রাজ্যে তুমকুর জেলায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এসময় পাশের মসজিদ থেকে ভেসে আসে আযান। সঙ্গে সঙ্গে নিজের বক্তৃতা থামিয়ে দেন রাহুল। সমর্থকরা স্লোগান দেয়ার চেষ্টা করলে তাদেরকেও ইশারায় চুপ থাকার নির্দেশ দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এ খবর উঠে এসেছে।

    আগামী ১০ মে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে সোমবার (১ মে) রাজ্যের তুমকুর জেলায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

    আজান শেষ হলে আবারও বক্তব্য দেয়া শুরু করেন তিনি। রাহুলের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে। চলতি মাসের ১০ তারিখ কর্নাটক রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য এটি, যেখানে বিজেপি ক্ষমতায় আছে।

    তবে এবার ক্ষমতা পুণঃরুদ্ধারে জোর প্রচারণা চালাচ্ছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। ধর্ম-বর্ণে বৈচিত্রময় ভারতে প্রায়ই আযান চলাকালীন বক্তৃতা বন্ধ রাখতে দেখা যায় রাজনৈতিক নেতাদের। এর আগে বিজেপির নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকেও দেখা গেছে আজানের সময় বক্তৃতা বন্ধ রাখতে।

  • যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বাংলাদেশের নির্বাচনে: বেদান্ত প্যাটেল

    যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বাংলাদেশের নির্বাচনে: বেদান্ত প্যাটেল

    বাংলাদেশের নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ।’

    ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক ব্রিফিংয়ে সময় সংবাদের ওয়াশিংটন প্রতিনিধি দস্তগীর জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। বাংলাদেশ দ্রুতই একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিকে কীভাবে দেখছে, যেখানে একটি দল নির্বাচনে অংশ নিতে চাইছে না। অথচ পরবর্তীতে বলতে পারে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি-সময় সংবাদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না।

    যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে উল্লেখ করে বেদান্ত প্যাটেল আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করেছে এবং সেই সম্পর্ক সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে ওয়াশিংটন আরও মনযোগী।

    তিনি আরও বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। জলবায়ু বলেন, অর্থনীতি বলেন ও মানবিক সহায়তা বলেন প্রভৃতি ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে দুই দেশ।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য এমন সময়ে এলো যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর করছেন। এ সফরকালে এরই মধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    এ সাক্ষাৎকালে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।

    রোববার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে দ্য রিটজ-কার্লটন হোটেলের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইএমএফ প্রধান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান।

    আইএমএফ প্রধান বলেন, ‘বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল… শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশটি বিভিন্ন ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি করেছে। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে তাই সমৃদ্ধির পথে এগিয়ে যেতে তার (শেখ হাসিনা) মতো নেতৃত্ব প্রয়োজন।’ জর্জিয়েভা করোনা মহামারির সময়েও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার প্রশংসা করেন।

    ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, সংযোগ স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও উল্লেখ করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের উদ্যোগ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন একদিনে হয়নি; বরং এটা দীর্ঘদিনের পরিকল্পনার ফল।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

  • বয়স মানেই অভিজ্ঞতা

    বয়স মানেই অভিজ্ঞতা

    যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে তার প্রথম মেয়াদের নির্বাচনের সময় ব্যাপক আলোচনা হয়েছিল। একই অবস্থা এবারও। এ বছর ৮০ পেরিয়ে ৮১-তে পা রাখতে চলেছেন তিনি। শনিবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসে এক প্রেস ডিনারে সাংবাদিকদের সঙ্গে নিজের বয়স নিয়ে মজা করে বাইডেন বলেন, বয়সকে আমি অভিজ্ঞতা হিসেবেই দেখি।

    দেশটির সাম্প্রতিক জরিপগুলো বলছে, বাইডেনের ওপর আর মোটেই ভরসা করতে পারছেন না ভোটাররা। এমনকি তার নিজের দলের নেতারাও।

    এ বছর ৮০ পেরিয়ে ৮১-তে পা রাখতে চলেছেন বাইডেন। এ কারণে বয়স নিয়ে সমালোচনা প্রায়ই শুনতে হচ্ছে এই প্রেসিডেন্টকে। হোয়াইট হাউজের এক প্রেস ডিনারে শনিবার সাংবাদিকদের সঙ্গে নিজের বয়স নিয়ে নিজেই কৌতুক করেন বাইডেন।  খবর ব্যাংকক পোস্টের।

    এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশের মাটিতে বন্দি থাকা মার্কিন সাংবাদিকদের মুক্তি বিষয়ে আলোচনা করতে এ প্রেস ডিনার আয়োজন করা হয়েছিল। সেখানে ফ্রান্সের অবসরের বয়স নিয়ে চলা বিক্ষোভকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্টের বয়স নিয়ে মজা করেন সাংবাদিক রয় উড।

    রয় বলেন, ‘ফরাসিরা ৬৪ বছর পর্যন্তই কাজ করতে চায় না। এদিকে আমদের ৮০ বছরের প্রেসিডেন্ট আরও এক মেয়াদ কাজ চাইছেন।’

    জবাবে বাইডেন বলেন, ‘অনেকে আমাকে বৃদ্ধ বলে। বয়সকে আমি আমার অভিজ্ঞতা হিসেবেই দেখি।’ এ সময় মিডিয়া মোগল ৯২ বছরের রুপার্ট মারডককে নিয়েও মজা করেন বাইডেন।

    তিনি বলেন, ‘অনেকেই মনে করেন আমি রুপার্ট মারডককে পছন্দ করি না। এটা সত্য নয়। এমন একজন মানুষকে কীভাবে আমি অপছন্দ করতে পারি যিনি আমাকে হ্যারি স্টাইলসের মতো বানিয়ে ফেলেছেন’?

    উল্লেখ্য, হ্যারি স্টাইলস হলেন ২৯ বছরের মার্কিন গায়ক।

    এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে তিনি মূলত দ্বিতীয়বারের মতো ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন লড়াইয়ের প্রচারণাও শুরু করলেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক প্রচারণা ভিডিও প্রকাশের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন বাইডেন। ওই বার্তায় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার পক্ষে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    বাইডেন বলেন, ‘প্রতিটি প্রজন্মের একটা বিশেষ সময় থাকে যখন তাদেরকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়। মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় দাঁড়াতে হয়। আমার বিশ্বাস, আমরাই সেই প্রজন্ম। আর এ কারণেই আমি আবারও প্রেসিডেন্ট পদে লড়ছি।’

  • শেষ ফ্লাইটটি ‘অত্যন্ত সফল’ হয়েছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    শেষ ফ্লাইটটি ‘অত্যন্ত সফল’ হয়েছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    সুদান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার অভিযান ‘অত্যন্ত সফল’ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় রাজধানী খার্তুম থেকে ছেড়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু মিচেল বলেন, ‘এমন বিপজ্জনক পরিস্থিতিতে আমরা সেখানে আজীবন থাকতে পারি না’।

    যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সুদানে হওয়া ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হয়। সেদিন সকাল থেকেই সশস্ত্র দলগুলো খার্তুম লড়াইয়ে জড়িয়ে পড়ে। বোমারু বিমান এবং ভারী কামান আঘাত হেনেছে খার্তুমের কিছু এলাকায়। সুদানি সেনাবাহিনী দাবি করছে, আধাসামরিক বাহিনীকে হটাতে চারপাশ থেকে শহরে আক্রমণ চালাচ্ছে তারা। যুদ্ধবিরতির মধ্যেও রাজধানী খার্তুমে লড়াই অব্যাহত আছে। খার্তুমের কিছু অংশে বিমান, ট্যাংক এবং আর্টিলারি হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যুদ্ধে প্রায় দুই সপ্তাহের লড়াইয়ে শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।

    দুই সপ্তাহ আগে সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। সরকারি হিসাবে, সংঘাতে এ পর্যন্ত অন্তত ৪৫৯ জনের প্রাণহানি হয়েছে। জাতিসংঘের আশঙ্কা, সংঘর্ষ এভাবে চলতে থাকলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এদিকে সুদানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, চলমান সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে।

    উদ্ভুত পরিস্থিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। অনেকে আবার ব্যক্তিগত উদ্যোগে নৌকা বা বাসে করে প্রতিবেশী দেশে পালাচ্ছে।

    মার্কিন সরকার শনিবার সন্ধ্যায় জানায়, তারা তাদের নাগরিকদের উদ্ধার অভিযান শেষ করেছে। মার্কিন নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের আগেই পোর্ট সুদানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে নৌকায় করে লোহিত সাগর পাড়ি দিয়ে সৌদি আরবের জেদ্দায় তাদের নিয়ে যাওয়া হচ্ছে।

    যুক্তরাজ্য সরকার বলছে, ২১টি ফ্লাইটে এক হাজার ৮৮৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সুদান থেকে তারা আর উদ্ধার ফ্লাইট চালাবে না।

    নাইরোবিতে বিবিসির সঙ্গে কথা বলার সময় মিচেল বলেন, ‘এটা ঠিক যে উদ্ধার ফ্লাইট শেষ হচ্ছে। আমি মনে করি না যে খার্তুমে এমন একজনও ব্রিটিশ আছেন যিনি এসব ফ্লাইটের কথা জানেন না। এই ভয়ানক সংকটে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের সাহায্য করার জন্য প্রতিটি বিকল্পের দিকে তাকিয়ে আছে সরকার’।

    সূত্র: বিবিসি