Category: লিড নিউজ

  • বিএনপি থেকে ২১৭ নেতাকে বহিষ্কার

    বিএনপি থেকে ২১৭ নেতাকে বহিষ্কার

    www.HelloBangla.News – রাজনীতি – ২৬ মে, ২০২৪: দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় এ পর্যন্ত ২১৭ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। চার ধাপে এই নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৮০ জন, দ্বিতীয় ধাপে ৬৯ জন, তৃতীয় ধাপে ৫৫ জন ও চতুর্থ বা শেষ ধাপের ভোটে অংশ নেওয়ায় ১৩ জনকে বহিষ্কার করে দলটি।

    আজ রবিবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলাসহ কোনও নির্বাচনে অংশ না নিচ্ছে না বিএনপি। গত ১৬ এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনার সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন, বেসামরিক ও পুলিশ প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই। তাই উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি।

    এদিকে মোট চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তফসিল অনুযায়ী গত ৮ মে ও ২১ মে প্রথম-দ্বিতীয় ধাপের উপজেলায় ভোট গ্রহণ হয়। এই দুই ধাপের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত ১৩ জন চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করে বলে জানা গেছে।

    তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদের নির্বাচন ২৯ মে অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন।

  • ভারতের গুজরাটে গেমিং জোনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন নিহত

    ভারতের গুজরাটে গেমিং জোনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ মে, ২০২৪: ভারতের গুজরাটে একটি গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডের পরপরই শহরের সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    স্থানীয় সময় শনিবার (২৫ মে) সন্ধ্যায় রাজকোটের টিআরপি গেম জোনে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে এখনো কাজ করছেন দমকলের কর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গভ জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যার দিকে টিআরপি গেমিং জোনে আগুন লাগে।

    জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনো চলছে। ইতোমধ্যেই বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

    যুবরাজ সিং সোলাঙ্কি নামের এক ব্যক্তি ওই গেমিং জোনটি চালাতেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ঘটনায় গাফিলতির কারণে একটি মামলা দায়ের করা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই আরও তদন্ত করা হবে।

    তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এদিকে দমকল বাহিনী জানিয়েছে, অস্থায়ী কাঠামোগুলো ভেঙে পড়ছে। এর ফলে আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। বেশ কিছু সূত্র জানিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় অনেক শিশু ছিল। তাদের মধ্যে অন্তত ১৫ থেকে ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

    গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

  • সরকারি খরচায় আইনি সহায়তা পেয়েছেন ১৬৪৭৯৭ জন

    সরকারি খরচায় আইনি সহায়তা পেয়েছেন ১৬৪৭৯৭ জন

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ মে, ২০২৪: জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জনকে সরকারি খরচায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইনে কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় হেল্পলাইন সৃষ্টির আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩২৮ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়।

    প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সরকারি খরচায় লিগ্যাল এইডে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেয়া হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৮৬ মামলায়। এরমধ্যে আইনি সহায়তার মাধ্যমে ১ লাখ ৯৪ হাজার ১২২ টি মামলা নিস্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিস্পত্তি সেবার মাধ্যমে লিগ্যাল এইডে মামলা নিস্পত্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৯১৩টি। এডিআর এর জন্য উদ্যোগ নেয়া হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৫৮ টি মামলায়। এ সময়ের মধ্যে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে ৪ লাখ ৫ হাজার ৯২ টি।

    প্রতিবেদন বলা হয়, এই সেবার মাধ্যমে ১০ লাখ ২২ হাজার ৯৫৮ জন সরকারি খরচায় আইনি সহায়তা পেয়েছেন। অসচ্ছল বিচার প্রার্থীদের ১৮৭ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ৬৮৭ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে জাতীয় আইনগত সতায়তা সংস্থা।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, সেবা গ্রহণকারীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ৪২৪ জন, দেশের ৬৪ টি জেলার লিগ্যার এইড অফিসের মাধ্যমে ৮ লাখ ২ হাজার ৪০৭ জন, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৮ হাজার ৩৩০ জন।

    সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেন। সকল মানুষের বিচার অধিকার প্রতিষ্ঠায় সরকারের আইনগত সহায়তা কার্যক্রম প্রচারের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়। এবার ১২তম বার এই দিবসটি পালিত হয়েছে।

    সূত্র: বাসস

  • আর্থিক খাতে সুশাসনে আমরা কীভাবে পিছিয়ে গেলাম সেটাই বিস্ময়কর: ড.ওয়াহিদউদ্দিন

    আর্থিক খাতে সুশাসনে আমরা কীভাবে পিছিয়ে গেলাম সেটাই বিস্ময়কর: ড.ওয়াহিদউদ্দিন

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৫ মে, ২০২৪: আর্থিক খাতে সুশাসনে আমরা কীভাবে পিছিয়ে গেলাম সেটাই বিস্ময়কর, বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।তিনি বলেন, “দেশে রিজার্ভের পরিমাণ যেভাবে কমে যাচ্ছে তা শঙ্কার কারণ হতে পারে। আর্থিক খাতে সুশাসনে আমরা অনেকটা এগিয়ে ছিলাম, কিন্তু বর্তমানে কীভাবে পিছিয়ে গেলাম সেটাই বিস্ময়কর। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আইএমএফ খুব বেশি জানে এটি বিশ্বাস করার কারণ নেই। আইএমএফের পরামর্শ দেশ ও জনগণের স্বার্থ বিবেচনা করে গ্রহণ করতে হবে। বাংলাদেশের কিছু ব্যক্তি দুবাই-সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিলিয়নিয়ারদের মধ্যে নাম লিখিয়ে ফেলেছেন। তারা কোন দেশের নাগরিক সেটাও স্পষ্ট নয়। তারা কীভাবে টাকা আনা-নেওয়া করছেন, বাংলাদেশ ব্যাংক সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারছে না।”

    আজ শনিবার (২৫ মে) এফডিসিতে অর্থনৈতিক সুরক্ষায় আগামী বাজেটের কৌশল নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শঙ্কার কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ

    ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “কর ব্যবস্থাপনায় দুর্বলতা, বৈষম্য, দুর্নীতি ও অন্যায্য বহাল রেখে আসন্ন বাজেটে করারোপ করা হলে সেটি রাজস্ব আহরণে ভালো ফল দেবে না। রাজনীতিবিদ বা প্রভাবশালীদের চাপের কারণে রাজস্ব আহরণ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ৮০ শতাংশ বিত্তবান কর ফাঁকি দিচ্ছে। ব্যবসায়ীদের বড় একটা অংশ ভ্যাট দেয় না। এত কম রাজস্ব আয় দিয়ে সরকারি কর্মচারীদের বেতন চালানোই যাচ্ছে না, সেখানে উন্নয়ন ব্যয় মেটাবে কীভাবে? ডিসি-ইউএনওদের দামি গাড়ি দেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রীয় অর্থের অপচয়। বর্তমানে আশঙ্কাজনকভাবে ঋণনির্ভরতা বাড়ছে।”

    বিতর্ক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “মূল্যস্ফীতি, ডলার সংকট, অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য বৈদেশিক ঋণের চাপ, আর্থিক খাতে অনিয়ম, প্রকল্প ব্যয় বৃদ্ধিসহ নানান চ্যালেঞ্জের মধ্যে ঘোষিত হচ্ছে আসন্ন বাজেট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। ক্রমবর্ধমান আয়বৈষম্য সমাজে নীরব অসন্তোষ তৈরি করছে। রিজার্ভের ঘাটতির ফলে ডলারের বিপরীতে টাকার মান কমেছে। আমদানি ব্যয় বেড়েছে।”

    অর্থনৈতিক সুরক্ষায় আসন্ন বাজেটের কৌশল নির্ধারণে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষে ১০ দফা সুপারিশ উপস্থাপন করা হয়। সুপারিশের মধ্যে রয়েছে- খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কৃষিতে বিনিয়োগ বাড়িয়ে কৃষিবান্ধব বাজেট প্রণয়ন, পোশাকসহ অন্যান্য রপ্তানি খাতে অপ্রয়োজনীয় প্রণোদনা কমিয়ে আনা, নতুন কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, শেয়ার বাজারে ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপ, যারা কর প্রদান করছে তাদের ওপর অযৌক্তিকভাবে করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানো, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ওপর প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় বরাদ্দ বাড়িয়ে এর আকার বৃদ্ধি করা, আসন্ন বাজেট সামনে রেখে জবাবদিহি ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিয়ে সাংবাদিকদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা নিরসন করা, এনবিআরকে কর আহরণে কঠোর অবস্থান নিতে রাজনৈতিক সুরক্ষা প্রদান করা। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি ও বিমানসহ লোকসানি খাতে বরাদ্দ প্রদানে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।

    ‘অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিত’ শীর্ষক ছায়া সংসদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন।

    প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, বিআইডিএস এর রিসার্চ ফেলো তাহরিন তাহরীমা চৌধুরী, প্রফেশনাল অ্যাকাউনটেন্ট আবুল বশির খান, সাংবাদিক শাহ আলম খান। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

  • ইভ্যালি শর্তসাপেক্ষে টাকা ফেরত দিবে: ভোক্তার মহাপরিচালক

    ইভ্যালি শর্তসাপেক্ষে টাকা ফেরত দিবে: ভোক্তার মহাপরিচালক

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৫ মে, ২০২৪: ইভ্যালি শর্তসাপেক্ষে টাকা ফেরত দিবে, বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজামান। তিনি বলেন, “ইভ্যালির মালিক ২৭ মাস কারাগারে ছিলেন, কিন্তু কারাগারে আটকে রাখলে টাকা পাওয়া সম্ভব নয়। সম্প্রতি ইভ্যালি ব্যবসা শুরু করার পর আমরা তাদের শোকজ করেছি। তারপর কিছু শর্তসাপেক্ষে আলোচনার মাধ্যমেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত যারা নিয়ম মেনে ভোক্তাদের স্বার্থে ব্যবসা পরিচালনা করবে আমরা তাদের পাশে থাকবো। ভোক্তার অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”

    আজ শনিবার (২৫ মে) রাজশাহীতে অনুষ্ঠিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    ভোক্তার মহাপরিচালক বলেন, “মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা তিন মাস আগ থেকে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মসলা আমদানি করেছেন।সেটি এখন বাজারে মজুদ রয়েছে।তাই এখন ইচ্ছে করলেই এলসির অজুহাতে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।এরপরও যদি কেউ দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য রাজশাহীর একটি তারকা হোটেলের কনফারেন্স রুমে শনিবার সকালে ‘সিটিজেন ওয়ার্কশপ বিষয়ক’ এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।এ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

  • শিল্পকলায় কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

    শিল্পকলায় কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

    www.HelloBangla.News – বিনোদন – ২৫ মে, ২০২৪: আজ ২৫ মে ২০২৪ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রাবন্ধিক ও সাবেক উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

    দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী দল ‘সৃজন ছন্দে আনন্দে’ নৃত্য পরিচালনা করেন মেহরাজ হক তুষার এবং সহযোগীতা করেন আনন্দীতা খান ও এস কে জাহিদ। এরপর গীতি আলেখ্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীতদল, সংগীত পরিচালনা করেন বিজন চন্দ্র মিস্ত্রী। আবারো সমবেত নৃত্য ‘আমার কৈফিয়ত’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ । এরপর সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ‘জয় হোক জয় হোক’ এবং ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’। এরপর একক সংগীত পরিবেশন করেন ছন্দা চক্রবর্তী ‘কিশোরী মিলন বাঁশরী/ লাইলী তোমার এসেছে ফিরিয়া’। আবার একক সংগীত, পরিবেশন করে সালাউদ্দিন আহমেদ ‘আসলো যখন ফুলের ফাগুন/গভীর নিশিথে ঘুম ভেঙে যায়/ ব্রজগোপী খেলে…’।  একক সংগীত পরিবেশন করেন সুজিত মোস্তফা ‘তোমার বীনা তারের গীতি/ কোন মধুর সবাব দিলে’। এরপর সমবেত নৃত্য, নৃত্য পরিবেশন করেন  বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যদল ‘শুকনো পাতার নূপুর পায়ে’ নৃত্য পরিচালনা করেন জয়দ্বেব পালিত এবং সহযোগী ছিলেন এস কে জাহিদ। এরপর একক সংগীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা ‘নাচের নেশার ঘোর লেগেছে/ কোথায় খুঁজিস তুই ভগবান।

    আবার একক সংগীত পরিবেশন করেন রাজিয়া মুন্নি ‘মোর ঘুম ঘোরে এলা মনোহর/প্রিয় এমন রাত যেন’।এরপর একক সংগীত পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রী। আবারও একক সংগীত পরিবেশন করেন শারমীন সাথী ইসলাম ময়না ‘এসো বঁধু ফিরে এসো’। পরিশেষে সমবেত সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীতদল ‘দাও শৌয দাও ধৈয’। অনুষ্ঠান উপস্থাপনা করেন তামান্না তিথি ও মীর বরকত।

  • বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ মে, ২০২৪: পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে ১০তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়নসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ (শনিবার) সকাল ১০টার দিকে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

    এই সময় প্রধানমন্ত্রী বলেন, “বর্ধিত ঢাকার জনগণ যেন যথাযথ সেবা পেতে পারে সেজন্য নগরীকে তিনি উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এই দুটি অংশে ভাগ করেন। যে গুলো ইউনিয়ন ছিল সেগুলোকেও সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে এসে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঠিকানাবিহীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা দূরীকরণে তাঁর সরকার আবাসিক ফ্ল্যাট ও সম্মানজনক পদবীর ব্যবস্থা করে দিয়েছে।”

    শেখ হাসিনা বলেন, “ঢাকা শহরের পূর্ব-পশ্চিমে রাস্তাই ছিল না। তাঁর সরকার সে সব রাস্তা, ওভারপাস, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, বাঁধের ওপর রাস্তা, বুড়িগঙ্গা বেড়িবাঁধ করে দিয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। যে গুলো বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে।”

    তিনি বলেন, “আন্তঃজেলা যোগাযোগ সহজ করতে আমরা ঢাকায় একটি রিং রোড নির্মাণ করতে চাই।”

    সরকার প্রধান বলেন, “ঢাকা কেন্দ্রিয় কারাগার এখান থেকে সরিয়ে কেরানীগঞ্জ নেওয়া হয়েছে। পুরাতন কেন্দ্রিয় কারগারে যেখানে জাতির পিতা দীর্ঘদিন বিভিন্ন সময় বন্দি ছিছেন, যেখানে জাতীয় চারনেতাকে হত্যা করা হয়েছে এবং ফাঁসির মঞ্চ যেখানে জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর হাজার হাজার সেনাবাহিনীর অফিসার সৈনিক, সশস্ত্র বাহিনীর সদস্যদের ফাঁসি দিয়েছিল। আর ব্রিটিশ আমল থেকেই অনেক দেশপ্রেমিককে সেখানে ফাঁসি দেওয়া হয় সেই জায়াগাটিসহ সকল স্থানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে স্কুল এবং পার্ক করে সৌন্দর্যবর্ধন এবং বিনোদন কেন্দ্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।”

    তিনি বলেন, “ঠিক একইভাবেই এই এলাকার মানুষ যাতে ভালভাবে থাকতে পারে সেই ব্যবস্থাও করেছি।’

    শেখ হাসিনা বঙ্গবাজার পুনর্নিমাণের পর ব্যবসা চালু রাখার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, এরআগে তিনি মোবাইল লেনদেনের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার বাজারের ব্যবসায়ীদের অনুদান দিয়েছিলেন।

    অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন উন্নয়ন প্রকল্পের পর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

    ১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নিপ্রস্থান সিঁড়িসহ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হচ্ছে। বিপণিবিতানের প্রতিটি ব্লকের জন্য আলাদা বাহির ও প্রবেশদ্বার থাকবে। ভবনে বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতি তলায় চারটি করে শৌচাগার থাকবে। এছাড়া ভবনের ভূমিতলে ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাকবে।

    পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যের আট লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণির নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা (ড্রেন), ১০ কিলোমিটার পথচারী হাঁটার পথ (ফুটপাত), ৩টি উড়াল সেতু (ভেহিকেল ওভারপাস), ৩টি পথচারী পারাপার সেতু (ওভারব্রিজ), দুই কিলোমিটার সংরক্ষণকারী দেওয়াল (রিটেইনিং ওয়াল), তিনটি মসজিদ, ছয়টি যানবাহন বিরতির স্থান (বাস-বে) ও ছয়টি যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে।

    নিজস্ব তহবিল থেকে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি হ্রদে নজরুল সরোবর নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি।

    এছাড়া শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকীকরণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে এই শিশু উদ্যানের আধুনিকায়ন করা হবে।

  • কবি নজরুলের বলিষ্ঠ লেখনী আমাদের জাতীয় জীবনে এখনও প্রাসঙ্গিক: প্রধানমন্ত্রী

    কবি নজরুলের বলিষ্ঠ লেখনী আমাদের জাতীয় জীবনে এখনও প্রাসঙ্গিক: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ মে, ২০২৪: কবি নজরুলের বলিষ্ঠ লেখনী আমাদের জাতীয় জীবনে এখনও প্রাসঙ্গিক, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছেন। নজরুল সাহিত্যের বিচিত্রমুখী সৃষ্টিশীলতা আমাদের জাতীয় জীবনে এখনও প্রাসঙ্গিক।

    আজ শনিবার (২৫ মে) ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

    বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ঊনবিংশ শতাব্দীর বিদায় এবং বিংশ শতাব্দীর আগমন লগ্নে নজরুলের জন্ম। তখন বাংলাদেশসহ গোটা উপমহাদেশ পরাধীনতার শৃঙ্খলে বন্দি। একদিকে দারিদ্র্য অন্যদিকে দেশমাতার পরাধীনতা কবিকে মুক্তির আকাঙ্ক্ষায় পাগলপ্রায় করে তুলেছিল। কবি অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামে নিজেকে উৎসর্গ করেন। রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেন। কবিতাকে বেছে নেন প্রতিবাদের ভাষা হিসেবে।”

    শেখ হাসিনা বলেন, “কবি নজরুলের লেখনীতে ফুটে ওঠে আর্ত-পীড়িত, ব্যথিত ও উপেক্ষিত মানবমনের কথা। কবি নজরুলের আজীবন সাধনা ছিল সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি এবং মানুষের সামাজিক মর্যাদার স্বীকৃতি অর্জন।”

    প্রধানমন্ত্রী বলেন, “কবি নজরুল অন্যায়, অসত্য, নির্যাতন-নিপীড়ন, নানামাত্রিক অসাম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে যুগে যুগে মানুষকে প্রতিবাদ-প্রতিরোধে উচ্চকণ্ঠ হওয়ার প্রেরণা যুগিয়েছেন। তার কাছে ধর্ম, গোত্র, জাত-কুল, ধনী গরিব সব শ্রেণির মানুষ ছিল সমান। তার গানে প্রেম ও প্রকৃতি অপরূপ রূপে ধরা দিয়েছে। তাই কবি নজরুল একাধারে দ্রোহ ও মানবতার কবি; সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি; সত্য, সুন্দর, কল্যাণ, প্রেম ও হৃদয়াবেগের কবি।”

    তিনি বলেন, “অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক, কালজয়ী প্রতিভার অধিকারী কবি নজরুল তার স্বল্পকালীন সৃষ্টিশীল জীবনে রচনা করেছেন প্রেম, প্রকৃতি, বিদ্রোহ ও মানবতার অনবদ্য সব কবিতা, গান, প্রবন্ধ, গল্প, উপন্যাস ও নাটক। বাংলা ভাষা ও সাহিত্য এবং সঙ্গীত ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অবদান স্বাতন্ত্র্য মহিমায় সমুজ্জ্বল। কবি নজরুলের সাহিত্য ও সঙ্গীত শোষণ, বঞ্চনা ও ধর্মান্ধতার বিরুদ্ধে মুক্তির দীক্ষাস্বরূপ।”

    প্রধানমন্ত্রী বলেন, “নজরুলের ক্ষুরধার লেখনীর স্ফুলিঙ্গ যেমন ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, তেমনি তার বাণী ও সুরের অমিয় ঝর্ণাধারা সিঞ্চিত করেছে বাঙালির হৃদয়কে। তিনিই প্রথম বাঙালি কবি যিনি ব্রিটিশ অধীনতা থেকে ভারতকে মুক্ত করার জন্য স্বরাজের পরিবর্তে পূর্ণ স্বাধীনতার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। আজীবন তিনি মানবতার জয়গান গেয়েছেন, নারীর অধিকারকে করেছেন সমুন্নত।”

    তিনি বলেন, “কবি নজরুল যে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন, তারই প্রতিফলন আমরা পাই জাতির পিতার সংগ্রাম ও কর্মে।”

    প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় কবির জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের সরকার গত ১৫ বছরে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা নজরুলের সৃষ্টিসমূহের সংগ্রহ, সংকলন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে নজরুল জাদুঘর সংস্কার ও মেরামত, নজরুল অ্যালবাম প্রকাশ, নজরুল সঙ্গীতের সিডি প্রকাশ, শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীতের প্রশিক্ষক তৈরির বিশেষ কোর্স চালু এবং নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার ও নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের কর্মসূচি বাস্তবায়ন করেছি। জাতীয় ও আন্তর্জাতিক নজরুল সম্মেলনের আয়োজন করা হয়েছে। এছাড়া, কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র স্থাপন, ঢাকাস্থ নজরুল ইনস্টিটিউটের ১১তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ এবং ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লায় বিদ্যমান ভবনের সংস্কার করেছি। আমাদের সরকারের এসব কার্যক্রম নজরুল-চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে যা অসাম্প্রদায়িক, ন্যায়, সমতাভিত্তিক উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পথকে প্রশস্ত করবে বলে আমি আশা করি।”

    তিনি বলেন, “মহান মানবতাবাদী কবি নজরুলের সংগ্রামশীল জীবন এবং তার অবিনাশী রচনাবলি বাঙালি জাতির জন্য অন্তহীন প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, আমাদের কর্ম, চিন্তা ও মননে কাজী নজরুল ইসলামের অবিনশ্বর উপস্থিতি সকল কূপম-কতা এবং প্রতিবন্ধকতা দূর করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।”

    প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

  • শেখ হাসিনার নেতৃত্বে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব: সেতুমন্ত্রী

    শেখ হাসিনার নেতৃত্বে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৫ মে, ২০২৪: শেখ হাসিনার নেতৃত্বে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু সেই বিজয়কে সুসংহত করায় এখনো আমাদের অনেক কাজ বাকি। বিজয়কে সুসংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার-বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা।”

    আজ শনিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কাজী নজরুল ইসলামের সমাধিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা জানান।

    সেতুমন্ত্রী বলেন, “জাতীয়তাবাদের অবিসংবাদিত কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি, বিদ্রোহ ও বেদনার কবি, যৌবনের কবি আমাদের জাতীয় কবি। জাতীয় কবির জন্মতিথিতে আমরা যে কবিকে বঙ্গবন্ধু প্রতিবেশী দেশ থেকে স্বাধীনতার পর বাংলাদেশে এনেছিলেন। বঙ্গবন্ধুর পরিকল্পনায় কবির মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে তাঁকে সমাহিত করা হয়। আজকের দিনে আমরা এটাই বলব -আমাদের বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম।”

    বিএনপির নেতাকর্মী আটক নিয়ে দলটির নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর অ্যাজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাস, খুন করে, অস্ত্র ব্যবসা করে, অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা অন্য দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি-কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের।”

    কবিতা ও গান স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

    এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন— দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

  • ঘূর্ণিঝড় ‘রেমাল’ আজ রাতে আঘাত হানতে পারে

    ঘূর্ণিঝড় ‘রেমাল’ আজ রাতে আঘাত হানতে পারে

    www.HelloBangla.News – প্রযু্ক্তি – ২৫ মে, ২০২৪: বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতোমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল এখন বাংলাদেশের দিকে এগিয়ে এসেছে। আজ রাতেই ঘূর্ণিঝড় ‘রেমাল’ খুলনার সাতক্ষীরা ও চট্টগ্রামের কক্সবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে।

    আজ শনিবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, “এখানে বাংলাদেশের আবহাওয়া অফিস, ভারতের আবহাওয়া অফিস, চীনের আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”

    মহিববুর রহমান বলেন, “এখন পর্যন্ত ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সংকেত ৩-এ চলে যাবে। সন্ধ্যা নাগাদ বা রাতে ৪-এর ওপরে এবং রাতের বেলা বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি।”

    প্রতিমন্ত্রী বলেন, “রাত আটটায় আবার এই মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১টায় আমরা আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছি। এক কথায় এ ঘূর্ণিঝড় আসন্ন, সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি সম্পন্ন করে আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছি।”

    কয়টি জেলা আক্রান্ত হতে পারে- সাংবাদিকদের এমন করতে জবাবে প্রতিবন্ধী বলেন, “এখানে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি ইফেক্ট হওয়ার ঝুঁকি আছে। এখন ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। বিশেষ করে পায়রা ও মোংলা বন্দরের সরাসরি দক্ষিণে।”

    সিডরের মতো ভয়াবহ রূপ নিতে পারে-জানতে চাইলে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, “এটা ডেঞ্জার হতে পারে রাত ১২-১টা নাগাদ। এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা ঝুঁকি রয়েছে।”

    তিনি বলেন, “কাল রবিবার (২৬ মে) ভোর থেকে এটা প্রাথমিক আঘাত হানতে পারে। কালকে সন্ধ্যা নাগাত মূলটা আঘাত হানবে। পূর্বাভাসে আমরা এরকমই বুঝতে পারছি এবং আজকে রাত বারোটা-একটা থেকেই এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে।

     

    প্রতিমন্ত্রী বলেন, “উপকূলীয় জেলায় আমাদের প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে। এগুলো প্রস্তুত রেখেছি। খাদ্যের জন্য আমাদের প্রত্যেকটি জেলায় গুদামে পর্যাপ্ত শুকনো খাবারসহ যেসব জিনিস দরকার হবে এগুলো মজুত রেখেছি। প্রয়োজনে ঢাকা থেকে যাতে আরো সাপ্লাই দিতে পারি এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।”

    আমাদের ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ শুরু করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

    ঘূর্ণিঝড় রোমানের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।