Category: লিড নিউজ

  • মোবাইল চুরির সঙ্গে সঙ্গে একটি মামলা করবেন: ডিবি প্রধান

    মোবাইল চুরির সঙ্গে সঙ্গে একটি মামলা করবেন: ডিবি প্রধান

    www.HelloBangla.News – জাতীয় – ৫ জুন, ২০২৪: মোবাইল চুরির সঙ্গে সঙ্গে একটি মামলা করবেন, বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।তিনি বলেন, “অনেকে মোবাইল চুরি হলে জিডি পর্যন্ত করতে চান না। তাদের প্রতি আমাদের অনুরোধ মোবাইল চুরির সঙ্গে সঙ্গে একটি মামলা করবেন”।

    আজ বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ধর্মমন্ত্রীর চুরি হওয়া মোবাইল উদ্ধার সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

    মামলা ছাড়াও মোবাইল চুরি রোধে মোবাইলে স্ট্রং পাসওয়ার্ড এবং নামাজ ও জানাজাতে গেলে পাঞ্জাবীর পকেটে মোবাইল ফোন না রাখার আহ্বান জানান ডিবিপ্রধান। তিনি বলেন, কেউ জানাজা বা নামাজ পড়তে যায় চোরেরা তখন সুযোগ পেয়ে মোবাইল নিয়ে যায়।

    এছাড়া অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া অন্য কোনো স্থান বা ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ক্রয় না করা, পুরোনো মোবাইল ফোন না কেনা, চিকিৎসা করার টাকা নাই তাই রাস্তায় দাঁড়িয়ে মোবাইল বিক্রি করতে চাওয়া ব্যক্তির কাছ থেকে মোবাইল না কেনা এবং মোবাইলের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত রশিদ ছাড়া মোবাইল ফোন ক্রয় না করার জন্য সবাইকে আহ্বান জানান হারুন অর রশীদ।

    হারুন বলেন, “চোরাই মোবাইল ফোন কেনা-বেচা দুটোই অপরাধ। চোরাই মোবাইল ফোন যার কাছে পাওয়া যাবে তাকেও আইনের আওতায় আনা হবে”।

  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ জুন, ২০২৪: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরিবেশ দূষণরোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৪’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

    আজ বুধবার (৫ জুন) ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের ভূমির টেকসই ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

    রাষ্ট্রপতি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ভূমি প্রতিবেশ পুনরুদ্ধার এবং সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

    রাষ্ট্রপতি বলেন, “মানবসম্প্রদায় ও প্রাণিকূলের অস্তিত্বের জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই। কিন্তু মানবসৃষ্ট বিভিন্ন উপায়ে আমরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছি। জনসংখ্যার তুলনায় আমাদের দেশের ভূমিসম্পদ অত্যন্ত সীমিত। খাদ্য নিরাপত্তা, আবাসন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য যথাযথ ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

    তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবের কারণে ভূমির অবক্ষয় ঘটছে। ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধার, মরুময়তার বিরুদ্ধে লড়াই এবং খরা সহনশীলতা বৃদ্ধি করা আমাদের অস্তিত্বের জন্য জরুরি”।

    রাষ্ট্রপতি বলেন, “ভূমি পুনরুদ্ধার, মরুময়তা রোধ এবং খরা সহিষ্ণুতা অর্জনে ঐতিহ্যগত ও প্রথাগত জ্ঞানের সঙ্গে বিজ্ঞানভিত্তিক জ্ঞানকে একীভূত করে উদ্ভাবনী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করতে হবে। এছাড়াও অবক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধারে বৃক্ষরোপণসহ টেকসই ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হলে জীববৈচিত্র্য যেমন সুরক্ষিত হবে, তেমনি এর মাধ্যমে জনগণের নিরাপদ জীবিকা নিশ্চিত করা সম্ভব হবে”।

    তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ বিনির্মাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই আগামী প্রজন্মের জন্য সুস্থ জীবনের নিশ্চয়তা বিধান করা সম্ভব হবে”।

  • এবছর ৮ কোটি ৩৮ লাখ চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

    এবছর ৮ কোটি ৩৮ লাখ চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ জুন, ২০২৪: এবছর ৮ কোটি ৩৮ লাখ চারা রোপণ করা হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ১১টি আইন, নীতি, বিধিমালা ও প্রবিধানমালা প্রণনয়ন করি। আমাদের ১০টি বিশেষ উদ্যোগের একটি পরিবেশ রক্ষা করা। বৃক্ষরোপণ, বন সংরক্ষণ ও বনায়ন বৃদ্ধির মাধ্যমে আমরা ২৫ ভাগ বনায়ন করতে পেরেছি। এরই মধ্যে ছাদ বাগান করার উপরও জোর দিয়েছি। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজের খাদ্য যোগানও দেওয়া যায়। এবছর ৮ কোটি ৩৮ লাখ চারা রোপণ করা হবে”।

    আজ বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “আপনারা যদি গাছ লাগান, গরমে ছায়ায় আরাম পাবেন। ফল গাছ হলে তো খেতেও পারবেন। নিজের গাছের ফলের তৃপ্তিই আলাদা। আমরা সবাই মিলে গাছ লাগিয়ে নিজেদের পরিবেশটা সুরক্ষায় মনোযোগ দেই। আমাদের লক্ষ্য হচ্ছে, দেশকে ও দেশের মানুষকে সুরক্ষা দেওয়া। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও প্রকৃতিকে রক্ষা করা”।

    প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি তা ধ্বংস করে। আমাদের বৃক্ষরোপণ এবং প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া”।

    তিনি আরও বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট এবং তার পরবর্তী দুই বছর এই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে মানুষকে যেমন হত্যা করা…তাছাড়া বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ, সেগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা হয়। লক্ষ লক্ষ বৃক্ষ কেটে ফেলে দেয় জামায়াত-বিএনপি। আমরা যেখানে গাছ লাগিয়েছে সেগুলো তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়”।

    প্রধানমন্ত্রী বলেন, “বৃক্ষ রোপণ কর্মসূচি পালনের জন্য ১৯৮৪ সালে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ওপর দায়িত্ব দেওয়া হয়। মূল দল আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রত্যেকটা সদস্য বৃক্ষরোপন করবে। আমাদের নির্দেশ ছিল এবং সেই নির্দেশনা আমরা এখনও পালন করে যাচ্ছি”।

    রিমালের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় ও জ্বলোচ্ছ্বাস হয়নি। এবারই প্রথম হয়েছে। ৮ লাখ মানুষকে আমরা শেল্টারে আনতে পেরেছি। এত চাপেও আমাদের উপকূলে দেওয়া উপহারের ঘর ক্ষতিগ্রস্ত হয়নি। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য করে দেওয়া ঘরও ক্ষতিগ্রস্ত হয়নি”।

    বিশ্বের ২ বিলিয়ন মানুষ মরুময়তার ঝুঁকিতে উল্লেখ করে তিনি বলেন, “এরই মধ্যে মরুময়তা ও খরা প্রতিরোধে নানান উদ্যোগ নিচ্ছি। লবণাক্ত সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করেছি, এটায় সফলতা পেয়েছি। খরা সহিষ্ণু এবং জলমগ্ন সহিষ্ণু ধানের জাত নিয়েও গবেষণা করছেন আমাদের বিজ্ঞানীরা। আশা করি, এটিতেও সফলতা আসবে। অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে বিকল্প ব্যবস্থা কীভাবে করা যায়, সে ব্যবস্থা করতে হবে”।

    প্রধানমন্ত্রী বলেন, “ইট আমাদের উৎপাদন করতে হবে, তবে সেটা যাতে পরিবেশবান্ধব হয়। বিকল্প ব্যবস্থায়ও জোর দিচ্ছি। প্লাস্টিকের ব্যবহার হচ্ছে এখনো। তবে সুখবর হলো, পাটের থেকে এমন কিছু পণ্য তৈরি করা যায়, যা মাটির সঙ্গে মিশেও যায়। এটার জন্য আমরা নানান ব্যবস্থা নিচ্ছি”।

    তিনি বলেন, “সামাজিক বনায়নে মাত্র ৩০ ভাগ লভ্যাংশ পেতো, এখন এটা ৭০ ভাগ করে দিয়েছি। যার কারণে সবাই সামাজিক বনায়ন আন্তরিকতার সঙ্গে করে। জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ২২টি এলাকা সংরক্ষণ করেছি। সরকার জলবায়ু পরিবর্তন প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মুজিব অ্যাকশন প্ল্যান করেছি”।

    তিনি বলেন, “পিতার হত্যাকাণ্ডের পর আমার অবর্তমানে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালে আমি দেশে ফিরি। ফিরে আসি এজন্যই যে, স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছাতে হবে। বাবার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হবে”।

    অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

  • একজন যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    একজন যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ জুন, ২০২৪: একজন যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারাটা একটা কষ্টসাধ্য ও সাধনার ব্যাপার। এ জন্য তোমাদের অভিনন্দন। চিকিৎসকরা সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে জন্ম নেন। ডাক্তারদের অ্যাপ্রোনের যে মর্যাদা সেটা তোমাদের ধরে রাখতে হবে। এজন্য যথাযথভাবে পড়াশোনা করে একজন যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে”।

    আজ বুধবার (৫ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে ১ম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দের উদ্দেশ্যে একথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি সম্প্রতি যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে সরকারি সফরে গিয়েছি। আমি যেখানেই গিয়েছি দেখেছি বিদেশে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের মান নিয়ে সবার মাঝে ইতিবাচক ধারণা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিনিধিগণের কাছে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে”।

    তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠা কমিউনিটি ক্লিনিক এখন পুরো বিশ্বে স্বাস্থ্যখাতের রোল মডেল হিসেবে স্বীকৃত। এটা আমাদের ধরে রাখতে হবে”।

    ডিজিটাল ব্যবস্থা শিক্ষায় যে অবারিত সুযোগ-সুবিধা আনছে স্বাস্থ্য মন্ত্রী তা শিক্ষার্থীদের কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে ওঠার আহবান জানান।

    মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, “শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুবিধার্তে অ্যাক্রেডিটেশন কাউন্সিল তৈরী করা হয়েছে এবং শিক্ষার্থীরা যাতে সহজেই বাইরে পড়াশোনা করে নিজেদের দক্ষ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারে সেজন্য নানামুখী প্রচেষ্টা চলমান আছে”।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল আলম চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা প্রমুখ।

  • দেশকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করতে আমাদের মনের ইচ্ছা লাগবে: মেয়র আতিক

    দেশকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করতে আমাদের মনের ইচ্ছা লাগবে: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ৫ জুন, ২০২৪: দেশকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করতে আমাদের মনের ইচ্ছা লাগবে, বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।তিনি বলেন, “আমাদের এই দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত দিয়ে স্বাধীন করেছেন, জীবন দিয়ে স্বাধীন করেছেন। এখন এই দেশকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করতে হলে শুধু আমাদের মনের ইচ্ছা লাগবে। আমার না, আমাদের। আমরা সবাই নিজেদের চিন্তা করি। আমার কি খালের পাড়ে বিল্ডিং করে খাল ধ্বংস করা দরকার? আমার কি মাঠ দখল করে বাড়ি বানানো দরকার? আমরা কি এটা খাইতে পারবো নাকি কবরে নিয়ে যেতে পারবো? পারবো না। তাহলে আমরা খামোখা মানুষের বদ দোয়া করাবো কেন ”?

    আজ বুধবার (০৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

    মেয়র আতিক বলেন, “আজ যে গাছ লাগানো হচ্ছে সেটি সৎগায়ে জারিয়া হবে। এই গাছ ছায়া দেবে, মানুষ নিচে বসে থাকবে। এটাকে সৎগায় জারিয়া বলা হয়। আর আমরা না আমাদের বিল্ডিং লাগবে, এটা লাগবে, ওটা লাগবে করে আমরা গাছগুলো কেটে ফেলছি”।

    তিনি বলেন, “খালগুলাকে আমরা দখল করে ফেলছি। দুই ধরনের দখল আছে, তা হল পরিবেশগতভাবে এবং দূষণের মাধ্যমে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্য আমরা খালে ফেলছি। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে, তাদের মেসেজগুলো দিতে হবে যে এই শহর আমাদের; এই দেশ আমাদের। আমাদের কাজ এই দেশকে রক্ষা করা। এই দেশ থেকে আমরা উপার্জন করছি। এই দেশ থেকে সবাই আমরা শুধু নিচ্ছি কিন্তু কিছু দিচ্ছি না”।

    বাসা বাড়ির পয়ঃবর্জের লাইনের নোংরা ড্রেনের মধ্যে ফেলার বিষয়ে মেয়র বলেন, “জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস পরে সেপ্টেম্বর থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে চেক করতে চাই। যে কথা না শুনবে তাদের লিস্ট করে আবার কলা গাছ থেরাপি দেওয়া হবে। আমরা তাদের তিন মাসের জন্য সময় দিচ্ছি”।

    তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে এই বছরের ২ লাখ গাছ সিটি করপোরেশনের পক্ষ থেকে লাগাচ্ছি। গতবার ৯৪ হাজার লাগানো হয়েছিল। কিন্তু যে কথা আমি বলব সেটা হচ্ছে অনেক সোজা কিন্তু রক্ষণাবেক্ষণ করা অনেক কঠিন। তাই গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা ৪৭ জন মালি নিয়োগ করতে যাচ্ছি”।

    কার পার্কিং এর বিষয় মেয়র বলেন, “গুলশান-বনানীসহ অনেক জায়গায় বাসা বাড়ির পার্কিংয়ে রাজউক থেকে অনুমোদন করেছে কার পার্কিং হিসেবে, কিন্তু পার্কিংয়ের জায়গা দোকান দিয়েছেন। ফলে কার পার্কিংগুলো হয় রাস্তার মধ্যে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের দিন কিন্তু শেষ। ঈদের পর থেকে রাজউক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আমরা গুলশান থেকে অভিযান শুরু করবো”।

  • দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    www.HelloBangla.News – জাতীয় – ৫ জুন, ২০২৪: আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে। আজ বুধবার (৫ জুন) বিকাল পাঁচটায় বসবে এই অধিবেশন। এই অধিবেশনেই পেশ করা হবে জাতীয় বাজেট। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এরআগে ১০ জুন সম্পূরক বাজেট পাস হবে বলে জানা গেছে।

    আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে পাঁচ হাজার ৭৮৫ কোটি টাকা বলে জানা গেছে।

    অধিবেশন শুরু হবার আগে  বিকাল ৪ টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক  অনুষ্ঠিত হবে।  এই বৈঠকেই  চলতি অধিবেশন কতো কার্যদিবস  চলবে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

    তিনি বলেন, বাজেট অধিবেশন একটু লম্বা হয়। তাই কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

    সংসদ সচিবালয় থেকে জানা গেছে, অধিবেশনের প্রথমদিন কোনও শোক প্রস্তাব  আনা হচ্ছে না। সাধারণত চলতি সংসদের কোনও সদস্য মৃত্যুবরণ করলে মৃত্যুর পর অধিবেশনের প্রথম বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ করে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে ‘খুন’ হন। তবে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় বুধবার বৈঠকে তার জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না।সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর রয়েছে। এ ছাড়া মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব রয়েছে।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আক্রমণ, মধ্যপ্রাচ্য সমস্যা, আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে বিশ্বে অর্থনৈতিক মন্দা ভাব চলছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশে। এই সময় দেশের বাজেট পেশের বিষয়টি কতটা ইতিবাচক হয় সেটাই দেখার বিষয়।

  • নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস

    নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস

    www.HelloBangla.News – খেলাধুলা – ৫ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে নেদারল্যান্ডস।গতকাল রাতের খেলায় ম্যাক্স ও’দাউদের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে জয় পেয়েছে ডাচরা।

    ও’দাউদ ৪৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া বিক্রমজিৎ সিং ২৮ বলে ২২ আর সাইজেন এঙ্গেলব্রেখট ১৬ বলে করেন ১৪ রান।

    এর আগে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টিম প্রিঙ্গলে-লগান ফন বিকদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে নেপাল। শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয় দলটি।

    ৬ ওভারের পাওয়ার প্লেতে নেপাল ২ উইকেটে তুলতে পেরেছিল মাত্র ২৯ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আর লড়াকু স্কোর গড়তে পারেনি।

    মিডল অর্ডারে অধিনায়ক রোহিত পাডিক্কেল যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৩৭ বলে তার ৩৫ রানের ইনিংসটিও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

    শেষদিকে গুলশান ঝা আর করন কেসির ব্যাটে একশ পেরোয় নেপাল। ঝা ১৫ বলে ১৪ আর করনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৭ রান।

    ডাচ পেসার লগান ফন বিক ১৮ রানে ৩টি আর বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে ২০ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট শিকার পল ফন ম্যাকেরেন আর বেস ডি লেডের।

    অপর খেলায় ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছে। এ ম্যাচে শুরুতে ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৯০ রান করে স্কটিশরা। ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে ১০৯ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের, কিন্তু ব্যাটিংয়েই নামতে পারেনি তারা।

    আজ বিশ্বকাপের একমাত্র একমাত্র ম্যাচে অংশ নিবে ভারত ও আয়ারল্যান্ড। রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।