Category: লিড নিউজ
-

শুরু হয়েছে ‘কৃষ্ণচূড়া তোমার রঙে’শিরোনামে মিতুলের পোশাক প্রদর্শনী
www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ জুন, ২০২৪: এই গ্রীষ্মে মন ভোলায় দৃষ্টিকে সৃখময় কৃষ্ণচূড়া। প্রকৃতির এই অনন্য উপহারকে বিষয় করে পোশাক তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার আবেদা খাতুন মিতুল। এসব পোশাক নিয়ে আজ বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪, বৃহস্পতিবার সকাল থেকে শুরু প্রদর্শনী। লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে (মিনা বাজারের পিছনে)
সকাল ১১টায় ‘কৃষ্ণচূড়া তোমার রঙে’ শিরোনামে তিনদিনের এই পোশাক প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ডিজাইন পরামর্শক ও গবেষক চন্দ্রশেখর সাহা, ফ্যাশন এন্টারপ্রনর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফএএবি) প্রেসিডেন্ট আজহারুল হক আজাদ ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। সূচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুণীজন ও সাংবাদিকরা।
একটি বিশেষ থিম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর প্রশংসা করে বলেন, এই ধরনের কাজ করা কঠিন। মিতুল সেই কঠিন কাজটি করেছেন।
এই কর্মশালার আয়োজিত হচ্ছে মিতুলের ফ্যাশন ব্র্যান্ড সীবনীর ব্যানারে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের পোশাক। নারী ও পুরুষের। বিভিন্ন ধরন ও মূল্যের শাড়িই এই প্রদর্শনীর মূল আকর্ষণ। এছাড়াও আছে অন্যান্য পোশাক। সবই কৃষ্ণচূড়া রং ও সৌন্দর্যের অনুপ্রেরণায় তৈরি। এই প্রদর্শনী চলবে ৮ জুন রাত আটটা পর্যন্ত।
প্রায় দুশক ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন মিতুল। তাঁর পোশাকে বৈচিত্র্য এবং সৃজনশীল নিরীক্ষা উভয়ই আছে। তাঁর সংগ্রহ নিয়ে কয়েক বছর আগে নেপালে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক মানের প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। ভবিষ্যতেও দেশে এবং দেশের বাইরে নিজের ডিজাইনে তৈরি পোশাক নিয়ে প্রদর্শনী করার ইচ্ছা রয়েছে মিতুলের।
২০০৫ সালে নিজের ব্র্যান্ড সীবনী শুরু করেন আবেদা খাতুন মিতুল। সেই থেকেই কাজ করে আসছেন তিনি। তাঁর কাজের প্রেরণা মূলত প্রকৃতি। আমাদের চারপাশের গাছ–পাতা–ফুল–পাখি প্রভাবিত করে তাঁর নকশা। এই প্রদর্শনীতেও সেটা বোঝা যাচ্ছে। নানা সময়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে ডিজাইনার হিসেবে আরো পরিশীলিত কের তোলার চেষ্টা করেছেন মিতুল। সেই ছাপা স্পষ্টভাবেই ধরা পড়ে তাঁর কাজের মধ্যে। এই প্রদর্শনীর সংগ্রহও এ ব্যতিক্রম নয়।
প্রথম দিনে বিপুল সংখ্যক ক্রেতার পোশাক প্রদর্শনীতে সমাগম ঘটে।। উপস্থিত সবাই ঋতুভিত্তিক কৃষ্ণচূড়া ছাড়াও অন্যান্য ফুল নিয়ে প্রদর্শনী আয়োজনের জন্য ডিজাইনার আবেদা খাতুন মিতুলকে অনুরোধ করেন।
-

২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
www.HelloBangla.News – জাতীয় – ৬ জুন, ২০২৪: ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রস্তাবিত এ বাজেট বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত হবে।
দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।
‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ এ প্রতিপাদ্য ধরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকেলে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেট সংসদে উপস্থাপন করবেন। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।
এ বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।
বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বাজেটের আকার ৪ দশমিক ৬২ শতাংশ বাড়ানো হয়েছে।
বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা।
ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।
-

সংসদে বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী
www.HelloBangla.News – অর্থনীতি – ৬ জুন, ২০২৪: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তিনি আজ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার (৬ জুন) ৩ টা থেকে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেন।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উত্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে এ বাজেট বিদায়ী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ বেশি। টাকার অংকে ৩৫ হাজার ২১৫ কোটি টাকা বেশি। বিদায়ী অর্থবছরের বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে দুই লাখ ৮৩ হাজার ৭৮৫ কোটি টাকা। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে ছিল পাঁচ লাখ কোটি টাকা।
নতুন বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। টাকার অংকে ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে যা ছিল ৭ দশমিক ৫ শতাংশ। পরে তা কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়।
এটি স্বাধীন বাংলাদেশের ৫৪তম বাজেট। এছাড়া বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, টানা ১৬তম এবং আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট এটি।
-

জয় বাংলা ম্যারাথনকে ঘিরে হাতিরঝিলে ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে
www.HelloBangla.News – জাতীয় – ৬ জুন, ২০২৪: আগামীকাল অনুষ্ঠিত হবে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শীর্ষক হাফ ম্যারাথন। এই উপলক্ষে শুক্রবার (৭ জুন) ভোর তিনটা থেকে সকাল ১০টা পর্যন্ত এই ৭ ঘণ্টা হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই হাফ ম্যারাথনে নিশ্ছিদ্র নিরাপত্তায় নিয়োজিত থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৫০ জন সদস্য।
আজ বৃহস্পতিবার (০৬ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।
তিনি জানান, ৭ জুন ভোর ৫টায় ঢাকার হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শীর্ষক হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ডিএমপি কর্তৃক আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় মোতায়েন থাকবে।
তিনি জানান, হাতিরঝিলে প্রবেশের জন্য ৩৭টি পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে ডিউটিরত থাকবে, যাতে নিরাপত্তা চেকিং ছাড়া কেউ হাতিরঝিলে প্রবেশ করতে না পারে।
এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্য পুলিশ প্লাজা কনকর্ড, এলিফ্যান্ট পার্ক ও অ্যাম্ফিথিয়েটারে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হবে। স্ট্যান্ডবাই হিসেবে থাকবে এক্সপ্লুসিভ রিকভারি অ্যান্ড বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম।
আজ বৃহস্পতিবার (০৬ জুন) রাত ৮টা থেকে তিনটা পর্যন্ত ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ইউনিট অনুষ্ঠানস্থল সুইপিং করবে। রাত তিনটার সময় আয়োজকদের কাছে অনুষ্ঠানস্থল হস্তান্তর করা হবে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাত ৩টা থেকে হাতিরঝিলে নিরাপত্তার স্বার্থে গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। হাতিরঝিলকেন্দ্রিক মোট ৯টি গুরুত্বপূর্ণ জায়গায় রোড ব্লকার দিয়ে ডাইভারশন দেওয়া হবে। এছাড়া ৩২টি পয়েন্টে ফোর্স মোতায়েন করে অলিগলি থেকে গাড়ি বের হওয়া নিয়ন্ত্রণ করা হবে।
যেসব বিকল্প পথে হবে চলাচল:
মহানগর প্রজেক্ট, মালিবাগ, রামপুরা কিংবা বাড্ডা থেকে গুলশান, বনানী, উত্তরা যাওয়ার জন্য গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।
রামপুরা, মালিবাগ কিংবা মহানগর প্রজেক্ট থেকে ফার্মগেট, রমনা কিংবা শাহবাগ আসার ক্ষেত্রে রামপুরা রোড হয়ে ওয়ারলেস গেট থেকে বামে মোড় নিয়ে মগবাজার মোড় ব্যবহার করে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হলো।
রমনা, শাহবাগ থেকে গুলশান, বনানী যাওয়ার জন্য মগবাজার ফ্লাইওভার হয়ে মহাখালী দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলো। এছাড়া এই সব এলাকা থেকে রামপুরা, মালিবাগ বা হাতিরঝিলে বসবাসরত বিভিন্ন প্রজেক্টে যাওয়ার জন্য মগবাজার মোড়, ওয়ারলেস গেট হয়ে রামপুরা রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।
গুলশান, বনানী, উত্তরা থেকে রামপুরা, বাড্ডা, আফতাবনগর কিংবা মালিবাগ যাওয়ার ক্ষেত্রে হাতিরঝিল ব্যবহার না করে গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করে বাড্ডা রামপুরা রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যারাথনে অংশগ্রহণকারী ও সম্মানিত অতিথিদের গাড়ি পার্কিং এবং পার্কিং স্পেসের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী ও অতিথিদের রুটের পাশাপাশি ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
-

ঈদযাত্রায় ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে
www.HelloBangla.News – জাতীয় – ৬ জুন, ২০২৪: ঈদযাত্রায় যাত্রী সাধারণের সুবিধার্থে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ছোট-বড় ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও কোরবানির পশুবাহী ট্রাক পারাপার নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের আগে ও পরে মোট ৬ দিন এই নৌ চালাচলের নির্দেশনা দিয়েছে কতৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সার্ভিস, নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে, ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সমন্বয় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আবু কায়সার খান।
সমন্বয় সভার সভাপতি জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, “পশুবাহী ট্রাক, জরুরি সেবা ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ব্যতীত সকল পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান নিয়ে ঈদের আগে ১৪ জুন থেকে ঈদের পরে ২০ জুন পর্যন্ত মোট ৬ দিন ফেরি পারাপার বন্ধ থাকবে। রাতে সব ধরনের বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী লঞ্চে কোনো প্রকার মালামাল বহন করা যাবে না এবং ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী যাত্রীবাহী লঞ্চে মালামাল বহন করা যাবে না। ঈদযাত্রায় ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। ঘাট এলাকায় বাসের ভাড়ার মূল্য তালিকার চার্ট টানিয়ে দিতে হবে। যাত্রীদের সুবিধার্থে ঘাট এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ঘাট এলাকায় সার্বক্ষণিক আলোকসজ্জার ব্যবস্থা থাকবে”।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার বলেন, “ঈদযাত্রাকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাট এলাকায় চাঁদাবাজি ও দালাল চক্রের দৌরাত্ম থাকবে না। পশুবাহী ট্রাক যাতে নির্বিঘ্নে পার হতে পারে সে ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া আছে। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি”।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলেন, “আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৮টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। দৌলতদিয়া প্রান্তের ঘাট সচল থাকবে ৩টি”।
সমন্বয় সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্দু চন্দ্র বিশ্বাস, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি জুয়েল রানা, রাজবাড়ী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান হাসান, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরিদ উদ্দিন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ অফিসার ডা. মো. নুরুল ইসলাম তালুকদারসহ অন্যান্যরা।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন, সদর থানার ওসি (তদন্ত) এসরাকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিআইডব্লিউটিসির প্রতিনিধি, সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
-

এবারের বাজেট সাধারণ মানুষের জীবযত্রাকে সহজ করবে: অর্থমন্ত্রী
www.HelloBangla.News – অর্থনীতি – ৬ জুন, ২০২৪: এবারের বাজেট সাধারণ মানুষের জীবযত্রাকে সহজ করবে, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, “যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট”।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওয়ানা দেন তিনি। এসময় সাংবাদিকদের সঙ্গে বাজেট প্রসঙ্গে কথা বলেন তিনি। সকাল পৌনে ১১টায় সংসদে পৌঁছান তিনি।
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি দেশের ১৮তম অর্থমন্ত্রী। আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম বাজেট পেশ করবেন। এটি দেশের ৫৩তম বাজেট।
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে ৫ হাজার ৭৮৫ কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। তবে অনুদানসহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছর ৪ হাজার ৪০০ কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে।
ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। বৈদেশি ঋণ পরিশোধ করা হবে ৩৬ হাজার ৫০০ কোটি টাকা। এতে নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে ৯০ হাজার ৭০০ কোটি টাকা।
অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি, যার ৭২ হাজার ৬৮২ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ এবং ৬৪ হাজার ৮১৮ কোটি টাকা স্বল্পমেয়াদি। ব্যাংকবহির্ভূত ঋণ নেওয়া হবে ২৩ হাজার ৪০০ কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।
-

চতুর্থ ও শেষ ধাপে উপজেলা নির্বাচনে যারা বিজয়ী হলেন
www.HelloBangla.News – জাতীয় – ৬ জুন, ২০২৪: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের পর গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।
৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে চতুর্থ ধাপের ভোটগ্রহণ হেয়েছে। এরমধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু হয়।
চতুর্থ ধাপে ৩৪ দশিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচনে ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো:
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।
নবীনগর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুখ আহমেদ।
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম রফিক।
কিশোরগঞ্জ: জেলার বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রেজাউল হক কাজল বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে গোলনাহার বিজয়ী হয়েছেন।
কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আবুল হোসেন লিটন বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ নুরে আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. লিপি আক্তার বিজয়ী হয়েছেন।
অপরদিকে ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল মনসুর বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা ইয়াসমিন বিজয়ী হয়েছেন।
রাজশাহী: বাঘা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লায়েব উদ্দিন লাভলু এবং চারঘাট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদুল হাসান।
যশোর: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ চাকলাদার ফন্টু। ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাশিনুর নাহার বিজয়ী হয়েছেন।
সিলেট: জকিগঞ্জে বহাল রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুস ছবুর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা আক্তার বিজয়ী হয়েছেন।
আর কানাইঘাটে প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলাশ। ভাইস চেয়ারম্যান পদে হাফিজ মাওলানা আলতাফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা জাহান জয়ী হয়েছেন।
বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারজানা বিনতে ওহাব নির্বাচিত হয়েছেন। বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বাবুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানও ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে ওবায়দুল হক জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিফাত হোসেন তাপসী নির্বাচিত হয়েছেন।
উজিরপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান ইকবাল। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোসা. মোর্শেদা পারভীন।
বানারীপাড়া উপজেলার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমিন জাহান পলি নির্বাচিত হয়েছেন।
খুলনা: দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন এবং রূপসা উপজেলায় এস এম হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনা: কেন্দুয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোফাজ্জল হোসেন ভূঁঞা বিজয়ী হয়েছেন।
বগুড়া: নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।
ধুনট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুহম্মদ আসিফ ইকবাল সনী। ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন ও সুলতানা জাহান বিজয়ী হয়েছেন।
ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ব্যবসায়ী কাজী মনিরুল হক বিজয়ী হয়েছেন।
ভোলা: ভোলার মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. জাকির হোসেন। চরফ্যাশন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে জয়নাল আবেদিন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও সখীপুরে মুহম্মদ আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। এছাড়া বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ: সায়হাম গ্রুপের কর্ণধার সৈয়দ মো. শাহজাহান টানা তৃতীয়বারের মতো হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জেলার চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া সৈয়দ লিয়াকত হাসান।
ফেনী: জেলার ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিবি জুলেখা শিল্পী।
সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মতিন চৌধুরী। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
রায়গঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাম হোসেন শুভন সরকার।
ময়মনসিংহ: জেলার গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ এস এম মুজিবুর রহমান। আর নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেশমা আক্তার।
নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শফিউল আলম। আর মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন তাসলিমা বেগম।
ভালুকা উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন মো. রফিকুল ইসলাম।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হুমায়ূন আহমেদ। আর নারী ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন মাহমুদা সুলতানা মুন্নি।
সুনামগঞ্জ: জেলা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খায়রুল হুদা চপল।
শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন সাদাত মান্নান অভি। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
মধ্যনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া। তিনি উপজেলা আওয়ামী লীগ নেতা।
-

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৯ জন
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ জুন, ২০২৪: ইসরায়েলি হামলায় এবার গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজার একটি স্কুল ভবনে জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত বাস্তুচ্যুত লোকদের একটি আশ্রয়কেন্দ্রে যুদ্ধবিমান থেকে হামালা চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গোয়েন্দাতথ্যের ভিত্তিতে তারা হামাসের একটি কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে ‘বেশ কিছু সন্ত্রাসী’ কে নির্মূল করেছে যারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছিল।
ইসরায়েল বলছে, ‘হামাসের সন্ত্রাসী’রা স্কুলটিকে ব্যবহার করে তাদের ‘সন্ত্রাসী’ কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বলছে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এই হামলার আগে এরিয়াল সার্ভিলেন্স এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে।
আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কমপক্ষে ৩৯ নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে, আহতদের এখনও হাসপাতালে আনা হচ্ছে, ফলে হতাহতে সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে আসছে। এত প্রায় ৩৭ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই অবস্থায় বিশ্বের শান্তিকামী দেশগুলো যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। বিষয়টি বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

