Category: লিড নিউজ

  • দেশে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

    দেশে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
    আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
    দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে সংবর্ধনা জানানো হয়েছে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিমানবন্দরে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
    আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক রাতেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন।
    তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি তারা পরে দায়িত্ব নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
    ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে বলে মঙ্গলবারই নিশ্চিত হওয়া যায়। তার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের চার ঘণ্টার বেশি সময় ধরে একটিন বৈঠক হয়। ওই বৈঠকেই ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মনোনীত করা হয়।

  • নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

    নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান।
    আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আদেশে তার নিয়োগের কথা জানানো হয়।
    আদেশে বলা হয়, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো.আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।
    এর আগে বুধবার পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
    ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। একই সালের ০৮ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

  • কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্যরা

    কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্যরা

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছিলেন পুলিশপ্রধান মো. ময়নুল ইসলাম। তার সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের অনেকেই কর্মস্থলের যোগ দিতে রওনা হয়েছেন।
    পুলিশ সদস্যরা যাতে নিরাপদে কর্মস্থলে উপস্থিত হতে পারেন সেজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ তাদের সর্বাত্মক সহযোগিতা করছেন।
    আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এ বার্তা জানানো হয়।
    বার্তায় বলা হয়, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য যে আহ্বান জানানো হয়েছিল সেটির প্রেক্ষিতে তারা কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
    তাদেরকে আসার পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
    একইসঙ্গে কর্মস্থলে আসার পথে পুলিশ সদস্যরা বাধার সম্মুখীন হচ্ছেন বলে প্রচারিত সংবাদের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
    এর আগে, বুধবার (৭ আগস্ট) আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের সব ইউনিটের সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশনা দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

  • দেশের পথে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস

    দেশের পথে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: ঢাকার উদ্দেশে রওনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। । বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

    বাংলাদেশ সময় বুধবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

    এর আগে গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্রান্স থেকে স্যার রওনা দেবেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ড. মুহাম্মদ ইউনূস।

    বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরই নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

    আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    সেনাপ্রধান বলেন, ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।

  • মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

    মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ আগস্ট, ২০২৪: পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

    তার ছেলে সুচেতন ভট্টাচার্যস্থানীয় জানান, আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক বুদ্ধদেব ভট্টাচার্য ।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব।

    ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। বেশ কয়েক দিন তাকে ভেন্টিলেশন (ইনভেনসিভ) সাপোর্টে রাখেন চিকিৎসকেরা।

    বুদ্ধদেব নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে প্রথম কয়েক দিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব। তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন। ১২ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে।

    দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় (সিওপিডি) ভুগছিলেন বুদ্ধদেব। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দিই ছিলেন। আগেও একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে।

    অবশেষে বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে কলকাতার বালিগঞ্জের পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    ১৯৪৪ সালে উত্তর কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেন।

  • পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

    পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

    www.HelloBangla.News – জাতীয় – ৮ আগস্ট, ২০২৪: পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ।

    আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাষ্ট্রপতি বরাবরে তিনি এ পদত্যাগপত্র দেন।

    ২০২০ সালের ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এস এম মুনীর। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ছিলেন।

    এর আগে গতকাল বুথবার পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

    ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। পরবর্তীতে একই সালের ০৮ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। মৌলভীবাজারের সন্তান এ এম আমিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ছিলেন।

    গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরের দিন গতকাল ৬ আগস্ট পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

  • আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না

    আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না

    www.HelloBangla.News – অর্থনীতি – ৮ আগস্ট, ২০২৪: নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট)  ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এক অ্যাকাউন্ট থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে, এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে।

    বুধবার রাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

    বার্তায় বলা হয়েছে, এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

    কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

    জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত  নেয় বাংলাদেশ ব্যাংক।

    এ ছাড়া  শুধু  আজকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।

    এ সব নির্দেশ শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।

  • ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ আগস্ট, ২০২৪: ক্রিকেটে ভারতের আধিপত্য যেন হঠাৎ পতনের দিকে। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে রোহিতরা। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। অথচ দেশের মাটিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ১১০ রানের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কা। এই জয়ে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল অভিস্কারা।

    কলম্বোতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ২৬ ওভার ১ বলে ১৩৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ২-০ তে সিরিজ জিতল স্বাগতিকরা।

    ২৪৯ রানের লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা। তবে অন্যদিকে ধীর গতির ছিলেন শুবমান গিল। পঞ্চম ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হন, ভারত তার আগেই তুলে ফেলে ৩৭ রান। এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি।

    দুই ওপেনারের বিদায়ের পর ভারত উইকেট হারিয়েছে নিয়মিত। টপ অর্ডারে কেউ স্কোর বড় করতে পারেননি, মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি কেউ। রোহিতের ২০ বলে ৩৫ রানই হয়ে থেকেছে ভারতের ইনিংসে সর্বোচ্চ স্কোর।

    ভারতের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন দুনিত ভেল্লালাগে। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২৭ রানে নেন ৫ উইকেট।

    এর আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা হয় বেশ ভালো। নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডোর ওপেনিং জুটিতেই আসে ৮৯ রান। ৬৫ বলে ৪৫ রান করে নিশাঙ্কা ফেরার পর কুশল মেন্ডিসের সঙ্গে আভিস্কার জুটিতে আসে আরও ৮২ রান।

    এরপরই শ্রীলঙ্কা ইনিংসে নামে ধস। ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে তারা। যার শুরুটা হয় আভিস্কার উইকেট দিয়ে। অভিষিক্ত রিয়ান পরাগের বলে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে এলবিডব্লু হন তিনি। একদিকে কুশল মেন্ডিস  (৮২ বলে ৫৯) অবশ্য টিকে ছিলেন, আরেক মেন্ডিস, কামিন্দুর সঙ্গে শ্রীলঙ্কাকে ২৫০-এর কাছে নিয়ে যান।

  • ইসরায়েলি বর্বর হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি বর্বর হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ আগস্ট, ২০২৪: ইসরায়েলি বর্বর হামলায় অবরুদ্ধ গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৬৭০ ছাড়িয়ে গেছে।

    এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

    জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬৭৭ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯১ হাজার ৬৪৫ জন ব্যক্তিও আহত হয়েছেন।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

  • বর্তমান অস্থিরতা দূর করেতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

    বর্তমান অস্থিরতা দূর করেতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: দেশে ছড়িয়ে পড়া বর্তমান অস্থিরতা দূর করে পুলিশকে মানুষের আস্থায় ফেরাতে এবং চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যেন উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আজ বুধবার (৭ আগস্ট)পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশ দেন তিনি।

    পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।

    যেকোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।