Category: লিড নিউজ

  • বাংলাদেশ ও সিয়েরা লিওনের মধ্যে সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা

    বাংলাদেশ ও সিয়েরা লিওনের মধ্যে সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা

    www.HelloBangla.News – জাতীয় – ২০ সেপ্টেম্বর, ২০২৩: গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং সিয়েরা লিওনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী তিমোথি মুসা কাব্বা দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করার সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

    আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কৃষিখাতে সার্বিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অভূতপূর্ব সাফল্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। এসময় তাঁর দেশের এসব খাতে উন্নয়নের জন্য তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

    তিনি সিয়েরা লিওনে বাংলাদেশ থেকে পাঠানো জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

    পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাকে সিয়েরা লিওনের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সিয়েরা লিওনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক ভালোবাসা রয়েছে।

    তিনি বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু  কৃষি খাত নয়, তৈরিপোষাক, ফার্মাসিউটিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি সাধন করেছে।

    ড. মোমেন বলেন, বাংলাদেশ কৃষিখাত ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সিয়েরা লিওনকে সহায়তা করতে আগ্রহী।

    সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশে বাংলাদেশের মিশন স্থাপনের জন্য অনুরোধ জানান।

    ড. মোমেন জানান, আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ কাজ করে যাচ্ছে এবং এ ব্যাপারে অনেকগুলো উদ্যোগও নেয়া হয়েছে।

    পরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীকে ব্যবসায়ী প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

    সূত্র: বাসস

  • প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন

    প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২০ সেপ্টেম্বর, ২০২৩: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মঙ্গলবার তিনি চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

    তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে এখানে জাতিসংঘ সদর দফতরে স্পেন এবং ইউরোপীয় কাউন্সিল আয়োজিত ‘টুওয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন।

    প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ক্রেডিট রেটিং সিস্টেম পর্যালোচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, কারণ, এটি বর্তমানে অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য তহবিলের সুবিধা সীমিত করেছে।

    তিনি বলেন, ‘আমরা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে একমত যে বৈশ্বিক ক্রেডিট রেটিং সিস্টেম অবশ্যই পর্যালোচনা করা উচিত। বর্তমান রেটিং সিস্টেম অনেক নিম্ন এবং মধ্যম আয়ের দেশের জন্য তহবিলের সুবিধাকে আরও সীমাবদ্ধ করে দিয়েছে।’

    শেখ হাসিনা বলেন, তাদের ভোটাধিকার, কোটা এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক (এমডিবিএস) এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে (আইএফআইএস) প্রতিনিধিত্বের সীমা তাদের দর কষাকষির ক্ষমতাকেও ক্ষুন্ন করে।

    তিনি বলেন, “আমরা প্রায়শই আন্তর্জাতিক পাবলিক ফাইন্যান্সগুলোকে ব্যয়বহুল এবং নাগালের বাইরে দেখতে পাই। ঋণের ঝামেলা এড়াতে আমরা উচ্চ-সুদের ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করি। বাংলাদেশ কখনই এর ঋণ পরিশোধে খেলাপি হয়নি এবং আমরা সেই রেকর্ড বজায় রাখার আশা করি।”

    আন্তর্জাতিক ফাইনান্সিয়াল-আর্কিটেকচারের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব করা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো দেশের উন্নয়ন বিবরণী দেখায় যে, আমরা আমাদের অংশ করতে পারি।

    তিনি বলেন, ‘আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার জন্য আমাদের প্রত্যাশার প্রতি সায় দেওয়ার সময় এসেছে।’

    তিনি আরও বলেন, ‘আমরা স্বীকার করি যে আন্তর্জাতিক ফাইনান্সিয়াল-আর্কিটেকচারের জরুরী সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কারের প্রকৃতি ও পরিধির বিষয়ে এগ্রিমেন্টের ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে। আর এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ।’

    মহাসচিবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি মৌলিক পরিবর্তন প্রয়োজন।’

    এ লক্ষ্যে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব পেশ করেন। প্রথম প্রস্তাবে তিনি বলেন, এমডিবি, আইএফআই এবং বেসরকারি ঋণদাতা সংস্থাগুলোকে তাদের অগ্রাধিকারগুলো পুনরায় সাজাতে হবে এবং এসডিজি বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলার জন্য অতিরিক্ত তহবিল সংগ্রহ করতে হবে।

    দ্বিতীয়ত এবং তৃতীয় দফা সম্পর্কে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বল্প ব্যয়ে, রেয়াতি হারে তহবিলের পর্যাপ্ততা প্রয়োজন এবং পছন্দসই উচ্চমানের বিপুল পরিমাণে অনুদান এবং সমস্ত ঋণদানের উপকরণগুলোতে দুর্যোগের ধারা থাকতে হবে যাতে দুর্বল দেশগুলো সংকটকালের ধাক্কা সামলাতে পারে।

    চতুর্থ দফা সম্পর্কে তিনি বলেন, ‘ঋণদাতাদের মধ্যে স্বচ্ছতা ও সমন্বয়ের ভিত্তিতে ন্যায্য ও কার্যকর ঋণ হিসেবে ত্রাণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে।’

    পঞ্চম এবং শেষ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, কোটার পরিবর্তে এসডিআর ঋণের সীমা প্রয়োজন এবং সীমাবদ্ধতার ভিত্তিতে সহজ ঋণ প্রক্রিয়ার  মাধ্যমে হওয়া উচিত।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে তার সুষ্ঠু সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য সুনাম কুড়িয়েছে।

    তিনি বলেন, ‘মহামারীর ঠিক আগে আমাদের অর্থনীতি ৮.১৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল। স্বাস্থ্য, জীবনযাত্রার ব্যয় এবং জলবায়ু সংকট আমাদের অর্থনীতিকে চাপের মধ্যে ফেলেছে।’

    প্রধানমন্ত্রী বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্যাকেজ নিয়ে আলোচনা করেছে।

    তিনি বলেন, ‘আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেনে ভারসাম্য এবং আমাদের উন্নয়ন ব্যয় বজায় রাখার চেষ্টা করছি।’

    তিনি বলেন, ‘আমরা আমাদের দারিদ্র্যের হার ৪১.৯ শতাংশ থেকে ১৮.৭ শতাংশে এবং চরম দারিদ্র্যের মাত্রা ২৫.৫ শতাংশ থেকে ৫.৬ শতাংশে নামিয়ে এনেছি।’

    এই সভা আহ্বান করায় শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের সভাপতিকে ধন্যবাদ জানান।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক অ্যামবেসেডর সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

    সূত্র: বাসস

  • চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে রয়্যাল এ্যান্টওয়ার্পকে

    চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে রয়্যাল এ্যান্টওয়ার্পকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ সেপ্টেম্বর, ২০২৩: বার্সেলোনার গতি আর ছন্দের কাছে দাঁড়াতেই পারেনি রয়্যাল এ্যান্টওয়ার্পক। ফলে চ্যাম্পিয়নস লিগের খেলায় ৫-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। হুয়াও ফেলিক্স করেছেন দুটি গোল।

    টানা দুই মৌসুম গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বার্সেলোনা এবার অন্তত আরো সামনে এগিয়ে যাবার জন্য মুখিয়ে আছে। সর্বশেষ আট বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বার্সা।

    ফেলিক্সের পাশাপাশি কার স্কোরশিটে নাম লিখিয়েছেন রবার্ট লিওয়ানদোস্কি ও গাভি। বাকি গোলটি হয়ে আত্মঘাতি। বার্সা মিডফিল্ডার ফ্রেংকি ডি জং ম্যাচ শেষে বলেছেন, ‘হুয়াও ফেলিক্সের মধ্যে অসাধারণ কিছু গুণ রয়েছে। প্রতিভাবান এই স্ট্রাইকার ইতোমধ্যেই যার প্রমান দিয়েছে। আশা করছি এভাবেই সে এগিয়ে যাবে। এমন ভাবে যদি সে ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে সেটা আমাদের জন্যই লাভ হবে।’

    বার্সেলোনার ক্লাব ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত জেতা চারটি শিরোপার সর্বশেষটি জিতেছিল ২০১৫ সালে। ঐ সময় বর্তমান কোচ জাভি হার্নান্দেজ ছিলেন মধ্যমাঠের কান্ডারি। জাভি বলে ঐ শিরোপাগুলো এখন ক্লাবের জন্য অনেক ভারি মনে হয়। ইউরোপের সাম্প্রতিক পারফরমেন্সে বেশ কিছুদিন ধরে বার্সেলোনা দারুন চাপের মধ্যে আছে।

    মার্ক ফন বোমেলের বেলজিয়ান জায়ান্ট এ্যান্টওয়ার্প প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ধারে দুই পর্তুগীজ তারকা ফেলিক্স ও হুয়াও ক্যান্সেলোকে দলে ভিড়িয়ে বার্সেলোনা অনেকটাই বদলে গেছে। পরপর দুই ম্যাচে পাঁচ গোলের বড় জয়ে এই দুই পর্তুগীজ সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। শনিবার লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচটিতে ফেলিক্স ও ক্যান্সেলো উভয়ই গোল পেয়েছেন।

    গতকাল ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ১১ মিনিটে ইকে গুনডোগানের সহযোগিতায় দারুন ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেলিক্স। আট মিনিট পর ডি জংয়ের ক্রসে ব্যবধান দ্বিগুন করেন লিওয়ানদোস্কি। পোলিশ এই অভিজ্ঞ স্ট্রাইকারের এটি শততম ইউরোপীয়ান গোল। ২২ মিনিটে রাফিনহার ক্রস ডিফ্লেকটেড হয়ে জেলে বেটালের আত্মঘাতি গোলে পরিণত হলে ৩-০ গোলের লিড পায় স্বাগতিকরা।

    দ্বিতীয়ার্ধের শরুতে গাভি শক্তিশালী শটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। ৬৬ মিনিটে আবারো রাফিনহার ক্রসে ফেলিক্স গোল করলে বড় জয় নিশ্চিত হয় কাতালানদের।

    ৬৮ মিনিটে ফেলিক্সের স্থানে বদলী বেঞ্চ থেকে জাভি মাঠে নামান ১৬ বছর বয়সী তরুন তুর্কি লামিন ইয়ামালকে। এর মাধমে ইউরোপীয়ান ফুটবলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ট খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছে লামিনের। স্প্যানিশ এই উইঙ্গার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও প্রায় করে ফেলেছিলেন। কিন্তু তার শট এ্যান্টওয়ার্প গোলরক্ষক জিন বুটেজকে পরাস্ত করলেও সাইড নেটে গিয়ে আঘাত করে।

    আগামী মাসের শুরুতে পরবর্তী ম্যাচে পোর্তো সফরে যাবে বার্সেলোনা। কঠিন চ্যালেঞ্জের আগে অবশ্য ২০২১ সালে লিওনেল মেসি বিদায়ের পর এই প্রথম বার্সেলোনাকে মানসিক ভাবেও কিছুটা চাঙ্গা মনে হয়েছে।

    সূত্র : বাসস

  • রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

    রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জরুরিভাবে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    তিনি আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর ৭তম অংশীদারিত্ব সভা-২০২৩ উদ্বোধনকালে তাঁর এ আহ্বান পুনর্ব্যক্ত করেন।

    তিনি বলেন, ‘বাংলাদেশ প্রায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১২ লাখ মানুষকে আশ্রয়, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আতিথ্য করছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।’

    রাষ্ট্রপতি বলেন, এটা বোঝা অপরিহার্য যে, এই সমস্যার (রোহিঙ্গা আগমন) ভার বাংলাদেশের কাঁধেই কেবল বর্তানো উচিত নয়।

    রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং টেকসই প্রত্যাবাসন শুরু করতে আরও বিলম্ব এবং মানবিক সহায়তার অভাব সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে আশঙ্কা করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে তার উৎসস্থলে এই সমস্যার একটি টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

    সাহাবুদ্দিন সংশ্লিষ্ট সকলকে চলমান উন্নয়ন সম্পর্কে সচেতন থাকতে বলেছেন, কারণ এটি (উন্নয়ন) একটি অভিন্ন দায়িত্ব হিসেবে সবার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

    অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বিডিআরসিএস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব, আইএফআরসি ও রেড ক্রিসেন্ট সোসাইটির এশিয়া প্যাসিফিক আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান এগনেস ধুর ও বিডিআরসিএস মহাসচিব কাজী শফিকুল আজম বক্তব্য রাখেন।

    এছাড়া বিডিআরসিএসের ভাইস-চেয়ারম্যান মো. নুর-উল-রহমান, কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম, পরিচালনা বোর্ডের সদস্য ও সংসদ সদস্য অ্যারোমা দত্ত এবং পরিচালক (আইনি বিষয়ক) এনাতুল্লাহ আকরাম, কূটনীতিক, আইএফআরসি, আইসিআরসি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং কর্পোরেট সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, এই বছরের অংশীদারিত্ব সভাটি ইতিহাসের একটি অনন্য সন্ধিক্ষণ কারণ, বিশ্ব এখন সবচেয়ে গুরুত্বপুর্ণ হয়ে ওঠা সাম্প্রতিক কভিড-১৯ মহামারি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মুখোমুখি।

    জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক সংকট হিসেবে অভিহিত করে রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি মেনে চলার এবং বাংলাদেশের মতো দুর্বল দেশগুলোকে সহায়তা প্রদানের আহ্বান জানান।

    বিডিআরসিএস, মানবিক ক্ষেত্রে সরকারের সহায়ক এবং আন্তর্জাতিক ফেডারেশন রেড ক্রস সোসাইটি (আইএফআরসিএস) এবং রেড ক্রিসেন্ট মুভমেন্টের সদস্য হিসাবে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্বল সম্প্রদায়ের মধ্যে স্থিতিস্থাপকতা তৈরির লক্ষ্য অর্জনে দুর্যোগ মোকাবেলা সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।

    বিডিআরসিএস ২০১৭ সাল থেকে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে এবং পরে নোয়াখালী জেলার ভাসানচরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত সে দেশের নাগরিকদের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

    রাষ্ট্রপতি আরও বলেন, ‘অগুণতি চ্যালেঞ্জের মুখে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭০ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর এবং সাম্প্রতিক বিশ্বব্যাপী মহামারি কভিড-১৯ প্রাদুর্ভাবকালে এবং বিভিন্ন সময়ে স্থিতিস্থাপকতা তৈরিতে অমূল্য ভূমিকা পালন করেছে।’

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ২০০৯ সালের জানুয়ারি মাসে শুরু হয় এবং বর্তমান সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘ভিশন-২০২১’ এবং ‘ভিশন-২০৪১’ এবং ‘স্মার্ট বাংলাদেশ’-এর মতো কৌশল গ্রহণ করেছে যা উন্নয়ন এবং প্রবৃদ্ধিতে অনুঘটকের মতো কাজ করেছে।

    বিডিআরসিএস-এর সভাপতি হিসেবে সাহাবুদ্দিন জাতীয় এবং আন্তর্জাতিক উভয় অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা রেড ক্রিসেন্টের মিশনে পাশে দাঁড়িয়েছে।

    তিনি বাংলাদেশ এবং সমগ্র মানবতার জন্য সম্মিলিতভাবে একটি উজ্জ্বল এবং আরও স্থিতিস্থাপক ভবিষ্যত গড়ে তোলার লক্ষে ফলপ্রসূ এই অংশীদারিত্বের বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানে ‘হু উই আর’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই প্রামাণ্যচিত্রটির রচিত বিডিআরসিএসের বিভিন্ন মানবিক ও উন্নয়নমুখী কর্মকান্ডের উপর ভিত্তি করে।

    সূত্র: বাসস

  • স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক

    স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: সকলের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেছেণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার’র মহাপরিচাল ট্রিড্রোস আধানম গেব্রিয়াসিস। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ডব্লিউএইচও’র মহাপরিচাকের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি বহিত করেন। তিনি আরও বলেন, টেড্রোস আধানম গেব্রিয়াসিস স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করায় সরকারের গৃহীত পদক্ষেপের দৃষ্টান্ত স্থাপন করেছে।

    নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাত্যহিক কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘ডব্লিউএইচও’র মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ গ্রহণের ভূয়সী প্রশংসা করেন।’

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ভাবন। সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ওষুধ পাচ্ছেন।

    তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। সুতরাং, এতে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে।’

    মোমেন বলেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশগুলোর সাথে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে চায়।

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

    সূত্র: বাসস

  • খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞার কারণে তিন দেশের বিরুদ্ধে ইউক্রেনের মামলা

    খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞার কারণে তিন দেশের বিরুদ্ধে ইউক্রেনের মামলা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: স্লোভাকিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরি এই তিন প্রতিবেশী দেশের বিরুদ্ধে মামলা করেছে ইউক্রেন। করণ এই তিনি দেশ কিয়েভ থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মামলাটি দায়ের করা হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে।

    আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, রুশ আগ্রসনের শিকার এই দেশটির অভিযোগ, ইউক্রেনের ইইউ প্রতিবেশীদের এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন।

    অবশ্য এসব দেশ বলছে, সস্তায় শস্য আমদানির প্রভাব থেকে নিজেদের কৃষকদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের প্রধান লেন বন্ধ হয়ে যায় এবং এর জেরে স্থলপথে বিকল্প রুট খুঁজতে বাধ্য হয় ইউক্রেন। এর ফলে মধ্য ইউরোপে প্রচুর পরিমাণে শস্য ঢুকতে থাকে।

    আর এর জেরে সেসব দেশের কৃষকরা তখন থেকেই প্রতিবাদ-সমাবেশ করে আসছেন। তাদের অভিযোগ, ইউক্রেনীয় শস্যের চালান তাদের ক্ষতি করছে এবং স্থানীয় বাজারকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে।

    আর সেই চাপের ফলে ২৭-সদস্যের ইইউ ব্লক চলতি বছরের শুরুতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও সেইসাথে বুলগেরিয়া এবং রোমানিয়াতে ইউক্রেনের শস্য আমদানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছিল।

    সময়সীমার শেষ হওয়ার দিনে ইইউয়ের নির্বাহী সংস্থা হিসেবে ইউরোপীয় কমিশন এই নিষেধাজ্ঞার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বুদাপেস্ট, ওয়ারশ এবং ব্রাতিস্লাভার সরকার ইউরোপীয় কমিশনের এই পদক্ষেপ মানতে অস্বীকার করে এবং শস্য আমদানির বিষয়ে তাদের নিজস্ব বিধিনিষেধ ঘোষণা করে।

    পরে সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ইউক্রেন। এদিন ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো এক বিবৃতিতে বলেন, ‘আমাদের জন্য এটি প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, (ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের বাইরে) ব্লকের সদস্য রাষ্ট্রগুলো পৃথকভাবে ইউক্রেনের পণ্য আমদানি নিষিদ্ধ করতে পারে না।’

    তিনি আরও বলেন, ‘তাই আমরা তাদের (স্লোভাকিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরি) বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে মামলা করছি।’

    স্ভিরিডেনকো আরও বলেছেন, একতরফা নিষেধাজ্ঞার কারণে ইউক্রেনীয় রপ্তানিকারকরা ‘ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন’।

     

    অবশ্য পোল্যান্ড বলেছে, তারা সকল কিছু অগ্রাহ্য করে শস্য আমদানির বিষয়ে আরোপিত এই নিষেধাজ্ঞা তারা বজায় রাখবে। পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বলেছেন, ‘আমরা আমাদের অবস্থান বজায় রাখছি, আমরা মনে করি এটিই সঠিক। অর্থনৈতিক বিশ্লেষণ এবং ইইউ ও আন্তর্জাতিক আইন থেকে প্রাপ্ত ক্ষমতার ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

    এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থায় দায়ের করা এই মামলা পোল্যান্ডকে প্রভাবিত করতে পারবে না বলেও জানান তিনি।

    এদিকে নিজেরা আমদানি না করলেও পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এখনও ইউক্রেনীয় শস্য তাদের দেশের ভেতর দিয়ে অন্যান্য বাজারে পরিবহনের অনুমতি দিচ্ছে।

    বিশ্ববাজারে সূর্যমুখী তেল, গম, বার্লি এবং ভুট্টার মতো ফসলের বিশ্বের বৃহত্তম সরবরাহকারী দেশ হচ্ছে ইউক্রেন। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন এবং ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর অবরোধের ফলে দেশটির রপ্তানিযোগ্য প্রায় ২০ মিলিয়ন টন শস্য আটকে যায়। এর ফলে বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়ে যায়।

  • সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর।

    আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক শোক বার্তায় মন্ত্রী বলেন, স্ক্রিপ্ট রাইটার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক জাকী তার কাজের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে সালাহউদ্দিন জাকীকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।

    ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’র জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। চলচ্চিত্রে অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক পান তিনি।

    পরে ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

    ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন।

    সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। কানাডা থেকে তাদের দেশে ফেরার পর বরেণ্য এই পরিচালকের দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

    উল্লেখ্য যে, সালাহউদ্দীন জাকী বিটিভির মহাপরিচালক থাকাকালিন সময়ে, মঞ্চ নাটক সরাসরি সম্প্রচার শুরু হয়। উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবসাড ধারার নাটকের পূরধা, প্রয়াত সাঈদ আহমদ।

  • বংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলার টিকিটের মূল্য নির্ধারণ

    বংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলার টিকিটের মূল্য নির্ধারণ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অবশ্যই গুরুত্বপূর্ণ। এই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    খেলার সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখতে পারবে দর্শকরা। এই মূল্য শুধু ইস্টার্ন স্ট্যান্ডের জন্য। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুণতে হবে ৩০০ টাকা। আর ক্লাব হাউজে বসে খেলা দেখতে ৫০০ টাকা গুণতে হবে দর্শকদের। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১০০০ টাকা। আর সর্বোচ্চ ১৫০০ টাকা মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

    মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। আগামীকাল থেকে শুরু হবে বিক্রি। এদিন দর্শকরা সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।

    এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ‍ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তার জায়গায় নেতৃত্ব দেবেন লিটন দাস। এই সিরিজ দিয়ে ফিরছেন তামিম ইকবাল, স্কোয়াডে আছেন সৌম্য সরকারও। এছাড়া ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

    নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান. সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

    খেলায় তামিম ও মাহমুদউল্লার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা তারা দলে ফিরলে দলের শক্তি অনেক বেড়ে যাবে । আশা করা যাচ্ছে বাংলাদেশের শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের যোগ্যতা অনুসারেই খেলবে এবং সিরিজ জয় করবে।

  • ক্রিকেটার তানজিম ক্ষমা চেয়ে নিয়েছেন

    ক্রিকেটার তানজিম ক্ষমা চেয়ে নিয়েছেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: তানজিম হাসান সাকিব এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে প্রথম আঘাত হেনেছিলেন। প্রথম দুই উইকেট নিয়েছিলেন। বলা যায় জয়ের ভীত রচনা করেছিলেন তিনি।ভারতকে হারানো মানে অনেক কিছু।বিশ্বের প্রথম সারির টিমগুলো তানজিমকে নিয়ে ভাবতে শুরু করেছিলো। কিভাবে তাকে মোকাবেলা করা যায় সেটার গবেষণায় অনেকে ল্যাপটপ সামনে সময় দিয়েছে। বুঝার চেষ্টা করেছে তার বোলিং একশনের মূল জাদুটি। তানজিম আমাদের অহংকার হয়ে উঠেছিলো মাত্র একটি খেলার মাধ্যমে। কিন্তু মাঠের বাইরে তার কিছু ব্যক্তিগত মতামত অনেকের কাছে তিনি নায়ক থেকে খলনায়কে পরিনত হয়েছিলেন। তাকে নিয়ে জড় বয়ে যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে তানজিম নিজের ভুল স্বীকার করেছেন। অনুতপ্ত হয়েছেন।বিষয়টি বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

    কিন্তু কি ছিলো তানজিনের অপরাধ সেটাই আগে জেনে নেওয়া যাক। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়। আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ।

    তার এই ধরনের পোস্টে ক্রিকেটপ্রেমীরা দারুণ ক্ষুব্ধ। অনেকে তরুণ এই ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছেন। তবে অনেকে তার পক্ষেও মতামত দিয়েছেন।

    এই পোস্ট নিয়ে ভুল স্বীকার করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির পক্ষ থেকে ভবিষ্যতের জন্যও এই ক্রিকেটারকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এই উর্ধ্বতন কর্মকর্তা।

    আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই আলোচনায় তরুণ পেসার তানজিম হাসান সাকিব। স্বাভাবিকভাবেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছিলেন ২০ বছর বয়সী এই পেসার।

    তবে গত কয়েক দিনে পুরনো কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই ক্রিকেটার। নারী বিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে তানজিম সাকিবকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলছেন কেউ কেউ। বিসিবির তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

    এরই প্রেক্ষিতে গণমাধ্যমকে আজ জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে…। এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত।’

    ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোনো ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।’–যোগ করেন ক্রিকেট অপারেশন্স প্রধান।

    ভবিষ্যতে এমন কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জালাল বলেন, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

    তানজিম ক্ষমা চেয়ে নিয়েছে । এটা আনন্দের বিষয়। কেননা সে উদীয়মান তরুণ ক্রিকেটার। যে রোহিতের মত ব্যাটম্যানকে আউট করেছে। ক্রিকেট প্রেমিকরা তার ক্ষমা চাওয়ার বিষয়টি খুব অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের সমর্থকরা চায় তানজিম এখন জাতীয় সংগিতের সুরে তার ঠোট মেলাকে। চোখ দিয়ে গড়িয়ে পড়বে অশ্রু। কেননা বাংলাদেশের জাতীয় সংগিত আমাদের প্রাণের সংগিত। শুধু তাই নয় পরিসংখ্যান বলছে ‘আমার সোনার বাংলা’ বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মধুরতম সংগিত।

  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ সেপ্টেম্বর, ২০২৩: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

    জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট (বিএ ১৫৯৩) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৪২ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

    এরআগে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০টা ১২ মিনিটে (বাংলাদেশ সময়) নিউইয়র্ক যাওয়ার পথে লন্ডনের উদ্দেশে যাত্রা করে।

    যাত্রা পথে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ ফ্লাইটের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চ-পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন। তিনি ২২ সেপ্টেম্বর (স্থানীয় সময়) দুপুর ১টা থেকে ২টার মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

    প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও যোগ দিবেন।সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সর্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন।

    এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন, অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্ব-শান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয়গুলো তুলে ধরবেন। ’