www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ সেপ্টেম্বর, ২০২৩ : ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে অন্তত ১১৩ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ অঞ্চলে এই ঘটনা ঘটে। ইরাকের জরুরি পরিষেবা সংস্থা ও স্থানীয় কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন।
নিনেভেহর ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রদেশটির গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তিনি মনে করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইএনএ’ নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্ণর হাসান আল-আলাকের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আজ বুধবার ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজার খানেক অতিথি ছিলেন।










