Category: লিড নিউজ

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

    রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

    www.HelloBangla.News – প্রযুক্তি – ০৫ অক্টোবর, ২০২৩: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি (নিউক্লিয়ার ফ্রেশ ফুয়েল) ইউরেনিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য হলো। সেই সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে উঠে এলো।

    এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপে উত্তরণ উপলক্ষ্যে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এ প্রকল্পে আমাদের দুই দেশের স্বার্থ জড়িত এবং এটি পরস্পরের সহযোগিতার ক্ষেত্রকে আরও গভীর করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে এবং রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

    আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ ইউরেনিয়াম হস্তান্তর করেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

    এ সময় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার(আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে।

    এ প্রকল্পের প্রথম ইউনিটের প্রথম ব্যাচের জ্বালানি গত ২৮ সেপ্টেম্বর রাশিয়া থেকে বিমানে দেশে আনা হয়। গেল ২৯ সেপ্টেম্বর এ জ্বালানি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। জ্বালানি হস্তান্তরে প্রকল্প সাইটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    প্রথম ব্যাচের এ ইউরেনিয়াম সাত ধাপে দেশে আনা হচ্ছে। বাকি ছয় ধাপেও জ্বালানি রাশিয়া থেকে দ্রুত এসে পৌঁছাবে। বৃহস্পতিবার আরও এক ধাপে আসার কথা রয়েছে। প্রায় প্রতি সপ্তাহেই ধাপে ধাপে ইউরেনিয়াম আনা হবে।

    বর্তমানে পৃথিবীর ৩২টি দেশে ৪৪৯টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। সেগুলো থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ মোট উৎপন্ন বিদ্যুতের প্রায় ১২ শতাংশ। ১৪টি দেশে আরও ৬৫টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। ২০২৫ সাল নাগাদ ২৭টি দেশে ১৭৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলমান।

    অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন পরমাণু বিজ্ঞানী ও প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর।

    এরপর পারমাণবিক জ্বালানি উৎপাদন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ব্যাচের হস্তান্তর সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়।

     

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। এরপর ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি।

    এদিকে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উপলক্ষে পুরো বিদ্যুৎকেন্দ্র এলাকা নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি রয়েছে।

  • কবি আসাদ চৌধুরী আর নেই

    কবি আসাদ চৌধুরী আর নেই

    www.HelloBangla.News – জাতীয় – ০৫ অক্টোবর, ২০২৩: বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরী (৮০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১টার) কানাডার টরন্টোর আসোয়া শহরের লেকরিচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দিকে কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।

    ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কবির জামাতা নাদিম ইকবাল।

    তিনি লেখেন, ‘মৃত্যু হায়নাদের মতো তাঁর পিঁছু লেগেছিল অনেকদিন ধরেই কিন্তু তিনি ছিলেন সিংহরাজ। সহজে হার মানেননি, তাঁর নামের অর্থও তাই।

    কবি আসাদ চৌধুরী বাংলাদেশের প্রধান কবিদের অন্যতম। তিনি তার আকর্ষণীয় বাচনভঙ্গী, টেলিভিশনে জনপ্রিয় সব অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য পরিচিত।

    এছাড়া তিনি তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করেও মানুষের মন জয় করেছেন। মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী এবং অণুবাদকর্মে তার অবদান প্রণিধানযোগ্য।

    ১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। এছাড়া একই বছর তিনি সম্পাদনা করেন বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু। ’

    কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন।

    কবির পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী ওরফে ধনু মিয়া ও মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম।

  • সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি

    সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৫ অক্টোবর, ২০২৩: বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সাহিত্যের প্রভাব অনেকটা কমে গেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে সাহিত্যে সবথেকে বেশি পুরস্কার পাওয়া দেশটির নাম ফ্রান্স। ফ্রান্সকে বলা হয় শিল্পের দেশ যদিও ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি।

    আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সাহিত্য শাখায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি।

    ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। চলতি বছর এ শাখার ১১৪তম পুরস্কার জয় করলেন জন ফসি।

    বুধবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে জুরিদের পক্ষ থেকে বলা হয়, ‘জন ফসি তার নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে তাদের ভাষা আমাদের সামনে তুলে ধরেছেন, যারা কথা বলতে অক্ষম।’

    সাধারণত প্রতি বছর একজন সাহিত্যিককে নোবেল পুরস্কারের জন্য চুড়ান্তভাবে মনোনীত করে নোবেল কমিটি। ইতিহাসে মাত্র চারবার এই পুরস্কার একাধিকজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

    নোবেলজয়ী ১১৪ জন সাহিত্যিকের মধ্যে নারীদের সংখ্যা মাত্র ১৭ জন। সবচেয়ে কম বয়সে সাহিত্যে নোবেল জয় করেছেন ব্রিটেনের ঔপন্যাসিক ও ছোট গল্পকার রুডইয়ার্ড কিপলিং। বিশ্ববিখ্যাত শিশুসাহিত্য ‘দ্য জাঙ্গল বুক’ লেখার স্বীকৃতি হিসেবে মাত্র ৪১ বছর বয়সে নোবেল জয় করেন কিপলিঙ।

    সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল পেয়েছিলেন ব্রিটিশ-জিম্বাবুইয়ান সাহিত্যিক ডরিস লেসিং। ২০০৭ সালে ৮৭ বছর বয়সে নোবেল জয় করেন তিনি। গত বছর ২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফ্রান্সের সাহিত্যিক অ্যানি এরনাক্স।

  • টস হেরে ব্যাটিং করছে ইংল্যান্ড

    টস হেরে ব্যাটিং করছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৫ অক্টোবর, ২০২৩: গতবারে ২০১৯ সালের ফাইনালে খেলেছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বস্তত সেটাই ছিলো সেই বিশ্বকাপের শেষ খেলা।২০২৩ সালে সেই দুই দল প্রথম খেলায় অংশ নিয়েছে। চার বছর পর তাদের লড়াই দিয়েই পর্দা উঠছে নতুন এক বিশ্বকাপের।

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

    ইনজুরির কারণে উদ্বোধনী ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন, পেসার টিম সাউদি ও স্পিনার ইশ সোধি। অন্যদিকে বেন স্টোকসকে নিয়েও শঙ্কা ছিল। কোমরের ইনজুরি ভোগাচ্ছে তাকে। সেই শঙ্কাই সত্যি হলো। উদ্বোধনী ম্যাচে এই অলরাউন্ডারকে পাচ্ছে না ইংল্যান্ড।

    ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

    নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

  • রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

    রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৫ অক্টোবর, ২০২৩: রসায়নশাস্ত্রে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। গতকাল বুধবার (৪ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে।

    তারা হলেন, মোঙ্গি বাওয়েন্ডি, লুই ব্রুস ও অ্যালেক্সি ইয়াকিমভ। কোয়ান্টাম বিন্দু আবিষ্কার ও সংশ্লেষণের জন্য এই তিন বিজ্ঞানী নোবেল পেলেন।

    নোবেল কমিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলছে, একে অন্যের থেকে স্বাধীনভাবে, একিমভ ও ব্রুস কোয়ান্টাম বিন্দু তৈরি করতে সফল হন, আর বাওয়েন্ডি রাসায়নিক উৎপাদনে বিপ্লব ঘটান।

    এই সময়ে কোয়ান্টাম বিন্দু কিউএলইডি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি কম্পিউটার ও টেলিভিশন মনিটরকে আলোকিত করে থাকে।

    এসব বিন্দু কিছু এলইডি বাতির আলোতেও সূক্ষ্মতা যোগ করে। জৈব রসায়নবিদ ও চিকিৎসকেরা জৈব টিস্যু ম্যাপিংয়ে এগুলো ব্যবহার করেন।

    বাওয়েন্ডি ১৯৬১ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তিনি।

    লুই ব্রুসের জন্ম ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রে। ১৯৬৯ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি।

    অ্যালেক্সি একিমভ ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আইওফে ফিজিক্যাল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইউর্কের ন্যানো ক্রিস্টাল টেকনোলজি ইনকরপোরেশনের সাবেক প্রধান বিজ্ঞানী।

    বৃহস্পতিবার ও শুক্রবার স্টকহোমে যথাক্রমে  সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

    মাধ্যমে নোবেল পুরস্কার বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন। চেকে এ বছর অর্থের পরিমাণ প্রায় এক মিলিয়ন ডলার।

  • খেলা হবে বলি, কারণ এটা পাবলিক খায়: সেতুমন্ত্রী

    খেলা হবে বলি, কারণ এটা পাবলিক খায়: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ০৫ অক্টোবর, ২০২৩: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার ভিসা নীতি নিয়ে মন্তব্য করে বলেছেন ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে’।তার এই কথা নিয়ে ব্যপক আলোচনা হয।এই প্রসঙ্গে  তিনি বলেন, ‘কেউ নেতিবাচকভাবে নিতে চাইলে নিক না, অসুবিধা কি? তলে তলে মানে ভেতরে ভেতরে। তলে তলে যে বলি সেটা পাবলিক খায়। খেলা হবে যে বলি, এটা কেন বলি? পাবলিক খায়। জনগণ যেটা চায় সেটাই বলবো।’

    তিনি আরও বলেন, ‘আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা—এই বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথাটা বলেছি আমি তো ভুল বলিনি।’

    আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এর আগে দলের শান্তি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের বলেছিলেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসা নীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। নির্বাচন হবে, যথাসময়ে হবে।’

    ওবায়দুল কাদের বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যার যে সেলফি—তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনও তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপোষ মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি।’

    মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চীনের সঙ্গে কী দূরত্ব বজায় রাখা হচ্ছে? এমন এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমাদের সঙ্গে দূরত্ব নেই। আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের একটা ভূমিকা আছে। সেটা কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। তাদের সাহায্য আমরা নিচ্ছি।’

  • আগামীকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    আগামীকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    www.HelloBangla.News – জাতীয় – ০৫ অক্টোবর, ২০২৩: নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    ১৭-২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন প্রধানমন্ত্রী  জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেন। এছাড়া তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

    প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাত করেন এবং যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

    যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

  • যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ০৪ অক্টোবর, ২০২৩: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আজ বুধবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

    মঙ্গলবার লন্ডন সময় রাত ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

    লন্ডন থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি কোনায় ঘোরাফেরা করেন। তিনি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে ছবিও তোলেন।

    প্রধানমন্ত্রী যাত্রীদের সঙ্গে বেশকিছু সময় কাটান। এই সময় কয়েকজনকে প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর সাথে সেলফি তোলেন। কয়েকজন নারী যাত্রীকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতেও দেখা গেছে।

    এর আগে বিমানটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ অক্টোবর মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে (লন্ডন সময়)  যাত্রা করে।

    এরআগে প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

    লন্ডনে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনায় যোগদেন এবং বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত এপিপিজি’র সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপি’র নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং এর ফাঁকে অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

    ওয়াশিংটন ডিসিতে শেখ হাসিনা ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

    সূত্র: বাসস

  • বাংলাদেশ ব্যবসার জন্য ভালো জায়গা: টিপু মুনশি

    বাংলাদেশ ব্যবসার জন্য ভালো জায়গা: টিপু মুনশি

    www.HelloBangla.News – অর্থনীতি – ০৪ অক্টোবর, ২০২৩: বাংলাদেশ ব্যবসার জন্য ভালো জায়গা, বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আপনারা আসুন বাংলাদেশে।

    টিপুমুনশি আরও জানিয়েছেন, আপনাদের ব্যবসাকে প্রসারিত করুন। বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে কেউ ঠকবেন না। আশা করছি আমাদের সামনের দিনগুলোতে ব্যবসায়ীক প্রসারতা আরও ভালো হবে।

    আজ বুধবার (৪ অক্টোবর) গুলশানের রেনেসাঁ ঢাকা হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের যৌথ উদ্যোগে বাংলাদেশে পরিচালিত ইউরোপিয়ান কোম্পানিগুলোর বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন মন্ত্রী।

    বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করে আমাদের যা যা সমস্যা আছে, তার সমাধান করব। আমরা আরও এগিয়ে যাব। বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ীদের যেন কোনোরকমের বাধা না থাকে, সেদিকে আমরা লক্ষ্য রাখব। বাণিজ্যিক দিককে আরও এগিয়ে নিয়ে যাব।

    তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের যেসব ইনভেস্টররা এখানে আছেন, তারা তাদের ব্যবসা এখানে আরও প্রসারিত করবেন এটাই আমাদের প্রত্যাশা।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। ব্যবসায়ীদের সর্বোচ্চ সুবিধা দিতে, ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ আরও প্রসারিত করতে এই সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে সবসময় ব্যবসায়ীদের ভালো পরিবেশ সৃষ্টি করতে যা যা করণীয় সব কিছুই করা হবে।

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বিদেশি ব্যবসায়ীরা যেন বাংলাদেশে খুব সুন্দরভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, তাদের ব্যবসাকে আরও বাড়াতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। আর বর্তমান সরকারের প্রতিটি ক্ষেত্রই সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। সরকার, ব্যবসায়ী, রাজনীতিক সবার পক্ষ থেকে আমাদের একটাই উদ্যোগ, যেন বাংলাদেশে সবাই ভালোভাবে বিনিয়োগ করে, ব্যবসাবান্ধব পরিবেশে ব্যবসায়ী প্রসারতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি তারা আরও অধিক বিনিয়োগ করতে পারে এবং সেরকম স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত থাকে।

    অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন প্রতিনিধিরাসহ আরও উপস্থিত ছিলেন এইচ অ্যান্ড এম’র রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, বাইসাইকেল পার্টস ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহম্মাদ মোস্তাক আহমেদ তানভির, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ।

  • অস্ট্রেলিয়ায়  দাবানল নিয়ে সতর্কতা

    অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ে সতর্কতা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৪ অক্টোবর, ২০২৩: অস্ট্রেলিয়ায় ভয়ংকর দাবানলের মৌসুম শুরুর আগে অগ্নিকান্ডের ঘ্টনা ঘটতে শুরু করেছে। তাই সকার এই দাবানল সম্পর্কে সমতর্কতা জারি করেছে।

    এ প্রেক্ষিতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস এক সংবাদ সম্মেলনে সকলকে উত্তপ্ত গ্রীস্মের জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।

    তিনি সকলকে ভয়ংকর দাবানল মৌসুমের বিষয়ে সতর্ক করে বলেছেন, আমরা কেবল অক্টোবরের প্রথম সপ্তাহে আছি। অথচ এখনই আমরা গ্রীস্মের মাঝামাঝি সময়ের পরিস্থিতিতে রয়েছি।

    ক্রিস আরো বলেন, দাবানলের জন্যে এ ধরনের পরিবেশ অনুকূল এবং এ কারনে আঞ্চলিক কিছু সম্প্রদায়ের জন্যে এটি ভয়ংকর হয়ে উঠতে পারে।

    প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ ক্রিসের কথার সাথে সুর মিলিয়ে বলেছেন, দাবানলের মৌসুম আগেভাবে শুরু হয়েছে। অথচ অষ্ট্রেলিয়ায় বসন্ত শুরু হয়েছে এক মাস হলো।

    দমকল কর্মীরা বলছে, তারা নিউ সাউথ ওয়েলসে নিয়ন্ত্রণের বাইরে থাকা ১৮টি দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    আগুনে অন্তত তিন বাড়ি ভস্মীভূত হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

    এদিকে মঙ্গলবার ভিক্টোরিয়ার গ্রামীণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

    ভিক্টোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৬৫০ দমকল কর্মী ১৭ হাজার হেক্টর এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। যদিও দিন শেষে প্রবল বর্ষণে আগুন নিভে যায়।

    এদিকে বর্ষণের কারনে বুধবার মেলবোর্নের ১৬০ কিলোমিটার দূরের এলাকায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।

    এল নিনোর প্রভাবে দেশটির আবহাওয়ায় শুষ্কতা বাড়ছে। এরফলে দাবানল ও খরা বাড়বে।

    সূত্র: বাসস