Category: লিড নিউজ

  • গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে

    গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক  –  ৫ নভেম্বর, ২০২৩: গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে

    গত ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। এলাকাটিতে নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৬ হাজার ৪০০ জনেরও বেশি নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়ে গেছে ৫৫টি মসজিদ, ৩টি বিশ্ববিদ্যালয় ও ৩টি গির্জা।

    গাজার প্রশাসনের বরাত দিয়ে  আজ রবিবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫০০ জনে। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস শনিবার এই তথ্য জানিয়েছে।

    মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে নিহতের সংখ্যা ৯ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এর মধ্যে ৩ হাজার ৯০০ শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারীও রয়েছেন।’

    মারুফ আরও বলেছেন, ‘ইসরায়েলি হামলার ফলে গাজায় ৫৫টি মসজিদ, তিনটি বিশ্ববিদ্যালয়, তিনটি গির্জা এবং গাজার এনডোমেন্টস ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঁচটি ভবন ধ্বংস হয়ে গেছে।’

    স্বাস্থ্যসেবা খাতে ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘ইসরায়েলি নির্বিচার হামলায় ১০৫টি চিকিৎসা প্রতিষ্ঠান ছাড়াও ১৬টি হাসপাতাল, ৩২টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র এবং ২৭টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।’

    মারুফের মতে, ইসরায়েলি অভিযানের ফলে সাড়ে ৮ হাজার বাড়ি ও ৪০ হাজার আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ২ লাখ ২০ হাজার অন্যান্য ইউনিটের ক্ষতি হয়েছে। এছাড়া ৮৮টি সরকারি সদর দপ্তর এবং ২২০টি স্কুলেরও ক্ষতি হয়েছে। এর মধ্যে ৬০টি স্কুলের পরিষেবা বন্ধ হয়ে গেছে।’

    তিনি বলেন, ‘ইসরায়েলি বাহিনী এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের সাথে মিল রেখে গত ২৪ ঘণ্টায় তাদের অপরাধ ও হামলা আরও তীব্র করেছে। দখলদাররা (ইসরায়েল) অত্যধিক অপরাধ ও গণহত্যার মাধ্যমে উত্তর গাজা উপত্যকা এবং গাজা সিটিতে মানুষের জীবনকে শেষ করে দিতে চায়।’

    গাজার হাসপাতালগুলোতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে মারুফ ‘জীবন বাঁচানোর জন্য হাসপাতালে জ্বালানি সরবরাহে অবিলম্বে হস্তক্ষেপের’ আহ্বান জানান।

    আনাদোলু বলছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান অভিযান আরও জোরদার করা হয়েছে। হাসপাতাল এবং স্কুলগুলোকে লক্ষ্য করেও হামলা হচ্ছে যেখানে কার্যত হাজার হাজার বাস্তুচ্যুত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন। এসব স্থানে হামলার ফলে হাজারও মানুষ হতাহত হয়েছেন।

    শনিবার রাতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

    এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের হাতে আটক ৬০ জনেরও বেশি বন্দি নিখোঁজ হয়ে গেছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলার কারণে নিখোঁজ হয়েছেন তারা। হামাসের সশস্ত্র শাখা একথা জানিয়েছে।

  • আজ পরীক্ষামূলক ভাবে চট্রগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে ট্রেন

    আজ পরীক্ষামূলক ভাবে চট্রগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে ট্রেন

    www.HelloBangla.News – জাতীয়  –  ৫ নভেম্বর, ২০২৩: প্রথমবারের মতো আজ আজ পরীক্ষামূলক ভাবে চট্রগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে ট্রেন। নির্মাণকাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি-না যাচাই করতে চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন। আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে।

    ট্রেনটিতে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম ও রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা।

    রেলওয়ে সূত্র জানায়, আজ ট্রেনটি সকাল ১০টায় দোহাজারী স্টেশনে পৌঁছবে। নতুন রেলপথ নির্মাণ করা হলে সেটি যাচাই-বাছাই করতে হয়। এটি তারই অংশ। এখানে রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন। তারা যাচাই-বাছাই করে সবকিছু ঠিকঠাক আছে জানালে যথাসময়ে ট্রেন চলাচল শুরু হবে।

    জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালানোর জন্য প্রধান বাঁধা ছিল পুরনো কালুরঘাট সেতু। পরে বুয়েটের পরামর্শে সেটি সংস্কার করে ভারী ট্রেন চালানোর উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১ আগস্ট থেকে সেতুটির সংস্কার কাজ শুরু হয়। বর্তমানে কাজ শেষ পর্যায়ে এসে এখন সেতু দিয়ে ১৫ এক্সেল লোডের ইঞ্জিন চলাচল করতে পারে। শনিবার (৪ নভেম্বর) তিনটি ভিন্ন সিরিজের ইঞ্জিন দিয়ে এ সেতুতে ট্রায়াল রান সম্পন্ন করা হয়। ইঞ্জিন তিনটি শহর থেকে বোয়ালখালী অংশে যাতায়াত করে। এতে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

    রেলওয়ে কর্মকর্তারা জানান, ৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রায়াল ট্রেন চালানোর কথা ছিল। তবে পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে রেলওয়ে। একেবারে আগামী ১১ নভেম্বর এই রেলপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে।

    এর আগে গত ১৬ অক্টোবর দোহাজারী-কক্সবাজার রেললাইন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। মন্ত্রী ওই দিন একটি ট্রলি দিয়ে দোহাজারী থেকে কক্সবাজার গিয়েছিলেন। তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রেললাইনের উদ্বোধন করবেন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন অনুষ্ঠান একদিন এগিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

    জানা গেছে, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায়। ২০১৮ সালে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। এতে ব্যয় ধরা হয় ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। এ প্রকল্পের কাজ পুরোদমে চলায় নির্ধারিত সময়ের আগেই তা সমাপ্ত হতে যাচ্ছে। ২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি ‘ফাস্ট ট্র্যাক প্রকল্প’ হিসেবে অন্তর্ভুক্ত হয়।

  • অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরেছে ইংল্যান্ড

    অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরেছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা –  ৫ নভেম্বর, ২০২৩: গতবারের চ্যাম্পিয়ন হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিল ইংল্যান্ড। দল হিসেবেও অনেক শক্তিশালী। স্টোকস ও মঈনের মতো অলরাউন্ডার থাকার পরেও এবারের পয়েন্ট তালিকার তলানিতে পড়ে রয়েছে দলটি। গতকাল দলটি অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৩৩ রানে । ৭ খেলায় হেরেছে ছয়টিতে। বাংলাদেশের ও ইংল্যান্ডের অবস্থা একই। এই হারে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে তারা বাদ পড়ল সেমিফাইনালে উঠার লড়াই থেকেও। অন্যদিকে জয়ী দল অস্ট্রেলিয়া আরও এক ধাপ এগিয়ে গেল শেষ চারের দিকে।

    গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ফলে ৩৩ রানের জয় তুলে নিয়েছে অজিরা।

    এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের উপরে উঠে এলো অস্ট্রেলিয়া। তাদের বাকি দুই ম্যাচ আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে।

    লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ওপেনার জনি বেয়ারস্টো ইনিংসের প্রথম বলেই অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর দ্রুত ফেরেন জো রুট (১৩)। তবে তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড। ওপেনার ডেভিড মালান ও বেন স্টোকস মিলে ভালো জুটি গড়েন। কিন্তু আবারও অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড।

    পরে আবার একটি জুটি গড়ে উঠে স্টোকস ও মঈন আলীর মধ্যে। স্টোকস (৬৪), মঈন (৪২) ও শেষদিকে ক্রিস ওকস (৩২) লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে আদিল রশিদ (২০), ডেভিড উইলি (১৫) ম্যাচটাকে ৪৯তম ওভার পর্যন্ত নিয়ে যান। কিন্তু তাতে শুধু ব্যবধানটাই কমেছে।

    বল হাতে ইংলিশদের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। ২১ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এর আগে ব্যাট হাতেও খেলেছেন ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ধরেছেন গুরুত্বপূর্ণ একটি ক্যাচও। এছাড়া ২টি করে উইকেট তুলে নিয়েছেন স্টার্ক, জশ হ্যাজেলউড এবং অধিনায়ক প্যাট কামিন্স।

    এর আগে টস জিতে অজিদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ৩৮ রানের ভেতরই ফিরে যান দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। এরপর হাল ধরেন লাবুশেন ও স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন তারা।

    স্মিথ ৪৪ রানে ফিরে গেলেও ফিফটির দেখা পান লাবুশেন। পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে গড়েন ৬১ রানের জুটি। মার্ক উডের এলবডব্লিউর ফাঁদে পড়ে ৮৩ বলে ৭ চারে ৭১ রানে বিদায় নেন তিনি। এরপর গ্রিনের ৪৭, মার্কাস স্টইনিসের ৩৫ ও অ্যাডাম জাম্পার ২৯ রানের ক্যামিও ইনিংসে আড়াইশ পার করে অজিরা। যদিও ইনিংসের তিন বল বাকি থাকতেই অলআউট হয় ২৮৬ রানে।

    ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ক্রিস ওকস। এছাড়া উড ও আদিল রশিদের শিকার দুটি করেন।

    ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

    অস্ট্রেলিয়া : ২৮৬/১০, ৪৯.৩ ওভার (লাবুশেন ৭১, গ্রিন ৪৭, ওকস ৪/৫৪)।

    ইংল্যান্ড : ২৫৩/১০, ৪৮.১ ওভার (স্টোকস ৬৪, মালান ৫০, জাম্পা ৩/২১)।

  • অবরোধে রাজধানীতে র‌্যাবের ৭০টি টহল দল কাজ করছে

    অবরোধে রাজধানীতে র‌্যাবের ৭০টি টহল দল কাজ করছে

    www.HelloBangla.News – জাতীয় –  ৫ নভেম্বর, ২০২৩: বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা দ্বিতীয় দফার অবরোধের সময় জনগণের জান-মাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে রাজধানীতে র‍্যাবের ৭০টি টহল দল কাজ করছে। আর দেশব্যাপী র‍্যাবের মোট ৩০০ টহল টিম কাজ করছে।

    আজ রবিবার (৫ নভেম্বর) র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আজ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ২ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‍্যাব ফোর্সেস নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ৭০টি টহল দলসহ দেশব্যাপী র‍্যাব ফোর্সেসের ১৫টি ব্যাটালিয়নের প্রায় ৩শ টহল দল নিয়োজিত থাকবে।

    তিনি আরও জানান, পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে। কেউ যদি কোনো নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব এর স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

    র‍্যাবের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। যারা এ ধরণের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব।

    সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে কেউ কেউ বিভিন্ন উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য বা গুজব ছড়াচ্ছে; বিভিন্ন ধরণের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জনমনে আতংঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। র‍্যাব এর সাইবার মনিটরিং টিম এ সকল দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজরদারি রাখছে।

    অপর দিকে, নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্কতায় ।

  • মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  –  ৪ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন । ফলে যানজটের নগরী ঢাকার দক্ষিণের মতিঝিল থেকে অপরপ্রান্তের উত্তরাকে এক সুতোয় বাঁধলো ঢাকার প্রথম মেট্রোরেল।

    আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিদ্যুৎচালিত দ্রুতগতির যানের এ অংশের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনের পর মেট্রোরেলে চড়ে রাজধানীর আগারগাঁও থেকে মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্রমণকালে তিনি গণমাধ্যমকর্মী ও সফরসঙ্গীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - জাতীয় - ০৪ নভেম্বর ২০২৩ (খ)
    মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী – জাতীয় – ০৪ নভেম্বর ২০২৩ (খ)

    আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪১ মিনিটের দিকে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ যানে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান।

    আগামীকাল রবিবার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

    আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে নগরবাসী ২০.১ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন মাত্র ৩১ মিনিটে। এতে বাঁচবে ওই পথ ব্যবহারকারী মানুষের কর্মঘণ্টা, অর্থনীতির চাকা ঘুরবে আরও দ্রুত।

    কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ নভেম্বর থেকে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এ সময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।

    ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ২১.২৬ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকছে ১৭টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

    বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

  • নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিয়েছে আওয়ামী লীগসহ ১৩ দল

    নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিয়েছে আওয়ামী লীগসহ ১৩ দল

    www.HelloBangla.News – জাতীয়  –  ৪ নভেম্বর, ২০২৩: তফসিলের ঘোষণার আগে প্রথম ধাপের নির্বাচন কমিশনের (ইসি) সাথে সংলাপে অংশ নিয়েছে আওয়ামী লীগসহ ১৩ দল অংশ নিয়েছে। দিনব্যাপী দুই ধাপের সংলাপে বিএনপি ও সমমনা দলগুলো আসবে না বলে জানিয়েছে ইসিকে।

    আজ শনিবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

    এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশসহ অন্য দলগুলো অংশগ্রহণ করে।

    ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, প্রথম ধাপের ২২টির মধ্যে ১৩টি দলের দুজন করে প্রতিনিধি অংশ নিয়েছে।

    শেষবারের মতো সকালে ২২টি, বিকেলে ২২টি দলের সঙ্গে সংলাপের জন্য চিঠি দেয় ইসি। এতে আওয়ামী লীগসহ ২২টিকে সকালে ও বিএনপিসহ ২২টিকে বিকেলে বসার জন্য আমন্ত্রণ জানায় সংস্থাটি। সকালে ১৫টি দল আসার কথা জানালেও সংলাপে অংশ নেয় ১৩টি দল। আসেনি এলডিপি, বিজেপি, সিপিবি, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএমএল, মুসলিম লীগ, খেলাফত মজলিশ ও গণতন্ত্রী পার্টি।

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

  • পোশাকশিল্পের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

    পোশাকশিল্পের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

    www.HelloBangla.News – জাতীয়  –  ৪ নভেম্বর, ২০২৩: শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতার মাধ্যমে পোশাকশিল্পের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে, র‌্যপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ,

    আজ শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে র‌্যাব-৪ সিপিসি-২ এর কার্যালয়ে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে সহিংসতা রোধে পোশাক কারখানাগুলো পরিদর্শন, র‌্যাবের কার্যক্রম পর্যালোচনা ও মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

    খন্দকার মঈন বলেন, ‘আশির দশকের গোড়ার দিকে বাংলাদেশে পোশাকশিল্পের যাত্রা শুরু হয়। এখন বাংলাদেশের পোশাকশিল্প বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর বাংলাদেশের রপ্তানি আয়ের অধিকাংশ উপার্জন পোশাকশিল্প থেকে আসছে। এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল বা দুষ্কৃতিকারীরা উঠে পড়ে লেগেছে। গত ২৮ অক্টোবর থেকে আমাদের দেশের শান্তিপ্রিয় পোশাক শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিষয়টি সরকারের দপ্তর, বেসরকারি সংস্থা, মালিকদের সংগঠন সবাই আমলে নিয়ে মঞ্জুরি কমিটি গঠন করে একটি সিদ্ধান্ত দিয়েছেন।

    মিডিয়া উইংয়ের এই পরিচালক বলেন, ‘গত কয়েকদিন যাবৎ মজুরি বৃদ্ধির দাবিতে সাভার, আশুলিয়া, গাজীপুর ও মিরপুরসহ বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকরা লাগাতার বিক্ষোভ করছেন। এরই মধ্যে গত ৩১ অক্টোবর জোসনা নামে এক পোশাক শ্রমিককে মিরপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে গুম করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে পহেলা নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুরে বেশকিছু সহিংসতা ও নাশকতা হয়। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিধানিক দল জোসনাকে তার নিজ বাসায় পরিবারের সদস্যদের মাঝে খুঁজে বের করে।’

    তিনি বলেন, ‘যারা এই শান্তিপ্রিয় শ্রমিক ভাইদের নিয়ে নাশকতা, সহিংসতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীরা হামলা ও সহিংসতা করছে। তাদের বিরুদ্ধেও আমাদের আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। র‌্যাব ফোর্সেস এই চলমান সহিংসতা প্রতিরোধে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।’

    লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘পদক্ষেপের মধ্যে  আছে গোয়েন্দা কার্যক্রম ও সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বাড়ানো।

  • নেপালে ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১২৮ জন

    নেপালে ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১২৮ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক –  ৪ নভেম্বর, ২০২৩: নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১২৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কম্পন অনুভূত হয়েছে ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে।

    জানা গেছে, শুক্রবার (০৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল জাজারকটে যেটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। আর এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে।

    নেপাল টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু পশ্চিম নেপালের জাজারকোট এবং রুকুম জেলায় মোট ৭০ জন নিহত হয়েছেন এবং ১৪০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

    পশ্চিম রুকুমের প্রধান জেলা কর্মকর্তা হরি প্রসাদ পন্ত জানিয়েছেন, ভূমিকম্পের কারণে অসংখ্য বাড়িঘর ধসে রুকুম জেলায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোট ৩০ জন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    পার্শ্ববর্তী জাজারকোট জেলায়, সরকারি প্রশাসনিক কর্মকর্তা হরিশ চন্দ্র শর্মা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে ৩৪ জনের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। সেই ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

    ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছিলেন অন্তত ৯ হাজার মানুষ এবং প্রায় ১০ লাখ বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল।

    আজ শনিবার (০৪ নভেম্বর) সকালে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পের কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক তাৎক্ষণিক পোস্টে এ সম্পর্কে বলা হয়েছে, ‘শুক্রবার রাত ১২টার দিকে জাজারকোটের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। উদ্ধারকাজ এবং ত্রাণ সরবরাহ করতে সেনাবাহিনী এবং নেপাল পুলিশের কর্মীরা ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

  • শিল্পকলায় বিচার গানের সম্রাট আবদুল হালিমের ৯৪ তম জন্মবার্ষিকী পালিত

    শিল্পকলায় বিচার গানের সম্রাট আবদুল হালিমের ৯৪ তম জন্মবার্ষিকী পালিত

    www.HelloBangla.News – বিনোদন  –  ৪ নভেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে সদ্য অনুষ্ঠিত হলো লোকসঙ্গীতের প্রবাদ পুরুষ বিচারগানের সম্রাট বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বয়াতির  ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও সংগীত অনুষ্ঠান। তাঁর ভক্ত ও অনুসারীদের উপস্থিতিতে মিলনায়তন পূর্ণ দর্শকরা উপভোগ করেন আব্দুল হালিম বয়াতির লেখা গান ও সুর। গ্রামবাংলার মানুষের আবেগ, চিরায়ত সুর অনুভূত হয় আব্দুল হালিমের কণ্ঠে। অনুষ্ঠানের শুরুতেই অতিথি আলোচকবৃন্দকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান সাধক হালিম বয়াতির সন্তানগণ। আলোচনা পর্ব স্বাগত বক্তব্য প্রদান করেন হালিম একাডেমির পরিচালক ও আবদুল হালিম বয়াতির পুত্র মো: নিশানে হালিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর এর বিশিষ্ট লেখক ও ট্রাস্ট্রি জনাব মফিদুল হক। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও লোকসংস্কৃতি গবেষক ড. সাইমন জাকারিয়া।

    সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন- “লালন হাছনসহ আমাদের গুরুত্বপূর্ন বাউলদের মাধ্যমে সমৃদ্ধ লোকশিল্পের ধারাকে সক্রিয় রেখেছেন আব্দুল হালিম বয়াতির মতো অসংখ্য লোক কবিরা। শিল্পকলা একাডেমি লোকসংস্কৃতি নিয়ে বহুমুখী সাংস্কৃতিক আয়োজন চালিয়ে যাচ্ছে, আপনারাও লোকশিল্পের প্রসারের ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে ভুমিকা রাখবেন এটাই প্রত্যাশা”।

    সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পীবৃন্দরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতেই দ্বৈত নৃত্য পরিবেশন করেন সানজিদা আক্তার কাজল ও নুজহাত ফাতিমা আওয়াল। এরপর পরিবেশিত হয় সমবেত সারিন্দা বাদন। সংগীত পরিবেশন করেন ওয়াসিম কবির পলাশ, আলেয়া বেগম, সৈয়দ আশিকুর রহমান, সুলতানা ইয়াসমিন লায়লা, শফি মন্ডল, হালিমা পারভিন ও অসীম রায় এবং রিপন সরকার/ হৃদয় সৈকত।

    লোক সঙ্গীতের প্রবাদ পুরুষ আবদুল হালিম মিয়া ১৩৩৬ বঙ্গাব্দের ১৫ই কার্তিক বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীন বড় দোয়ালী গ্রামে জন্ম গ্রহন করেন। মাত্র ৭ বছর বয়সে শিশু হালিম সঙ্গীতের আকাশে ধুমকেতুর মত আকস্মিক ভাবে আবির্ভূত হয়ে ধ্রুবতারার ন্যায় স্থায়ী আসন করে নেন। অতঃপর তিনি বঙ্গ ভারতের বিভিন্ন অঞ্চলে সঙ্গীত পরিবশন করে বেড়ান। তিনি কারও কাছে সঙ্গীত শিক্ষা গ্রহন করেন নি। স্বয়ং শিক্ষিত এই শিল্পী স্বক্রীয়তায় সমুজ্জ্বল। চির বিজয়ী শিল্পী হিসেবে জনমনে শ্রদ্ধাসনে সমাসীন। শিক্ষক বিহীন শিল্পীর এই অপরিসীম সার্থকতা, সফলতা ও জনপ্রিয়তায় তাঁর সম্পর্কে অনেক প্রবাদ প্রবচন, অনেক কথা কথকতা জনমনে ধ্রুব সত্যে প্রতিষ্ঠিত। ঐশ্বরিক প্রতিভায় প্রদীপ্ত এই সঙ্গীতজ্ঞ লোক সঙ্গীতের জগতে মহান মিথ মণ্ডিত ব্যক্তিত্ব।

    সঙ্গীতের মাধ্যমে দেশ জাতি তথা মানব সেবায় ব্রতী এই সঙ্গীতজ্ঞ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাহাযার্থে সঙ্গীত পরিবেশন করেছন। সমাজ সেবা ও সমাজ সংস্করনে তাঁর সঙ্গীত অসামান্য অবদান রেখেছে। আবদুল হালিম মিয়ার রচিত গান “হালিম সঙ্গীত” নামে প্রচলিত। তিনি অসংখ্য (৫-৬ হাজার) গান রচনা করেছেন। এই পর্যন্ত তাঁর ৭ টি সংগীত গ্রন্থ প্রকাশিত হয়েছে।

  • মিষ্টি কুমড়ার ফুলের বড়া

    মিষ্টি কুমড়ার ফুলের বড়া

    www.HelloBangla.News – লাইফস্টাইল –  ৪ নভেম্বর, ২০২৩: মিষ্টি কুমড়া একটি উপাদেয় খাবার। তবে এখন মিষ্টি কুমড়ার ফুল দিয়ে রন্ধনশিল্পীরা তৈরি করছে নানা ধরণের মজাদার খাবার। এখনে এই ধরণের একটি রান্নার তৈরি প্রাণালি দেওয়া হলো।

     

    উপকরণ:

    মিষ্টি কুমড়ার ফুল-৮-১০টি, বেসন-৪টেবল চামচ, চালের গুড়া-৪টেবল চামচ, করন ফ্লাওয়ার-২ টেবল চামচ, আাদা রসুন বাটা-১/২চা চামচ, মরিচের গুড়া-১/২ চা চামচ, হলুদ গুড়া-১/২ চা চামচ, ধনে গুড়া-১/২ চা চামচ, বেকিং পাউডার-১/২ চা চামচ, লবন- স্বাদ মত, পানি – পরিমান মত, তেল ভাজার জন্য।

    মিষ্টি কুমড়ার ফুলের বড়া - লাইফস্টাইল - ০৪ নভেম্বর ২০২৩ (খ)
    মিষ্টি কুমড়ার ফুলের বড়া – লাইফস্টাইল – ০৪ নভেম্বর ২০২৩ (খ)

    প্রণালী:

    কুমড়া ফুল ভালো মত ধুয়ে  সামান্য লবন ছিটিয়ে রাখতে হবে। পরিমান মত পানি দিয়ে তেল বাদে সমস্ত উপকরণ দিয়ে একদম ঘনও না  আবার পাতলাও না এমন  একটা বেটার তৈরী করে নিতে হবে। এবার তেল গরম করে ফুল গুলো বেটার এ ডুবিয়ে ডুবো তেলে বড়া ভেজে নিতে হবে। মচমচে করে ভেজে নিয়ে গরম ভাতের সাথে বা   সস দিয়ে খেতে দারুন লাগে এই কুমড়া ফুলের বড়া।

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা