www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ নভেম্বর, ২০২৩: নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১২৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কম্পন অনুভূত হয়েছে ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে।
জানা গেছে, শুক্রবার (০৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল জাজারকটে যেটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। আর এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে।
নেপাল টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু পশ্চিম নেপালের জাজারকোট এবং রুকুম জেলায় মোট ৭০ জন নিহত হয়েছেন এবং ১৪০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
পশ্চিম রুকুমের প্রধান জেলা কর্মকর্তা হরি প্রসাদ পন্ত জানিয়েছেন, ভূমিকম্পের কারণে অসংখ্য বাড়িঘর ধসে রুকুম জেলায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোট ৩০ জন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পার্শ্ববর্তী জাজারকোট জেলায়, সরকারি প্রশাসনিক কর্মকর্তা হরিশ চন্দ্র শর্মা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে ৩৪ জনের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। সেই ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছিলেন অন্তত ৯ হাজার মানুষ এবং প্রায় ১০ লাখ বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল।
আজ শনিবার (০৪ নভেম্বর) সকালে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পের কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক তাৎক্ষণিক পোস্টে এ সম্পর্কে বলা হয়েছে, ‘শুক্রবার রাত ১২টার দিকে জাজারকোটের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। উদ্ধারকাজ এবং ত্রাণ সরবরাহ করতে সেনাবাহিনী এবং নেপাল পুলিশের কর্মীরা ইতিমধ্যে কাজ শুরু করেছে।’










