Category: লিড নিউজ

  • দেশে আবারও ৭২ ঘন্টার ‘হিট অ্যালার্ট’ জারি

    দেশে আবারও ৭২ ঘন্টার ‘হিট অ্যালার্ট’ জারি

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৫ এপ্রিল, ২০২৪: আবহাওয়া অফিস আবারও সারা দেশে ৭২ ঘন্টার ‘হিট অ্যালার্ট’ দিয়েছে । এ নিয়ে চতুর্থবার হিট অ্যালার্ট দিল সংস্থাটি। এর আগের আরও তিনবার তথা গত ৩, ১৯ ও ২২ এপ্রিল তিন দিনের ‘হিট অ্যালার্ট’জারি করা হয়েছিল। তবে প্রথম দুইবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল।

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অফিস, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ তেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

    চলতি মাসে টানা তাপপ্রবাহ চলছে। মাঝে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে গেলে বর্তমানে কিছুটা কমেছে।

    গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি, খুলনায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, এখনো যা বিদ্যমান আছে।

    ২০২৩ সালের ১৭ এপ্রিল আগের নয় বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৪ সালের মে মাসে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

    ২০২৩ সালের ১৬ এপ্রিল আগের ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে।

    এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এই রেকর্ড এখনো ভাঙেনি।

  • ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ এপ্রিল, ২০২৪: বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ উপেক্ষা করে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ হাজার হাজার ২৫০ জন।

    এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। গতকাল বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    এই প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৭৯ ফিলিস্তিনি নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন বলে বুধবার ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

    অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। প্রায় ছয় মাস ধরে চালানো বর্বর এই আগ্রাসনে অন্তত ৩৪ হাজার ২৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত এসব বিপুল সংখ্যক ফিলিস্তিনির বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ৭৭ হাজার ২২৯ জন।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনির মতে, সাহায্যের ‘অর্থপূর্ণ ও নিরবচ্ছিন্ন সরবরাহের’ মাধ্যমেই শুধুমাত্র উত্তর গাজার দুর্ভিক্ষ এড়ানো যেতে পারে।

  • রান্না: চিকেন নাগেটস

    রান্না: চিকেন নাগেটস

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৫ এপ্রিল, ২০২৪: আপনি যেন ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার খাবার ‘চিকেন নাগেটস’ তাই এর রেসিপিটি আজ দেওয়া হলো।

    Culinary Artist - Shayla Akhter Kakali
    Culinary Artist – Shayla Akhter Kakali

    উপকরণ:

    মুরগীর বুকের মাংস-১ কাপ, পাউরুটি-২পিছ, আদা ও রসুন পেস্ট-১ চা চামচ, লাল মরিচের গুড়া হাফ চা চামচ, টমেটো সস-১ চা চামচ, কাঁচা মরিচ-১টা, লবন-স্বাদ মতো, ডিম-১টা, ব্রেড ক্রাম প্রয়োজন  মতো।

     

    প্রস্তুত প্রণালী:

    ডিম ও ব্রেড  ক্রাম ছাড়া সব উপকরণ  ব্লেন্ডারে  একসাথে ব্লেন্ড করে নিয়ে পছন্দ মতো নাগেটস  এর শেপ দিয়ে  ফেটানে  ডিমে  চুবিয়ে  ব্রেডক্যাম  লাগিয়ে  ফ্রিজে রাখতে হবে। এভাবে ডীপ এ রেখে দিলে  অনেক দিন ফ্রোজেন করে রাখা যায়। প্যান এ  তেল গরম করে কম আঁচে  নাগেটস ভালভাবে ভেজে নিয়ে   সস এর সাথে গরম গরম পরিবেশন করুন ।

    রেসিপি দিয়েছেন: শায়লা আক্তার কাকলী

  • লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন

    লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ এপ্রিল, ২০২৪: লিভাপুলের হাতাশার সময় যেন কাটছেনা। এবার দলটি এভারটনের কাছে দুই গোলে হেরেছে। এর আগে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল দলটি। পরের ম্যাচে ফুলহামের বিপক্ষে সহজে জিতলেও এবার হারের বৃত্তে আটকে গেছে। গতরাতে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ঘরের মাঠে জয়ের স্বাদ পেল এভারটন।

    হারার পর যদিও আগের মতো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়েই আছে লিভারপুল। কিন্তু দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের ওপর। ৩৪ ম্যাচ শেষে সেই ৭৪ পয়েন্টেই আছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে তাদের শিরোপা স্বপ্নে আজকের হার বড় ধাক্কাই দিয়েছে। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

    গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এভারটনকে চাপের মধ্যে রাখে লিভারপুল। কিন্তু পাল্টা আক্রমণে এভারটনকে ২৭ মিনিটে এগিয়ে দেন জ্যারাড ব্রান্থওয়েট। বিরতির আগ পর্যন্ত গোল বঞ্চিত থাকেন লিভারপুলের মোহামেদ সালাহ, লুইস দিয়াস ও দারউইন নুনিয়েসরা। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। উল্টো ৫৮ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট লুইন।

    দুই গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ৬৯ মিনিটে লুইস দিয়াসের শট পোস্টে লাগে ফিরে আসে। এরপর আরও আক্রমণ চালায় তারা, কিন্তু কোনো কাজ হয়নি। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেল এভারটন। সেটাও নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে।

  • শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি

    শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি । তারা হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান। এসময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

    শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।

    রাষ্ট্রপতি এর আগে বুধবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন । রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে ওইদিন প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

    আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী  রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

    বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।

  • কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তালিকা চেয়েছে আদালত

    কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তালিকা চেয়েছে আদালত

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ এপ্রিল, ২০২৪: আগামী ৬ জুনের মধ্যে কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। উক্ত সময়ের মধ্যে কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালত একইসঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩৮ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

    আজ বুধবার (২৪ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

    এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) কত রোহিঙ্গা কক্সবাজারে নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার আর্জি জানানো হয় রিটে। এছাড়া ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকা হাল নাগাদ না করা পর্যন্ত ঘোষিত তফসিলে নির্বাচন ও ভোট গ্রহণ বন্ধ বা স্থগিত রাখার আর্জি জানানো হয়।

    রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

    স্থানীয় ভোটার মো. হামিদুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ রিট দায়ের করেন।

    আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন ৩৮ জন রোহিঙ্গা। তাদের তালিকা যুক্ত করে রিট আবেদন করা হয়। এছাড়াও একই ইউনিয়নে কয়েকশ (সাড়ে তিনশ) রোহিঙ্গা নাগরিক হয়েছেন বলে অভিযোগ তুলে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে ভোটার তালিকা হাল নাগাদ না করা পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে রিটে।

    মিয়ানমারের রাখাইনে দেশটির জান্তা বাহিনীর গণহত্যায় প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের রাখা হয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরে। তবে মাঝে মাঝেই সংবাদ আসে- রোহিঙ্গা  নারী-পুরুষ স্থানীয় সরকার ও প্রশাসনের সহায়তায় বাংলাদেশের ভোটার হচ্ছে। রোহিঙ্গারা বলছে, তাদের কেউ কেউ বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে ভিন্ন ভিন্ন দেশেও চলে গেছে। কেউ আবার রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বিভিন্ন এলাকায় ব্যবসা করছে।

  • হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে নিরাপদ থাকার উপায়

    হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে নিরাপদ থাকার উপায়

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৪ এপ্রিল, ২০২৪: একটি গবেষণায় দেখা যায় ২০২২ সালে ইউরোপে হিট ওয়েভে ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বিগত দুই বছর ধরে বাংলাদেশেও চলছে তাপপ্রবাহ। তবে এবার তাপপ্রবাহের বেশ কিছুদিন স্থায়ী হচ্ছে। আর ঢাকা শহরে তীব্র গরমের প্রধান কারণ চারিদিকে সবুজ কমেছে এবং বেড়েছ কংক্রিট।এই গরমে নিজেদের   নিরাপদ রাখার উপায় জানিয়েছেন চিকিৎসকরা।

    এসব মৃত্যুর বেশিরভাগই ঘটে গরম-জনিত হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণে। বেশিরভাগ সময় শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখার চেষ্টা করতে গিয়েই এসব ঘটে থাকে। বাংলাদেশে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের কারণে তীব্র গরম চলছে। আরও কয়েকদিন দেশে তীব্র গরম থাকবে জানিয়ে সোমবার ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।

    এরকম তীব্র গরমের সময় সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা অনেক বেড়ে যায়।

    কিন্তু হিট স্ট্রোক কী? কোন কোন কারণে হিট স্ট্রোক হতে পারে? হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে কীভাবে সুরক্ষা পাওয়া যেতে পারে?

     

    তীব্র গরমে কী হয় মানুষের শরীরে?

    বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায়। এর ফলে রক্তনালীগুলো খুলে যায়। এর জের ধরে রক্ত চাপ কমে যায় যে কারণে সারা শরীরে রক্ত সঞ্চালন করা হৃদপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে। এসব কারণে মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি পড়া, চুলকানি এবং পা ফুলে যাওয়া যা রক্তনালী উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। এছাড়াও প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরে তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যায়, গুরুতর ক্ষেত্রে দেহে এ-দুটো জিনিসের মধ্যে যে ভারসাম্য আছে তাতেও পরিবর্তন ঘটে।

     

    এসব কিছু একসাথে মিলিয়ে গরমে শরীর পরিশ্রান্ত হয়ে যেতে পারে এবং তার লক্ষণগুলো হচ্ছে:

     

    • মাথা চক্কর দেওয়া
    • বিবমিষা বা বমি বমি ভাব
    • নিস্তেজ হয়ে পড়া
    • মূর্ছা যাওয়া
    • কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়া
    • পেশি সংকুচিত হওয়া
    • মাথা ব্যথা
    • প্রচণ্ড ঘাম হওয়া
    • ক্লান্তি

    আর রক্তচাপ খুব বেশি কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে।

     

    কেন দেহ এভাবে সাড়া দেয়?

    আমরা যেখানেই থাকি না কেন, – তুষার-ঝড়ই হোক কিম্বা প্রচণ্ড দাবদাহের মধ্যেই হোক – আমাদের শরীর সবসময়ই তার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে রাখতে চেষ্টা করে। কারণ এই তাপমাত্রার মধ্যেই আমাদের দেহ ঠিকমত কাজ করতে পারে।

    কিন্তু আবহাওয়া যখন গরম হয়ে যায়, তখন দেহের ভেতরের তাপমাত্রা কমিয়ে রাখার জন্য আমাদের শরীরকে অনেক কাজ করতে হয়।

    শরীর থেকে তাপ ছেড়ে দেওয়ার জন্য চামড়ার কাছাকাছি যেসব রক্তনালী আছে সেগুলো খুলে যায় এবং দেহে ঘাম হতে শুরু করে।

    ওই ঘাম যখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায়, তখন নাটকীয়ভাবে আশপাশের তাপমাত্রা আরো বেড়ে যায়, কিন্তু এর ফলে ত্বক ঠান্ডা হয়ে আসে।

     

    নিরাপদ থাকতে ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এবিষয়ে কিছু পরামর্শ দিয়েছে:

     

    • কারা নিজেদের ঠান্ডা রাখতে হিমশিম খাচ্ছে সেদিকে খেয়াল রাখুন, বিশেষ করে বয়স্ক লোকজন যাদের নানা ধরনের স্বাস্থ্য-জনিত সমস্যা রয়েছে এবং যারা একা থাকেন।
    • ঘরের ভেতরে অবস্থান করুন। যেসব জানালা সূর্যের দিকে মুখে করে আছে সেগুলোর পর্দা টেনে দিন।
    • প্রচুর পানীয় পান করুন।
    • কাউকে বিশেষ করে শিশুদেরকে কোনো ঘরে বা গাড়িতে একা রেখে যাবেন না।
    • বেলা ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত নিজেকে সূর্যের আলো থেকে দূরে রাখুন। এই সময়ে সূর্যের রশ্মি সবচেয়ে তীব্র হয়।
    • ছায়ার মধ্যে আশ্রয় নিন। সানস্ক্রিন ব্যবহার করুন।
    • মাথায় লম্বা বারান্দা-ওয়ালা টুপি পরুন।
    • দিনের সবচেয়ে গরম সময়ে শরীর চর্চা বা ব্যায়াম করা পরিহার করুন।
    • কোথাও গেলে সঙ্গে করে পানি নিয়ে যাবেন।
    • কোথাও পুকুর বা খাল বিল দেখলেই নিজেকে ঠান্ডা করার জন্য সেখানে নেমে পড়বেন না, কারণে তাতে আরো অনেক বেশি বিপদ হতে পারে যা হয়তো আপাতত চোখে পড়ছে না।
    • রাতের ঘুমানোর সময় ঠান্ডা মোজা পরতে পারেন, এবং অন্যান্য দিন আপনি যে সময়ে ঘুমান ওই একই সময়ে বিছানায় যাবেন।

     

    কাউকে কষ্ট পেতে দেখলে কী করতে হবে:

    এরকম পরিস্থিতিতে কাউকে যদি আধা ঘণ্টার মধ্যে ঠান্ডা করা যায়, তাহলে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যেতে পারে। ব্রিটেনে জাতীয় স্বাস্থ্য সেবা বা এনএইচএস এবিষয়ে কিছু পরামর্শ দিয়েছে:

    • তাকে ঠান্ডা জায়গায় সরিয়ে নিন।
    • শুইয়ে দিন এবং পা দুটো সামান্য উপরে তুলে ধরুন।
    • প্রচুর পানি কিম্বা অন্যান্য ধরনের পানীয় খেতে দিন।
    • তার ত্বক ঠান্ডা করার ব্যবস্থা করুন- যেমন শরীরে টাণ্ডা পানি ছিটিয়ে দেওয়া কিম্বা স্পঞ্জ দিয়ে গা মুছে দেওয়া।
    • তাদের বাতাস করুন।
    • ঘাড়ে এবং বগলের নিচে বরফের প্যাকেট রেখে শরীর ঠান্ডা করতে পারেন।
    • আধা ঘণ্টার মধ্যে স্বাভাবিক না হলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। তখন জরুরি-ভিত্তিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
    • মনে রাখবেন কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরে ঘাম না-ও হতে পারে। তাদের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং তারা জ্ঞান হারিয়ে ফেলতে পারেন।

     

    ঝুঁকি বেশি যাদের:

    বয়স্ক মানুষ অথবা যারা দীর্ঘদিন ধরে হৃদরোগের মতো অসুখে ভুগছেন, গরমের কারণে তাদের স্বাস্থ্যগত ঝুঁকি সবচেয়ে বেশি।

    তীব্র গরম তাদের শরীরে যে ধরনের চাপ তৈরি করে তারা সেটা সামাল দিতে ব্যর্থ হতে পারেন।

    যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের শরীরের পানি খুব দ্রুত কমে যেতে পারে। এছাড়াও এই রোগের কারণে রক্তনালীতে পরিবর্তন ঘটতে পারে যার ফলে শরীরে ঘাম হওয়ার ক্ষমতাও কমে যেতে পারে।

    শিশুদের মধ্যেও এই ঝুঁকি বেশি।

    যারা ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের বিভিন্ন রোগে আক্রান্ত তারা হয়তো গরমের বিষয়ে অসচেতন থাকতে পারেন এবং এবিষয়ে কিছু করতেও তারা অক্ষম।

    যাদের বাড়িঘর নেই তারা অনেক বেশি সময় ধরে সূর্যের নিচে থাকার কারণে ঝুঁকিতে পড়তে পারেন।

    যারা ভবনের সবচেয়ে উপরের ফ্ল্যাটে থাকেন তাদেরও বেশি তাপ সহ্য করতে হয়।

    বাংলাদেশ সরকার সব সময় গাছ লাগানোর কথা বলে আসছে। আসলে আমাদের ঢাকা শহর কংক্রিটের শহর হয়ে গেছে। এখানে গাছ লাগানোর মতো তেমন কোনো জায়গা নেই। বিগত বছরগুলোতে ঢাকার বাড়ির ছাদগুলোতে বাগান করলে তীব্র গরম থেকে কিছুটা রেহাই পাওয়া যেত।তাই এখন থেকে আমাদের উচিত এই শহরকে ঠান্ডা রাখতে শুধু ফাঁকা জায়গায় নয় বাড়ির ছাদেও পর্যাপ্ত গাছ লাগানো।

    সূত্র: বিবিসি বাংলা

  • বাংলাদেশে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করবে: ভারতীয় হাইকমিশনার

    বাংলাদেশে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করবে: ভারতীয় হাইকমিশনার

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ এপ্রিল, ২০২৪: বাংলাদেশে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করবে, বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।তিনি বলেন, “ বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায়”

    বুধবার (২৪ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    হাইকমিশনার বলেন, “আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তার সঙ্গে এটি আমার প্রথম বৈঠক, বলতে পারেন সৌজন্য সাক্ষাৎ। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে। পরিবেশগত মিল থাকায় আমরা একই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই।”

    প্রণয় ভার্মা আরও বলেন, “এছাড়াও কোয়ালিশন ফর ডিজাস্টার রিজিলিয়েন্ট ইনফ্রাস্টাকচারসহ বিভিন্ন বৈশ্বিক সংস্থার সদস্য বাংলাদেশ। কাজেই এসব ক্ষেত্রে ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে।”

    ভারতীয় হাইকমিশনার বলেন, “গত বছর দুই দেশের এই মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। ২০২১ সালে আমরা একটি সমঝোতা স্মারকও সই করেছি। এই সমঝোতার বাস্তবায়ন নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। যেমন– রিমোট সেন্সিং, দুর্যোগ ব্যবস্থা কর্মসূচি, প্রশিক্ষণ ও তথ্য বিনিময়ে দুই দেশ পরস্পরকে সহায়তা করার কথা বলা হয়েছে।”

    তিনি বলেন, “রিমোট সেন্সিং নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সব উদ্যোগ বাস্তবায়নে প্রতিমন্ত্রী আগ্রহ প্রকাশ করায় আমি খুবই সন্তুষ্ট।”

    এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, “রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে। তারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। ভারত ও বাংলাদেশের প্রকৃতি এক হওয়ায় সমস্যা মোকাবিলায় আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দুর্যোগমুক্ত একটি প্রজন্ম তৈরি করতেও আমরা কাজ করব।”

    রিমোর্ট সেন্সিং বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সে বিষয়ে আলোচনা হয়েছে।”

  • সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ৯৯ টাকা

    সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ৯৯ টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৪ এপ্রিল, ২০২৪: জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে । ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে হ‌চ্ছে ১ লাখ ১৪ হাজার ১৯১ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা।

    আজ বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে চল‌তি মা‌সে ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বা‌ড়ি‌য়ে‌ছিল বাজুস। এর ম‌ধ্যে ৬ এপ্রিল বে‌ড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বে‌ড়ে‌ছিল দুই হাজার ৬৫ টাকা। পরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর একদিন পর ২১ এপ্রিল আবার ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস। দুদিন পর ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা এবং ২৪ এপ্রিল ভালো সোনার ভরি ২০৯৯ টাকা কমানোরর ঘোষণা দিল বাজুস। গত দু‌দি‌নে ভ‌রি‌তে সোনার দাম ক‌মেছে ৫ হাজার ২৩৮ টাকা।

    সোনার ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মি‌নিট থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

    নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৪ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৪২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৭৫ হাজার ২০৯ টাকা।

  • ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ এপ্রিল, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে ব্যাংকক পৌঁছেছেন ।

    আজ বুধবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ৮ মিনিটে ব্যাংকক ডং মিউয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

    সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয় এবং আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ১৯ বার তোপধ্বনি দিয়ে গান স্যালুট দেওয়া হয়।

    বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী আনুতিন চার্নবাইরাকুল এবং দেশটির ইন্টেরিয়র মন্ত্রী পুয়াংপেত চুনলাইয়াড, ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই এবং থাইল্যান্ডের রাষ্ট্রাচার প্রধান এয়ার ভাইস মার্শাল চুমফোন ক্লোইপায়ান।

    এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৩ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

    এ সফরে তিনি থাইল্যান্ডের রাজা-রানি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) অধিবেশনে যোগ দেবেন।

    সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজপ্রাসাদে দেশটির রাজা ভাজিরালংকর্ন ও রানি সুথিদার সঙ্গে সাক্ষাৎ করবেন।

    সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, পর্যটন খাতে সহযোগিতা, শুল্কসংক্রান্ত পারস্পরিক সহযোগিতা-বিষয়ক সমঝোতা স্মারক, সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও মুক্তবাণিজ্য–সংক্রান্ত সম্মতিপত্র সইয়ের কথা আছে।

    ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম বাংলাদেশ থেকে থাইল্যান্ডে সরকারের শীর্ষ পর্যায়ে সফর। ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সফরকালে থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৮০তম অধিবেশনে যোগ দেবেন।