কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তালিকা চেয়েছে আদালত

Court seeks list of Rohingya voters - National - 23 April 2024
Court seeks list of Rohingya voters - National - 23 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৪ এপ্রিল, ২০২৪: আগামী ৬ জুনের মধ্যে কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। উক্ত সময়ের মধ্যে কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালত একইসঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩৮ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

আজ বুধবার (২৪ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) কত রোহিঙ্গা কক্সবাজারে নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার আর্জি জানানো হয় রিটে। এছাড়া ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকা হাল নাগাদ না করা পর্যন্ত ঘোষিত তফসিলে নির্বাচন ও ভোট গ্রহণ বন্ধ বা স্থগিত রাখার আর্জি জানানো হয়।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

স্থানীয় ভোটার মো. হামিদুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ রিট দায়ের করেন।

আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন ৩৮ জন রোহিঙ্গা। তাদের তালিকা যুক্ত করে রিট আবেদন করা হয়। এছাড়াও একই ইউনিয়নে কয়েকশ (সাড়ে তিনশ) রোহিঙ্গা নাগরিক হয়েছেন বলে অভিযোগ তুলে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে ভোটার তালিকা হাল নাগাদ না করা পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে রিটে।

মিয়ানমারের রাখাইনে দেশটির জান্তা বাহিনীর গণহত্যায় প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের রাখা হয়েছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরে। তবে মাঝে মাঝেই সংবাদ আসে- রোহিঙ্গা  নারী-পুরুষ স্থানীয় সরকার ও প্রশাসনের সহায়তায় বাংলাদেশের ভোটার হচ্ছে। রোহিঙ্গারা বলছে, তাদের কেউ কেউ বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে ভিন্ন ভিন্ন দেশেও চলে গেছে। কেউ আবার রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বিভিন্ন এলাকায় ব্যবসা করছে।

পূর্ববর্তী হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে নিরাপদ থাকার উপায়
পরবর্তী শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি