Category: লিড নিউজ

  • আগামী ২ মে পর্যন্ত দেশের সব স্কুল বন্ধ

    আগামী ২ মে পর্যন্ত দেশের সব স্কুল বন্ধ

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ এপ্রিল, ২০২৪: দেশে চলছে তীব্র তাপদাহ। এই তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির পর এক সপ্তাহ ছুটি বাড়ানো হয়। প্রতিদিন বাড়ছে তাপদাহ তাই শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আজ সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, “দেশে বহমান তীব্র তাপদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।”

    তাপদাহের কারণে সোমবার (২৯ এপ্রিল) ঢাকাসহ পাঁচ জেলার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে, মর্নিং ক্লাস দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা হয়েছিল।

    সোমবার চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়। এদিন ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে গেছে।

    তাপদাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বন্ধ থাকবে।

  • থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ এপ্রিল, ২০২৪: থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    আজ সোমবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১১টা ২৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ব্যাংককের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে বিমানটি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।

    এই সফরকে দুই দেশের সম্পর্কের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন শেখ হাসিনা ও থাই প্রধানমন্ত্রী থাভিসিন।

    প্রধানমন্ত্রীর সফরে ঢাকা এবং ব্যাংককের মধ্যে পাঁচটি নথি সই হয়। এগুলো হচ্ছে- একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি অভিপ্রায় পত্র (লেটার অফ ইনটেনশন)সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা, শুল্ক বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং ২০২৪ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা সংক্রান্ত অভিপ্রায় পত্র।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত বুধবার (২৪ এপ্রিল) ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে যান।

  • ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ এপ্রিল, ২০২৪: হাইকোর্ট দেশে সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ।এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে ওষুধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের ।

    আজ সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।

    ‘দুই সপ্তাহে ওষুধের দাম বেড়েছে ৭ থেকে ১৪০ শতাংশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ রিট দায়ের করে।

    প্রতিবেদনে বলা হয়, দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অন্তত ৫০ ধরনের ওষুধের দাম ২০ থেকে সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি মার্চের প্রথম সপ্তাহেও দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের।

    সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানিসহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর-সর্দির ট্যাবলেট-ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও।

    বিভিন্ন কোম্পানির উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিক্রি থেকে আয়ের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, দাম বাড়ানোর হার অস্বাভাবিক। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির অজুহাত হিসেবে কোম্পানিগুলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছে। এসময় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়িয়েছে বলে জানিয়েছেন ওষুধ কোম্পানিগুলোর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

  • জমি সংরক্ষণ করতে সবার সহযোগিতা চাই: ভূমিমন্ত্রী

    জমি সংরক্ষণ করতে সবার সহযোগিতা চাই: ভূমিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ এপ্রিল, ২০২৪: জমি সংরক্ষণ করতে সবার সহযোগিতা চাই, বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি বলেন, “পঞ্চগড়, দিনাজপুর, রংপুর শস্য ভাণ্ডার। এসব জমি আমাদের সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই। সুন্দর ভূমি ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের জন্য যেন খাদ্য নিশ্চিত করতে পারি, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।”

    আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে রংপুর সফরে এসে সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    ভূমিমন্ত্রী বলেন, “জরিপের ওপর নির্ভর করে খতিয়ান ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসা হচ্ছে। ভূমিসেবায় ই-নামজারি, ই-খাজনা দেওয়া চালু করা হয়েছে। কোনো গ্রাহককে অফিসে গিয়ে হয়রানির শিকার হতে হবে না। এছাড়া দেশের প্রতিটি মানুষের সঙ্গে ভূমি মন্ত্রণালয় জড়িত। এটিতে সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। আমরা পর্যায়ক্রমে ম্যাপিংয়ের মাধ্যমে ভূমিসেবাকে এমন পর্যায়ে নিয়ে যাব যেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যাবে একজন ব্যক্তির কি পরিমাণ এবং কোন খতিয়ানে কত জমি রয়েছে। ফলে জাল দলিলের সমস্যা আর হবে না।”

    তিনি আরও বলেন, “দখল হওয়া নদী-নালা, খাল-বিল, জলাশয় উদ্ধার সময় সাপেক্ষ ও কঠিন ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল জরিপ অনুযায়ী সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন জমির শ্রেণি বিন্যাস করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করছে। জেলা ও মৌজা অনুযায়ী খাল-বিল ও খাস জমির তালিকা রয়েছে।”

    এ সময় উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাসেম বিন জুম্মন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

  • অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে

    অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৯ এপ্রিল, ২০২৪: কোভিড মহামারী থেকে নিরাপদ থাকতে বিভিন্ন কোম্পানি এর প্রতিষেধক টিকা তৈরি করে। ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকটিন তৈরি করে যা গ্রহণ করেছে বিশ্বের কোটি কোটি মানুষ।এখন অ্যাস্ট্রাজেনেক কতৃপক্ষ জানাচ্ছে যে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে খুব বিরল থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (টিটিএস) এর ঘটনা ঘটতে পারে। যার ফলে মানুষের রক্তে প্লেটলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়।

    ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড-১৯ এর টিকার কারণে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন ডজনখানেক ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।

    গত বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন জেমি স্কট নামের এক ব্যক্তি। তিনি ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তা জমাট বেঁধে যায়। যার ফলে তার স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেছে।

    এর আগে স্কটের আইনজীবীর কাছে পাঠানো এক মেইলে অ্যাস্ট্রাজেনেকা তাদের টিকার কারণে টিটিএস’র সম্ভাবনা নকচ করে দিয়েছিল তবে হাইকোর্টে জমা দেওয়া নথিতে এর দায় স্বীকার করে নেয় প্রতিষ্ঠানটি।

    অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে ভুক্তভোগীরা মোট ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। বিশ্লেষকেরা বলছেন, ব্রিটিশ-সুইস এই কোম্পানিটির স্বীকারোক্তির ফলে প্রতিষ্ঠানটিকে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হতে পারে।

  • টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের

    টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ এপ্রিল, ২০২৪: আর মাত্র এক মাস বাকি। তার পরেই শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেট বশ্বকাপ। নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য দেশটির ক্রিকেট কর্তারা ১জন রিজার্ভসহ ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। ঘোষিত এই দলে খুব বড় কোন চমকের দেখা নেই। বরং পরিচিত আর অভিজ্ঞরাই জায়গা করে নিয়েছেন ব্ল্যাকক্যাপসদের সেরা ১৫ জনের একাদশে।

    অধিনায়ক কেইন উইলিয়ামসের নেতৃত্বে বিশ্বকাপে যাবে কিউইরা। ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েল আছেন ঘোষিত দলে। অনেকটা সময় পর জায়গা পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলা জিমি নিশাম। বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও থাকছেন।

    দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিকে রাখা হয়েছে। এর সঙ্গে ম্যাট হেনরি আর লকি ফার্গুসন যাবেন। স্পিন বিভাগ সামাল দিতে ইশ সোধি, মিচেল স্যান্টনার থাকছেন দলে। আর ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স।

    উইলিয়ামসন এবার নিয়ে ষষ্ঠ আসর খেলবেন বিশ্বকাপে। চতুর্থবার খেলবেন অধিনায়ক হিসেবে। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে কেবল টিম সাউদির। টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারী সাউদি এবার নিয়ে সপ্তম বিশ্বকাপ খেলবেন। আর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন রাচীন রবীন্দ্র এবং ম্যাট হেনরি।

    এবারের আসরে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ৭ জুন গায়ানায়। প্রতিপক্ষ আফগানিস্তান। সি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নবাগত উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।

     

    নিউজিল্যান্ড স্কোয়াড:

    কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি

    ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।

  • তীব্র গরমের মধ্যেও ভোটাররা আস্থার সঙ্গে ভোট দিয়েছে: ইসি আলমগীর

    তীব্র গরমের মধ্যেও ভোটাররা আস্থার সঙ্গে ভোট দিয়েছে: ইসি আলমগীর

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ এপ্রিল, ২০২৪: তীব্র গরমের মধ্যেও ভোটাররা আস্থার সঙ্গে ভোট দিয়েছে, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।তিনি বলেন, “ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনারা দেখেছেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচন হয়েছে, সেখানে এ তীব্র গরমের মধ্যেও কোনো কোনো কেন্দ্রে ৭০ ভাগ, কোনো কোনো কেন্দ্রে ৮০ ভাগ এবং ৬০ ভাগ ভোটার উপস্থিতি ছিল। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারব।”

    আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

    ইসি আলমগীর বলেন, “বাংলাদেশের মানুষ এখন নির্বাচনকে উৎসব মনে করে “

    তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ভালো পরিবেশ পেলে ভোটকে উৎসব হিসেবে মনে করে। সেই উৎসবের অংশ হিসেবে আমরা মনে করি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে। হ্যাঁ তবে গরমের কারণে মানুষের একটু কষ্ট হবে। তারপরও মানুষ ভোট দিতে আসবে।”

    মো. আলমগীর বলেন, “কোনো মন্ত্রী, এমপি বা সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত বড় কর্মকর্তার আত্মীয়-স্বজন প্রার্থী হলে তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারবেন না বা পক্ষ অবলম্বন করতে পারবেন না। এ বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারপরও তারা এ কাজ করলে প্রার্থীর যেমন প্রার্থিতা বাতিল হবে, ঠিক একইভাবে ওই মন্ত্রী, এমপি বা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

    এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

    ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ এপ্রিল, ২০২৪: ছয় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। শুধু তাই নয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। এদিকে যুক্তরাষ্ট্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ।

    সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে জানিয়েছে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলো থেকে কমপক্ষে ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    সংবাদমাধ্যম বলছে, শনিবার বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভ থেকে ২৭৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

    অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি বলেছে, গত ১৮ এপ্রিল নিউইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি একটি শিবির সরিয়ে নেয় এবং শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এ ঘটনার পর ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোকে ‘গণহত্যা থেকে বিচ্ছিন্ন’ থাকার আহ্বান জানান বিক্ষোভকারীরা। যেসব প্রতিষ্ঠান অস্ত্র উৎপাদনসহ নানা উপায়ে গাজায় ইসরায়েলের হামলায় সহযোগিতা করছে, সেসব প্রতিষ্ঠানের বৃত্তি না দেওয়ার দাবিও তুলেছেন তারা।

    এমন আন্দোলনের মধ্যেই প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়।

    এদিকে ক্যালিফোর্নিয়া, জর্জিয়া এবং টেক্সাসের বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্যরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে এবং তারা তাদের নেতৃত্বের প্রতি অনাস্থা ভোট গ্রহণ করেছে।

    ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজারের বেশি মানুষ।দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। এর আগে থেকে চিকিৎসা ও খাবার পানির সংকট দেখা দেয় গাজায়।

  • সামাজিক নিরাপত্তায় ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

    সামাজিক নিরাপত্তায় ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ এপ্রিল, ২০২৪: সামাজিক নিরাপত্তায় ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, “সামাজিক বিমার মাধ্যমে নাগরিকদের কল্যাণ নিশ্চিতকরণে ভিয়েতনাম অনবদ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।”

    আজ সোমবার (২৯ এপ্রিল) ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস জানায়, ভিয়েতনামের শ্রম, প্রতিবন্ধী ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মন্ত্রিপরিষদ সচিব তার বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এই সফরের মাধ্যমে আমাদের অর্জিত জ্ঞান এবং আরো বৃহৎ পরিসরে বিস্তারিত গবেষণা করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”

    মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল গত ২১- ২৭  এপ্রিল  ভিয়েতনামে সরকারি সফর করেন। এই সরকারি সফরের সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে ভিয়েতনামের শ্রম, প্রতিবন্ধী ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কুয়ান নিন প্রদেশ সরকার, জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার হ্যানয়স্থ কার্যালয়, ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ভিয়েতনামের সামাজিক নিরাপত্তা সংস্থার প্রধান কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা বাংলাদেশের বিদ্যমান সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মডেল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশের সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্যাপক প্রশংসা করেন। তারা উভয় দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় অব্যহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

    সামাজিক নিরাপত্তা কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকারপ্রাপ্ত খাত এবং এ খাতের উন্নয়নের জন্য সরকার ২০১৫ সালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল  প্রণয়ন করেছে। দারিদ্র্য ও ঝুঁকি মোকাবেলায় জীবনচক্র ভিত্তিক সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করা এ কৌশলের প্রধান লক্ষ্য। এর আওতায় ইতোমধ্যে কর্ম-বয়সী মানুষের জন্য সফলভাবে সার্বজনীন পেনশন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এছাড়া, বেকারত্ব, দুর্ঘটনা, পঙ্গুত্ব এবং অসুস্থতা ঝুঁকি নিরসনের জন্য সমন্বিত সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের উত্তম চর্চা থেকে শিক্ষা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে প্রতিনিধি দল ভিয়েতনাম সফর করেন।

    সরকারি এই সফরের সময় মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ প্রতিনিধিদল হ্যানয়স্থ হো চি মিন মাওসোলিয়াম পরিদর্শন করেন এবং ভিয়েতনামের নেতা হো চি মিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

  • রান্না: মান কচুর গোড়া দিয়ে ইলিশের ঝোল

    রান্না: মান কচুর গোড়া দিয়ে ইলিশের ঝোল

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৯ এপ্রিল, ২০২৪: প্রচণ্ড তাপদাহ চলছে। এই গরমে হালকা মসলাযুক্ত খাবার খাওয়া খুব জরুরি। শরীরের পানি ঘাটতি যেন না হয় সেদিকটা খেয়াল রেখে কম মসলায় মাছের পাতলা ঝোল খাওয়া ভালো। এই গরমে আমার আজকের রেসিপি মান কচু দিয়ে ইলিশের পাতলা ঝোল।

    Culinary artist-Zinia Islam
    Culinary artist-Zinia Islam

    উপকরণ:

    ইলিশ টুকরা-৪ পিস, কচুর গোড়া টুকরা-৮/১০ পিস, পেয়াজকুচি মাঝারি-২ টা, কাচামরিচ          -২ টা, আদা ও রসুনবাটা-১ চা চামচ, হলুদগুঁড়া-হাফ চা চামচ, মরিচগুঁড়া-হাফ চা চামচ, তেল                 -৩ টেবিল চামচ, লবন-স্বাদমতো, পানি-দেড় কাপ, ধনেপাতা কুচি-পরিমান মতো।

     

    প্রস্তুত প্রণালী :

    ইলিশ মাছের টুকরা গুলি ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। সামান‍্য হলুদগুঁড়া মরিচগুঁড়া  ও লবন দিয়ে মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিতে হবে। ঐ তেলে পেয়াজ কুচি সোনালী রং করে ভেজে নিয়ে তাতে লবন আদারসূন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। সামান‍্য পানি দিবো যাতে মসলা পুড়ে না যায়। মসলা কষানো হলে তাতে কচু টুকরা গুলি দিয়ে নারতে হবে। ভালো করে কষাবো কচুর টুকরা ও কাচা মরিচ ফালি করে দিবো। ঢেকে দিবো। আচ কম থাকবে। হালকা সেদ্ধ হলে একটু নেড়ে পুরো পানি ঢেলে দিয়ে ঢেকে দিবো। পানি কমে কচু ৮০% সেদ্ধ হলে ইলিশ টুকরা দিয়ে নেড়ে ঢেকে থিবো মিডিয়াম আচে। দশ মিনিট লাগবে। ঝোল হবে। ধনেপাতা কুচি দিবো।

    হয়ে গেলো খুবই স্বাদের মানসকচু দিয়ে ইলিশের পাতলা ঝোল। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই পাতলা ঝোল। গরমে শান্তি।

    রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম