Category: লিড নিউজ

  • সিপিডি ট্যানারি শ্রমিকদের মজুরি ২২৭৭৬ টাকা প্রস্তাব করেছে

    সিপিডি ট্যানারি শ্রমিকদের মজুরি ২২৭৭৬ টাকা প্রস্তাব করেছে

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রমিকদের খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শিল্পের জন্য শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব করেছে । সেইসঙ্গে মজুরি দেওয়ার ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম যথাযথ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

    আজ শনিবার (৪ মে) সিপিডি’র ধানমন্ডির কার্যালয়ে ‘ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাবনায় উঠে আসে।

    সিপিডি’র গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেমের নেতৃত্ব গবেষণা পরিচালনা করা হয়। সিপিডির সিনিয়র গবেষক তামিম আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা ও ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদসহ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

    শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাবনায় সিপিডি বলছে, শ্রমিকদের খাদ্যমূল্য ২০ হাজার ৫৬৪ ও নন-ফুড মূল্য ১২ হাজার ৮৮১ টাকা হিসেবে মাসে মোট ৩৩ হাজার ৪৪৫ টাকা প্রয়োজন। অ্যাংকর সিস্টেমে পরিবারের সদস্য সংখ্যা ও তাদের আয়কেও বিবেচনায় নেওয়া হয়। অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের আয় ও বর্তমান বাজার বিবেচনায় নেওয়া হয়। সেই হিসেবে সিপিডি মনে করছে ন্যূনতম মজুরি হওয়া উচিত ২২ হাজার ৭৭৬ টাকা। একইসঙ্গে আমাদের প্রস্তাব থাকবে গ্রেডিং সিস্টেম ঠিক করে একটি গ্রেডে আনা। এই খাতে গ্রেড উন্নয়নের সুযোগ কম, কারণ একেকটি গ্রেডের কাজ একেক রকম। যেহেতু পদোন্নতির সুযোগ নেই, তাই গ্রেডের মধ্যে কয়েকটি ভাগ করে ( যেমন-গ্রেড-৫ এর এ, বি ও সি) সাবগ্রেড করার প্রস্তাব রয়েছে। এর ফলে পদোন্নতির সুযোগ থাকবে ও শ্রমিকদের কাজে উৎসাহ বৃদ্ধি পাবে।

    গোলাম মোয়াজ্জেম তার বক্তব্যে বলেন, পোশাক শিল্পের পরে যে শিল্পটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চামড়া বা চামড়াজাত পণ্য। ট্যানার অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে ২০০ এর মতো ট্যানারি শিল্প রয়েছে। সাভারের ট্যানারি শিল্পে ১২৭টি প্লটে বিভিন্ন রকমের ট্যানারি প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। ২০২৩ সালের চামড়া জাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১.২ বিলিয়ন ডলার। যার ভিতরে ট্যানারি শিল্প থেকে এসেছে ১২৩ মিলিয়ন ডলার। বাংলাদেশ বিলিয়ন ডলারের রপ্তানি খুঁজছে সে হিসাবে চামড়াজাত গুরুত্বপূর্ণ একটি খাত হতে যাচ্ছে।

    তিনি বলেন, চামড়াজাত নিয়ে আলোচনা আসলে সবচেয়ে বেশি পরিবেশগত বিষয়টি আলোকপাত করা হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যূনতম মজুরি। মূলত ট্যানারি শিল্পখাতে শ্রমিকদের মজুরি। ট্যানারি শিল্পের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কিছুদিনের মধ্যে হয়ত বোর্ড মজুরি সুপারিশ করবে। ট্যানারি খাতে ন্যূনতম মজুরি অন্যান্য খাতের তুলনায় অনেক বেশি রয়েছে। তার মানে এই নয় যে ন্যূনতম মজুরি ঘোষণার দরকার নেই। এজন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে এই শিল্পে শ্রমিক ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী পর্যায়ে রয়েছে। আমাদের গবেষণায় এই খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব এসেছে, আমরা জানি শ্রমিকদের দাবি ২৫ হাজার টাকা আর মালিকদের প্রস্তাবনা ১৫-১৬ হাজার টাকা। আমি আশা করছি মজুরি বোর্ড সকল পক্ষে প্রস্তাব বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।

    সিডিপির গবেষণায় বলা হয়েছে, ২০১১ সালে সর্বপ্রথম ট্যানারি শিল্পের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যার পরিমাণ ৮ হাজার ৭৫০ টাকা। ২০১৮ সালে সেটা বৃদ্ধি করে শহর অঞ্চলের জন্য ১৩ হাজার ৫০০ টাকা ও গ্রাম অঞ্চলের জন্য ১২ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২০১৮ সালে যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, সেটা কতগুলো প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। সিপিডি’র গবেষণায় দেখা গেছে ২০২৪ সালে এসেও দেখা গেছে ৬০ শতাংশ কারখানা ওই বেতন দিচ্ছে না। প্রতিবছর ৫ শতাংশ বেতন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও সেটা বিবেচনায় বাস্তবায়ন হার অনেক কম পাওয়া গেছে।

    সিপিডি অ্যাংকর মেথডে ৩৫টি ট্যানারির ওপর গবেষণা পরিচালনা করা হয়েছে। গবেষণা নিয়ে সিপিডির গবেষক তামিম আহমেদ বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে ট্যানারি শিল্পের জন্য আলাদা ন্যূনতম মজুরি নেই। ওই সব দেশে সকল শিল্পের একই হারে ন্যূনতম মজুরি রয়েছে। তবে ভারতে রাজ্যভিত্তিতে ন্যূনতম মজুরি রয়েছে। ভারতের কেরালায় ১৪৬, তামিলনাডুতে ১৩৮, উত্তর প্রদেশে ১২৩ ও পশ্চিম বঙ্গে ১১৭ মার্কিন ডলার ন্যূনতম মজুরি রয়েছে। অন্যদিকে ভিয়েতনামে ১৭১, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ১৮৬ ও ২৫৫ মার্কিন ডলার। সেখানে বাংলাদেশে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি ১২৩ মার্কিন ডলার, যা বাংলাদেশের খাদ্যপণ্যের মূল্য হিসেবে অনেক বলে মনে করছি।

    গবেষণায় বলা হয়েছে, গড়ে প্রতিটি ট্যানারিতে ২১ জনের মতো শ্রমিক কাজ করে। যার মধ্যে নারী শ্রমিকের সংখ্যা খুবই কম। শ্রমিকরা অনেকেই তাদের ন্যূনতম মজুরি সম্পর্কে জানেন না। ৬৫ শতাংশ মজুরি সময়মতো দেওয়া হয় না। অন্যদিকে শ্রমঘণ্টা অনেক বেশি। মজুরি সময়মতো না দেওয়া কিংবা কম দেওয়ার বড় কারণ রপ্তানি ও দেশের বাজারে বিক্রি কমে যাওয়া।

  • আগামীকাল ৫ মে থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চের বিচারকাজ শুরু

    আগামীকাল ৫ মে থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চের বিচারকাজ শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দায়িত্ব নেওয়ার সাত মাস পর বিচারকাজ পরিচালনার জন্য আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন ।

    আগামীকাল রবিবার (৫ মে) জন্য আজ শনিবার (৪ মে) প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    এতে দেখা যায় এক নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুই নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।

    এক নম্বর বেঞ্চের সদস্যরা হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি কাশেফা হোসেন।

    দুই নম্বর বেঞ্চের সদস্যরা হচ্ছেন হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

    গত বছরের ২৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছে। ২৪ এপ্রিল আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নেন। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

  • ঢাকা বিভাগে চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে

    ঢাকা বিভাগে চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৪ মে, ২০২৪: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল রবিবার থেকে বৃষ্টি বেড়ে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চল (খুলনা ও রাজশাহী বিভাগ) ও মধ্যাঞ্চলের (ঢাকা বিভাগ) চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে ।

    গত দু’দিনে ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমেছে। তবে এখনো স্বস্তি ফেরেনি জনজীবনে।

    খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও রয়েছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল । এছাড়া শুক্রবার চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২, পাবনার ঈশ্বরদী ও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

    চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এছাড়াও বিচ্ছিন্নভাবে দু’এক জায়গায় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। বৃষ্টির প্রবণতা চট্টগ্রাম অঞ্চলে বেশি। চট্টগ্রামের বাইরে শ্রীমঙ্গলে ১২, ভোলায় ৩২, সিলেটে ৪, মোংলায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    আবহাওয়াবিদের তথ্য মতে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    তবে রবি ও সোমবার আট বিভাগে কমবেশি বৃষ্টি হতে পারে জানিয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার দেশের পশিচমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    অন্যদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে

    প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৪ মে, ২০২৪: অষ্টম উইকেটে রেকর্ড ৬৫ বলে ৭৫ রানের সুবাদে ১২৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ের । শুক্রবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে অতি সহজেই ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১৫ ওভার ২ বলে জয়েল লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

    রান তাড়ায় লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হন। তবে অভিষেকেই আলো ছড়িয়ে দলকে জয় এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম।

    টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের জন্য। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলে তারা। দুই বলে কোনো রান করার আগেই মাহেদী হাসানের বলে বোল্ড হন ক্রেইগ আরভিন। তবে আরেক প্রান্তে ব্রায়ান বেনেট ভরসা জোগাচ্ছিলেন।

    ৪ ওভার শেষে দলটির ৩১ রান ছিল। কিন্তু তাদের হুট করে খেই হারানোর শুরু হয় পঞ্চম ওভারের শেষ বলে। দীর্ঘদিন পর দলে ফেরা সাইফউদ্দিন নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। ৪ চারে ১৪ বলে ১৭ রান করে আউট হন জয়লর্ড গাম্বি। ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে দাঁড়ানো তাসকিনের হাতে ক্যাচ দেন তিনি।

    মাহেদীর করা পরের ওভারের প্রথম দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। প্রথমটি ছিল রান আউট। শন উইলিয়ামসের সঙ্গে ভুল বুঝাবুঝিতে আউট হন ব্রায়ান বেনেট। ৩ চারে ১৫ বলে ১৬ রান করেছিলেন তিনি। উইকেটে এসে জিম্বাবুয়ের বড় ভরসা সিকান্দার রাজা ফিরে যান প্রথম বলেই।

    মাহেদীর বলে প্যাডেল সুইপ করতে গেলে রাজার গ্লাভসে লেগে বল চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো লিটন দাসের হাতে। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। তিন বলে তিন উইকেট হারানো জিম্বাবুয়েকে আরও বেশি চাপে ফেলে দেন তাসকিন আহমেদ।

    পাওয়ার প্লের ঠিক পরের ওভারে এসে শেন উইলিয়ামস ও রায়ান বার্লকে সাজঘরের পথ দেখান তিনি। প্রথমে বোল্ড হন উইলিয়ামস। পরের বলে পয়েন্টে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন বার্ল। দুজনেই আউট হন প্রথম বলে, শূন্য রানে। পরের ওভারে এসে ৬ বলে ২ রান করা লুক জংয়েকে আউট করেন সাইফউদ্দিন।

    ৪১ রানে ৭ উইকেট হারানোর পর জিম্বাবুয়ে আর কত রান করতে পারবে- এটাই ছিল প্রশ্ন। কিন্তু দলটির মূল লড়াই শুরু হয় ওখান থেকেই। ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে  মাদানদে ইনিংস গড়ার দায়িত্ব নেন। শুরুতে তারা ধীরস্থিরভাবেই খেলছিলেন। কিন্তু শেষদিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা।

    শরিফুলের করা ১৭তম ওভারে ১১ ও রিশাদ হোসেনের করা পরের ওভারে ১৬ রান নেন মাসাকাদজা ও মাদানদে। এরপর ১৮তম ওভারের প্রথম বলে তাসকিনকেও ছক্কা হাঁকান মাসাকাদজা। এক বল পরই অবশ্য তার সঙ্গী মাদানদেকে বোল্ড করেন তাসকিন।   তার ইয়র্কার মাদানদের দুই পায়ের মাঝখান দিয়ে স্টাম্পে আঘাত করে।

    অষ্টম উইকেটে জিম্বাবুয়ের রেকর্ড ৬৫ বলে ৭৫ রানের জুটি ভেঙে যায় এতে। ৬ চারে ৩৯ বলে ৪৩ রান করে আউট হন মাদানদে। তার বিদায়ের পর জিম্বাবুয়ের রান হয়নি খুব একটা। শেষ বলে রান আউট হওয়ার আগে ৩৮ বলে ৩৪ রান করেন মাসাকাদজা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন। সমান ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট পান সাইফউদ্দিনও।

    রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির ইনসুইঙ্গারে বোল্ড হন ৩ বলে ১ রান করা লিটন দাস। চাপে পড়ে যাওয়া বাংলাদেশ ৩ ওভারে করে ১০ রান।

    এরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ থাকে। বিরতির পর খেলা শুরু হলে তানজিদ হাসান তামিম হাত খোলেন। দারুণ সব শটে রান করতে থাকেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে আসা মুজারাবানির দেন ১৬ রান, ছয় ওভারে বাংলাদেশের রান হয় ৪২।

    এরপর আরেক দফা বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ওই বিরতির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।  ২৪ বলে এবার ২১ রান করে লুক জংয়ের বলে শন উইলিয়মসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত।

    তার বিদায়ের পরও আক্রমণাত্মকই থাকেন তানজিদ হাসান তামিম। তার সঙ্গে যোগ দেন তাওহীদ হৃদয়। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। আগে ওয়ানডে খেললেও এদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তানজিদের। শেষ পর্যন্ত ৮ চার ও ২ ছক্কার ইনিংসে ৪৭ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তানজিদ। ৫ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩৩ রান আসে হৃদয়ের ব্যাট থেকে।

  • প্রবল বৃষ্টিপাতে ব্রাজিলে ৩৯ জনের মৃত্যু

    প্রবল বৃষ্টিপাতে ব্রাজিলে ৩৯ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ মে, ২০২৪: ব্রাজিলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৬৮। কয়েক দিন ধরেই জলঝে প্রবল বৃষ্টিপা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে লাটিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুল। এতে রাজ্যটিতে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্ত লাগোয়া ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যটিতে গত সোমবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, ঝড়-বৃষ্টিতে রাজ্যের ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু ও নিখোঁজের পাশাপাশি এসব শহরের অন্তত ২৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এপিও মৃতের সংখ্যা ৩৯ বলে জানায় তবে আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান এ সংখ্যা ৩৭ বলে উল্লেখ করেছে।

    রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক দিনে উপদ্রুত আরও অনেক এলাকায় আমরা পৌঁছাতে সক্ষম হব। তখন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।’

    বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু। এ ছাড়া ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় একটি জলবিদ্যুৎকেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে। আরেকটি জলাধারও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

    দুর্যোগের মধ্যেই গত বৃহস্পতিবার রাজ্যটি পরিদর্শনে যান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এ সময় তিনি রাজ্যের গভর্নরের সঙ্গে উদ্ধার অভিযানের বিষয়ে আলাপ করেন।

  • সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ৩ জন নিহত

    সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ৩ জন নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারে থাকা বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

    শুক্রবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৮), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (২৭) ও তার মামী রাহেলা বেগম (৫৫)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩০) ও প্রাইভেটকার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

    গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, গত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন। চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।

    পুলিশ জানিয়েছে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ১০ টাকা দিয়ে টিকিট কেটে চক্ষু চিকিৎসা নিলেন শেখ হাসিনা

    ১০ টাকা দিয়ে টিকিট কেটে চক্ষু চিকিৎসা নিলেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতোই ১০ টাকা দিয়ে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শুক্রবার (৩ মে ) সকালের দিকে টিকিট কেটে তিনি নিয়মিত চক্ষু পরীক্ষা করান।

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার ই আলম সরকার তা নিশ্চিত করেছেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার আউটডোর টিকিট কেনার পর একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন।

    এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর একই হাসপাতালে একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন।এসময় প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন ।

  • কর্মীরা হতাশ তাই বিএনপি ঝিমিয়ে পড়েছে: সেতুমন্ত্রী

    কর্মীরা হতাশ তাই বিএনপি ঝিমিয়ে পড়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৩ মে, ২০২৪: কর্মীরা হতাশ তাই বিএনপি ঝিমিয়ে পড়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে সারা দেশে যে ভয় সৃষ্টি করেছে, জনগণ তাদের পাশে নেই। বিএনপি ঝিমিয়ে পড়েছে। কর্মীরা হতাশ হয়ে পড়েছে।”

    আজ শুক্রবার (৩ মে) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “যারা আমাদেরকে চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে আছে। কারণ আরব বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওপারেও লেগেছে। ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।”

    তিনি আর বলেন, “বেগম জিয়া আইনের ফাঁদে আটকা। তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। এ মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেনি। বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতেও ব্যর্থ হয়েছে।”

    সেতুমন্ত্রী বলেন, “আমরা ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পালন করব। আগামী ১৭ মে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সারা দেশে কর্মসূচি পালন করব।”

    এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করছেন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

    বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করছেন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

    www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করছেন, বলে জানয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন। তবে দুই একটি ব্যতিক্রম থাকতেই পারে।”

    আজ শুক্রবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস- ২০২৪ উপলক্ষে ‘তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন।

    প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, “কেউ কেউ বলেন, আমাদের দেশের সাংবাদিকরা সরকার কর্তৃক নিষ্পেষিত হয়। আমি এর সঙ্গে একমত নই। সাংবাদিকরা যদি কোনো ভুল করেন, সেখানে বিচার আছে, বিচার হতে পারে। বিচারে দোষী হলে শাস্তি হবে, সেটা ভিন্ন কথা।”

    বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, “সাংবাদিকদের সত্য বলতে হবে, লিখতে হবে। তবে সেই সত্য যেন দেশপ্রেমের সত্য হয়। সেই সত্যের মাধ্যমে দেশের যেন কোনো ক্ষতি না হয় এটা আমাদের মনে রাখতে হবে। আপনি যা দেখবেন তা লিখতে পারেন না, যদি না দেখা যায়, তা লিখলে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। কিন্তু স্বাধীনভাবে লেখার যে অধিকার সেই অধিকার সাংবাদিকদের থাকতে হবে।”

    তিনি আরো বলেন, “আমরা চাই, সাংবাদিক, সম্পাদক এবং মালিক এই তিনটা পক্ষ মিলেই এ দেশের সাংবাদিকতার উন্নয়নে কাজ করবে।”

    প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, “প্রেস কাউন্সিলের আইনে যতটুকু ক্ষমতা আমাকে দেওয়া আছে, এই ক্ষমতা যদি সাংবাদিকদের উন্নয়নে প্রয়োগ করতে হয়, তাহলে এটি প্রয়োগ করতে আমরা পিছ পা হবো না।

    বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মাহবুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যপক সৈয়দা নিলুফার নাসরিন।

  • রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক

    রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: রিকশাচালকরা যাতে ছাতার ছায়ায় থেকে রিকশা চালাতে পারে তাই তাদের ছাতা বিতরণ করছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। আজ রাজধানীর উত্তরায় সিটি কর্পোরেশনের নিবন্ধিত রিকশাচালকদের ছাতা বিতরণ করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন যতগুলো নিবন্ধিত রিকশা আছে সবার কাছে ধাপে ধাপে ছাতা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিক।

    আজ শুক্রবার (০৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    তাপদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেছেন মেয়র। এ সময় তিনি রিকশায় স্থাপনযোগ্য একটি ছাতা, পানি পানের বোতল ও ১২ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করেন।

    এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, “দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বের হতে হয়, তাদের কষ্ট বেড়ে যাচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা আছেন, বিশেষ করে রিকশাচালক তাদের কষ্ট আরও বেশি। তারা যাতে অন্তত ছাতার ছায়ায় থাকতে পারেন এ জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছাতা দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন যতগুলো নিবন্ধিত রিকশা আছে সবাইকে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে।”

    তিনি আরও বলেন, “পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের। এর ফলে এটি সহজে বহনযোগ্য এবং সেটাতে প্রয়োজন মতো স্যালাইন তৈরি করে পান করা যাবে।”

    এর আগে, ৪ নম্বর সেক্টর পার্কে সংস্কার কাজ সমাপ্ত করে ওয়াকওয়েটি উদ্বোধন করা হয়।

    এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সরকার, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান প্রমুখ।