Category: আন্তর্জাতিক

  • বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন

    বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ জুলাই, ২০২৪: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক টানা চারবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ।

    আজ মঙ্গলবার (৯ জুলাই) ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার বা নগরমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে, যিনি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানে থাকবেন। তবে মন্ত্রী হিসেবে টিউলিপের নিয়োগের বিষয়ে যুক্তরাজ্যের সরকার আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়নি।

    গত সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির জয়লাভে কেইর স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। আর সেই দলের হয়ে ভোটে বড় ব্যবধানে জয় পেয়ে টানা চারবার পার্লামেন্ট সদস্য হয়েছেন টিউলিপ।

    যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি দেশটিতে শিশু এবং প্রাথমিক বিভাগ এবং প্রাথমিক শিক্ষার ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেনে। এ ছাড়া ট্রেজারি বিভাগের ছায়া অর্থনৈতিক সচিবও ছিলেন তিনি। ৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের পরে ‘দ্য সিটি’ নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের জন্য নীতি তৈরিতে লেবার পার্টির প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন।

    খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

    টিউলিপ বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। তিনি ১৯৮২ সালে লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে থেকেছেন। পরে কিশোর বয়স থেকে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিকস, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

  • রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায়  ইউক্রেনে ৩৭ জন নিহত

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৩৭ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ জুলাই, ২০২৪: রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । এসব হামলায় গতকাল সোমবারের কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিয়েভ বেসামরিক নাগরিকদের ওপর এমন একযোগে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে ।

    জানা গেছে কিয়েভের একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। হাসপাতালের কর্মী, উদ্ধারকর্মীসহ কয়েক ডজন স্বেচ্ছাসেবক ওখমাদিত পেডিয়াট্রিক হাসপাতালের ধ্বংসাবশেষ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন। বেসামরিক নাগরিকদের ওপর একসঙ্গে একাধিক স্থানে এর আগে এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাজধানী কিয়েভ এবং দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের পাঁচটি শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এতে ৩৭ জন নিহত হয়েছে। এর মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া আরও ১৭০ জন আহত হয়েছে বলেও জানা গেছে।

    জেলেনস্কি আরও জানিয়েছেন, রাশিয়ার একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু স্কুল এবং একটি প্রসূতি হাসপাতালসহ প্রায় শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টি প্রজেক্টাইল মিসাইল ভূপাতিত করেছে।

    ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কি জোর দিয়ে বললেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা প্রয়োজন। রুশ যুদ্ধবিমান ধ্বংস করা প্রয়োজন। নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না এমন দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আরও সহায়তা দেওয়ার বিষয়টি ন্যাটোর আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে, তাদের শহর এবং বেসামরিক নাগরিকদের রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করব আমরা।

  • ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে বামপন্থী জোটের জয়

    ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে বামপন্থী জোটের জয়

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ জুলাই, ২০২৪: ফ্রান্সে দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার। এতে বামপন্থী দলগুলোর জোট মধ্যপন্থী ও উগ্র ডানপন্থীদের টপকিয়ে অধিকাংশ আসনে জয়ী হয়েছে। তবে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফরে দেশটির রাজনীতিতে এক ধরণের অচলাবস্থা দেখা দিতে পারে।

    আজ সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অতি-ডানপন্থি ন্যাশনাল র‌্যালি ব্যাপকভাবে এই নির্বাচনে জয়লাভ করবে বলে আশা করা হলেও এর পরিবর্তে তারা পরাজিত হয়েছে এবং তৃতীয় স্থানে নেমে গেছে।

    প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মাত্র চার সপ্তাহ আগে হঠাৎ করে এই নির্বাচনের ঘোষণা দেন এবং এই নির্বাচনে নিউ পপুলার ফ্রন্ট নামে একটি বামপন্থি জোট সর্বাধিক আসন জিতেছে। অবশ্য কোনো একটি জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইউরোপের এই দেশটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে চলেছে।

    পূর্বাভাস অনুযায়ী, ফরাসি এই প্রেসিডেন্ট পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারাচ্ছেন। মেরিন লে পেনের উগ্র ডানপন্থি দল সংসদে আগের চাইতে অনেক বেশি আসনে জিতেছে তবে সেটি প্রত্যাশার চাইতে কম।

    পারমাণবিক শক্তিধর এবং প্রধান অর্থনৈতিক শক্তি ফ্রান্সের নির্বাচনের এই ফলাফল ইউক্রেনের যুদ্ধ, বৈশ্বিক কূটনীতি এবং ইউরোপের অর্থনৈতিক স্থিতির ওপর প্রভাব ফেলবে।

    এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী কে হবেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে নেতৃত্ব দেবেন, সেটা নিয়ে আগামী কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক দর কষাকষি চলতে পারে। ম্যাক্রোঁকে হয়তো এমন এক প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে কাজ করতে হবে, যিনি তার বেশিরভাগ অভ্যন্তরীন নীতির বিরোধী হতে পারেন।

    আর এই পূর্বাভাস সঠিক হলে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান স্তম্ভ এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বড় রকমের অনিশ্চয়তার মধ্যে পড়বে।

    বিবিসি বলছে, ন্যাশনাল র‌্যালি (আরএন) এই নির্বাচনের প্রথম রাউন্ডে জয়লাভ করেছে, এবং তারপর থেকে সকল জনমত জরিপ রান-অফ রাউন্ডেও দলটির বিজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এর পরিবর্তে, ফ্রান্স এখন একটি ঝুলন্ত পার্লামেন্টের মুখোমুখি হচ্ছে যেখানে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতার মতো কিছু নেই।

    উল্লেখ্য, গত ৩০ জুন প্রথম দফার ভোটে আরএন ও সমমনা দলগুলো ৩৩ শতাংশ ভোট পেয়েছিল। আর বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট ২৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে মধ্যপন্থি এনসেম্বল ব্লক প্রায় ২০ শতাংশ ভোট পেয়ে ছিল তৃতীয় স্থানে।

    যেসব প্রার্থী প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেয়েছেন, তাদের আর দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এর মধ্যে লে পেনের জোট থেকে ৩৯ জন, বাম জোট থেকে ৩২ জন, ম্যাক্রোঁর জোট থেকে দুই জন, রক্ষণশীল এলআর থেকে একজন এবং অন্যান্য ডান দল থেকে দুই জন রয়েছেন।

    বাকি ৫০১টি আসনের ভাগ্য নির্ধারিত হবে দুই থেকে চারজন প্রার্থীর মধ্যে। ফরাসি পার্লামেন্টে ম্যাজিক ফিগার ২৮৯। অর্থাৎ, যে দলের কাছে ২৮৯টি আসন থাকবে, তারাই সরকার গড়তে পারবে।

    দ্বিতীয় রাউন্ডের এই ভোটের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী কে হবেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে কে নেতৃত্ব দেবেন সেটাই এখন দেখার বিষয়।

  • গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৬ জন

    গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৬ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ জুলাই, ২০২৪: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়ত চলছে ইসরায়েলি হামলা। এবার একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ডজন খানেক মানুষ। বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

    হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের ওই ভবনটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

    গাজায় জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। জানাযায় জাতিসংঘ-পরিচালিত এই স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

    ফিলিস্তিনি অঞ্চলটির কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে চালানো ওই হামলায় ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক, শিশু এবং নারীদের বিরুদ্ধে এই চলমান অপরাধ এবং গণহত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে নিন্দাও জানিয়েছেন তারা।

    জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ উদ্বাস্তুদের জন্য আশ্রয়শিবির হিসেবে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলটি পরিচালনা করতো। ইসরাইয়েলি দখলদার বাহিনী এর আগেও স্কুলে পরিচালিত একাধিক আশ্রয়শিবির হামলা চালিয়ে।

    গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৯৮ নিহত এবং ৮৭ হাজার ৭০৫ জন আহত হয়েছে।নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

    ধ্বংস হয়েছে বহু স্থাপনা। হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয় ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি। গাজায় দেখা দিয়েছে ওষুধ ও খাদ্য সংকট।

  • মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

    মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

    www.HelloBangla.News – আন্তর্জাতি – ৬ জুলাই, ২০২৪: ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন সাকেব স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। প্রথম দফা নির্বাচনে কোন প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠি হয় দেশটিতে। এই নির্বাচনে পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯।

    গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন তিনি।

    গত মে মাসে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হলে সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় দেশটিতে।

    গত ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী গতকাল দ্বিতীয় দফার ভোট হয়। প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম দফায় ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন সংস্কারপন্থী পেজেশকিয়ান। আর ৩৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী সাইদ জালিলি।

    প্রথম দফার নির্বাচনে ইরানের ৬ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে মাত্র ৪০ শতাংশ ভোট দিয়েছিলেন। ১৯৭৯ সাল থেকে ইরানে যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা।

    মাসুদ পেজেশকিয়ানের জন্ম ১৯৫৪ সালে। তিনি একজন হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডাক্তার। তাবরিজ অঞ্চল থেকে ৫ বার নির্বাচিত এই সংসদ সদস্য ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন তিনি।

  • স্যার কিয়ের স্টারমার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন

    স্যার কিয়ের স্টারমার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ জুলাই, ২০২৪: ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিপুল জয় পেয়েছে এবং এর মাধ্যমে স্যার কিয়ের স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নির্বাচনের ফল ঘোষণা শেষ হলে ঋষি সুনাক রাজার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিবেন। রাজা মি. স্টারমারকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এসব সাক্ষাত সাধারণত বাকিংহাম প্যালেসে হয়ে থাকে।

    আজ শুক্রবার (৫ জুলাই) বিবিসির পূর্বাভাস অনুযায়ী, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে যাচ্ছে, আর কনজারভেটিভ পার্টি পাবে ১৪৪টি আসন। আর বুথ ফেরত জরিপেও বলা হয়েছে, লেবার পার্টি ১৭০ আসনের বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস জয় পাবে। আর কনজারভেটিভ পার্টি ইতিহাসের সবচেয়ে কম ১৩১ আসনে জয় পেতে যাচ্ছে।

    এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটসরা ৬১টি আসন পেয়ে তৃতীয় স্থানে থাকতে পারে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির আসন কমে দশে আর রিফর্ম ইউকে পেতে পারে ১৩টি আসন। নিজের আসনে জয়ের পর স্টারমার বলেছেন, পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই…এখন আমাদের দেওয়ার সময়। অন্যদিকে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন এবং স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

    দলটি যুদ্ধ-উত্তর সময়ে ২০১৯ সালে সবচেয়ে বাজে ফল করেছিল। তখন ৮০ আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। স্যার জন কারটিস এবং একদল পরিসংখ্যানবিদের তত্ত্বাবধানে করা এবারের বুথ ফেরত জরিপের জন্য ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ১৩০টি ভোটকেন্দ্রের ভোটারদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। উত্তর আয়ারল্যান্ড এ জরিপের আওতায় আসেনি।

    গত পাঁচটি সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপের সত্যাসত্য ছিল ১ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ আসনের মধ্যে।

    এই জরিপ সত্যি হলে এটা হবে লেবার পার্টির জন্য দারুণভাবে ঘুরে দাঁড়ানো। দলটি যুদ্ধ-উত্তর সময়ে ২০১৯ সালে সবচেয়ে বাজে ফল করেছিল। তখন ৮০ আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।

    উল্লেখ্য, জনমত সমীক্ষায় অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও গত মে মাসে, প্রয়োজনের থেকে অনেক আগে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ঋষি সুনাক। যা তার প্রতিপক্ষকে তো বটেই, নিজের দলকেও চমকে দিয়েছিল। তিনি আশা করেছিলেন, এর মধ্যে লেবারদের সঙ্গে ব্যবধান তিনি কমিয়ে ফেলবেন।

    কিন্তু নির্বাচনে তার প্রচার সেভাবে সাড়া ফেলতে পারেনি। লেবার নেতা কিয়ার স্টারমারকে ক্ষমতায় আনার জন্য যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে, তা নয়। তবে, তিনি যে পরিবর্তনের সহজ-সরল বার্তা দিয়েছেন, তা ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

  • বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যে এমপি নির্বাচিত

    বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যে এমপি নির্বাচিত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ জুলাই, ২০২৪: যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি।

    আজ শুক্রবার (৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এছাড়া জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রার্থী রূপা হক।

    বিবিসির তথ্য অনুযায়ী, টিউলিপ ২৩,৪৩২ ভোট (৪৮ দশমিক ৩ শতাংশ) পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামস ৮,৪৬২ ভোট পেয়েছেন।

    টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিশু ও প্রাথমিক শিক্ষাবিষয়ক শ্যাডো মন্ত্রী এবং শ্যাডো অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।

    ২০১৯ সালে টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড এবং কিলবার্নের এমপি ছিলেন। একই বছরে তিনি ইভনিং স্ট্যান্ডার্ডের প্রগ্রেস ১০০০ তালিকায় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে স্থান পেয়েছিলেন।

    ২০১৫ সালে শক্তিশালী ৭ প্রার্থীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ৩৪ ব্রিটিশ নাগরিক। এর মধ্যে লেবার পার্টির হয়ে আটজন ও কনজারভেটিভ পার্টির হয়ে লড়েছেন দুজন বাংলাদেশি।

  • প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাচ্ছেন না জো বাইডেন

    প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাচ্ছেন না জো বাইডেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ জুলাই, ২০২৪:সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাজে পারফরমেন্সের পর তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সিনিয়র ডেমোক্র্যাট নেতা ও কর্মকর্তাদের আশ্বস্ত করার কাজ শুরু করেছেন। নভেম্বরের নির্বাচনে তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসতে পারেন এমন গুঞ্জনের মধ্যে তিনি হোয়াইট হাউজে কমলা হ্যারিসের সঙ্গে রুদ্ধদ্বার মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন।

    পরে তারা দলের এক প্রচারণায় অংশ নেন যেখানে বাইডেন পরিষ্কার করেছেন যে তিনি লড়াইয়ে আছেন এবং হ্যারিসও বাইডেনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

    বাইডেন বলেন, আমি ডেমোক্র্যাট পার্টির নমিনি। কেউ আমাকে বের করে দিতে পারে না। আমি চলে যাচ্ছি না। আমি পরিষ্কারভাবে ও সহজভাবে বলতে চাই যে আমি লড়ছি, শেষ পর্যন্ত এই দৌড়ে থাকবো।

    ট্রাম্পের সাথে বিতর্কে বারবার খেই হারানো, দুর্বল কণ্ঠস্বর এবং তার কিছু উত্তর বোঝাই কষ্টকর ছিল। ফলে দলের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তার ফিটনেস এবং নির্বাচনে জেতার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

    বিতর্কের পর নিউইয়র্ক টাইমসের এক জনমত জরিপে দেখা যায় ট্রাম্প এখন তার চেয়ে ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। বিবিসির যুক্তরাষ্ট্রের পার্টনার সিবিএস এর আরেকটি জরিপে দেখা যায় প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যগুলোতে বাইডেনের চেয়ে ট্রাম্প তিন পয়েন্টে এগিয়ে আছেন। ওই জরিপ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট জাতীয়ভাবেও এগিয়ে আছেন।

    ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির সদস্যরা অগাস্টে দলের কনভেনশনে দলীয় প্রার্থীকে আনুষ্ঠানিক মনোনয়ন দেবেন এবং এরপরই সারাদেশ ব্যালট পেপারে তার নাম আসবে।

    আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী। সেই বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল।

    মূলত গত সপ্তাহের সেই বিতর্কের পর থেকে বাইডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, ৮০ বছরের বেশি বয়সি বাইডেনের এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।

  • ভারতে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১২১ জন

    ভারতে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১২১ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ জুলাই, ২০২৪: ভারতে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১২১ জন হয়েছে। দেশটির উত্তর প্রদেশের হাতরাসের এই ঘটনায় আহত হয়েছে বহু মানুষ, যাদের মধ্যে ২৮ গুরুতর আহত রয়েছেন।

    মঙ্গলবার (২ জুলাই) রাজ্যের হাতরাস জেলায় ‘শিব স্মরণে’ ভোলে বাবার এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন ভোলে বাবা নিজেই। মূলত তার ভাষণ শুনতেই ভক্তরা সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

    অনুষ্ঠান চলাকালীন পরিবেশ খুব গরম ও আদ্র ছিল। তাঁবু ঘেরা অনুষ্ঠানে এত বেশি মানুষ এসেছিল যে পরিস্থিতি দমবন্ধের মতো হয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে লোকেদের মধ্যে অস্বস্তি তৈরি হতেই তারা বাইরে বের হতে ছুটোছুটি শুরু করে। এ সময় ব্যাপক ধাক্কাধাক্কি হয় এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

    সংবাদ সংস্থা এএনআইকে সিনিয়র পুলিশ সুপার রাজেশ কুমার সিং জানিয়েছেন, “একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, হাথরাস জেলার মুঘলগড়ি গ্রামে ভোলে বাবার অনুষ্ঠান চলছিল। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা হয়েছে।“

    জেলার প্রধান মেডিক্যাল অফিসার উমেশ কুমার বলেছেন যে, আহতদের অনেককে ইটাহ-র হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিকান্দ্রারাউ শহরের একটি ট্রমা সেন্টারে। তিনি জানিয়েছেন মেডিক্যাল কলেজ হাসপাতালে শতাধিক মানুষ আহত হয়ে ভর্তি আছেন। মৃতদেহের ময়না তদন্ত করে নাম পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

    ট্রমা সেন্টার থেকে পাঠানো কিছু ভিডিওতে দেখা গেছে নিহতদের পরিবারগুলিকে ক্ষোভ প্রকাশ করছে। ট্রমা সেন্টারে নিহতদের পরিবারের এক সদস্য বলেন, “এত বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে কিন্তু একজন উচ্চপদস্থ কর্মকর্তা এখানে উপস্থিত নেই। ভোলে বাবাকে এখানে এত বড় অনুষ্ঠান করার অনুমতি কে দিয়েছে? প্রশাসন কোথায়?”

    আহত ও নিহতদের ট্রাক, টেম্পো ও অ্যাম্বুলেন্সে করে ট্রমা সেন্টারে আনা হয়।ভিডিওতে দেখা গেছে, ট্রমা সেন্টারের বাইরে মেঝেতে পড়ে রয়েছে দুইজন নারীর দেহ। ট্রমা সেন্টারের বাইরে বিশৃঙ্খলা রয়েছে এবং লোকেরা তাদের নিকটাত্মীয়দের সন্ধানে সেখানে আসছেন।

    আলিগড় রেঞ্জের পুলিশ আইজি শলভ্ মাথুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ‘ভোলে বাবা’ নামে ওই ধর্মগুরুর অনুষ্ঠানের জন্য অস্থায়ী অনুমতি দেওয়া হয়েছিল। ‘ভোলে বাবা’ নামের ওই ধর্মগুরুর ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে হাজির হাসপাতালে ভর্তি এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে প্রচণ্ড গরমে তাঁবুর মধ্যে অনুষ্ঠান চলছিল। গরমের কারণে পুরো অনুষ্ঠান চলাকালীনই ভক্তদের অস্বস্তিতে কাটাতে হয়েছে। তাই অনুষ্ঠান শেষ হতেই সবাই হুড়োহুড়ি করে বেরনোর চেষ্টা করছিলেন। এসময় একজন আরেকজনের ওপরে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছেন। আমি নিজেও বেরোতে গিয়ে দেখি মোটরসাইকেল রাখার কারণে বেরনোর পথ বন্ধ হয়ে গেছে।

    সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তরফে একটি বিবৃতি জারি করে হাথরাসের দুর্ঘটনায় মৃতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসা দেওয়া এবং ঘটনাস্থলে ত্রাণ বিলি করার নির্দেশ দিয়েছেন।

    আগ্রার অতিরিক্ত পুলিশ মহাপরিচালক এবং আলিগড়ের কমিশনারকে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    ভারতের ধর্মীয় উৎসব অনুষ্ঠানে আগেও বড় সংখ্যায় মৃত্যুর ঘটনা হয়েছে। দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার এক মন্দিরে নতুন বছরের অনুষ্ঠান চলাকালীন অবৈধ বাজি বিস্ফোরণ হয়ে অন্তত ১১২ জন মারা গিয়েছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল ২০১৬ সালের ওই ঘটনায় যে কংক্রিটের ভবন ধসে গিয়েছিল আর মন্দিরটিতেও আগুন ধরে গিয়েছিল।

    মধ্যপ্রদেশের একটি মন্দিরের কাছে সেতু ভেঙ্গে পড়ে ১১৫ জন ভক্ত মারা গিয়েছিলেন ২০১৩ সালে। সেদিন ওই সেতুর কাছে প্রায় চার লাখ ভক্ত জড়ো হয়েছিলেন। এরই মধ্যে গুজব ছড়ায় যে সেতুটি ভেঙ্গে পড়তে চলেছে। ভারত শাসিত কাশ্মীরের জনপ্রিয় হিন্দু তীর্থস্থান বৈষ্ণোদেবী মন্দিরে ২০২২ সালে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন অন্তত ১২ জন।

    তবে অনেকে বলছেন মৃতের সংখ্যা আরও বাড়বে। ধর্মীয় কোন অনুষ্ঠানে এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।তাই ভবিষ্যতে আয়োজকদের সাবধান হতে হবে।

    তবে ধর্মীয় সভয়া পদদলিতের ঘটনায় গ্রেপ্তার হতে পারেন স্বঘোষিত ধর্মগুরু বাবা নারায়ণ হরি ওরফে ‘ভোলে বাবা’। উত্তরপ্রদেশ পুলিশের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া এ খবর জানিয়েছে ।

  • ইমরান খানকে মুক্তির দাবি জাতিসংঘ মানবাধিকার সংস্থার

    ইমরান খানকে মুক্তির দাবি জাতিসংঘ মানবাধিকার সংস্থার

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ জুলাই, ২০২৪: জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধিবহির্ভূত ভাবে আটক করা হয়েছে । সাবেক এই তারকা ক্রিকেটারের গ্রেপ্তারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত সংস্থাটি।এছাড়া ইমরানকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে।

    আজ মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারারুদ্ধ করা হয়েছে ।

    গতকাল সোমবার এক মতামতে জেনেভা-ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন বলেছে, ‘(এই অবিচারের) উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়াদির পাশাপাশি একটি কার্যকর অধিকার প্রদান করা।’

    আল জাজিরা বলছে, জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ চলতি বছরের ২৫ মার্চ এই মতামত প্রকাশ করে। তবে এটি জনসমক্ষে আসে গতকাল সোমবার। জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ তাদের মতামতে বলেছে, ‘ইমরান খানকে আটকের কোনও আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে আটক করা হয়েছিল বলে (ওয়ার্কিং গ্রুপ) সিদ্ধান্তে উপনীত হয়েছে। সুতরাং, শুরু থেকেই, সেই প্রসিকিউশনটি আইনের ভিত্তিতে ছিল না এবং কথিত একটি রাজনৈতিক উদ্দেশ্যে এটি করা হয়েছে।’

    পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের মতামত শোনা বাধ্যতামূলক নয়। তবে তাদের এই মতামত বেশ গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরান খানকে যে আইনি সমস্যার মধ্যে ফেলা হয়েছে সেটি মূলত তার এবং তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির বিরুদ্ধে ‘অনেক বৃহত্তর দমন অভিযানের’ অংশ।

    এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে ইমরানের দলের সদস্যদের গ্রেফতার ও নির্যাতন করা হয়েছিল এবং তাদের সমাবেশে বাধা দেওয়া হয়েছিল। নির্বাচনে ‘ব্যাপক জালিয়াতি, কয়েক ডজন সংসদীয় আসন চুরি’ হয়েছিল বলে অভিযোগ করেছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ।

    এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার। দেশটির নির্বাচন কমিশন অবশ্য গত ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে।

    এর আগে গত বুধবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে একটি প্রস্তাব পাস করে। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করার চেষ্টা করার অভিযোগ করে পাকিস্তান।

    যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবটিতে পাকিস্তানের নির্বাচনে কথিত অনিয়মের বিষয়ে ‘পূর্ণাঙ্গ ও স্বাধীন’ তদন্তের আহ্বান জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিও নির্বাচনে তাদের জয়কে নস্যাৎ করার জন্য কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ করেছে।

    ‘পাকিস্তানে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সমর্থন প্রকাশ’ শিরোনামে এই প্রস্তাবটি গত ২৫ জুন কংগ্রেসে পেশ করা হয়েছিল। এই প্রস্তাবে ‘গণতান্ত্রিক ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখতে’ এবং পাকিস্তানি জনগণের ‘মানবিক, নাগরিক বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের যেকোনও প্রচেষ্টার নিন্দা করার জন্য’ পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়।’

    প্রস্তাবটি কংগ্রেসের ৩৬৮ সদস্যের অপ্রতিরোধ্য সমর্থনে পাস হয় এবং এর বিপক্ষে মাত্র সাতটি ভোট পড়ে।

    ইমরান খানের দল পিটিআই মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়া এই প্রস্তাবটিকে স্বাগত জানায়। দলটি দাবি করে থাকে, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়া সত্ত্বেও তাদের ম্যান্ডেট চুরি করা হয়েছে।

    উল্লেখ্য, নির্ধারিত সময়ের চেয়ে তিন মাস পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ইমরানের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ছিনিয়ে নেওয়া হয়েছিল। পাকিস্তানের নির্বাচন কমিশনের এই বিতর্কিত সিদ্ধান্ত সত্ত্বেও পিটিআই সমর্থিত প্রার্থীরা ৯৩টি আসন জয়লাভ করে, যা অন্য যেকোনও দলের চেয়ে বেশি।