বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যে এমপি নির্বাচিত

Bangabandhu's granddaughter Tulip elected MP in UK - International - 5 July 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ জুলাই, ২০২৪: যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি।

আজ শুক্রবার (৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এছাড়া জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রার্থী রূপা হক।

বিবিসির তথ্য অনুযায়ী, টিউলিপ ২৩,৪৩২ ভোট (৪৮ দশমিক ৩ শতাংশ) পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামস ৮,৪৬২ ভোট পেয়েছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিশু ও প্রাথমিক শিক্ষাবিষয়ক শ্যাডো মন্ত্রী এবং শ্যাডো অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।

২০১৯ সালে টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড এবং কিলবার্নের এমপি ছিলেন। একই বছরে তিনি ইভনিং স্ট্যান্ডার্ডের প্রগ্রেস ১০০০ তালিকায় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে স্থান পেয়েছিলেন।

২০১৫ সালে শক্তিশালী ৭ প্রার্থীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ৩৪ ব্রিটিশ নাগরিক। এর মধ্যে লেবার পার্টির হয়ে আটজন ও কনজারভেটিভ পার্টির হয়ে লড়েছেন দুজন বাংলাদেশি।

পূর্ববর্তী বর্তমান আইজিপির চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার
পরবর্তী পদ্মা সেতুর বরাদ্দ থেকে ১৮৩৫ কোটি ৬৮ লাখ টাকা কম খরচ হয়েছে