Category: আন্তর্জাতিক

  • তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত

    তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ এপ্রিল, ২০২৪: ভারী বৃষ্টিপাতের জেরে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। চলতি বছরের জানুয়ারি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে।

    প্রাকৃতিক এই দুর্যোগে ইতোমধ্যেই প্রায় ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদণে গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তানজানিয়ায় এল নিনোর কারণে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৫ জন মারা গেছেন বলে দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মে মাস পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

    আর এই কারণে মানুষ ও পরিবারগুলোকে বন্যাপ্রবণ এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী কাসিম আরও জানিয়েছেন, প্রায় ২ লাখ মানুষ এবং ৫১ হাজারেরও বেশি পরিবার ইতোমধ্যেই এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    জানা গেছে ভারী বৃষ্টিপাত প্রতিবেশী কেনিয়া এবং বুরুন্ডিতেও হচ্ছে, যার ফলে এই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশের পরিস্থিতি নিয়ে তানজানিয়ার সংসদে প্রতিবেদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী মাজালিওয়া বলেন, ১৫৫ জন নিহত ছাড়াও ২৩৬ জন আহত হয়েছেন।

    তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অংশে প্রবল বাতাস, বন্যা এবং ভূমিধসের সাথে এল নিনোর কারণে প্রবল বৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর মধ্যে জীবনহানি, ফসল, বাড়িঘর, নাগরিকদের সম্পত্তি এবং রাস্তা, সেতু এবং রেলপথের মতো অবকাঠামোর ধ্বংসও অন্তর্ভুক্ত রয়েছে।’

    অন্যদিকে কেনিয়ায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। মূলত এই দেশটিতেও ভারী বৃষ্টিপাত রাজধানী নাইরোবিসহ দেশের বড় অংশে আঘাত হেনেছে এবং কিছু বস্তি এলাকার বাড়িঘর, আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্রসহ বহু জিনিস পানিতে ভেসে গেছে।

    জানা গেছে, বুরুন্ডিতে, ভারী বর্ষণে প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

  • ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ এপ্রিল, ২০২৪: বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ উপেক্ষা করে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ হাজার হাজার ২৫০ জন।

    এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। গতকাল বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    এই প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৭৯ ফিলিস্তিনি নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন বলে বুধবার ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

    অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। প্রায় ছয় মাস ধরে চালানো বর্বর এই আগ্রাসনে অন্তত ৩৪ হাজার ২৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত এসব বিপুল সংখ্যক ফিলিস্তিনির বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ৭৭ হাজার ২২৯ জন।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনির মতে, সাহায্যের ‘অর্থপূর্ণ ও নিরবচ্ছিন্ন সরবরাহের’ মাধ্যমেই শুধুমাত্র উত্তর গাজার দুর্ভিক্ষ এড়ানো যেতে পারে।

  • গাজায় হাসপাতালের গণকবর থেকে ৩০০ লাশ পাওয়া গেছে

    গাজায় হাসপাতালের গণকবর থেকে ৩০০ লাশ পাওয়া গেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ এপ্রিল, ২০২৪: প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। ইতিমধ্যে সেখানে মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে্ছে। সেখানে দেখা দিয়েছে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাব। দুর্ভিক্ষে সেখানে মারা যাচ্ছে মানুষ। শুধু তাই নয় বিদেশি ত্রাণ পাঠাতে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক, গাজার নাসের এবং আল-শিফা হাসপাতালে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া এবং ইসরায়েলি অভিযানের পর সেখানে গণকবরের সন্ধান পাওয়ার ঘটনা খুবই ‘ভয়ঙ্কর’। এসব লোকজনের মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

    ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, তারা প্রায় ৩০০ জনের মরদেহ উত্তোলন করেছে। কিন্তু তাদের মৃত্যু কিভাবে হয়েছে বা কবে কবর দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।যদিও ইসরায়েলি বাহিনী সেখানে কোনো মরদেহ মাটিচাপা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

    গত ফেব্রুয়ারিতে খান ইউনিসের এসব হাসপাতালে দুই সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সে সময় তারা জানিয়েছিল যে, ফিলিস্তিনিরা যেসব মরদেহ কবর দিয়েছে তারা সেগুলো পরীক্ষা করে দেখেছে। গোয়েন্দা তথ্য থেকে সেখানে জিম্মিদের সম্ভাব্য অবস্থান যাচাই করে দেখা হয়েছে।

    এদিকে হামাসের হাতে জিম্মি অবস্থা থেকে মুক্ত হওয়া ১০ জন জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তাদেরকে নাসের হাসপাতালে বন্দি রাখা হয়েছিল।

    নাসের হাসপাতালে ইসরায়েলি অভিযানের আগে সেখানকার কর্মীরা জানিয়েছিলেন যে, যুদ্ধের কারণে তারা মরদেহগুলো কোনো কবরস্থানে দাফন করতে পারেননি। সে সময় বাধ্য হয়েই তারা হাসপাতালের আঙ্গিনায় মরদেহগুলো দাফন করেন। এর আগে গত নভেম্বরে ইসরায়েলি অভিযানের আগে আল-শিফা হাসপাতাল থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় একের পর এক হাসপাতালে অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

    ইসরায়েলি বাহিনীর দাবি, এসব হাসপাতালে অবস্থান করে নিজেদের কার্যক্রম পরিচালনা করছিল হামাস। যদিও ইসরায়েলের এসব দাবি হামাস এবং মেডিক্যাল কর্মীদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে।

    গাজাকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। সেখানে বাড়ি-ঘর, হাসপাতাল, মসজিদ, স্কুল, ভবন কোনো কিছুই ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩৪ হাজার ১৮০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

    এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের এক মুখপাত্র বলেন, নাসের হাসপাতাল প্রাঙ্গন থেকে পাওয়া ২৮৩ জনের মরদেহের বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের সত্যতা নিয়ে বর্তমানে কাজ করছেন তারা। ইতোমধ্যেই ৪২ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

    রাভিনা শামদাসানি নামের ওই মুখপাত্র বলেন, নিহতদের মাটির গভীরে পুঁতে রাখা হয়েছে এবং বর্জ্য দিয়ে

    ঢেকে রাখা হয়েছে। তিনি বলেন, নিহতদের মধ্যে বয়স্ক ব্যক্তি, নারী এবং শিশু রয়েছে। এছাড়া অনেকেরই হাত বাঁধা ছিল এবং অনেক মরদেহ নগ্ন অবস্থায় পাওয়া গেছে।

    এদিকে এসব মৃত্যুর বিষয়ে স্বাধীন, কার্যকর ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, এই বিষয়ে আন্তর্জাতিক তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা উচিত।

  • মালয়েশিয়ায় নৌবাহিনীর দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত

    মালয়েশিয়ায় নৌবাহিনীর দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ এপ্রিল, ২০২৪: মালয়েশিয়ায় নৌবাহিনীর দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। জানা গেছে নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য মহড়া চলাকালে মাঝ আকাশে এ দুর্ঘটনা ঘটে।

    আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা) দেশটির লুমুতে শহরে নৌবাহিনীর একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

    মহড়া দেওয়ার সময় মাঝ আকাশে একটি হেলিকপ্টার অন্যটির সঙ্গে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যাওয়ার একটি ভিডিও স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। হেলিকপ্টার দুইটিতে মোট ১০ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে কেউই আর বেঁচে নেই।

    রাজকীয় মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মরদেহগুলো (লুমুত) সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

    হেলিকপ্টার দুইটির মধ্যে একটিতে সাতজন ক্রু ছিলেন। সংঘর্ষের পরে সেটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর অন্যটিতে তিনজন ক্রু ছিলেন। সংঘর্ষের পর সেটি কাছাকাছি একটি সুইমিং পুলে গিয়ে বিধ্বস্ত হয়।

    এর আগে এ বছরের মার্চ মাসে মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইটের সময় দেশটির আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় পাইলট, কো-পাইলট এবং জাহাজে থাকা দুই যাত্রীকে জেলেরা উদ্ধার করেছিলেন।

  • ইহুদা ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু

    ইহুদা ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ এপ্রিল, ২০২৪: অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেৎজাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস নিউজ এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা এ ধরনের কোনো বিষয়ে অবগত নয়।

    এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু বলেছেন, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন। আজ সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটে সহায়তা কমানোর পরিকল্পনা করছে এমন খবরের পর তিনি এই অবস্থান জানান।

    রবিবার ইসরায়েলের এই কট্টরপন্থি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।’

    এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওস নিউজ সাইট জানায়, অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরেপ করতে পারে।

    মূলত ‘নেতজাহ ইয়েহুদা’ নামের এই ইউনিটটি ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে মোতায়েন রয়েছে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে নেতজাহ ইয়েহুদার বিরুদ্ধে। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ইউনিটগুলোতে মার্কিন সামরিক সহায়তা হ্রাস করা হতে পারে এমন প্রতিবেদন সম্পর্কে গত সপ্তাহে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন: ‘আমি সিদ্ধান্ত নিয়েছি; আপনারা সামনের দিনগুলোতে সেসব সিদ্ধান্ত দেখতে পাবেন বলে আশা করতে পারি।’

    অবশ্য ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের কোনও ইউনিটের সহায়তা স্থগিত করেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নেতজাহ ইয়েহুদা ‘আন্তর্জাতিক আইন মেনেই’ কাজ করছে।

    তারা বলেছে, ‘ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে এই রিপোর্টের পরও আইডিএফ বিষয়টি সম্পর্কে অবগত নয়। আইডিএফ কাজ করছে এবং আইন অনুযায়ী কোনো অস্বাভাবিক ঘটনা তদন্ত করতে কাজ করে যাবে।’

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতজাহ ইয়েহুদার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে দেখছে।

    উল্লেখ্য, গত শনিবার অ্যাক্সিওস তিনটি মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েক দিনের মধ্যে নেতজাহ ইয়েহুদার বিরুদ্ধে ব্যবস্থা বা পদক্ষেপ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

  • যাত্রীবাহী ফেরিডুবিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত ৫৮ জন

    যাত্রীবাহী ফেরিডুবিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত ৫৮ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ এপ্রিল, ২০২৪: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৫৮ জন প্রাণ হারিয়েছে। ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফেরিতে করে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে বলে বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান থমাস দিজিমাসে নিশ্চিত করেছেন।

    রেডিও গুইরাকে থমাস দিজিমাসে বলেন, আমরা ৫৮ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে পানির নিচে আরও কতজন রয়েছেন সে সংখ্যা আমরা এখনও নিশ্চিত নই। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। নৌযানটিতে থাকা ৩০০ জনের বেশিরভাগই গত শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং পথিমধ্যে এটি ডুবে যায়।

    প্রত্যক্ষদর্শী এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও থেকে জানা গেছে যে, ওই ফেরিতে তিন শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নিয়ে এটি মোকো নদীতে ডুবে গেছে বলে জানা যায়।

    একজন গ্রাম্য প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশ নিতে মাকোলো গ্রামের দিকে যাত্রা করেছিল ওই কাঠের নৌকাটি। বাঙ্গুই থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মাকোলো গ্রামের অবস্থান।

    ফেরিটি ডুবে যাওয়ার প্রায় ৪০ মিনিট পর সেখানে উদ্ধারকারী সদস্যরা উপস্থিত হয়। এদিকে ফ্রান্সিস মাকা নামের এক চালক জানান, ওই দুর্ঘটনার পর তিনি ১০ জনের বেশি মানুষকে বিনামূল্যে কমিউনিটি হাসপাতালে পৌঁছে দিয়েছেন।

    সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রকে বিশ্বের দ্বিতীয় স্বল্পোন্নত দেশ হিসেবে স্থান দিয়েছে জাতিসংঘ। ২০১৩ সালে সেলেকা নামক একটি মুসলিম-অধ্যুষিত সশস্ত্র জোট প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজেকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জর্জরিত।

    ২০১৮ সাল থেকেই সংঘাতের তীব্রতা কমেছে। তবে দেশটিতে এখনও বিদ্রোহী গোষ্ঠীরা তৎপর রয়েছে। ফলে দেশটির হীরা, সোনার মতো মূল্যবান সম্পদগুলো লুট করা হচ্ছে। এছাড়া দেশটির কিছু এলাকা এখনো সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে।

  • ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪ হাজার ১২ জন

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪ হাজার ১২ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ এপ্রিল, ২০২৪: ছয় মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যা চলছে। এতে নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৮৩৩ জন।

    ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আল-আকসা তুফান নামে অভিযান  চালায়। হামাসের এ নজীরবিহীন অভিযানে ইসরায়েলে ১১৩৯ জন নিহত এবং প্রায় আড়াইশ’ জিম্মি হিসেবে আটক হয়।  ওই দিনই ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচার বর্বর হামলা শুরু করে।

    ইসরায়েলি হামলায় গাজার ৩৪ হাজার মৃত্যুর পাশাপাশি হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, বহু স্থাপনা ধ্বংস হয়েছে। গাজায় শুরু হয়েছে দুর্ভিক্ষ।

  • ইসরায়েলের ড্রোন হামলা আকাশেই ভূপাতিত করেছে ইরান

    ইসরায়েলের ড্রোন হামলা আকাশেই ভূপাতিত করেছে ইরান

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ এপ্রিল, ২০২৪: ইসরায়েল ইরানের ইস্পাহান ও তাব্রিজে তিনটি ড্রোন হামলা চালায়। তবে তা লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার আগে আকাশেই ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইরান। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে দেশটির উত্তর-পশ্চিমে মধ্য ইরানের শহর ইস্পাহান এবং তাব্রিজের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ইরানের পক্ষ থেকে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ইস্পাহান প্রদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

    শুক্রবার ইস্পাহান প্রদেশের একজন সিনিয়র সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার মিহানদোস্ত বলেছেন, ‘শব্দটি সন্দেহজনক বস্তুগুলিতে ইস্পাহানের বিমান প্রতিরক্ষা গুলি চালানোর সাথে সম্পর্কিত ছিল এবং আমাদের কোনও ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি।’

    ইরান বিমানবন্দর কোম্পানি নিশ্চিত করেছে যে সাময়িক বিলম্বের পরে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইরানের বিমানবন্দরগুলিতে ফ্লাইটগুলির জন্য স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

    সিএনএন জানায় ইরানের আধা-সরকারি ফারস নিউজ জানায় ইস্পাহানের একটি সামরিক ঘাঁটির কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

    আল-জাজিরা জানায় ইস্পাহানে কয়েকটি ইসরায়েলি ড্রোন দেখা যাওয়ার পর ইরান অন্তত ৩টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।

    তেহরান, ইরান – ইরানের স্থানীয় মিডিয়া বলছে যে  বিস্ফোরণের শব্দ শোনার পর কেন্দ্রীয় শহর ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলি ‘সম্পূর্ণ সুরক্ষিত’ রয়েছে। ইস্পাহানে পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ সুরক্ষিত বলে জানিয়েছে ইরানের তাসনিম বার্তা সংস্থা। ইরানের মহাকাশ সংস্থা বলেছে যে বেশ কয়েকটি ড্রোন ‘সফলভাবে গুলি করা হয়েছে’ এবং কোনো কোনো ক্ষেপণাস্ত্র হামলা ঘটেনি। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান এক্স-কে বলেছেন, ‘দেশের বিমান প্রতিরক্ষা দ্বারা বেশ কয়েকটি ড্রোন সফলভাবে গুলি করা হয়েছে, আপাতত কোনও ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই।’

    বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যে ইরানের অভূতপূর্ব সপ্তাহান্তে বিমান হামলার প্রতিক্রিয়া দেওয়ার সময় ইসরায়েল তার ‘নিজস্ব সিদ্ধান্ত’ নেবে, যার বেশিরভাগই বাধা দেওয়া হয়েছিল। এই মাসের শুরুর দিকে সিরিয়ায় তাদের দূতাবাস কম্পাউন্ডে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালায়।

    ব্লুমবার্গ, নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়েছেন যারা বলেছেন যে ইসরাইল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রকে খবর দিয়েছে যে তারা পরের দিন বা দুই দিনের মধ্যে হামলার পরিকল্পনা করেছে।

    ইসরায়েলের সামরিক বাহিনী এএফপিকে বলে যে ইরান এবং সিরিয়ায় বিস্ফোরণ এবং হামলা সম্পর্কে আমাদের এই মুহূর্তে কোনও মন্তব্য নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করতে অস্বীকার করেছে যে ইস্পাহানে বিস্ফোরণের পিছনে ইসরায়েল রয়েছে।

  • নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন: নাদাভ

    নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন: নাদাভ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ এপ্রিল, ২০২৪: ইসরায়েলের ইতিহাসে ‘সর্বশ্রেষ্ঠ বিপর্যয়ের’ জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নীতির মাধ্যমে সরাসরি দায়ী এমনটাই বলেছেন দেশটির প্রাক্তন গোয়েন্দা সংস্থা শিন বেট প্রধান নাদাভ আরগামান । তিনি আরও বলেন নিতানিয়াহুকে দেশের অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে নতুবা পরিস্থিতি  ‘খুব, খুব খারাপ’ হতে পারে।

    নাদাভ আরগামান ইসরায়েলের চ্যানেল টুয়েলভে দেওয়া সাক্ষাতকারে বলেন, “গত ৭ অক্টোবরের ঘটনার জন্য নেতানিয়াহু সরাসরি দায়ী ছিলেন, ইসরায়েলের সবচেয়ে খারাপ বিপর্যয়  ও সার্বিক পরিস্থিতি দেশটিকে ‘ধ্বংসের’ দিকে নিয়ে যাচ্ছে।”

    তিনি আরও বলেন, “নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন।”

    ইসরায়েলের দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে, আরগামান বলেন, নৈতিকভাবে নেতানিয়াহু নির্বাচনে লড়তে পারেন না। তিনি একটি স্মরণীয় ব্যর্থতার জন্য দায়ী। তিনি দায়ী। আর কেউ নেই… যে এই বিশালতার ব্যর্থতার দায় নেবে। সে ইহুদি জনগণের নেতা হওয়ার উপযুক্ত নয়।

    আরগামান ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত শিন বেটের নেতৃত্ব দেন, বেশিরভাগ সময় তিনি নেতানিয়াহুর অধীনে কাজ করেছেন। এখন তিনি যুক্তি দিয়ে বলছেন, ইসরায়েল ‘ইতিমধ্যেই অতল গহ্বরে, নেতানিয়াহু যদি প্রধানমন্ত্রীর পদ না ছাড়েন – এটি হবে আমাদের সর্বনাশ… আমি মনে করি যদি ইসরায়েল রাষ্ট্র তার কাজটি একসাথে এবং দ্রুত না করে, আমরা খুব শীঘ্রই খুব, খুব খারাপ জায়গায় পৌঁছে যাব।

    আরগামান বলেন, নেতানিয়াহু এমন একটি নীতির জন্য প্রত্যক্ষভাবে দায়ী যা বছরের পর বছর ধরে হামাসকে শক্তিশালী করেছিল, এটিকে বিশাল আক্রমণের জন্য নিজেকে গড়ে তোলার অনুমতি দিয়ে কাতারি নগদ মিলিয়ন ডলার সরবরাহ করেছিলেন। আরগামান বলেন, প্রধানমন্ত্রী বারবার হামাসের প্রতি আক্রমণাত্মক নীতির জন্য তার শীর্ষ নেতৃত্বকে সরিয়ে নেওয়ার প্রস্তাবের বিষয়ে অস্বীকার করেছিলেন।

    ইসরায়েলের সাবেক গোয়েন্দা সংস্থা বলেন, হামাসকে গড়ে না তোলার জন্যে আমরা জোরালোভাবে চাপ দিয়েছিলাম, যার মধ্যে অপারেশনাল পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল। আমি এর বেশি বলব না, নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করতে হামাসকে গড়ে তুলতে পছন্দ করেছিলেন। অথচ হামাসকে ইসরায়েলে আক্রমণ করা থেকে বিরত করা হয়নি। গত এক দশকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিবির কৌশল ছিল একটি চরম ব্যর্থতা।

    আরগামান বলেন, বিচারিক সংশোধনই আমাদের শত্রুদের দৃষ্টিতে ইসরায়েলকে দুর্বল করার দিকে পরিচালিত করেছে। শাসন করার জন্য নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি সমাজকে ছিন্নভিন্ন করেছেন। আমাদের অতল গহ্বর থেকে বেরিয়ে আসার জন্য একটি একক শর্ত রয়েছে এবং শর্ত হল আমরা এই বিপর্যয়কর সরকারকে বদলে দেব।

    এখানে উল্লেখ থাকে যে গাজায় হামাসকে নির্মূল করার নামে ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে তাতে শুধু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি সেই সঙ্গে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

  • ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ

    ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ এপ্রিল, ২০২৪: সিরিয়ায় ইরানি দূতাবাসে হামালার জবাবে ইরান প্রথম বারের মত নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। এই আশঙ্কায় ইরান নিজ দেশের পারমাণবিক স্থপনা বন্ধ।

    ইরানি হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য গত সোমবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন সূত্রের বরাতে পশ্চিমা সংবাদমাধ্যম গুলো বলছে, ইরানে শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

    জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান আশঙ্কার করছেন এই অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল । আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান ‘নিরাপত্তা বিবেচনায়’ রবিবার তার পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করে দিয়েছিল এবং সোমবার কয়েকটি আবার চালু হলেও যতক্ষণ পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হচ্ছে, ততক্ষণ তিনি আইএইএ পরিদর্শকদের সেখান থেকে দূরে রাখছেন।

    ১৯৮১ সালে ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ওই হামলার বিরোধিতা করলেও তাতে কর্ণপাত করেনি ইসরায়েল সরকার। ২০১৮ সালে ইসরায়েল স্বীকার করেছে, ১১ বছর আগে সিরিয়ার একটি পারমাণবিক চুল্লিতে বিমান হামলা চালিয়েছিল তারা। এছাড়াও ইরানের পারমাণবিক কেন্দ্রে ‘স্টাক্সনেট’ নামের কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র ‘নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ’ ধ্বংস করেছিল ইসরায়েল। পরবর্তীতে এই ভাইরাস বিশ্বব্যাপী সাধারণ কম্পিউটারেও ছড়িয়ে পড়ে।

    এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছেনম, স্বার্থের বিরুদ্ধে কিছু হলেই ইরান জবাব দেবে।