Category: বাংলাদেশ

  • আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

    আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ ফেব্রুয়ারি, ২০২৪: আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে । এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

    শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেবে বলে ।

    শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসএসসিতে ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন, দাখিলে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। আর বিদেশের ৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১টায়।

    কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়, মানসিক যন্ত্রণার সৃষ্টি হয় এবং জনদুর্ভোগের সৃষ্টি হয় সে কারণে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান কেন্দ্র পরিদর্শনে যাবেন না।  শিক্ষামন্ত্রী বেলা ১১টায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষা উপলক্ষে ব্রিফিং করবেন ।

    পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু ব্যবস্থা ও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি প্রফেসর তপন কুমার সরকার।

     

    পরীক্ষায় যে সব নির্দেশনা থাকছে:

    • পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল ১০টা এবং শেষ হওয়ার সময় দুপুর ১টা। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।
    • ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
    • পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএসর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।
    • কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না; শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (ছবি তোলা যায় না, এমন ফোন)।
    • পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ (পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের পরিদর্শন টিম, বোর্ডের পরিদর্শন টিম, জেলা ও উপজেলা পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য) ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
    • ২০২৪ সালের পূর্ণাঙ্গ সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    আরও কিছু তথ্য:

    • পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
    • সাধারণ শিক্ষা বোর্ডসমূহ: তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে ২০ মার্চ শেষ হবে।
    • মাদ্রাসা শিক্ষা বোর্ড: তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ শুরু হয়ে ২১ মার্চ শেষ হবে।
    • কারিগরি শিক্ষা বোর্ড: তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে ২১ মার্চ শেষ হবে।

    আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

    • শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান-প্রদান করবে।
  • প্রকল্প দ্রুত শেষ না করলে খরচ বাড়ে: প্রধানমন্ত্রী

    প্রকল্প দ্রুত শেষ না করলে খরচ বাড়ে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: প্রকল্প দ্রুত শেষ না করলে খরচ বাড়ে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “প্রকল্প সম্পন্ন করে ফেললে আমরা নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সেগুলোও দ্রুত শেষ করা উচিত। দ্রুত শেষ না করলে খরচও বাড়ে, কালক্ষেপণও হয়। সেটা যেন না হয়।”

    আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

    সভায় সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, “তার কার্যালয় থেকেও স্মরণ করিয়ে দেওয়া দরকার। প্রত্যেকটা মন্ত্রণালয় যেন এ বিষয়ে একটু নজর দেয়। প্রতিটি মন্ত্রণালয় যেসব প্রকল্পগুলো অল্প খরচ করলেই শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলা।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, “আর্থ-সামাজিক উন্নতির জন্য যে প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সেগুলো আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সেটা আমাদের দেখা দরকার। আমাদের যে লক্ষ্যটা আছে সেটা আমরা অর্জন করতে পারি।”

    শেখ হাসিনা বলেন, “বিশ্বব্যাপী অশান্ত পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে, যার জন্য বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে জিনিসের দামও বেড়ে যাচ্ছে, পণ্য আনতে সময়ও লেগে যাচ্ছে। নানা কারণে বহির্বিশ্বের চাপটা আমাদের ওপর এসে পড়ছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “বাইরের দেশের ওপর আমাদের নির্ভরশীল থাকার দরকার নেই, আমরা নিজেরা সব উৎপাদন করবো। এজন্য সবাইকে বলেছি এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে।”

    তিনি বলেন, “কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের বাইরের দেশ থেকে আনতেই হচ্ছে। আমরা নিজেরা যদি উৎপাদন বাড়াতে চেষ্টা করি, সেটা কিন্তু আমরা পারবো। ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হওয়াই আমাদের লক্ষ্য।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশে যেভাবে প্রবৃদ্ধি বাড়ছিল, অগ্রগতি হচ্ছিল তখন প্রথমে আসলো কোভিড-১৯ অতিমারি, তার ধাক্কায় সারা বিশ্বব্যাপী, সব কিছু স্থবির। এরপর আসলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, এখন আবার গাজায় গণহত্যা, আক্রমণ চলছে।

     

  • অনেক সময় গণমাধ্যম সমাজকে বাঁচিয়ে রাখে: সিইসি

    অনেক সময় গণমাধ্যম সমাজকে বাঁচিয়ে রাখে: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: অনেক সময় গণমাধ্যম সমাজকে বাঁচিয়ে রাখে, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, “ক্ষমতা নয় দায়িত্বই আমাদের গ্রহণ করতে হয়। ক্ষমতা শব্দটিকে যদি আমরা পরিহার করতে পারি তাহলে দেশ ও সমাজ অনেক বেশি এগিয়ে যেতে পারে।গণমাধ্যমের ভূমিকা নিয়ে লম্বা বক্তৃতা দেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় রাষ্ট্রের স্তম্ভগুলো কাজ করে না, তখন সবগুলো কাজ গণমাধ্যম একাই করে সমাজকে বাঁচিয়ে রাখে।

    আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আরএফইডির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    সিইসি বলেন, “গণমাধ্যমকে আমরা অনেকে পছন্দ করি না। যখন আমার প্রশংসা করা হয় তখন ভালো লাগে। তবে সমালোচনার জায়গায় ছাড় দেওয়া যাবে না। এই সাহসী ভূমিকা গণমাধ্যমকেই পালন করতে হবে। এটাই গণমাধ্যমের ভূমিকা। সাধারণ মানুষ দেশের গণমাধ্যমের প্রতি যথেষ্ট আস্থাশীল। অনেক পেপার পত্রিকা পড়ি, চ্যানেল দেখি-আমাদের গণমাধ্যমের ভূমিকা যে খুব নেতিবাচক তা বলা যাবে না। আমি তখনই ক্ষুব্ধ হয়ে যাই, যখন আমার বিরুদ্ধে কিছু থাকে; এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

    কাজী হাবিবুল আউয়াল বলেন, “নির্বাচনটা ভালো হয়েছে কী খারাপ হয়েছে সেটা আমাদের বিবেচনার বিষয় নয়। সামনে আরও অনেকগুলো নির্বাচন আছে, উপ-নির্বাচন আছে, সেগুলোকেও খাটো করে দেখার অবকাশ নেই। তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার যে দায়িত্ব, সেখানে নেতৃত্ব যদি শক্তিশালী না হয়, তাহলে জাতীয় পর্যায়েও নেতৃত্ব শক্তিশালী হবে না। তৃণমূলের সংস্থাগুলোয় নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজন আছে। সেখানেও গণমাধ্যমের ভূমিকা আছে। সেখানে গণতন্ত্র কতটা কাজ করছে, কতটা কাজ করছে না, এগুলো তুলে আনতে হবে “

    তিনি বলেন, “বস্তনিষ্ঠতা, এটা খুবই কাম্য। আরেকটা হচ্ছে অতিরঞ্জিত, এটাকে আমি মন্দভাবে দেখি না। অতিরঞ্জনের মধ্যে সাহিত্যের উপাদান থাকে, কিন্তু বিকৃত হলে মানুষ বিভ্রান্ত হয়। মিস ইনফরমেশন, অতিরঞ্জন হতে পারে। কিন্তু বিকৃত হলে মানুষ বিভ্রান্ত হয়। জনগণকে সচেতন করতে কমিশন কতটা দায়িত্ব পালন করেছে। সরকার কতটা সহায়তা করছে কী করছে না, এগুলো প্রচার হলে সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে।”

    সিইসি বলেন, “নির্বাচনকে যাতে আরও স্বচ্ছ, উন্নত করা যায় সেটা নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন।”

    উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকার বিষয়ে তিনি বলেন, “দলীয় প্রতীক না থাকলে এটারও ভালো দিক আছে। এটা তো জাতির জন্য নয়, এলাকার জন্য। স্থানীয় সরকার ছোট একটা এলাকায় পরিচালিত হয়, সীমিত ক্ষমতা নিয়ে। পাকিস্তানেও বিভিন্ন প্রতীক নিয়ে একটা অংশগ্রহণমূল নির্বাচন হয়েছে। দলীয় প্রতীক হোক কিংবা না হোক আমরা চাই সুন্দর নির্বাচন।”

    বিএনপি প্রসঙ্গে সিইসি বলেন, “বিএনপিকে নির্বাচনে আনার জন্য ফোনে কথা বলেছি, ডিও লেটার দিয়ে আহ্বান জানিয়েছি। তারা আহ্বানে সাড়া দেয়নি। আমরা নির্দ্বিধায় বলেছি, তারা যদি নির্বাচনে অংশ নিতেন তাহলে সেটি অনেক বেশি অংগ্রহণমূলক হতো, ভোটার উপস্থিতিও বেশি হতো। নির্বাচনটা সার্বজনীন হোক। বড় বড় দল অংশ না দিলে নির্বাচন অবৈধ হবে না। তবে নির্বাচনের ন্যায্যতা, গ্রহণযোগ্যতা খর্ব হবে। আমরা যদি সঠিক সমন্বয় ঘটাতে পারি নির্বাচন আরও সুন্দর হবে।”

    গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে তিনি বলেন, “অনেক সময় এটা আদায় করে নিতে হয়। স্বাধীনতা সব সময় থাকবে না। তবে স্বাধীনভাবে কাজ করলেও সব সময় চাপ আসবে তা নয়। গণমাধ্যমের ভূমিকাকে আরও শক্তিশালী কীভাবে করা যায়, তা নিয়ে কাজ করতে হবে।”

     

  • মিয়ানমারের কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    মিয়ানমারের কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: মিয়ানমার কাউকে আর বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “এমনিতেই মিয়ানমার নাগরিক প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন। এখন রোহিঙ্গা বা যেই আসুক না কেন, মিয়ানমার থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।”

    আজ মঙ্গলবার  (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারের চতুর্দিকেই যুদ্ধ লেগে আছে। বাংলাদেশ সীমানায় আরাকান আর্মির সঙ্গে তাদের বাহিনীর যুদ্ধ চলছে। আমরা দেখছি তাদের এই যুদ্ধ এতটাই তীব্র হয়েছে যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সরকারি কর্মকর্তা, ধারনা করছি দুই-একজন সেনা সদস্য আমাদের এখানে ঢুকে পড়েছেন। এদের মধ্যে কেউ অস্ত্র নিয়ে এসেছেন, কেউ অস্ত্র ছাড়া ঢুকেছেন। তবে তারা এসেছেন জীবন রক্ষার জন্য, যুদ্ধের জন্য না।”

    তিনি আরও বলেন, “আমাদের বিজিবি সদস্যরা তাদের অস্ত্রগুলো রেখে আটক অবস্থায় আমাদের এখানে রেখেছেন। এদের মধ্যে যারা আহত, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের ফেরত নিতে মিয়ানমারকে জানিয়েছি।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার অতি শিগগির জাহাজযোগে তাদের নিয়ে যাবে বলে বার্তা পাঠিয়েছে। আশা করছি ২-১ দিনের মধ্যেই তাদের সদস্যদের ফেরত নিয়ে যাবে। আমাদের সঙ্গে তাদের কোনো কনফ্লিক্ট নেই, কোনো রকম যুদ্ধ নেই, তারা আত্মরক্ষার্থে এখানে এসেছে।”

    তিনি আরও বলেন, “যারা আত্মরক্ষার্থে এখানে আসছেন তাদের সরকারকে বলেছি নিয়ে যেতে। তারা নিয়ে যাচ্ছে। আমাদের বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সবাই অতন্দ্রপ্রহরীর মতো কাজ করছে। সেখানে যুদ্ধ হচ্ছে, এ সীমানায় তাদের কেউ আসবে বলে মনে হচ্ছে না। তারপরও যদি আসে, আমাদের এখানে কেউ প্রবেশ করতে পারবে না।”

     

  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

     

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো’র সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এই সময় ইতালির রাষ্ট্রদূত বৈধ উপায়ে আরও বাংলাদেশি ইতা‌লি নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

    আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে এই সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

    ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করেন। তি‌নি জানান, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন, যারা দু’দেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রাখ‌ছে।

    বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন।

    মন্ত্রী এবং রাষ্ট্রদূত ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও ২০২৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন।

  • ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে উইন্টার স্কুলের উদ্বোধন

    ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে উইন্টার স্কুলের উদ্বোধন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ব্যবসায় শিক্ষা অনুষদ ও জার্মানির ওস্টবাইরেস টেকনিশে হোশুলা (ওটিএইচ) এর উইডেন বিজনেস স্কুল যৌথভাবে প্রথমবারের মতো উইন্টার স্কুলের আয়োজন করছে। গতকাল রাজধানীর গ্রীন রোডস্থ ইউএপি অডিটরিয়ামে উইন্টার স্কুলের উদ্বোধন হয়।

    ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশের সভাপতি জনাব মাহবুবুর রহমান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত জনাব আখিম ট্রোস্টার, ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক ও উইডেন বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. বার্নট মায়ার।

    ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত জনাব আখিম ট্রোস্টার বলেন, প্রথমবারের মতো উইন্টার স্কুল আয়োজনের জন্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে ধন্যবাদ জানাই। এট দারুণ উদ্যোগ।

    তিনি বলেন, বাংলাদেশ একটি চমৎকার জায়গা। এই দেশ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেমন ছিল, তারচেয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে। এই দেশে অনেক দারুণ, অভিভূত হওয়ার মতো উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। বাংলাদেশে সঠিক পথেই আছে। জার্মান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

    আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত আইসিসি আন্তর্জাতিক বাণিজ্যের বিধি-বিধান, ব্যাংকিং, শিপিং ইত্যাদি রেগুলেশন তৈরি করে। যা জাতিসংঘ কর্তৃক অনুমোদিত হয়।

    তিনি আরো বলেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ওটিএইচ, জার্মানির উইন্টার স্কুল উভয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষা গ্রহণে সহায়ক হবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের প্রথম সারির শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে আইসিসিবি সভাপতি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের প্রতি আহবান জানান।

    ওটিএইচ এর অ্যামবার্গ-ওয়েডেন স্কুল অফ বিজনেস এর শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল এসময় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ব্যবসায় প্রশাসন অনুষদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। এছাড়াও তারা একাডেমিক এবং সাংস্কৃতিক বিনিময়ে অংশ হিসেবে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবে।

    উল্লেখ্য, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে আসন্ন উইন্টার স্কুল অনুষ্ঠিত হচ্ছে। এই প্রোগ্রামটি দুই বিশ্ববিদ্যালয়ের জন্য একাডেমিক এবং গবেষণার ক্ষেত্রে একটি শক্তিশালী পরিবেশ তৈরীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

  • বাংলাদেশের আরও ৪টি পণ্যকে জিআই পণ্য হিসেবে অনুমোদন

    বাংলাদেশের আরও ৪টি পণ্যকে জিআই পণ্য হিসেবে অনুমোদন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: বাংলাদেশের আরও ৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ২৮টি। নতুন পণ্য ৪টি হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজরের আগর, মৌলভীবাজারের আগর আতর, এবং মুক্তগাছার মন্ডা।

    এছাড়া আরো ২টি পণ্য জিআই পণ্য হিসেবে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো হলো জামালপুরের নকশি কাঁথা  এবং যশোরের খেজুর গুঁড়। আগামী সপ্তাহে এই দুটো পণ্যের জার্নাল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ২০০৩ সালে বাংলাদেশে এ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) যাত্রা শুরু করে। বর্তমানে একে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) নামে অভিহিত করা হয়। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ পাস হয়। এর দুই বছর পর ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়।

    ২০১৬ সালে জামদানি শাড়ি-কে বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর স্বীকৃতি পায় আরো ২০টি পণ্য। সেগুলো হলো-বাংলাদেশ ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী-চাপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলশীমালা ধান, চাঁপাই নবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাই নবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা।

    সম্প্রতি অনুমোদিত ৩টি পণ্য টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার অনুমোদনের কপি ও জার্নাল গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এতে জিআই পণ্যের সংখ্যা হয় ২৪টি। আজকে ৪টি জিআই পণ্যের জার্নাল প্রকাশিত হওয়ায় মোট অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ২৮টি।

     

     

     

  • মন্ত্রিসভার আকার বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারে: সেতুমন্ত্রী

    মন্ত্রিসভার আকার বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারে: সেতুমন্ত্রী

     

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ফেব্রুয়ারি, ২০২৪: মন্ত্রিসভার আকার বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারে, বল জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এটা আমার মনে হয় সংরক্ষিত মহিলা আসনগুলো আসার পরে, মন্ত্রীসভার আকার বৃদ্ধির প্রসঙ্গ আসতে পারে। সেই হিসেবে পরে এর চিন্তা-ভাবনা। প্রধানমন্ত্রীর এখতিয়ারে তিনি এটা করবেন।”

    আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।

    সেতুমন্ত্রী বলেন, “এখানে সময়মতো কিছু জায়গায় যেমন, শ্রম মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে (যেখানে এখনও মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেওয়া হয়নি) কোনো না কোনো সময় মন্ত্রী আসবে।”

    রাশিয়ার সঙ্গে লেনদেনের বিষয়ে তিনি বলেন, “আমাদের অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া আছে। আমরা একটি বড় পরিকল্পনা করতে যাচ্ছি। তারা সুবিধাজনক প্রস্তাবগুলোতে, যেগুলো যেগুলো সম্ভব, তারা অবকাঠামোগত উন্নয়নে অংশ নিতে চায়।”

    সেতুমন্ত্রী বলেন, “তাদের ওখানে আমাদের কৃষি পণ্য যায়, তারা যেগুলো আমদানি করে, সেগুলো যাতে সহজলভ্য হয়, সে বিষয়ে আমাকে অনুরোধ করেছেন। এখানে সমস্যা হলো, রাশিয়ার সঙ্গে কোনো বিনিময় এবং এমনকি আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি, যেটি উদ্বোধনে প্রেসিডেন্ট পুতিনও ভার্চ্যুয়ালি অংশ নেন, সেটির যন্ত্রপাতি আনতে গিয়ে আমরা বাধার মুখে পড়েছি। এ মুহূর্তে রাশিয়ার সঙ্গে সহজে লেনদেন করা কঠিন।

    তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু আমেরিকাকে সরাসরি হোস্টাইল (বৈরী) করে বন্ধুত্ব আমরা চাই না। আমরা সবার সঙ্গে সম্পর্ক রাখতে চাই। আমাদের যে সম্পর্ক আছে, তার উন্নয়ন করতে চাই। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন (জো বাইডেন) চিঠি দিয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এখানে একটি অঙ্গীকার আছে। আমরা কারও সঙ্গে হোস্টাইল অ্যাটিটিউডে (বৈরী মনোভাব) যেতে চাই না।”

    গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, স্বতন্ত্ররা ৬২টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। এরপর গত ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

    খালি রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আরও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগের জন্য এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। প্রস্তুত রাখা হয়েছে ১২টি গাড়ি। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

    এরই মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ১৪ মার্চ। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত নিজেদের প্রাপ্য আসনগুলোতে একক প্রার্থী মনোনয়ন দেয় দল বা জোটগুলো। ফলে এখানে ভোটের প্রয়োজন হয় না।

     

  • রমজানের আগে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আসবে: পররাষ্ট্রমন্ত্রী

    রমজানের আগে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আসবে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ফেব্রুয়ারি, ২০২৪: রমজানের আগে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আসবে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “রমজানের আগে তারা ইতোমধ্যে আমাদের দেশে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে। আমি সেটাকে বর্ধিত করে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১ লাখ মেট্রিক টন চিনিতে উন্নীত করার কথা বলেছি। তিনি (ভারতের বাণিজ্যমন্ত্রী) সেটা ভালোভাবে নিয়েছেন।”

    দিল্লি সফর শেষে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অনেক ভোগ্যপণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল। বিশেষ করে, পেঁয়াজ, চিনি, ডাল এবং মসলা জাতীয় কিছু পণ্য। আমরা অনেক কিছুর জন্য ভারতের ওপর নির্ভরশীল। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।”

    হাছান মাহমুদ বলেন, “আমি তাকে বলেছি, এসব ভোগ্য পণ্যে যেন বিশেষ কোটা নির্ধারণ করে দেওয়া হয়। যাতে আমরা তাদের থেকে এসব সঠিক মূল্যে এবং আমাদের প্রয়োজনে ইমপোর্ট করতে পারি। কমপক্ষে এটুকু সুবিধা যেন তাদের থেকে নিতে পারি।”

    মিয়ানমার প্রসঙ্গে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন,  “বাংলাদেশ ও ভারত – উভয় দেশেরই মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে। মিয়ানমারে যদি কোনও কিছুর উদ্রেক ঘটে, তাহলে সেটি আমাদের যেমন ক্ষতিগ্রস্ত করে, উদ্বিগ্ন করে, তাদেরও উদ্বিগ্ন করে। দুই দেশের উদ্বেগ তাদের প্রতিবেশী নিয়ে। সুতরাং আমাদের একসঙ্গে কাজ করার অনেক বিষয় আছে। আমরা ওই বিষয়গুলো নিয়ে কাজের বিষয়ে আলোচনা করেছি।”

    রাখাইনে সংঘাতের কারণে সীমান্তে কিছুটা নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের অভ্যন্তরে তাদের শেল এসে পড়েছে এবং দুই জন মানুষ নিহত হয়েছে। এটি অগ্রহণযোগ্য।”

    মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের বক্তব্য জানানো হয়েছে। সুতরাং তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে এখানে কোনও কিছু বিঘ্নিত হোক, এটা আমরা চাই না বলেও তিনি জানান।

    মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য যারা বাংলাদেশে পালিয়ে এসেছে, তাদের সবাইকে মিয়ানমার ফিরিয়ে নিয়ে যাবে এবং এটি খুব সহসা হবে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।

  • আনসার বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

    আনসার বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ফেব্রুয়ারি, ২০২৪: আনসার বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই বাহিনী স্মার্ট ও আধুনিক হয়ে গড়ে উঠবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার।”

    আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ-২০২৪ -এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “গ্রাম উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার। সহযোগিতা করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।”

    শেখ হাসিনা বলেন, “সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা আছে বাংলাদেশর। জননিরাপত্তা রক্ষায় যেকোনো অশুভ তৎপরতা মোকাবিলায় সতর্ক থাকতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।”

    এসময় আনসার বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “জাতীয় যেকোনো প্রয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করে জাতীয় সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।”

    এসময় এই বাহিনীর জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।

    এদিন সকাল ১০টার কিছু পরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা ও আনসার ভিডিপির ৪৪তম সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন বিভিন্ন কন্টিনজেন্টের জমায়েত।

    প্রধানমন্ত্রীকে প্যারেডের মাধ্যমে সালাম জানায় আনসারের বিভিন্ন ইউনিট। এ সময় বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের ১৮০ জনকে আনসার পদক পরিয়ে দেন সরকারপ্রধান।

    সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি অ্যাকাডেমির কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদী, বাহিনীর উপমহাপরিচালক, অন্যান্য কর্মকর্তা ও আনসার- ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, সিনিয়র সচিবসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।