Category: বাংলাদেশ

  • কাতারের আমিরের সঙ্গে শেখ হাসিনার বৈঠক শুরু

    কাতারের আমিরের সঙ্গে শেখ হাসিনার বৈঠক শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ এপ্রিল, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

    আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

    এর আগে সকাল সোয়া ১০টায় রাজধানীর তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটোসেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম।

    এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আমির।

    দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা।

    গতকাল সোমবার (২২ এপ্রিল) বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর।

    গত দুই দশকের মধ্যে এটি কাতারের কোনো আমিরের প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশ সফর করেছিলেন।

    এই সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

    চুক্তিগুলো হলো, দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দোষী সাব্যস্ত ব্যক্তিদের স্থানান্তর এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। এর বাইরে শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ারও কথা রয়েছে।

  • প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী

    প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ এপ্রিল, ২০২৪: প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে  বুধবার (২৪ এপ্রিল) থাইল্যান্ড যাচ্ছেন। সফরকালে দুই দেশের মধ্যে  একটি চুক্তি, ৩ সমঝোতা স্মারক ও একটা লেটার অফ ইনটেন্ট সই হওয়ার কথা আছে।”

    আজ সোমবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে রোহিঙ্গা ফেরাতে সহযোগিতা চাওয়া হবে।”

    তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি-রফতানি বৃদ্ধির জন্যে মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়; বিশেষত বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল ও সমুদ্র সংযোগ, উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনার সুযোগ সৃষ্টি হবে।”

    বাংলাদেশ ও থাইল্যান্ড পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়ন, বৌদ্ধ সার্কিট পর্যটন প্রচারণা, পর্যটন অঞ্চলগুলোতে বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে যৌথ কার্যক্রম ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সুবিধা অর্জন করতে পারবে। পর্যটন শিল্পে এই সহযোগিতার ফলে উভয় দেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

    এছাড়া বাংলাদেশ ও থাইল্যান্ডের অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি করা হলে উভয় দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজতর হবে এবং বিভিন্ন সভা-সেমিনার ও প্রশিক্ষণে সরকারী কর্মকর্তারা সময়মতো যোগদান করতে পারবেন বলে তিনি জানান।

    দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর থাইল্যান্ডে এটা প্রথম দ্বিপক্ষীয় সফর। ১৯৭২ সালের অক্টোবরে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল থাইল্যান্ড।

    ২৬ এপ্রিল ব্যাংককের গভর্নমেন্ট হাউসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, পর্যটন খাতে সহযোগিতা, শুল্কসংক্রান্ত পারস্পরিক সহযোগিতা-বিষয়ক সমঝোতা স্মারক, সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও মুক্তবাণিজ্যসংক্রান্ত সম্মতিপত্র সইয়ের কথা রয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন; পাশাপাশি তিনি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) অধিবেশনে যোগ দেবেন। এই সফরে থাইল্যান্ডের রাজপ্রাসাদে দেশটির রাজা ভাজিরালংকর্ন ও রানি সুথিদার সঙ্গেও সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় এই সফরে ব্যাংককে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শীর্ষ নেতার বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনএসকাপের ৮০তম অধিবেশনে যোগ দেবেন। ২৫ এপ্রিল ইউএনএসকাপের অধিবেশনে বক্তৃতা দেবেন তিনি।

    ২৫ এপ্রিল জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এবং এসকাপের নির্বাহী সচিব আরমিডা সালসিয়াহ আলিশাবানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

  • ঢাবিতে ‘মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    ঢাবিতে ‘মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    www.HelloBangla.News – জাতীয় – ২২ এপ্রিল, ২০২৪: মুক্তিযুদ্ধের ইতিহাস কথা এলেই চলে আসে মুজিবনগর সরকারের কথা। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই এই সরকার মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দেয়।সৃষ্টি হয় সম্প্রীতির বাংলাদেশের। এই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সম্প্রীতির বাংলাদেশ ঢাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন সংগঠনের ঢাবি শাখার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। প্রধান আলোচক হিসেবে ‘সম্প্রীতির বাংলাদেশ’র কেন্দ্রীয় আহ্বায়ক পীযূষ বন্দোপধ্যায় ও আলোচক হিসেবে ঢাবির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন।

    সভাপতির বক্তব্যে অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া বলেন, “মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার বা সম্প্রতির বাংলাদেশের কথা বলতে গেলে বঙ্গবন্ধুর নাম সবার সামনে আসে। ইতিহাসের রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্বদের মধ্যে নির্যাতিত, নিপীড়িত ব্যক্তিত্ব বঙ্গবন্ধু ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। তার আদর্শের দিকে তাকিয়েই আমরা পথচলার শক্তি খুঁজে পাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করে যাচ্ছেন।”

    এ সময় তিনি মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোকপাত করেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ জানান।

    প্রধান আলোচকের বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “ছয় দফা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের যা নিয়েই কথা হোক… ঢাকা বিশ্ববিদ্যালয় ও বটতলার কথা উঠে আসে। এগুলোর সাথে মানুষের আবেগ নয়, বরং মানুষের আকাঙ্ক্ষা জড়িত রয়েছে। আমাদের জীবনে এপ্রিল না এলে ডিসেম্বর আসতো না। মুজিবনগর সরকার গঠিত না হলে ১৬ ডিসেম্বর বিজয় সহজ ছিল না। অথচ আজকের দিকে এপ্রিল মাস অনেকটাই অবহেলিত রয়েছে।”

    তিনি বলেন, “এই মুজিবনগর সরকার গঠনের মাধ্যমেই বিশ্বের কাছে বাংলাদেশ নামক একটি দেশের পরিচিতি লাভ করে। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবার মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।”

    প্রধান অতিথির বক্তব্যে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, “বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি বিনষ্ট করার জন্য স্বাধীনতাবিরোধী অপশক্তি তৎপর রয়েছে।”

    এই অপশক্তিকে মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার জন্য তরুণ প্রজন্মসহ সবার প্রতি তিনি আহ্বান জানান।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক রফিকুল ইসলাম সৌমেত ভারতীয়া ও প্রফেসর ড. রীতা চৌধুরী। এ সময় বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • কার্বন নিঃসরণের নেতিবাচক প্রভাব আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি: প্রধানমন্ত্রী

    কার্বন নিঃসরণের নেতিবাচক প্রভাব আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ এপ্রিল, ২০২৪: কার্ব নিঃসরণের নেতিবাচক প্রভাব আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবস্থান ০.৪৮ শতাংশের কম হলেও, এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে আমরা অন্যতম। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।”

    আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) এক্সপো’ এবং ‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্বের (বিসিডিপি)’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “উন্নত দেশগুলো ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব।”

    আগামী ২৭ বছরে ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে ধনী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।

    শেখ হাসিনা বলেন, “আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি থাকাকালে অভিযোজন এবং প্রশমন কার্যক্রমে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার প্রদানের বিষয়টি বাস্তবায়নের জন্য বার বার আহ্বান জানিয়েছি। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায় সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।”

    তিনি বলেন, “আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এজন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা।

    এসময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কয়েকটি বিষয় তুলে ধরেন। সেগুলো হলো- কার্বন-নির্গমনকারী দেশগুলোকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলোর দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন এবং প্রশমনের মধ্যে তা সমানভাবে বণ্টন করতে হবে। উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশে প্রযুক্তি স্থানান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময়, সংশ্লিষ্ট দেশের উন্নয়ন অগ্রাধিকার তাদের ক্ষতি অনুসারে বিবেচনা করা উচিত।

    সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী-ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সবে দেশকে ভাগ করে নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • এডিসের লার্ভা পাওয়া গেলেই মামলা ও জরিমানা হবে: মেয়র আতিক

    এডিসের লার্ভা পাওয়া গেলেই মামলা ও জরিমানা হবে: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ২২ এপ্রিল, ২০২৪: এডিসের লার্ভা পাওয়া গেলেই মামলা ও জরিমানা হবে, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, “আগামী ২৭ তারিখ থেকে যার বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে সঙ্গে সঙ্গেই মামলা, জরিমানা করা হবে। সরকারি অফিস ও সিটি করপোরেশনের অফিসও ছাড় পাবে না। টাকার পরিমাণ আগের চেয়ে আরও বাড়বে। আমাদের কেউ বাধ্য করবেন না।”

    আজ সোমবার (২২ এপ্রিল) রাজধানীর রুপনগরে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযানে গিয়ে তিনি একথা বলেন।

    মেয়র আতিক বলেন, “বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুই বাড়ির মাঝখানে ময়লা আর ময়লা, সবাই বলে আমি করি নাই, তাহলে কে করেন? কারা করেন? এডিস মশার জন্ম আমার আপনার বাড়িতেও স্বচ্ছ পানিতে হচ্ছে, তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিজের ঘরবাড়ি নিজেরাই পরিষ্কার করা৷”

    এ সময় তিনি উপস্থিত এলাকাবাসীদের সঙ্গে স্লোগান ধরেন-তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন।

    ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন নিখিল বলেন, “সিটি কর্পোরেশনকে অভিনন্দন জানাই ঢাকা ১৪ আসন থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেছেন। জনগণ আমাদের কথা শুনুক বা না শুনুক আমরা চেষ্টা চালিয়ে যাবো। মশার ভয়াবহতা থেকে রক্ষা পেতে সাহসী উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আমরা সামাজিকভাবে চেষ্টা করবো বিগত বছরগুলো থেকে এবার অত্যন্ত সতর্কতার সঙ্গে ডেঙ্গু মুক্ত থাকতে।”

    সিটি কর্পোরেশনের কিছু অবহেলা তুলে ধরে নিখিল বলেন, “ওয়ার্ডের অলিতে গলিতে যত্রতত্র ময়লা পড়ে থাকে, সিটি কর্পোরেশনে ফোন দিলে তারা নানা অজুহাত দেখায়, গাড়ী নেই, লোক নেই, আর এসব অজুহাত শুনতে চাই না। তিনি বলেন, মেয়র খালে নেমে, ড্রেনে নেমে পরিষ্কার অভিযান চালান, কিন্তু তিনি যে নির্দেশনা দিয়ে আসেন তা সংশ্লিষ্টরা পালন করেন না। এ বিষয়ে নজর দেয়া জরুরী।”

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, “জনগণের সম্পৃক্ততা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয়। জনগণ সচেতন হলে সিটি কর্পোরেশনের পক্ষে সহজেই ডেঙ্গু নিধন কার্যক্রম সফল করা সম্ভব হবে। তিনি বলেন, নগরের প্রতিটি ওয়ার্ডের হটস্পটে ট্যাক বসানো হয়েছে, কর্পোরেশনে কল সেন্টার স্থাপন করা হয়েছে যাতে জনগণ নিজেরা সরাসরি ডেঙ্গু বিষয়ক যে কোনো তথ্য সিটি কর্পোরেশনকে জানাতে পারেন এবং যে কোনো সুবিধা অসুবিধার বিষয়ে সরাসরি মেয়রের সঙ্গে কথা বলতে পারেন।”

     

    জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, “এডিশ মশা নিয়ন্ত্রণে জনগণ ধোঁয়া দিয়ে ঔষধ প্রয়োগ পছন্দ করে, কিন্তু ধোঁয়ার চেয়ে ট্যাবলেট দিয়ে মশা বেশি মরে। তিনি বলেন, নগরবাসীকে আহ্বান জানাবো, আমার বাড়ি, আমার আঙ্গিনা ডেঙ্গু মশার প্রজনন হতে দেবো না। আমরা ‘সার্চ এন্ড ডেস্ট্রয়’ নীতি নিয়ে ডেঙ্গু নিধন কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো। এ বছরে সবাই মিলে ডেঙ্গু মুক্ত হবো।”

  • টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২২ এপ্রিল, ২০২৪: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ।

    আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

    চীনের রাষ্ট্রদূত এসময় বলেন, “বাংলাদেশের অনেক বড় বড়  প্রকল্পের অংশীদার হতে পেরেছে চীন।”

    বিশেষ করে পদ্মা সেতু। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা সেতুতে পাশে থেকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে চীন। আমরা বিশ্বাস করি, এর মধ্য দিয়ে বাংলাদেশ বদলে গেছে। আর সম্মানের সঙ্গে আমরা সেটি শেষ করতে পেরেছি।

    রাষ্ট্রদূত আরও বলেন, “চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল নিয়েও আমরা কাজ করেছি। আমাদের আরও মেগা প্রকল্প রয়েছে। অবকাঠামো খাতেও আমাদের বিনিয়োগ রয়েছে। বেশি বিনিয়োগ রয়েছে আইসিটি বা হাই-টেক পার্কে এবং শিল্প ও শিক্ষা খাতে। বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। আগের চেয়ে বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, আমরা সেটি নিয়ে ভাবছি।”

    ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রদূত সমাধি সৌধের বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    পরে তিনি বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের অ্যাডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

    এরপর তিনি রাষ্ট্রদূত সমাধি সৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

    এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান ও চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

  • আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে “মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠান

    আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে “মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠান

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল; স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামীকাল ২২ এপ্রিল সোমবার, সকাল ১০ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে, সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত “মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ” শিরোনামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, প্রে-ভাইস চ্যান্সেলর(শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়।

    প্রধান আলোচক পীযূষ বন্দ্যোপাধ্যায়, আহ্বায়ক, সম্প্রীতি বাংলাদেশ, সম্মানীয় আলোচক হিসাবে থাকবেন অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অধ্যাপক আব্দুল বাছির, ডীন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ডীন, ফার্মেসী অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া এবং সঞ্চালনার দায়িত্বে থাকবেন সম্প্রীতি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দীন ।

    অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দৈনিক/টেলিভিশন ও অনলাইন নিউজ পো্র্টালের সাংবাদিকরা।

  • হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছ, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “তাপদাহের কারণে কোল্ড কেস (যাদের এখন ভর্তি হবার দরকার নেই) এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে।”

    আজ রবিবার (২১ এপ্রিল) সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে এক সভা শেষে তিনি এই নির্দেশনার কথা জানান।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই গরমে সবচেয়ে বেশি ভালনারেবল বয়স্ক এবং বাচ্চারা। এবার এমন একটা জলবায়ু পরিবর্তন হলো যে আমরা জীবনে কখনো শুনিনি যে দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। যাহোক এটা প্রকৃতির নিয়ম। আমাদের এগুলো ফেস করতে হবে।”

    তিনি বলেন, “আমার কাছে যখন মেসেজ আসলো (হিট অ্যালার্ট), আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে গিয়ে স্কুলটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা। আজকে আমরা সবাই মিলে সারা বাংলাদেশে যত হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনের সঙ্গে জুম মিটিং করি। আমার কয়েকটা নির্দেশনা ছিল তার মধ্যে একটা হলো- যারা বয়স্ক এবং বাচ্চা, তারা প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়।”

    সামন্ত লাল বলেন, “হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করেছি। কোল্ড কেস অর্থাৎ এক মাস পর অপারেশন করলে অসুবিধা না হয়, সেটা দুই সপ্তাহ পরে করুক। হাসপাতাল খালি রাখার জন্য বলছি যে যদি চাপ হয়, তাহলে বাচ্চা এবং বয়স্কদের জন্য যেন ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েক দিন বন্ধ থাকবে।”

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের ওরাল স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। কোনো জায়গায় কোনো ঘাটতি হলে…। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রকৃতির ওপর তো আমাদের কারও হাত নেই। এটা আমাদের রেডি রাখতে হবে।”

    তিনি বলেন, “আমি গতকাল শিশু হাসপাতালে গিয়েছিলাম। শিশু হাসপাতালগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্যই সারাদেশের হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি। কোল্ড কেসগুলোকে এখন হাসপাতালে ভর্তি না করতে বলা হয়েছে। বাচ্চাদের ব্যাপারে আজকে থেকে একটা অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করছি সারাদেশের চিকিৎসকদের নিয়ে। মহাখালীতে করোনা চিকিৎসার জন্য ডিএনসিসি হাসপাতালে শিশু ও বয়স্কদের জন্য আলাদাভাবে বেড রাখতে বলা হয়েছে।”

  • ঢাকায় বাড়ছে কংক্রিটের জঙ্গল কমছে সবুজ তাই গরম বাড়ছে: হিট অফিসার বুশরা

    ঢাকায় বাড়ছে কংক্রিটের জঙ্গল কমছে সবুজ তাই গরম বাড়ছে: হিট অফিসার বুশরা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: ঢাকায় বাড়ছে কংক্রিটের জঙ্গল কমছে সবুজ তাই গরম বাড়ছে, বলে জানিয়েছেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। তিনি বলেন, “এমনিতেই ঢাকায় বাস করেন প্রায় ১৫ মিলিয়ন মানুষ। তার ওপর গ্রাম থেকে মানুষ আসছেন ঢাকায়। অন্য কোনও উপায় না পেয়ে তারা বিভিন্ন বস্তিতে থাকছেন। একদিকে বাড়ছে মানুষ। সেই সঙ্গে ঢাকা পরিণত হচ্ছে কংক্রিটের জঙ্গলে। সেই সঙ্গে ঢাকায় কমছে সবুজ। তাই গরম বাড়ছে।

    আজ রবিবার ( ২১ এপ্রিল) সাংবাদিকদের একথা বলেন তিনি।

    বুশরা বলেন, “ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে নানা রকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও।”

    তিনি বলেন, “আমাদের এখানে রাস্তার ধারে ২ লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে। নগরে বনায়ন করা খুব জরুরি। এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আছে সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি। আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার। তাতে তাপমাত্রা যেমন কমবে, তেমনই পাখিসহ নানা প্রাণীও ফিরে আসবে।”

    ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন চিফ হিট অফিসার। বুশরা বলেন, “তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি। আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সঙ্গে রাখি, তাহলে অনেকটাই নিরাপত্তা পেতে পারি।”

  • চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান।

    আজ রবিবার ২১ এপ্রিল উদ্বোধনের পর সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশে দরবার নেন প্রধানমন্ত্রী, যেখানে বাহিনীটির সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বঙ্গবন্ধু কন্যা।

    এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক ৩.৭ ইঞ্চি হাউইটজার, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সব কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনসমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন।

    অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন পদবির অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনা সদস্য এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মুজিব ব্যাটারির ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয়।