Category: বাংলাদেশ

  • রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসবে না

    রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসবে না

    www.HelloBangla.News – জাতীয় – ৩ জুন, ২০২৪: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

    হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইজারাদার নুরুল হকের করা আবেদন আজ সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ খারিজ করে দেন।

    আদালতে রিটকারী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক । ইজারাদারের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কেসি।

    গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে কোরবানি পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন।

    এ বিজ্ঞপ্তিতে ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে আফতাবনগর হাটের অংশের বৈধতা নিয়ে রিট করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক এস এম কামাল।

    ৮ মে শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

    আদেশে ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ইজারাদার নুরুল হক।

  • অবৈধভাবে গরু দেশে ঢুকতে দেওয়া হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

    অবৈধভাবে গরু দেশে ঢুকতে দেওয়া হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুন, ২০২৪: অবৈধভাবে গরু দেশে ঢুকতে দেওয়া হবে না, বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, “কোরবানি ঈদকে সামনে রেখে কিছু দুষ্টু ও মতলববাজ লোক আমাদের দেশীয় খামারিদের নিরুৎসাহিত করার জন্য চোরাই পথে অবৈধভাবে কিছু কিছু গরু আনছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে যথোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হবে বলেও তিনি জানান।”

    আজ রবিবার (২ জুন) রাজধানীর শেরে বাংলা নগরে কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগে ‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে চোরাই পথে অবৈধভাবে কোনো গরু যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়টি খুব কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে”।

    তিনি বলেন, “দেশীয় খামারিদের এ ব্যাপারে ভাবনার কোনো কারণ নেই। আসন্ন ঈদুল আজহা যাতে মুসলিম ধর্মাবলম্বীরা উৎসবের সাথে ও সুন্দরভাবে উদযাপন করতে পারে সেই ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সার্বিকভাবে তত্ত্বাবধানে থাকবে”।

    মন্ত্রী বলেন, “দুধের উৎপাদন বাড়ালে দুধ খাওয়া বাড়বে এমনটি নয় বরং দুধ খাওয়ার প্রবণতা বাড়লেই দুধের উৎপাদন বাড়বে। কারণ চাহিদা বাড়লেই সরবরাহ বাড়ানোর বিষয়টি সামনে আসে। দুধের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে।”

    গ্রামে প্রান্তিক খামারিরা দামের অভাবে অনেক সময় দুধ উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “দুধের দাম কম হলেও দুধ থেকে উৎপন্ন মিষ্টির দাম অনেক বেশি। দুগ্ধ শিল্পের সাথে যারা জড়িত তারা অনেক সময় ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে বিভিন্ন সময়ে অভিযোগ পাওয়া যায়। খামারিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সে ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে।”

    শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রিতে স্নাতক ডিগ্রিধারীদের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ না দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

    কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ও কৃষিবিদ নজরুল ইসলাম, উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, কোষাধ‍্যক্ষ ড. মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও কৃষিবিদ সমীর চন্দ।

  • টেকসই নগরায়নে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত

    টেকসই নগরায়নে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুন, ২০২৪: টেকসই নগরায়নের পাশাপাশি পরিকল্পিত ও সাশ্রয়ী আবাসনে বাংলাদেশকে সহযোগিতা দিতে চায় ভারত। আজ রবিবার (২ জুন) গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সাথে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা।

    সাক্ষাৎকালে গণপূর্ত মন্ত্রী বলেন, “ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে ব্যাপক সহযোগিতা করেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পিছনেও ভারতের ভূমিকা রয়েছে। বন্ধুপ্রতীম এই দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সহযোগিতার আরো অনেক ক্ষেত্র রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যোগাযোগ কাঠামো উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সুযোগ রয়েছে”।

    ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের প্রকৌশলীদের উন্নত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। তাছাড়া আবাসন খাতে ভারতের রিয়েল এস্টেট কোম্পানিসমূহ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ রয়েছে। ভারত-বাংলাদেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আরো অনেক বিষয় রয়েছে যেখানে দুই দেশ সম্মিলিতভাবে কাজ করলে উভয় দেশ উপকৃত হবে।

    আলোচনাকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, “পরিকল্পিত নগরায়ন এবং টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে ভারতের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। গ্রীন বিল্ডিং টেকনোলজি, দুর্যোগ ঝুঁকি সহনীয় স্থাপনা নির্মাণসহ আবাসন খাতে ভারত বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশি প্রকৌশলীদের পরিবেশবান্ধব ভবন নির্মাণে ভারতে প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলে জানান”।

    তিনি বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রসমূহ চিহ্নিত করে আরো কার্যকরভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

    মন্ত্রী বলেন, “ভারতের সহযোগিতায় স্মার্ট সিটি গড়ে তুলতে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া যায় বলে মন্তব্য করেন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ সাপেক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তিনি জানান। ভারতীয় বিনিয়োগ প্রস্তাব সক্রিয় বিবেচনা এবং সাদরে গ্রহণ করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন”।

    সাক্ষাৎ শেষে তিনি মন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তার এই আমন্ত্রণ মন্ত্রী সাদরে গ্রহণ করেন এবং এজন্য তাকে ধন্যবাদ জানান।

  • উন্নয়ন সহযোগী দেশগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

    উন্নয়ন সহযোগী দেশগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুন, ২০২৪: উন্নয়ন সহযোগী দেশগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “কার দেশের সঙ্গে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নেই। নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদের নিয়েই চলবো। সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি”।

    আজ রবিবার (২ জুন) গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

    প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবসময় শান্তি চাই, যুদ্ধ চাই না। সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি।”

    সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি মনে করি, এ বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। ১৫ আগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে আর যেন এটা না করতে পারে কেউ সেজন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে। দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে”।

    প্রধানমন্ত্রী বলেন, “ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ”।

    শেখ হাসিনা বলেন, “আমাদের ছোট্ট সোনামনি, আমাদের নতুন প্রজন্ম তোমরাই একদিন এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে”।

    তিনি আরও বলেন, “আগামী দিনের পথ চলা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেভাবেই কিন্তু নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষা ছাড়া কখনও এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্রমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সব থেকে বড় অর্জন”।

    প্রধানমন্ত্রী বলেন, “তোমাদের তৈরি হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়। বাংলাদেশ যে ক্ষুধা-দারিদ্রমুক্ত, উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। তোমাদেরই গড়ে তুলতে হবে”।

    তিনি আরও বলেন, “আমরা কারো কাছে হাত পেতে চলবো না। নিজের মর্যাদা নিয়ে চলবো। আত্মমর্যাদা বোধ নিয়ে চলবো এটাই আমাদের মাথায় সব সময় মনে রাখতে হবে। একটা কথা মনে রাখবে যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। ১৯৭৫ সালে আমরা কিন্তু ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম”।

    সঠিক ইতিহাস জানা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “যে ইতিহাস বিকৃতি করা হয়েছিল আজ সেই ইতিহাস বিকৃতি আস্তে আস্তে মুছে গেছে। এখন সঠিক তথ্যটা চলে এসেছে”।

    এর আগে প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট এবং আর্থিক পুরস্কার তুলে দেন।

  • আন্তঃমন্ত্রণালয় সভায় রিমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

    আন্তঃমন্ত্রণালয় সভায় রিমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুন, ২০২৪: আন্তঃমন্ত্রণালয় সভায় রিমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। তিনি বলেন, “আগামী ৯ জুন আন্তঃমন্ত্রণালয় সভা করে ঘূর্ণিঝড় রিমালের সব মন্ত্রণালয়ের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে”।

    আজ রবিবার (২ জুন) সচিবালয়ে ঘূর্ণিঝড় রিমালের সার্বিক বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

    ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এ জন্য আমরা আগামী ৯ তারিখে (৯ জুন) আন্তঃমন্ত্রণালয়ের সভা করে সব মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করবো। এরপর এটি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে”।

    তিনি বলেন, “আমরা গত কয়েকদিন থেকেই দুর্যোগ প্রস্তুতির জন্য নানা কার্যক্রম গ্রহণ করেছি। সরকারের সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছি। এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পরদিন আমি ব্যক্তিগতভাবে উপকূলীয় জেলার সংসদ সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করে স্থানীয়দের খোঁজখবর নিয়েছি।”

    প্রতিমন্ত্রী বলেন, “এ পর্যন্ত ১৯ জেলায় ক্ষতিগ্রস্তদের অনুকূলে ত্রাণকার্যে নগদ পাঁচ কোটি ৭৫ লাখ টাকা, পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চাল, ৯ হাজার প্যাকেট শুকনা খাবার, ২০০ বান্ডিল ঢেউটিন, গো- খাদ্যের জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা এবং শিশু খাদ্য কেনার জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।”

    তিনি বলেন, “সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ, দপ্তর-সংস্থা, স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের পরপরই আমি ক্ষতিগ্রস্ত এলাকা খুলনার কয়রা, ভোলার চরফ্যাশন এবং পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও জরুরি সেবা পৌঁছানো নিশ্চিত করেছি।”

    প্রতিমন্ত্রী বলেন, “গত ৩০ জুন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রেমাল এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শন করেন এবং ঘূর্ণিঝড়ে আক্রান্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।”

    তিনি বলেন, “গত কয়েকদিন ধরে সিলেট, সুনামগঞ্জ ও দিনাজপুর জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যার্তদের সাহায্যে সিলেট জেলায় ২০ লাখ টাকা নগদ অর্থ, ৫০০ মে. টন চাল, ১০ লাখ টাকার গো-খাদ্য এবং ১০ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ জেলায় ১৫ লাখ টাকা নগদ অর্থ, ৫ লাখ টাকার গো-খাদ্য এবং ৫ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। একইভাবে দিনাজপুর জেলায় ১৫ লাখ টাকার নগদ অর্থ এবং ৩ লাখ টাকার শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ করা হয়েছে”।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ঘূর্ণিঝড়ে ৬ হাজার ৮৮০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

  • সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুন, ২০২৪: সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে, বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, “সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যথেষ্ট। তবে এডিস ঠেকাতে না পারলে চিকিৎসা প্রস্তুতি হাজারো নিয়ে লাভ নেই।”

    আজ রবিবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভা ও লন্ডন ট্যুর নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে কাজ করা উচিত। শিগগিরই এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে”।

    তিনি বলেন, “যে প্রকল্প জনগণের উপকারে আসবে না, আগামী বাজেটে সেই প্রকল্প না রাখার পদক্ষেপ নেওয়া হবে”।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু চিকিৎসার জন্য ওষুধপত্র, স্যালাইনসহ হাসপাতালে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে। ডেঙ্গু মৌসুম শুরু হলে এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে”।

    তিনি বলেন, “ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আলোচনার জন্য দ্রুতই আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে কাজ করা উচিত”।

    যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে বিভিন্ন মাধ্যমে প্রচারণা জোরদার করা উচিত উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নিয়মিত তদারকি করা উচিত।

    তিনি আরও বলেন, অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে অভিযান বন্ধ হয়নি, এটি আপাতত স্থগিত আছে।

  • গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি সংবাদপত্রের স্বাধীনতারই প্রতিফলন: তথ্য প্রতিমন্ত্রী

    গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি সংবাদপত্রের স্বাধীনতারই প্রতিফলন: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুন, ২০২৪: গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি সংবাদপত্রের স্বাধীনতারই প্রতিফলন, বল জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, “সরকারের যদি গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা থাকত তাহলে দেশে এতো সংবাদ মাধ্যম বাড়ানোর অনুমতি দেয়া হতো না। কারণ অধিক সংখ্যায় সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করা আরও কঠিন।”

    গতকাল শনিবার (১ জুন) রাতে রাজধানীর গুলশান ক্লাবে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-সদস্য সংবাদপত্র সম্মাননা ২০২৪ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন তিনি।

    নগরীর গুলশান ক্লাবে গতকাল নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত এর সদস্য সংবাদপত্রের প্রকাশনার ৫০ বছর ও ২৫ বছর পূর্তিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    নোয়াব সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে আরাফাত বলেন, “গত ১৫ বছরে দেশ গণমাধ্যমের ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে”।

    আরাফাত আরো বলেন, “আমরা সমালোচনা গ্রহণের জন্য একেবারে প্রস্তুত এবং আপনার মতামত শুনতে ইচ্ছুক। আমরা বিশ্বাস করি না যে আমাদের কোনো ব্যর্থতা বা ভুল নেই।”

    তিনি বলেন, সংবাদমাধ্যম সরকারের ভুলগুলোকে সংশোধনের জন্য চিহ্নিত করে সরকারকে সাহায্য করতে পারে।

    রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রেস ফ্রিডম ইনডেক্স সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “আমি জানি না তারা কীভাবে এটি তৈরি করেছে। আমি র‌্যাঙ্কিংয়ের জন্যে ইনপুট হিসাবে নেওয়া তথ্যগুলো দেখেছি। রিপোর্টে আমি অনেক ভুল তথ্য পেয়েছি।”

    তিনি ২০২৩ সালের রিপোর্টে অন্তর্ভুক্ত পদ্ধতিগত দুর্বলতা এবং ভুল তথ্য চিহ্নিত করে আরএসএফকে একটি চিঠি পাঠানোর কথা উল্লেখ করে বলেন, আরএসএফ সেসব স্বীকার ও সংশোধন করেছে।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আমরা জানতে পেরেছি যে (আরএসএফ রিপোর্টে)স্বচ্ছতার অনেক অভাব রয়েছে। যেমন আপনি যদি একটি নির্দিষ্ট দেশের গণমাধ্যমের পরিবেশ সম্পর্কে মুষ্টিমেয় কিছু লোককে জিজ্ঞাসা করেন যা মূলত সেই বিশেষ ব্যক্তিদেরই মতামত হবে। এটি পুরো দেশের চিত্র হতে পারে না”।

    তিনি আরো বলেন, “তাই সমগ্র দেশের বাস্তব চিত্র পাওয়ার জন্য গবেষণায় একটি সুপ্রতিষ্ঠিত পদ্ধতি রয়েছে যা অনুসরণ করা প্রয়োজন”।

    কিন্তু এই বিশেষ গবেষণায় তা অনুসরণ করা হয়নি উল্লেখ করে তিনি প্রশ্ন রেখে বলেন, “এটা কি সম্ভব যে বাংলাদেশের গণমাধ্যমের পরিবেশ আফগানিস্তানের চেয়ে খারাপ”?

    তিনি বলেন, “এটি তখনই সম্ভব যখন আপনার পদ্ধতিতে কিছু ভুল রয়ে যাবে। তাই, আমি সবকিছুকে অভিহিত মূল্যের ভিত্তিতে না নেয়ার অনুরোধ করছি”।

    দেশের গণমাধ্যমের পরিবেশে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা দেশের গণমাধ্যমের পরিবেশের উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করছি”।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সংবাদের ব্যারিস্টার নিহাদ কবির, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালিক প্রমুখ।

    নোয়াব প্রকাশনার ৫০ বছর পূর্ণ করার জন্য দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক আজাদী এবং দৈনিক পূর্বাঞ্চল এবং ২৫ বছর পূর্ণ করার জন্য প্রথম আলো এবং মানবজমিনকে সম্মাননা প্রদান করেছে।

  • ১৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি পররাষ্ট্রমন্ত্রীর

    ১৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি পররাষ্ট্রমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন, সে দেশের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিরসন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নয়নে জাতিসংঘের সংস্থাগুলো এবং অন্যান্য অংশীদারদের সমন্বিত পদক্ষেপ নিতে বলেছেন।

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের ৬ উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে পৃথক বৈঠকে সরকারি দায়িত্বে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

    আজ শনিবার (১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিসকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৭ সালে যখন প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে, কক্সবাজার ও চট্টগ্রামের মানুষ তাদেরকে মমতা দিয়ে গ্রহণ করেছিল। কিন্তু ক্রমেই রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে কর্মসংস্থান করছে আর ক্যাম্পগুলো মানুষ পাচার, মাদক চোরাচালান, জঙ্গি নিয়োগসহ নানা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ফলে স্থানীয়দের জীবন অতিষ্ঠপ্রায়।

    এরআগে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সদর দফতরে ‘ক্রাইসিস, কনফ্লিক্টস অ্যান্ড ইন্টার-এজেন্সি কোলাবরেশন: নেক্সাস এপ্রোচ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা দেন। জাতিসংঘের ৬ সংস্থা- ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস, ইউএন উইমেন প্রধান এবং ইউনিসেফ ও ডব্লিউএফপি-এর উপ-প্রধান এতে অংশ নেন।

    মন্ত্রী ড. হাছান বিশেষ করে বিশ্বে সংঘাত প্রভাবিত অঞ্চলগুলোয় জাতিসংঘের সংস্থাগুলোর নেক্সাস বা সম্মিলিত উদ্যোগের সুবিধাগুলো তুলে ধরেন। তিনি রাখাইন ও কক্সবাজারের পরিস্থিতির কথা তুলে করেন এবং উদ্বাস্তু সংকট নিরসন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নতির লক্ষ্যে জাতিসংঘের সব সংস্থা, তহবিল এবং কর্মসূচিকে সুসংহতভাবে কাজ করার আহ্বান জানান।

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত, মন্ত্রণালয় ও মিশনের অন্যান্য সদস্যরা বৈঠকগুলোয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

  • তুমুল ঝড়ে ঠাকুরগাঁও জেলায় ৩ জনের মৃত্যু

    তুমুল ঝড়ে ঠাকুরগাঁও জেলায় ৩ জনের মৃত্যু

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: ভারী বৃষ্টি ও তুমুল ঝড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুটি ইউনিয়নের ২০টি গ্রাম লণ্ডভণ্ড হয়েছে।

    আজ শনিবার (১ জুন) ভোরে ১২ মিনিটের্ ভয়াবহ ঝড়ের কবলে পড়েন জেলার বালিয়াডাঙ্গীর বাসিন্দারা।

    জেলার পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়াসহ ১২টি গ্রাম এবং বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া, বেলবাড়ী, বটের হাট, হরিপুরসহ ০৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এসব গ্রামের বেশিরভাগ বাড়ির টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাটের।

    এদিকে ঝড়ের কবলে দুই নারী ও জমে থাকা পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক শিশু।

    নিহতরা হলেন – উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (৫০) এবং একই উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈয়ুম।

    ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিদর্শন এবং ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। ঝড়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, আমরা ঝড়ে নারী ও শিশু সহ ৩ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই এবং তাদের সহযোগীতার ব্যবস্থা করি। এছাড়াও জনজীবন দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব নির্দেশনাই দেওয়া হয়েছে।

  • ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশুদের অন্ধত্ব ও মৃত্যুর হার কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

    ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশুদের অন্ধত্ব ও মৃত্যুর হার কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশুদের অন্ধত্ব ও মৃত্যুর হার কমেছে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “বছরে ২ বার শতকরা ৯৮ ভাগ শিশুদের ভিটামিন এ খাওয়ানোর ফলে এর অভাবজনিত অন্ধত্বের হার শতকরা ১ ভাগের নিচে নেমে এসেছে এবং শিশু মৃত্যুর হার ও কমেছে। এই সাফল্য ধরে রাখতে ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখতে হবে।”

    ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন

    আজ শনিবার (১ জুন) সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত। দেশবাসী সবার কাছে আবেদন একটি শিশুও যেন বাদ না পড়ে। যাদের ঘরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে সেই সব মা-বাবা এবং অভিভাবকরা যেন অবশ্যই তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।”

    এবার প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে দিনব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লাখ ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ। ১ লাখ ২০ হাজার কেন্দ্রে প্রায় ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এই আয়োজনে যুক্ত আছেন।

    তবে এবার ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার প্রায় ১ হাজার ২২৪টি কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ভিটামিন এ ক্যাপসুল প্রদান সম্ভব হবেনা। তবে পুনর্বাসন সমস্যা সমাধান হলে সেখানে পরবর্তীতে খুব দ্রুত সময়ে ভিটিমিন এ ক্যাপসুল দেওয়া হবে।

    স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিশ্বস্বাস্থ্য) ড. মো. জিয়াউদ্দীন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব (জনস্বাস্থ্য অধিশাখা) শিব্বির আহমেদ ওসমানী, নিপসম পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল হকসহ প্রমুখ।